রবীন্দ্রনাথ কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?
নিজের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য বিরুদ্ধমতের কাউকে ছোট করা বা তাঁর মহত্মকে খাটো করা মানব জীবনের এক সীমাহীন হীনমন্যতার ইঙিত। বাঙালি জীবনে এই হীনমন্যতা প্রকট। আমি যাঁকে পছন্দ করি না, তাঁকে একটু হেয় প্রতিপন্ন করতে পারলে গভীর আনন্দ অনুভব করা এই হীনমন্যতারই অংশ। ‘রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন’— আমাদের রাজনৈতিক জীবনের এমনই একটি ঘটনা।
ঐতিহাসিক বিষয়ে সত্য অনুসন্ধানের জন্য গবেষণা পদ্ধতিতে জ্ঞান থাকতে হয়। গবেষণা পদ্ধতিতে জ্ঞান না থাকলে কোন বিষয়ে উপসংহার টানার চেষ্টা করা বিপদজনক। যেমন ধরুন, আমার হাতে যখন পর্যাপ্ত ডাটা তথা উপাত্ত নেই, তখন উপসংহার টানার আমাদের অ্যানালিটিকাল মেথড অনুসরণ করতে হয়। ‘এটা যদি সত্যি হয়, তাহলে অন্যটা সত্যি হতে পারে না’— অ্যানালিটিকাল মেথড অনেকটা এ রকম।
ভারতীয় উপমহাদেশে যে ক’জন ব্যক্তি সারা জীবন হিন্দু-মুসলিম মিলনের চেষ্টা করেছেন, তাঁদের অন্যতম এম. কে. গান্ধী, মাওলানা আবুল কালাম আজাদ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, চিত্তরঞ্জন দাস, নেতাজী সুভাষ চন্দ্র বসু, এ কে ফজলুল হক। এই প্রসঙ্গে, মানবতাবাদের সংজ্ঞাটা দিতে চাই। সাম্যের দৃষ্টিতে দেখতে পারার ক্ষমতাই মানবতাবাদ। উল্লেখিত ব্যক্তিগণকে আমি মানবতাবাদী বলছি, কারণ তাঁরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাম্যের দৃষ্টিতে দেখেছেন।
রবীন্দ্রনাথ যদি সাম্প্রদায়িক হন, তাহলে পূর্ব বাংলায় মুসলমান জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা হবে— এমন কোন প্রকল্পে সমর্থন করার কথা নয়। অতএব, এখানে প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ সাম্প্রদায়িক, নাকি মানবতাবাদী?
জাহিরুল হাসান নামে এক প্রাবন্ধিক ‘রবীন্দ্রনাথ ঠাকুর: সুমলমান সমগ্র’ শিরোনামে ৩০৩ পৃষ্ঠার একটি বই সংকলন করেছেন। সেখানে তিনি রবীন্দ্রনাথের কাব্য-গল্প-উপন্যাসে যে সব মুসলমান চরিত্র এবং প্রবন্ধ-বক্তৃতায় যেখানে মুসলমান প্রসঙ্গ এসেছে, তা টীকাসহ বিবৃত করেছেন।
সেই সংকলনে এক জায়গায় রবীন্দ্রনাথ বলছেন: ‘আমাদের একটা মস্ত কাজ আছে, হিন্দু-মুসলমানে সখ্যবন্ধন দৃঢ় করা। অন্য-দেশের কথা জানি না, কিন্তু বাংলাদেশে যে হিন্দু-মুসলমানের মধ্যে সৌহার্দ্য ছিল সে বিষয়ে কোন সন্দেহ নাই। … কিন্তু আজকাল শিক্ষিত সম্প্রদায়ের নূতন হিন্দুয়ানি অকস্মাৎ নারদের ঢেঁকি অবলম্বন করিয়া অবতীর্ণ হইয়াছে। তাঁহারা নবোপার্জিত আর্য অভিমানকে শজারুর শলাকার মতো আপনাদের চারি দিকে কন্টকিত করিয়া রাখিয়াছে; কাহারও কাছে ঘেঁসিবার জো নাই’। প্রায় একই কথা তিনি আরেক জায়গায় বলেন এভাবে: ‘মুসলমানরা হিন্দুদের সাথে মিশিতে চায়, একাত্ম হইতে চায় কিন্তু হিন্দুদের কাছ থেকে কোন সাড়া মেলে না.’
প্রচলিত ধারার ঔপনিবেশিক শিক্ষার ধারক কলকাতা বিশ্ববিদ্যালয়ে একেবারেই আগ্রহী ছিলেন না রবীন্দ্রনাথ। তাঁর নিজস্ব শিক্ষাদর্শনের আলোকে তাই বোলপুরে ১৯০১ সালে গড়ে তুললেন নিজস্ব বিদ্যালয় যা পরবর্তীতে শান্তিনিকেতন এবং বিশ্বভারতী হিসেবে পরিচিতি পায়। উদার প্রকৃতির নিবিড় সান্নিধ্যে গড়ে উঠবে একজন সম্পূর্ণ মানুষ যাঁর বাইরের কোন নির্দেশ-প্রত্যাদেশের দরকার হবে না, যে হবে নিজেই নিজের নিয়ন্ত্রক। শুধু একটি বিদ্যালয় নয়, রবীন্দ্রনাথ এমন একটি দেশ গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে চিত্ত হবে ভয়শূন্য আর উচ্চ হবে শির।
হিন্দুত্ববাদের বিরোধিতা করতে গিয়ে অনেকেই রবীন্দ্রনাথকে হেয় করার চেষ্টা করেন অথচ রবীন্দ্রনাথ নিজেই হিন্দুত্ববাদের ঘোর বিরোধী ছিলেন। বস্তুত, তৎকালীন হিন্দু নেতাদের হাতে নোবেলপ্রাপ্তির আগ পর্যন্ত রবীন্দ্রনাথ ব্যাপকভাবে নিগ্রহের শিকার হন। আর হিন্দু নেতাদের রোষের কারণ রবীন্দ্রনাথের ‘মুসলিমপ্রীতি’। হিন্দুত্ববাদীদের উদ্দেশ্য ক’রে রবীন্দ্রনাথ লিখেছিলেন বিখ্যাত কবিতা:
………………………শুনি তাই আজি
মানুষ-জন্তুর হুহুংকার দিকে দিকে উঠে বাজি।
তবু যেন হেসে যাই যেমন হেসেছি বারে বারে
পণ্ডিতের মূঢ়তায়, ধনীর দৈন্যের অত্যাচারে,
সজ্জিতের রূপের বিদ্রূপে।……………
‘মুসলিমপ্রীতি’ কয়েকটি উদাহরণ দিই। ১৯০৫ এর ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন রবীন্দ্রনাথ রাখিবন্ধন, শোভাযাত্রা ও দেশাত্মবোধক গানের মাধ্যমে হিন্দু-মুসলমানসহ বাঙালির ঐক্যের বার্তা ছড়িয়ে দেন। কলকাতার বিখ্যাত নাকদা মসজিদে গিয়ে ইমামকে রাখী পরিয়েছিলেন। তাঁর ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি এ আন্দোলনের সঙ্গে বিশেষভাবে যুক্ত।
১৯৩২ সালে বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ফার্সি ভাষা শিক্ষা দেবার জন্যে ইরান থেকে ইব্রাহিম পুর দাউদকে নিয়ে আসেন। ইসলামী শিল্পকলার প্রখ্যাত পন্ডিত হাসান সোহরাওয়ার্দি নিয়োগ দেন। পাঠ দান করেন ইসলামী ধর্মশাস্ত্রের অধ্যাপক মৌলানা জিয়াউদ্দিন।
১৮৮৫ সালে লেখা ‘আকবর শাহের উদারতা’ প্রবন্ধে মুসলমান সমাজ সম্পর্কে রবীন্দ্রথের গভীর বীক্ষণের পরিচয় মেলে। এর পর ঊনবিংশ শতাব্দীর শেষ কালে সরাসরি মুসলমান সমাজ নিয়ে বেশ কিছু প্রবন্ধ, গল্প লেখেন। তার মধ্যে শাহসুজার কন্যাকে লেখা দালিয়া ও কাবুলি ওয়ালা অন্যতম।
শিলাইদহে জমিদারি দেখাশুনার কালে আকুল সরকার নামে এক মুসলমান যুবকের সঙ্গে হিন্দু মেয়ে লতা ভদ্রের সঙ্গে বিয়েকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনার দেখা দেয়। রবীন্দ্রনাথের মধ্যস্থতায় তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে আকুল সরকারকে লেখা রবীন্দ্রনাথের এক চিঠির ভাষায় তাঁর ধ্যান-ধারণার সুষ্পষ্ট প্রকাশ ঘটেছে: ‘প্রিয় আকুল সরকার, তোমার ব্যাকুলতা আমি উপলদ্ধি করেছি,…সাম্প্রদায়িকতাকে আমি ঘৃণা করি। নারী ও পুরুষের প্রেম ধর্মের বা বর্ণের অনুশাসন মানে না। সমাজ প্রাচীর গড়ে কিন্তু হৃদয় সে প্রাচীর অতিক্রম করতে পারে।……তোমরা আমার সাহায্য ও সহানুভূতি সর্বদাই লাভ করবে।’
১৯২১ সালে সিলেটের কয়েকজন হিন্দু স্কুলছাত্র সরস্বতী পূজার জন্য ব্রিটিশ ডেপুটি কমিশনারের বাগান থেকে ফুল তুলেছিল। ঔপনিবেশিক কর্তৃপক্ষ বেত্রাঘাতের মাধ্যমে তাদের শাস্তি দেয়। সেই সময়ের মেধাবী ছাত্র মুজতবা আলী এই শাস্তির প্রতিবাদ করেন এবং স্কুল বয়কটের নেতৃত্ব দেন; তিনি আর স্কুলে ফিরে যাননি। তরুণ মুজতবা কবিকে চিঠি লিখেছিলেন। রবীন্দ্রনাথ তাঁর চিঠির উত্তর দেন। লেখেন, ‘তোমার জন্য আমার দরজা সব সময় খোলা। তুমি এখানে চলে এসো।’ শেষ পর্যন্ত ১৯২১ সালে মুজতবা সেখানে যান এবং সেই প্রতিষ্ঠানের অন্যতম বিশিষ্ট পন্ডিত ও লেখক হিসেবে নিজেকে গড়ে তোলেন।
পূর্ব পশ্চিম প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখছেন: ‘ভারতবর্ষেও যে ইতিহাস গঠিত হইয়া উঠিতেছে এ ইতিহাসের শেষ তাৎপর্য্য এ নয় যে , এ দেশে হিন্দুই বড় হইবে বা আর কেহ বড় হইবে। ভারতবর্ষে মানবের ইতিহাস একটি বিশেষ সার্থকতার মূর্তি পরিগ্রহ করিবে, পরিপূর্ণতাকে একটি অপূর্ব আকার দান করিয়া তাহাকে সমস্ত মানবের সামগ্রী করিয়া তুলিবে…… এই পরিপূর্ণতার প্রতিমা গঠনে হিন্দু, মুসলমান বা ইংরেজ যদি নিজের বর্তমান বিশেষ আকারটিকে বিলুপ্ত করিয়া দেয়, তাহাতে স্বজাতিক অভিমানের অপমৃত্যু ঘটিতে পারে, কিন্তু সত্যের বা মঙ্গলের অপচয় হয় না।’ সম্ভত, এই প্রবন্ধ পড়েই ঐতিহাসিক শুভ বসু লিখেছেন, ‘রবীন্দ্রনাথের ইতিহাস চিন্তার মানবিক দিক এই সময়ের পর থেকে ক্রমাগত বেড়ে গেছে। তিনি ভারতবর্ষের রূপকে ক্ষুদ্র ধর্মীয় জাতীয়তাবাদের থেকে উর্ধে একটি সামগ্রিক মানবিক রূপে দেখতে চেয়েছিলেন। তাঁর মনে হয়েছিল উপনিবেশিক চিন্তার থেকে, সাম্প্রদায়িক বিভাজন থেকে মুক্তির উপায় এটাই। কোনো খণ্ডিত সামাজিক স্বত্ত্ব নয় পূর্ণ মানবিক সত্ত্বার অনুসন্ধান ছিল তাঁর ইতিহাস চিন্তার ধারক।’
এক দল মানুষ রবীন্দ্রনাথকে উদ্ধৃত ক’রে বলেন, ‘মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়’ আর কিছু বুদ্ধিজীবী প্রচার করেন: ‘রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন।’ এই বুদ্ধিজীবীরা তাদের বক্তব্যের সমর্থনে একটা ঘটনার উল্লেখ করেন: ‘১৯১২ সালের ২৮শে মার্চ কলিকাতা গড়ের মাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। সেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকাশ্য বিরোধিতা করেছিলেন।’
কিন্তু সত্য হল, ১৯১২ সালের ২৮শে মার্চ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শিলাইদহে। ১৯ মার্চ ১৯১২ (৬ চৈত্র, ১৩১৮ বঙ্গাব্দ) ভোরে কলকাতা থেকে ‘সিটি অব প্যারিস’ জাহাজে রবীন্দ্রনাথের ইংল্যাণ্ড যাবার জন্য কেবিন ভাড়া করা হয়েছিল। কিন্তু সেদিন সকালে রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ হয়ে পড়েন। ফলে তাঁর ইংল্যান্ড যাত্রা স্থগিত হয়ে যায়। রবীন্দ্রনাথ ২১ মার্চ ১৯১২ তারিখে ডাঃ দ্বিজেন্দ্রনাথ মৈত্রকে লেখেন- ‘আমার কপাল মন্দ – – – – নইলে ঠিক জাহাজে ওঠবার মুহুর্তেই মাথা ঘুরে পড়লুম কেন? রোগের প্রথম ধাক্কাটা তো একরকম কেটে গেছে। এখন ডাক্তারের উৎপাতে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। লেখাপড়া নড়াচড়া প্রভৃতি সজীব প্রাণীমাত্রেরই অধিকার আছে, আমার পক্ষে তা একেবারে নিষিদ্ধ।…’ ২৪ মার্চ ১৯১২ বিশ্রামের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শিলাইদহে রওনা হন।
ঠাকুরবাড়ির হিসেবে নিকেশের খাতায় লেখা আছে, ‘শ্রীযুক্ত রবীন্দ্র বাবু মহাশয় ও শ্রীযুক্ত রথীন্দ্র বাবু মহাশয় ও শ্রীমতি বধুমাতাঠাকুরাণী সিলাইদহ গমনের ব্যয় ৩৭৯ নং ভাউচার ১১ চৈত্র ১৫।।৩।. পরদিন সোমবার ২৫ মার্চ ১৯১২ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ মৌচাক পত্রিকার সম্পাদক সুধীরচন্দ্র সরকারের ভগ্নী কাদম্বিনী দত্তকে এক চিঠিতে লেখেন—‘এখনো মাথার পরিশ্রম নিষেধ। শিলাইদহে নির্জ্জনে পালাইয়া আসিয়াছি।’ ১৯১২ সালের ২৮ শে মার্চ রবীন্দ্রনাথ একটি চিঠি লিখেছেন জগদানন্দ রায়কে। চিঠিতে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে কোনো বক্তব্য প্রকাশ করেন নি। ১২ এপ্রিল, ১৯১২ শিলাইদহ থেকে তিনি কলকাতায় রওনা হন।
সলিমুল্লাহ মুসলিম হলের আজীবন সদস্য তালিকায় লর্ড লিটনের পর দ্বিতীয় নামটি রবীন্দ্রনাথের। যে মানুষ একবারের জন্যেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা ক’রে থাকলে সেই বিশ্ববিদ্যালয়ের একটা হলের আজীবন সদস্যের তালিকায় তাঁর নাম থাকবার কথা নয়।
পক্ষান্তরে, কলকাতার মুসলমানদের মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে আপত্তি ছিল। মাওলানা আকরাম খান মনে করতেন মুসলমানদের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার চেয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রয়োজনীয়তার গুরুত্ত্ব অনেক বেশি। চব্বিশ পরগণার জেলা মোহামেডান এসোসিয়েশন ১৯১২-র ১১ ফেব্রুয়ারি ঢাকায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা করে।
একটা বহু বিভাজিত সমাজে উন্নয়নের পরাকাষ্ঠায় পৌঁছানো কঠিন। এ জন্য ঐতিহাসিক সত্যের ভিত্তিতে আমাদের ঐকমত্যে পৌঁছাতেই হবে। যাঁরা ধর্ম, সম্প্রদায়, জাতিগোষ্ঠী ইত্যাদির ভিত্তিতে বিভাজন তৈরি করতে যায়, শান্তিকামী মানুষের কর্তব্য এই গোষ্ঠীকে রোধ করা।
————————————————————————————————————————-
এন এন তরুণ রাশিয়ার সাইবেরিয়ান ফেডারেল ইউনিভার্সিটির অর্থনীতির ভিজিটিং প্রফেসর ও সাউথ এশিয়া জার্নালের এডিটর অ্যাট লার্জ। [email protected]
About This Article
এই লেখাটি লেখকের নিজস্ব মতামত। সংশয় ডট কম মূল সাইটের প্রবন্ধ, জ্ঞানকোষ এবং রেফারেন্সভিত্তিক লেখাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন, সংযোজন ও পরিমার্জন করতে পারে; কিন্তু মতামত বিভাগে প্রকাশিত লেখার বক্তব্য, বিশ্লেষণ ও অবস্থান লেখকের নিজস্ব বলে গণ্য হবে।


মানুষের ভালোবাসায় বুঁদ হয়ে থাকা রবীন্দ্রনাথকে নিয়ে হুমায়ুন কবির বলেছেন “রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কল্পনাশক্তি ও অনুভবের সমুদয় উষ্ণতা দিয়ে মানুষকে ভালোবাসতেন এবং মনে করতেন যে বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের আত্মশক্তি অপেক্ষা উন্নততর আর কিছু নেই।” প্রকৃতি ও মানুষের অভেদাত্মতা রবীন্দ্রসাহিত্যের পরতে পরতে। ইশ্বরের অর্থ তাঁর কাছে অপরিহার্যরূপে ছিল ভালোবাসা। মানবজীবনের যাবতীয় সম্পর্কবিন্যাস ও জাগতিক নিত্য কর্মধারার ভিতর দিয়ে ইশ্বরকে উপলব্ধি করতেন তিনি। মানুষের প্রতিটি অনুভূতির সূক্ষ্ণাতিসূক্ষ্ণ তারতম্য এবং বিশ্বপ্রকৃতির অন্তহীন বৈচিত্র্য তাঁর মত প্রগাঢ়ভাবে উপলব্ধি করেছেন কজন! অনুভূতির সততা এবং চিত্রকল্পের অনুপুঙ্খতা, দুঃসাহসিকতায় সেই উপলব্ধি প্রকাশেও রবীন্দ্রনাথ অনন্য। আত্মপ্রকাশের আকুতিই ছিল তাঁর প্রণোদনাশক্তি। ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে অতীতে এবং বর্তমানেও কতিপয় পরশ্রীকাতর ব্যক্তি ক্রমাগত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কুৎসা রটিয়ে চলছেন। তাঁরা সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত এই মিথ্যাচার চালিয়ে নিজেদের পাণ্ডিত্য জাহির করছেন এবং কৌশলে সমাজে হিংসার অনলে ঘৃতাহুতি দিচ্ছেন। শ্লাঘা রাহিত্য প্রজ্ঞাবানদের এ’বিষয়ে নীরবতা পালনও বিস্ময়কর বটে। আপনার গবেষণালব্ধ, সত্য ও যুক্তিনির্ভর লেখাটি যারা অজ্ঞানতাহেতু কবিগুরুর সমালোচনা করে চলছেন তাঁদের মনের ভ্রান্তি দূরীকরণে সহায়তা করবে বলে প্রত্যাশা করি। যুক্তিবোধসম্পন্ন রবীন্দ্রনাথ মানুষের প্রতি ভালোবাসা প্রকাশে সবসময় ছিলেন সরব। তাঁর সুগভীর ও সর্বত্রগামী মানবিকতার পাঠ আজো বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে ঘৃণার প্রকাশে তিনি অকপট ছিলেন। এমন একটি লেখা উপহারের জন্য আপনাকে ধন্যবাদ।