সুনান আদ-দারিমী

পরিচ্ছেদ ১৫৫: হাদিস ৩,০৮১-৩,১০০

এই অধ্যায়ের হাদিসগুলো একই পাতায় পড়ুন। নির্দিষ্ট হাদিসে যেতে তার নম্বর বা anchor ব্যবহার করুন।

এই পাতার হাদিসসমূহনির্দিষ্ট হাদিসে যেতে তালিকাটি খুলুন। শোহাইড
হাদিস ৩,০৮১

মূল আরবি

حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ عَنْ عَامِرٍ قَالَ كَانَ عَلِيٌّ لَا يُوَرِّثُ الْإِخْوَةَ مِنْ الْأُمِّ وَلَا الزَّوْجَ وَلَا الْمَرْأَةَ مِنْ الدِّيَةِ شَيْئًا قَالَ عَبْد اللَّهِ بَعْضُهُمْ يُدْخِلُ بَيْنَ إِسْمَعِيلَ وَعَامِرٍ رَجُلًا

বাংলা অনুবাদ

৩০৮১. আমির হতে বর্ণিত, তিনি বলেন, আলী রাদ্বিয়াল্লাহু আনহু বৈপিত্রেয় ভাইদেরকে দিয়াতের ওয়ারিস বানাতেন না, আর না স্বামীকে, না স্ত্রীকে ওয়ারিস বানাতেন।[1] আব্দুল্লাহ বলেন, কেউ কেউ এ সনদে রাবী ইসমাঈল ও আমিরের মাঝে আরেক ব্যক্তির নাম উল্লেখ করেছেন।
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : সনদটি আলী রাদ্বিয়াল্লাহু আনহু পর্যন্ত সহীহ।
তাখরীজ: সাঈদ ইবনু মানসূর নং ৩০৫।

হাদিস ৩,০৮২

মূল আরবি

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ زِيَادٍ الْأَعْلَمِ عَنْ الْحَسَنِ قَالَ لَا يُوَرَّثُ الْإِخْوَةُ مِنْ الْأُمِّ مِنْ الدِّيَةِ

বাংলা অনুবাদ

৩০৮২. যিয়াদ আ’লাম হতে বর্ণিত, হাসান (রহঃ) বলেন, বৈপিত্রেয় ভাইদেরকে দিয়াতের ওয়ারিস বানানো হবে না।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এ সনদটি হাসান পর্যন্ত সহীহ।
তাখরীজ: সাঈদ ইবনু মানসূর নং ৩০৬।

হাদিস ৩,০৮৩

মূল আরবি

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ أَبِيهِ عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ كُلُّ قَوْمٍ مُتَوَارِثِينَ عَمِيَ مَوْتُهُمْ فِي هَدْمٍ أَوْ غَرَقٍ فَإِنَّهُمْ لَا يَتَوَارَثُونَ يَرِثُهُمْ الْأَحْيَاءُ

বাংলা অনুবাদ

৩০৮৩. খারিজাহ ইবনু যাইদ হতে বর্ণিত, যাইদ ইবনু ছাবিত রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক লোকই (ফারাইযের নিয়ামানুযায়ী) পরস্পরের ওয়ারিস হয়, তবে কূপে পড়ে বা ডুবে যাদের মৃত্যু হয়, যার (মৃত্যু পরম্পরা) অজ্ঞাত থেকে যায়, তবে তারা পরস্পরের ওয়ারিস হবে না। বরং তারা জীবিত (আত্মীয়-স্বজনদের)-ই তাদের ওয়ারিস হবে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ হাসান।
তাখরীজ: সাঈদ ইবনু মানসূর নং ৪৪১; দারুকুতনী ৪/১১৯; বাইহাকী, ফারাইয ৬/২২২; আব্দুর রাযযাক ১৯১৬০, ১৯১৬৬।

হাদিস ৩,০৮৪

মূল আরবি

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ يَحْيَى بْنِ عَتِيقٍ قَالَ قَرَأْتُ فِي بَعْضِ كُتُبِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فِي الْقَوْمِ يَقَعُ عَلَيْهِمْ الْبَيْتُ لَا يُدْرَى أَيُّهُمَا مَاتَ قَبْلُ قَالَ لَا يُوَرَّثُ الْأَمْوَاتُ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ وَيُوَرَّثُ الْأَحْيَاءُ مِنْ الْأَمْوَاتِ

বাংলা অনুবাদ

৩০৮৪. ইয়াহইয়া ইবনু আতীক (রহঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি উমার ইবনু আব্দুল আযীয (রহঃ) এর কোনো কোনো চিঠিতে সেই সব লোকদের সম্পর্কে পড়েছি যাদের উপর বাড়ি ধ্বসে পড়েছিল, ফলে কার পূর্বে কে মারা গেছে তা জানা যায়নি। তিনি (এদের সম্পর্কে) বলেন, মৃত ব্যক্তি একে অপরের ওয়ারিস হবে না; বরং তাদের জীবিতরাই ওয়ারিস হবে।[1]
[1]তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এ সনদটি উমার ইবনু আব্দুল আযীয পর্যন্ত সহীহ।
তাখরীজ: আব্দুর রাযযাক ১৯১৬১; ইবনু আবী শাইবা ১১/৩৪৫ নং ১১৩৯৫ মুনকাতি’ সনদে; সাঈদ ইবনু মানসূর নং ২৪২ মুনকাতি’ সনদে।

হাদিস ৩,০৮৫

মূল আরবি

حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُحَمَّدٍ حَدَّثَنَا جَعْفَرٌ عَنْ أَبِيهِ أَنَّ أُمَّ كُلْثُومٍ وَابْنَهَا زَيْدًا مَاتَا فِي يَوْمٍ وَاحِدٍ فَالْتَقَتْ الصَّائِحَتَانِ فِي الطَّرِيقِ فَلَمْ يَرِثْ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا مِنْ صَاحِبِهِ وَأَنَّ أَهْلَ الْحَرَّةِ لَمْ يَتَوَارَثُوا وَأَنَّ أَهْلَ صِفِّينَ لَمْ يَتَوَارَثُوا

বাংলা অনুবাদ

৩০৮৫. জা’ফর (রহঃ) তার পিতার সূত্রে বর্ণনা করেন যে, উম্মু কুলছুম ও তার এক ছেলে যাইদ একই দিনে মৃত্যু বরণ করেন। তখন দু’জন শোরগোলকারিণী তার (সম্পদের বন্টন) পদ্ধতির দিকে মনোযোগ দিল। কিন্তু তার সঙ্গীদের কেউই তার ওয়ারিস হয়নি। হাররাহ’ বাসীগণ পরস্পরের ওয়ারিস হয়নি, আবার সিফফীন বাসীরাও পরস্পরের ওয়ারিস হয়নি।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ হাসান। আর মুতাবিয়াতের কারণে এটি সহীহতে পৌঁছায় যা রয়েছে মাওয়ারিদুয যাম’আন নং ১৮২০ তে।
তাখরীজ: সাঈদ ইবনু মানসূর নং ২৪০; অপর সনদে একটি মুতাবিয়াত রয়েছে বাইহাকী, ফারাইয ৬/২২২।

হাদিস ৩,০৮৬

মূল আরবি

أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي لَيْلَى عَنْ الشَّعْبِيِّ أَنَّ بَيْتًا بِالشَّامِ وَقَعَ عَلَى قَوْمٍ فَوَرَّثَ عُمَرُ بَعْضَهُمْ مِنْ بَعْضٍ

বাংলা অনুবাদ

৩০৮৬. শা’বী (রহঃ) হতে বর্ণিত, শামে লোকদের উপর একটি বাড়ি ধ্বসে পড়লে উমার রাদ্বিয়াল্লাহু আনহু তাদের একে অপরের ওয়ারিস সাব্যস্ত করেছেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ, মুহাম্মদ ইবনু আব্দুর রহমান ইবনু আবী লাইলাহ মুখস্তশক্তিতে খুবই দুর্বল।
তাখরীজ: সাঈদ ইবনু মানসূর নং ২২৯, ২৩০, ২৩২; ইবনু আবী শাইবা১১/৩৪৩ নং ১১৩৯০।

হাদিস ৩,০৮৭

মূল আরবি

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ حُرَيْشٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيٍّ أَنَّهُ وَرَّثَ أَخَوَيْنِ قُتِلَا بِصِفِّينَ أَحَدَهُمَا مِنْ الْآخَرِ

বাংলা অনুবাদ

৩০৮৭. হুরাইশ তার পিতার সুত্রে বর্ণনা করেন যে, আলী রাদ্বিয়াল্লাহু আনহু সিফফীনের যুদ্ধে নিহত দু’ভাই হতে ওয়ারিস সাব্যস্ত করেছেন: দু’ জনের দ্বিতীয় জনকে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ আবী হুরাইশের কারণে, আমি কোথাও তার জীবনী পাইনি।
তাখরীজ: বুখারী, কাবীর ৩/১৩২; আব্দুর রাযযাক ১৯১৫২; ইবনু আবী শাইবা ১১/৩৪৩-৩৪৪ নং ১১৩৯১।

হাদিস ৩,০৮৮

মূল আরবি

أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا حُمَيْدٌ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ أَنَّ رَجُلًا هَلَكَ وَتَرَكَ عَمَّتَهُ وَخَالَتَهُ فَأَعْطَى عُمَرُ الْعَمَّةَ نَصِيبَ الْأَخِ وَأَعْطَى الْخَالَةَ نَصِيبَ الْأُخْتِ

বাংলা অনুবাদ

৩০৮৮. বাকর ইবনু আব্দুল্লাহ আল মুযানী (রহঃ) হতে বর্ণিত যে, এক ব্যক্তি তার এক ফুফু ও এক খালা রেখে মৃত্যুবরণ করলো। তখন উমার রাদ্বিয়াল্লাহু আনহু তার ফুফুকে ভাইয়ের অংশ দিলেন এবং তার খালাকে তার বোনের অংশ দিলেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ ইনকিতা বা বিচ্ছিন্নতার কারণে যঈফ।
তাখরীজ: তাহাবী, শারহু মাআনিল আছার ৪/৪০০; আমি এ শব্দে এটি আর কোথাও পাইনি। দেখুন, বিগত ৩০৩০ ও ৩০৩১ নং হাদীস দু’টি।

হাদিস ৩,০৮৯

মূল আরবি

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا أَبُو شِهَابٍ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ قَالَ مَنْ أَدْلَى بِرَحِمٍ أُعْطِيَ بِرَحِمِهِ الَّتِي يُدْلِي بِهَا

বাংলা অনুবাদ

৩০৮৯. আ’মাশ (রহঃ) হতে বর্ণিত, ইবরাহিম (রহঃ) বলেন, যে ব্যক্তি (মৃত ব্যক্তির) যে আত্মীয়ের মাধ্যমে সম্পর্কযুক্ত হয়েছে, সে সেই আত্মীয়তা অনুসারেই মীরাস পাবে যার মাধ্যমে সে (মৃত ব্যক্তির সাথে) সম্পর্কযুক্ত হয়েছে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : ইবরাহিম পর্যন্ত এর সনদ জাইয়্যেদ বা উত্তম।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১১/২৬১, ২৭৯ নং ১১১৬৭, ১১২২৯ সহীহ সনদে।

হাদিস ৩,০৯০

মূল আরবি

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا أَبُو شِهَابٍ قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَقَ الشَّيْبَانِيُّ عَنْ الشَّعْبِيِّ فِي رَجُلٍ تَرَكَ عَمَّتَهُ وَابْنَةَ أَخِيهِ قَالَ الْمَالُ لِابْنَةِ أَخِيهِ

বাংলা অনুবাদ

৩০৯০. আবী ইসহাক শাইবানী হতে বর্ণিত, কোনো ব্যক্তি তার এক ফুফু ও তার ভাইয়ের এক মেয়ে রেখে মৃত্যুবরণ করলো- এ ব্যক্তি সম্পর্কে শা’বী (রহঃ) বলেন, তার পুরো সম্পত্তি পাবে তার ভাইয়ের মেয়ে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : আমির শা’বী পর্যন্ত এর সনদ জাইয়্যেদ বা উত্তম।
তাখরীজ: আব্দুর রাযযাক ১৯১২৫; ইবনু আবী শাইবা ১১/২৭৮ নং ১১২২৬, ১১২২৭, ১১২২৮, ১১২৩০ সহীহ সনদে। এটি সামনেও আসছে।

হাদিস ৩,০৯১

মূল আরবি

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ لَيْثٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْخَالُ وَارِثٌ

বাংলা অনুবাদ

৩০৯১. আবী হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “মামা ওয়ারিস হবে।“[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ লাইছের কারণে, তিনি ইবনু আবী সুলাইম। এছাড়াও, মুহাম্মদ আবী হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু হতে শ্রবণের ব্যাপারেও সন্দেহ রয়েছে।
তাখরীজ: দারুকুতনী ৪/৮৬ নং ৬১, ৬২; বাইহাকী, ফারাইয ৬/২১৫।
তবে হাদীসটি শাহিদ থাকার কারণে সহীহ। তার কিছু আমরা মাওয়ারিদুয যাম’আন নং ১২২৫, ১২২৬, ১২২৭ ও সহীহ ইবনু হিব্বান নং ৬০৩৫, ৬০৩৬, ৬০৩৭ তে আমরা তাখরীজ দিয়েছি।

হাদিস ৩,০৯২

মূল আরবি

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا حَسَنٌ عَنْ عُبَيْدَةَ عَنْ إِبْرَاهِيمَ أَنَّ عُمَرَ وَعَبْدَ اللَّهِ رَأَيَا أَنْ يُوَرِّثَا خَالًا

বাংলা অনুবাদ

৩০৯২. ইবরাহীম (রহঃ) হতে বর্ণিত, উমার ও আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন যে, মামা ওয়ারিস হবে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ উবাইদার কারণে।
তাখরীজ: সাঈদ ইবনু মানসূর নং ১৫৯; ইবনু আবী শাইবা ১১/২৬৪ নং ১১১৭৫ উমার রাদ্বিয়াল্লাহু আনহু হতে, ইবরাহীম পর্যন্ত এর সনদ সহীহ। তবে ইবরাহীম উমার রাদ্বিয়াল্লাহু আনহু এর সাক্ষাত লাভ করেননি।; তাহাবী, ৪/৪০০ ইবরাহীম পর্যন্ত এর সনদ সহীহ। তবে ইবরাহীম উমার রাদ্বিয়াল্লাহু আনহু এর সাক্ষাত লাভ করেননি।

হাদিস ৩,০৯৩

মূল আরবি

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا حَسَنٌ عَنْ سُلَيْمَانَ أَبِي إِسْحَقَ عَنْ الشَّعْبِيِّ فِي عَمَّةٍ وَبِنْتِ أَخٍ قَالَ الْمَالُ لِابْنَةِ الْأَخِ

বাংলা অনুবাদ

৩০৯৩. আবী ইসহাক শাইবানী হতে বর্ণিত, (মৃত ব্যক্তির) ফুফু ও তার ভাইয়ের মেয়ে সম্পর্কে শা’বী (রহঃ) বলেন, তার পুরো সম্পত্তি পাবে তার ভাইয়ের মেয়ে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : আমির শা’বী পর্যন্ত এর সনদ জাইয়্যেদ বা উত্তম।
তাখরীজ: এটি গত হয়েছে ৩০৮৭ নং তে।

হাদিস ৩,০৯৪

মূল আরবি

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ أَخْبَرَنَا حَسَنٌ عَنْ سُلَيْمَانَ عَنْ بَعْضِهِمْ عَنْ إِبْرَاهِيمَ قَالَ لِلْعَمَّةِ

বাংলা অনুবাদ

৩০৯৪. কেউ কেউ ইবরাহীম (রহঃ) থেকে (এ সম্পর্কে) বর্ণনা করেন যে, তিনি বলেন, (পুরো সম্পদ) ফুফু পাবে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদে জাহালাত (অজ্ঞাত পরিচয় রাবী) রয়েছে। (তবে অপর একটি সহীহ সনদে বর্ণিত হয়েছে, যেমন তাখরীজে রয়েছে।)
তাখরীজ: ইবনু আবী শাইবা ১১/২৭৮ নং ১১২২৮ ইবরাহিম পর্যন্ত এর সনদ সহীহ। ফলে দারেমী’র অজ্ঞাত পরিচয় রাবীকে জানা গেল।

হাদিস ৩,০৯৫

মূল আরবি

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الشَّيْبَانِيِّ عَنْ الشَّعْبِيِّ فِي بِنْتِ أَخٍ وَعَمَّةٍ قَالَ أَعْطِي الْمَالَ لِابْنَةِ الْأَخِ

বাংলা অনুবাদ

৩০৯৫. (আবী ইসহাক) শাইবানী হতে বর্ণিত, (মৃত ব্যক্তির) ভাইয়ের মেয়ে ও ফুফু সম্পর্কে শা’বী (রহঃ) বলেন, তার পুরো সম্পত্তি দেওয়া হবে তার ভাইয়ের মেয়েকে।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : আমির শা’বী পর্যন্ত এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১১/২৭৮ নং ১১২২৭; এটি গত হয়েছে ৩০৮৭ নং তে।

হাদিস ৩,০৯৬

মূল আরবি

حَدَّثَنَا يَعْلَى حَدَّثَنَا زَكَرِيَّا عَنْ عَامِرٍ عَنْ مَسْرُوقٍ فِي رَجُلٍ تُوُفِّيَ وَلَيْسَ لَهُ وَارِثٌ إِلَّا ابْنَةُ أَخِيهِ وَخَالُهُ قَالَ لِلْخَالِ نَصِيبُ أُخْتِهِ وَلِابْنَةِ الْأَخِ نَصِيبُ أَبِيهَا

বাংলা অনুবাদ

৩০৯৬. আমির (রহঃ) হতে বর্ণিত যে, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলো, আর তার ভাইয়ের মেয়ে ও মামা ছাড়া আর কোনো ওয়ারিস ছিল না। তখন মাসরূক (রহঃ) বললেন, তার মামা তার বোনের অংশ পাবে (তথা মৃতের মায়ের অংশ)এবং তার ভাইয়ের মেয়ে পাবে তার পিতার অংশ (অর্থাৎ মৃতের ভাইয়ের অংশ)।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : মাসরুক পর্যন্ত এর সনদ সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১১/২৬৪ নং ১১১৭৮।

হাদিস ৩,০৯৭

মূল আরবি

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا يُونُسُ عَنْ عَامِرٍ قَالَ كَانَ مَسْرُوقٌ يُنَزِّلُ الْعَمَّةَ بِمَنْزِلَةِ الْأَبِ إِذَا لَمْ يَكُنْ أَبٌ وَالْخَالَةَ بِمَنْزِلَةِ الْأُمِّ إِذَا لَمْ تَكُنْ أُمٌّ

বাংলা অনুবাদ

৩০৯৭. আমির (রহঃ) হতে বর্ণিত যে, মাসরূক (রহঃ) (মৃতের) পিতা না থাকলে ফুফুকে পিতার স্থলাভিষিক্ত করেন এবং মাতা না থাকলে খালাকে মাতার স্থলাভিষিক্ত করেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এ সনদটি সহীহ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১১/২৬১ নং ১১১৬৪; সাঈদ ইবনু মানসূর নং ১৬১, ১৬২; আব্দুর রাযযাক ১৯১১৬।

হাদিস ৩,০৯৮

মূল আরবি

حَدَّثَنَا يَعْلَى عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مُحَمَّدِ بْنِ حَبَّانَ نَسَبَهُ إِلَى جَدِّهِ عَنْ عَمِّهْ وَاسِعِ بْنِ حَبَّانَ قَالَ تُوُفِّيَ ابْنُ الدَّحْدَاحَةِ وَكَانَ أَتِيًّا وَهُوَ الَّذِي لَا يُعْرَفُ لَهُ أَصْلٌ فَكَانَ فِي بَنِي الْعَجْلَانِ وَلَمْ يَتْرُكْ عَقِبًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَاصِمِ بْنِ عَدِيٍّ هَلْ تَعْلَمُونَ لَهُ فِيكُمْ نَسَبًا قَالَ مَا نَعْرِفُهُ يَا رَسُولَ اللَّهِ فَدَعَا ابْنَ أُخْتِهِ فَأَعْطَاهُ مِيرَاثَهُ

বাংলা অনুবাদ

৩০৯৮. ওয়াসি’ ইবনু হাব্বান হতে বর্ণিত, ইবনু দাহদাহা তিনি মৃত্যু বরণ করেন। আর তিনি ছিলেন বংশ পরিচয়হীন-যার কোনো মুল জানা যায় না- আর তিনি বনী ইজলান গোত্রে থাকতেন। আর তিনি কোনো বংশধরও রেখে যাননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিম ইবনু আদী রাদ্বিয়াল্লাহু আনহুকে ডাকলেন, বললেন, তোমরা কি জান, তোমাদের মধ্যে তার কোনো বংশধর-আত্মীয়-স্বজন আছে?“ তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা তো এমন কেউ আছে বলে জানি না। তখন তিনি তার বোনের ছেলেকে ডেকে তাকে তার মীরাছ প্রদান করলেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ, মুহাম্মদ ইবনু ইসহাক এটি ‘আন আন’ শব্দে বর্ণনা করেছেন। আর তিনি মুদাল্লিস। এছাড়া এর সনদ মুনকাতি হওয়াকেউ আমরা প্রাধান্য দিচ্ছি।
তাখরীজ: আব্দুর রাযযাক ১৯১২০; ইবনু আবী শাইবা ১১/২৬৫ নং ১১১৭৯; সাঈদ ইবনু মানসূর নং ১৬৪; তাহাবী, শারহু মাআনিল আছার ৪/৩৯৬; বাইহাকী, আযাহী ৬/২১৫।

হাদিস ৩,০৯৯

মূল আরবি

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِي عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عُمَرَ أَنَّهُ أَعْطَى خَالًا الْمَالَ

বাংলা অনুবাদ

৩০৯৯. ইবরাহীম (রহঃ) হতে বর্ণিত, উমার রাদ্বিয়াল্লাহু আনহু মামাকে পুরো সম্পদ দিয়েছিলেন।[1]
[1] তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ ইনকিতা বা বিচ্ছিন্নতার কারণে যঈফ।
তাখরীজ: ইবনু আবী শাইবা ১১/২৬৪ নং ১১১৭৫; সাঈদ ইবনু মানসূর নং ১৫৯।

হাদিস ৩,১০০

মূল আরবি

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا أَبُو هَانِئٍ قَالَ سُئِلَ عَامِرٌ عَنْ امْرَأَةٍ أَوْ رَجُلٍ تُوُفِّيَ وَتَرَكَ خَالَةً وَعَمَّةً لَيْسَ لَهُ وَارِثٌ وَلَا رَحِمٌ غَيْرُهُمَا فَقَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ يُنَزِّلُ الْخَالَةَ بِمَنْزِلَةِ أُمِّهِ وَيُنَزِّلُ الْعَمَّةَ بِمَنْزِلَةِ أَخِيهَا

বাংলা অনুবাদ

৩১০০. আবী হানী হতে বর্ণিত, তিনি বলেন, আমির (রহঃ) কে কোনো এক মহিলা কিংবা এক লোক সম্পর্কে প্রশ্ন করা হলো, যে তার এক খালা ও এক ফুফু রেখে মৃত্যুবরণ করলো। তার আর কোনো ওয়ারিস ছিল না, এবং তারা দু’জন ছাড়া আর কোনো আত্মীয়-স্বজনও ছিল না। তখন তিনি বললেন, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু (এ অবস্থায়) তার খালাকে তার মাতার স্থলাভিষিক্ত করেন এবং ফুফুকে তার ভাইয়ের (তথা মৃতের পিতার) স্থলাভিষিক্ত করেন।[1]
[1]তাহক্বীক শায়খ হুসাইন সালিম আসাদ আদ-দারানী : এর সনদ যঈফ আবী হানী উমার ইবনু বাশীর এর দুর্বলতার কারণে।
তাখরীজ: এটি গত হয়েছে ৩০১৬ নং তে।