ভূমিকা
বিভিন্ন ধর্মের প্রচারকরা নিজেদের মতবাদ ও ধর্মীয় ব্যক্তিত্বকে “অলৌকিক ভবিষ্যদ্বাণী” দিয়ে প্রমাণ করার এক অদ্ভুত খেলায় মেতে থাকেন। একদল মুসলিম দাঈ ও এপোলোজিস্ট দাবি করেন, পৃথিবীর প্রায় সব ধর্মগ্রন্থেই নাকি নবী মুহাম্মদের আগমনের ভবিষ্যদ্বাণী আছে। আবার অন্যদিকে অনেক হিন্দু লেখকও কোরআনের আয়াত টেনে নিজেদের ধর্মের সত্যতা প্রমাণ করার চেষ্টা করেন। দুই পক্ষের কৌশল একই—নিজের বিশ্বাসকে অন্য ধর্মের গ্রন্থের ভেতরে জোর করে বসিয়ে দেওয়া। কিন্তু এই প্রমাণ-খেলায় তারা যে নিজেরাই অন্য ধর্মের গ্রন্থকে প্রামাণ্য ধরে নিচ্ছেন, সেই সাধারণ বুদ্ধিটুকু তাদের থাকে না। উদাহরণ হিসেবে, জাকির নায়েক যদি কল্কি পুরাণ থেকে নবী মুহাম্মদের ভবিষ্যদ্বাণী বের করতে চান, তাহলে তাকে আগে কল্কি পুরাণকে প্রামাণ্য গ্রন্থ হিসেবেই ধরতে হয়। আর কল্কি পুরাণ যদি সত্যিই এমন অলৌকিক ভবিষ্যদ্বাণী করতে পারে, তাহলে সেটিও তো একটি ঐশ্বরিক গ্রন্থ হিসেবে দাঁড়িয়ে যায়। এখানেই পুরো দাবিটি নিজের পায়ে নিজেই কুড়াল মারে।
এই লেখায় তাই কোনো শব্দখেলা, অনুবাদের হাতসাফাই বা বক্তৃতার মঞ্চের চালাকি নয়; সরাসরি কল্কি পুরাণের বর্ণনা এবং ইসলামী সীরাত-গ্রন্থের তথ্য পাশাপাশি রেখে দেখা হবে—কল্কি অবতার এবং মুহাম্মদের জীবনকথার মধ্যে আদৌ কোনো বাস্তব, ধারাবাহিক ও মৌলিক মিল আছে কি না। নামের অর্থ, পিতামাতার পরিচয়, জন্মপরিস্থিতি, ভাইবোন, নামকরণ, বিবাহ ও স্ত্রীর সংখ্যা—এসব প্রাথমিক বিষয়ের মধ্যেই যদি দুই কাহিনি ভেঙে পড়ে, তাহলে বাকি অলৌকিক মিলের গল্প আর গবেষণা থাকে না; সেটি হয়ে যায় সরাসরি গোজামিল। জনপ্রিয় বক্তারা মঞ্চে দাঁড়িয়ে যত নাটকীয় ভঙ্গিতেই বলুন না কেন, শেষ পর্যন্ত প্রশ্ন একটাই—মূল গ্রন্থে আসলে কী লেখা আছে?
কল্কি অবতার কে?
হিন্দু পুরাণ অনুসারে কল্কি হচ্ছেন বিষ্ণুর শেষ অবতার, যিনি কলিযুগের শেষে আবির্ভূত হয়ে অধর্ম, পাপ ও বিশৃঙ্খলার অবসান ঘটাবেন। বর্ণনায় দেখা যায়, তিনি সাদা ঘোড়ায় আরোহণ করে খোলা তরবারি হাতে আবির্ভূত হবেন, পাপীদের ধ্বংস করবেন এবং কলিযুগের অবসান ঘটিয়ে সত্যযুগের সূচনা করবেন। “কল্কি” শব্দের সঙ্গে অশুভ, অন্ধকার বা কলুষ ধ্বংসের ধারণা যুক্ত। অর্থাৎ কল্কি কোনো সাধারণ নবী, রাসুল, পয়গম্বর বা বার্তাবাহক নন; তিনি হিন্দু ধর্মতত্ত্বে ঈশ্বর বিষ্ণুরই অবতার। এই জায়গাটিই প্রথম মৌলিক পার্থক্য। ইসলামে মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু কখনোই আল্লাহর অবতার নন। আর হিন্দু পুরাণে কল্কি ঈশ্বরেরই রূপ, কোনো আলাদা সৃষ্ট মানব-বার্তাবাহক নন। তাই শুরুতেই দেখা যাচ্ছে, দুই ধর্মের ধারণাগত কাঠামো একেবারেই আলাদা।
জাকির নায়েকের বক্তব্য
জাকির নায়েক দাবি করেছেন, হিন্দু ধর্মের এই কল্কি অবতারই নাকি আসলে নবী মুহাম্মদ। তার বক্তব্যের কৌশল খুব পরিচিত—কিছু নামের অর্থ ইচ্ছামতো বদলে দেওয়া, কয়েকটি শব্দকে আরবি নামের সঙ্গে জোর করে মিলিয়ে ফেলা, তারপর সেটিকে “অলৌকিক ভবিষ্যদ্বাণী” বলে চালানো। এই ধরনের দাবি শুনতে নাটকীয় লাগে, বিশেষ করে মঞ্চে বক্তৃতার ভঙ্গিতে বলা হলে। কিন্তু ধর্মীয় বক্তৃতার উত্তেজনা আর প্রাথমিক উৎসের তথ্য এক জিনিস নয়। তাই আগে তার বক্তব্য দেখা দরকার, তারপর কল্কি পুরাণ এবং ইসলামী সীরাত-সাহিত্যের তথ্য পাশাপাশি রেখে যাচাই করা দরকার—দাবিটি আসলেই দাঁড়ায়, নাকি প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ে।
কল্কি অবতারের বৃত্তান্ত
এবার সরাসরি কল্কি পুরাণ থেকেই কল্কি অবতারের বর্ণনা দেখা যাক। এখানে কারও বক্তৃতা, ব্যাখ্যা বা ইচ্ছামতো শব্দার্থ নয়; মূল গ্রন্থে কল্কি সম্পর্কে কী বলা হয়েছে, সেটিই গুরুত্বপূর্ণ। নিচের উদ্ধৃতি ও ছবিগুলো কল্কি পুরাণের বাংলা অনুবাদ থেকে নেওয়া। পাঠক চাইলে বইটি ডাউনলোড করে নিজেও মিলিয়ে দেখতে পারেন। [1]
নামক গ্রামে বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের গৃহে সুমতিনাম্নী ব্রাহ্মণকন্যার গর্ভে প্রাদুর্ভূত হইব।৪ আমি ভ্রাতৃ-চতুষ্টয়ের সহিত কলি ক্ষয় করিব। দেবগণ! তোমরা স্ব স্ব অংশে অবতীর্ণ হইয়া আমার সহিত বন্ধুতা করিবে।৫ এই আমার প্রিয়া কমলনয়না কমলা বৃহদ্রথ-নামক সিংহলেশ্বরের কৌমুদীনাম্নী মহিষীতে জন্মপরিগ্রহ করিবেন। ইনি পদ্মা নামে বিখ্যাত হইবেন। ৬ দেবগণ! তোমরা পৃথিবীতে গমন-পূর্ব্বক স্ব স্ব অংশে অবতীর্ণ হও। আমি পুনর্ব্বার মরু ও দেবাপি নামক রাজদ্বয় পৃথিবীর শাসনকর্তৃত্বে স্থাপন করিব।৭ আমি পুনর্ব্বার সত্যযুগের সৃষ্টি করিয়া পূর্বের ন্যায় সনাতন। ধর্ম সংস্থাপন পূর্ব্বক কলিরূপ সর্পকে নিরাকরণ করিয়া, বৈকুণ্ঠধামে আগমন করিব।৮
ব্রহ্মা এই বাক্য শ্রবণপূর্ব্বক দেবগণে পরিবৃত হইয়া ব্রহ্মলোকে গমন।
করিলেন পরে দেবগণও দেবলোকে উপস্থিত হইলেন। ৯ ব্রহ্মস্! ভগবান্ পরমাত্মা বিষ্ণু স্বীয মহিমা দ্বারা মনুষ্যরূপে অবতরণ বিষয়ে কৃতপ্রযত্ন হইয়া শন্তল গ্রামে প্রবেশ করিলেন। ১০ পরে বিষ্ণুযশা হইতে সুমতিতে বৈষ্ণব গর্ভ আহিত হইল। গ্রহ নক্ষত্র রাশি প্রভৃতি সকলেই ঐ গর্ভস্থ শিশুর পদারবিন্দ সেবা করিতে লাগিলেন।১১
জগৎপতি বিষ্ণু যে সময় জন্মপরিগ্রহ করিলেন, তখন সরিৎ সমুদ্র পৰ্ব্বত দেবগণ ঋষিগণ ও স্থাবর জঙ্গম সমুদায় লোক হর্ষযুক্ত হইলেন। ১২ সকল প্রাণীই নানাপ্রকার আনন্দ প্রকাশ করিতে লাগিল। পিতৃগণ আহ্লাদে নৃত্য করিতে আরম্ভ করিলেন, দেবগণ পরিতুষ্ট হৃদয়ে বিষ্ণুর যশোগান করিতে লাগিলেন। ১৩০ গন্ধর্ব্বগণ বাদ্য বাজাইতে প্রবৃত্ত হইলেন, অদরোগণ নৃত্য করিতে লাগিলেন।১৪ বৈশাখ মাসের
শুক্লপক্ষীয় দ্বাদশীতে ভগবান্ বিষ্ণু জন্মগ্রহণ করিলেন। পিতা মাতা তাহাকে দেখিয়া সাতিশয় হৃষ্টচিত্ত হইলেন।১৫
(বিষ্ণু কল্কিরূপে অবতীর্ণ হইলে) মহাষষ্ঠী তাঁহার ধাত্রী মাতা ও অম্বিকা নাভিচ্ছেত্রী হইলেন। সাবিত্রী আসিয়া গঙ্গোদক দ্বারা গাত্রমার্জনপূর্ব্বক তাঁহার ক্লেদ অপনয়ন করিতে লাগিলেন। ১৬ শ্রীকৃষ্ণের জন্মদিনে যেরূপ হইয়াছিল সেইরূপ সেই অনন্ত বিষ্ণুর কল্কি অবতারের দিন তাঁহার নিমিত্ত বসুধা জলরূপসুধা ধারণ করি-লেন। মাতৃকাগণ মাঙ্গল্য বাক্যে আশীর্ব্বাদ করিতে লাগিলেন। ১৭
ব্রহ্মা এই বিষয় অবগত হইয়া আশুগামী সেবক পবনকে কহিলেন, তুমি সূতিকাগারে গম করিয়া (আমার প্রার্থনানুসারে) বিষ্ণুর নিকট নিবেদন কর যে, ১৮ নাথ! আপনি বিবেচনা করিয়া দেখুন, জাপনকার এই চতুর্ভুজ মূর্তি দর্শন করা দেবগণের পক্ষেও দুর্লভ। অতএব আপনি এইরূপ ত্যাগ করিয়া মনুষ্যের ন্যায় রূপ ধারণ করুন।১৯ সুখকর সুরভি শীতল পবন ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া
তাঁহার অনুরোধক্রমে বেগে ধাবমান হইয়া (সূতিকাগারে প্রবেশ-পূর্ব্বক) কহিলেন।২০ পুণ্ডরীকাক্ষ হরি সেই বাক্য শ্রবণ করিয়া তৎক্ষণাৎ দ্বিভুজ হইলেন। তাঁহার পিতা মাতা তাহা অবলোকন করিয়া সাতিশয় বিস্ময় প্রকাশ করিতে লাগিলেন।২১ অনন্তর বিষ্ণুর মায়াক্রমে তাঁহারা (চতুর্ভুজমূর্ত্তি দর্শন) ভ্রান্তি বলিয়া মনে করিলেন। পরে শন্তল নগরে সকলজাতীয় প্রাণী উৎসব প্রকাশ করিতে লাগিল। সকলেই পাপ-তাপ-বিবর্জিত হইয়া সতত মঙ্গলাচরণে প্রবৃত্ত হইল?২২
সুমতি, জগৎপতি জয়শীল বিষ্ণুকে পুত্ররূপে লাভ করিয়া পূর্ণ-মনোরথা হইলেন এবং ব্রাহ্মণগণকে আহ্বানপূর্ব্বক একশত গো দান করিলেন। ২৩ ব্রাহ্মণ বিষ্ণুযশা হরির কল্যাণকামনায় শুদ্ধচিত্ত হইয়া ঋক্ যজু ও সামবেদী প্রধান প্রধান ব্রাহ্মণ দ্বারা নামকরণে প্রবৃত্ত
হইলেন।২৪ তৎকালে রাম রূপ ব্যাস ও অশ্বত্থামা, ইহারা ভিক্ষু শরীর ধারণপূর্ব্বক বাল্যপ্রাপ্ত ভগবান্ হরিকে দর্শন করিবার নিমিত্ত আগমন করিলেন।২৫ ব্রাহ্মণশ্রেষ্ঠ বিষ্ণুযশা সূর্য্যসন্নিভ চারি জন প্রধান ব্যক্তিকে আসিতে দেখিয়া পুলকিত হইয়া অভ্যর্থনা ও পুজা করিলেন। ২৬ নানা-রূপ-ধারণ-ক্ষম রাম কৃপ প্রভৃতি বিষ্ণুযশা কর্তৃক : পূজিত ও স্ব স্ব আসনে সুখাসীন হইয়া পিতার ক্রোড়স্থিত হরিকে দর্শন করিলেন।২৭ মুনিশ্রেষ্ঠ রাম প্রভৃতি, বালক নরাকার বিষ্ণুকে নমস্কার করিয়া পৃথিবীর পাপরূপ মল অপনোদনের নিমিত্ত আবির্ভূত কল্কি বলিয়া জানিতে পারিলেন ।২৮ তাঁহারা ঐ বালকের নাম-করণ-কালে ‘কল্কি’ এই বিখ্যাত নাম রাখিলেন এবং জাতকৰ্ম্মাদি সংস্কার সম্পাদনপূর্ব্বক প্রহৃষ্ট চিত্তে প্রতিগমন করিলেন। ২৯





উপরের বর্ণনা থেকে কয়েকটি বিষয় সরাসরি পরিষ্কার। কল্কি জন্মগ্রহণ করছেন বিষ্ণুযশা নামের এক ব্রাহ্মণের গৃহে, সুমতি নামের ব্রাহ্মণকন্যার গর্ভে। জন্মের সময় পিতা-মাতা উপস্থিত, জন্মকে ঘিরে দেবতা, ঋষি, ব্রাহ্মণ, অলৌকিক আনন্দোৎসব—সবই স্পষ্টভাবে হিন্দু পুরাণের অবতারকাহিনির কাঠামোর মধ্যে বর্ণিত। চারজন প্রধান ব্যক্তি এসে শিশুকে দেখছেন, পিতা বিষ্ণুযশ তাঁদের অভ্যর্থনা করছেন, এবং তারাই নামকরণের সময় শিশুর নাম “কল্কি” রাখছেন। এই বর্ণনার সঙ্গে আরবের সপ্তম শতকের মুহাম্মদের সীরাত-কাহিনির কোনো সরল, স্বাভাবিক বা ঐতিহাসিক মিল নেই। মিল দেখাতে হলে আগে মূল পাঠকে পাশ কাটাতে হয়, শব্দের অর্থ বদলাতে হয়, এবং যেসব তথ্য মেলে না সেগুলো চুপচাপ গিলে ফেলতে হয়।
মুহাম্মদ কি কল্কি অবতার?
জাকির নায়েকসহ বহু ইসলামী এপোলোজিস্ট হিন্দু ধর্মের কল্কি অবতারকে মুহাম্মদ হিসেবে চালানোর চেষ্টা করেছেন। পদ্ধতিটা নতুন নয়। এক ধর্মের প্রচারক অন্য ধর্মের গ্রন্থ থেকে নিজের বিশ্বাসের প্রমাণ বের করতে গিয়ে সাধারণত তিনটি কাজ করেন—শব্দের অর্থ নিজের সুবিধামতো বদলান, মিল না থাকা তথ্য বাদ দেন, আর দূর থেকে দেখতে সামান্য মিল আছে এমন কিছু শব্দ বা ঘটনা নিয়ে বড় দাবি বানান। কল্কি-মুহাম্মদ দাবিটিও ঠিক এই পদ্ধতিতেই দাঁড় করানো হয়েছে।
বিপরীত দিকেও একই ধরনের ধর্মীয় দখলদারির প্রবণতা দেখা যায়। কিছু হিন্দু প্রচারকও অন্য ধর্মের পূজনীয় ব্যক্তিত্বদের নিজেদের ধর্মীয় কাঠামোর ভেতরে ঢুকিয়ে দেখানোর চেষ্টা করেন; বেদবিরোধী গৌতম বুদ্ধকেও সেইভাবে অবতার বানানো হয়েছে। একই পদ্ধতিতে যিশুখ্রিস্ট থেকে মুহাম্মদ পর্যন্ত অনেককেই কখনও না কখনও অবতার হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এ ধরনের দাবি গবেষণা নয়; এটি পরিচিত ব্যক্তিত্বদের নিজের মতবাদের ভেতরে জোর করে ঢোকানোর প্রচারকৌশল। কল্কি-মুহাম্মদ দাবিটিও সেই একই কৌশলের আরেকটি নমুনা—শুধু এখানে জাকির নায়েক সেটিকে ইসলামী এপোলোজেটিক্সের কাজে ব্যবহার করেছেন।
বিষ্ণুযশ এবং আবদুল্লাহ
জাকির নায়েকের প্রথম বড় চালাকিটি শুরু হয় কল্কির পিতার নাম নিয়ে। কল্কি পুরাণে কল্কি অবতারের পিতার নাম “বিষ্ণুযশ”। জাকির নায়েক দাবি করেন, “বিষ্ণুযশ” শব্দের অর্থ নাকি “সৃষ্টিকর্তার দাস” বা “God’s servant”; আর যেহেতু আরবিতে “আবদুল্লাহ” অর্থ আল্লাহর দাস, তাই বিষ্ণুযশ নাকি আসলে আবদুল্লাহ। শুনতে চমকপ্রদ লাগে, কিন্তু সমস্যা হচ্ছে—এই পুরো দাবিটি দাঁড়িয়ে আছে একটি ভুল শব্দার্থের ওপর। শব্দের অর্থ বদলে দিয়ে মিল বানানো গবেষণা নয়; এটি সরাসরি ভাষাতাত্ত্বিক জোচ্চুরি।
“বিষ্ণুযশ” শব্দটির ভেতরে আছে “বিষ্ণু” এবং “যশ”। “বিষ্ণু” হিন্দু ধর্মতত্ত্বের নির্দিষ্ট দেবতা, আর “যশ” শব্দের অর্থ খ্যাতি, গৌরব, সুনাম বা মহিমা। বাংলা ভাষাতেও “যশ” শব্দটি বহুল প্রচলিত। আমরা “যশস্বী”, “যশোদা”, “যশ চোপড়া” ইত্যাদি নামেই এই অর্থ দেখতে পাই। তাই “বিষ্ণুযশ” শব্দের স্বাভাবিক অর্থ দাঁড়ায়—বিষ্ণুর গৌরব, বিষ্ণুর খ্যাতি, বা বিষ্ণুর মহিমা। এর সঙ্গে “সৃষ্টিকর্তার দাস” অর্থের কোনো সম্পর্ক নেই। “যশ” শব্দকে “দাস” বানানো মানে অভিধানকে ফেলে দিয়ে বক্তার সুবিধামতো শব্দ বানিয়ে নেওয়া।
| শব্দ | আসল অর্থ | জাকির নায়েকের বানানো মিল | সমস্যা |
|---|---|---|---|
| বিষ্ণুযশ | বিষ্ণুর গৌরব/খ্যাতি/মহিমা | সৃষ্টিকর্তার দাস | “যশ” শব্দের অর্থ দাস নয় |
| আবদুল্লাহ | আল্লাহর দাস | বিষ্ণুযশের সমার্থক | দুই শব্দের গঠন, ধর্মীয় প্রেক্ষাপট ও অর্থ আলাদা |
এখানে আরেকটি বড় সমস্যা আছে। “বিষ্ণু” কোনো বিমূর্ত “সৃষ্টিকর্তা” শব্দ নয়; এটি হিন্দু ধর্মতত্ত্বের নির্দিষ্ট দেবতার নাম। আর “আল্লাহ” ইসলামী একেশ্বরবাদের নির্দিষ্ট ঈশ্বরধারণা। এই দুই শব্দকে আগে নিজের সুবিধামতো সাধারণ “God” বানানো, তারপর “যশ” শব্দকে “দাস” বানানো, তারপর সেটিকে “আবদুল্লাহ”র সঙ্গে মিলিয়ে দেওয়া—এটি যুক্তি নয়, তিন ধাপের শব্দবিকৃতি। এই পদ্ধতিতে চাইলে পৃথিবীর যেকোনো নামের সঙ্গে যেকোনো নামের মিল বানানো যায়।
বাংলা অভিধানে যশ এর সংজ্ঞা
যশ ( yaśa ) (যশস্, যশঃ) বি. কীর্তি, খ্যাতি। (সং. √ অশ্ + অস্ য্ আগম)। ̃ .কীর্তন, যশঃ-কীর্তন বি. খ্যাতি বা গৌরব প্রচার। ̃ .স্কর, -স্য বিণ. যশস্বী বা কীর্তিমান করে এমন, খ্যাতিজনক। ̃ .স্কাম বিণ. খ্যাতি কামনা করে এমন। ̃ .স্বান, স্বী (-স্বিন্), যশো-ধন বিণ. কীর্তিমান, খ্যাতিসম্পন্ন। স্ত্রী. ̃ .স্বতী, স্বিনী। যশাকাঙ্ক্ষা বি. খ্যাতির আকাঙ্ক্ষা বা আশা। যশো-গাথা, যশো-গীতি, যশো-গান বি. কীর্তির বর্ণনাপূর্ণ সংগীত। যশোদ বিণ. কীর্তিদায়ক, যশস্কর। বি. পারদ। যশোদা বিণ. (স্ত্রী.) খ্যাতিদায়িনী। বি. শ্রীকৃষ্ণের পালিকা মাতা, নন্দের স্ত্রী। যশোদা-নন্দন বি. শ্রীকৃষ্ণ। যশো-ধন বিণ বিখ্যাত, যশস্বী। যশো-ভাক (-ভাজ্) বিণ. যশ বা খ্যাতির অংশীদার। যশো-ভাগ্য বি. যশোলাভের সৌভাগ্য। যশো-মতী বি. যশোদা। যশো-রাশি বি. বহু যশ। যশো-লিপ্সা বি. খ্যাতির লোভ। যশো-হানি বি. খ্যাতিনাশ, অখ্যাতি।
অভিধানের অর্থ সরাসরি চোখের সামনে রাখলেই জাকির নায়েকের দাবি ভেঙে পড়ে। “যশ” মানে কীর্তি বা খ্যাতি; দাস নয়। সুতরাং “বিষ্ণুযশ = আবদুল্লাহ” দাবি ভাষাতাত্ত্বিকভাবে ভুয়া। এখানে কোনো গভীর রহস্য নেই, কোনো অলৌকিক ভবিষ্যদ্বাণী নেই; আছে শুধু এক ধর্মের শব্দকে আরেক ধর্মের শব্দের সঙ্গে জোর করে মেলানোর দুর্বল প্রচেষ্টা।
সুমতি এবং আমিনা
জাকির নায়েকের দ্বিতীয় শব্দখেলা কল্কির মায়ের নাম নিয়ে। কল্কি পুরাণে কল্কি অবতারের মায়ের নাম “সুমতি”। জাকির নায়েক এই নামকে মুহাম্মদের মায়ের নাম “আমিনা”র সঙ্গে মেলাতে চান। তার কৌশল এখানেও একই—প্রথমে “সু” শব্দের অর্থ বদলে দেওয়া, তারপর “মতি” শব্দের অর্থ বদলে দেওয়া, এরপর বানানো অর্থকে আরবি নামের সঙ্গে মিলিয়ে দেওয়া। অর্থাৎ শব্দের স্বাভাবিক অর্থ বাদ, অভিধান বাদ, ভাষার ব্যবহার বাদ—শুধু বক্তার দরকারমতো অর্থ বানিয়ে নেওয়া।
“সুমতি” শব্দটি বাংলা ও সংস্কৃত উৎসের ভাষাগুলোতে অচেনা কোনো শব্দ নয়। “সু” অর্থ ভালো, শুভ, উৎকৃষ্ট বা সুন্দর; আর “মতি” অর্থ মন, বুদ্ধি, চিন্তা বা চিত্ত। তাই “সুমতি” শব্দের অর্থ দাঁড়ায় ভালো বুদ্ধি, শুভ মন, সৎ চিন্তা বা সুস্থ বিবেচনা। বাংলায় “সুমতি” ও “কুমতি” শব্দের ব্যবহারই বিষয়টি পরিষ্কার করে দেয়। “কুমতি” মানে খারাপ বুদ্ধি বা মন্দ চিন্তা; তার বিপরীত “সুমতি” মানে ভালো বুদ্ধি বা শুভ চিন্তা। এখানে “শান্ত আত্মা” বা “পবিত্র আত্মা” ঢোকানোর কোনো ভাষাগত সুযোগ নেই।
| শব্দ | শব্দাংশ | স্বাভাবিক অর্থ | জাকির নায়েকের বানানো অর্থ |
|---|---|---|---|
| সুমতি | সু + মতি | ভালো বুদ্ধি/শুভ মন/সৎ চিন্তা | শান্ত আত্মা বা পবিত্র আত্মা |
| আমিনা | আরবি নাম | নিরাপদ, বিশ্বস্ত, ভরসাযোগ্য | সুমতির সমার্থক হিসেবে দেখানো |
অন্যদিকে “আমিনা” একটি আরবি নাম, যার অর্থ নিরাপদ, বিশ্বস্ত, ভরসাযোগ্য বা নিরাপত্তাসংক্রান্ত অর্থের সঙ্গে যুক্ত। ইসলামী ঐতিহ্যে মুহাম্মদের উপাধি “আল-আমিন” অর্থেও বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য ধারণাটি আছে। কিন্তু “বিশ্বস্ত” বা “নিরাপদ” অর্থকে “সুমতি”র সঙ্গে মিলিয়ে ফেলা যায় না। “সুমতি” মন-বুদ্ধি-চিন্তার ধারণা বহন করে; “আমিনা” নিরাপত্তা ও বিশ্বস্ততার ধারণা বহন করে। দুই শব্দের ভাষা আলাদা, শব্দমূল আলাদা, অর্থক্ষেত্র আলাদা। তাই এখানে যে মিল দেখানো হচ্ছে, সেটি আসল মিল নয়; বরং শব্দের ওপর জোরপূর্বক চাপানো মিল।
এই ধরনের শব্দখেলার সমস্যা হলো, এটি সাধারণ শ্রোতার অজ্ঞতার ওপর দাঁড়িয়ে থাকে। মঞ্চে দাঁড়িয়ে কেউ যদি বলে “সু মানে শান্ত, মতি মানে আত্মা, তাই সুমতি মানে শান্ত আত্মা; আর আমিনা মানেও শান্ত আত্মা”—তাহলে যারা শব্দগুলোর স্বাভাবিক অর্থ জানেন না, তাদের কাছে দাবি চমকপ্রদ মনে হতে পারে। কিন্তু একবার “সু”, “মতি” এবং “আমিনা” শব্দের প্রকৃত অর্থ দেখা হলেই পুরো দাবিটি ধসে পড়ে। এটি গবেষণা নয়, ভাষার ওপর বক্তৃতামঞ্চের জুলুম।
কল্কির জন্মের সময় বিষ্ণুযশ
কল্কি পুরাণে কল্কির জন্মবর্ণনা খুব পরিষ্কার। সেখানে কল্কি জন্মগ্রহণ করছেন বিষ্ণুযশা নামের ব্রাহ্মণের গৃহে, সুমতি নামের মাতার গর্ভে, এবং জন্মের সময় পিতা-মাতা দুজনই উপস্থিত। শুধু উপস্থিতই নন, জন্মের পর তাঁরা শিশুকে দেখছেন, বিস্মিত হচ্ছেন, ব্রাহ্মণদের আহ্বান করছেন, নামকরণ ও জন্মসংস্কারের ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ কল্কির জন্মকাহিনিতে পিতা বিষ্ণুযশ কোনো অনুপস্থিত বা মৃত ব্যক্তি নন; তিনি সক্রিয়ভাবে ঘটনাস্থলে উপস্থিত চরিত্র। এই একটি তথ্যই “কল্কি = মুহাম্মদ” দাবিকে সরাসরি আঘাত করে, কারণ ইসলামী সীরাত-সাহিত্যের প্রচলিত বর্ণনায় মুহাম্মদের পিতা আবদুল্লাহ তাঁর জন্মের সময় জীবিত উপস্থিত পিতা হিসেবে নেই।
এখানে জাকির নায়েকদের চালাকি হচ্ছে—যে জায়গায় নামের দূরবর্তী মিল বানানো যায়, সেখানে তারা শব্দের অর্থ টেনে লম্বা করেন; কিন্তু যে জায়গায় মূল কাহিনি একেবারে আলাদা, সেখানে তারা চুপ করে যান। কল্কির ক্ষেত্রে জন্মের সময় পিতা-মাতা উপস্থিত, পিতা নিজে নামকরণ-অনুষ্ঠানের ব্যবস্থা করছেন, ব্রাহ্মণ ও ঋষিরা শিশুকে দেখতে আসছেন। মুহাম্মদের ক্ষেত্রে সীরাতের বিবরণে দেখা যায়, তাঁর জন্মের সংবাদ পাঠানো হচ্ছে দাদা আবদুল মুত্তালিবের কাছে, এবং তিনিই সূতিকাগারে এসে শিশুকে কোলে নেন। এই দুই বর্ণনা এক নয়; সামান্য পার্থক্যও নয়—এটি পুরো জন্ম-পরিস্থিতির মৌলিক অমিল।
আসুন সীরাত-গ্রন্থ থেকে বিষয়টি দেখা যাক। আমিনার সঙ্গে আবদুল্লাহর বিয়ের অল্প সময়ের মধ্যেই আবদুল্লাহর মৃত্যু হয়। বর্ণনায় সামান্য মতভেদ থাকলেও মূল চিত্র বদলায় না। অধিকাংশ ইতিহাসবিদের মতে, মুহাম্মদ তখনও জন্মগ্রহণ করেননি; অল্পসংখ্যক ঐতিহাসিকের মতে, তিনি পিতার মৃত্যুর দুই মাস পূর্বে জন্মেছিলেন। কিন্তু এই অল্পসংখ্যক মত ধরলেও জাকির নায়েকের দাবি রক্ষা পায় না, কারণ কল্কি পুরাণের বর্ণনায় পিতা শুধু জীবিত নন—জন্মঘটনার কেন্দ্রে উপস্থিত। আবদুল্লাহর ক্ষেত্রে সে দৃশ্য নেই। তাই “বিষ্ণুযশ = আবদুল্লাহ” নামের জোড়াতালি দিলেও জন্মবৃত্তান্তে এসে পুরো দাবিটি ধসে পড়ে। [2]
আব্দুল মুত্তালিব স্বীয় সন্তান আবদুল্লাহর বিবাহের জন্য আমিনাকে মনোনীত করেন। তিনি ছিলেন ওয়াহাব বিন আবদে মানাফ বিন যোহরা বিন কেলাবের কন্যা। বংশ পরস্পরা এবং মর্যাদার দিক দিয়ে তাঁকে কুরাইশ গোত্রের মধ্যে উন্নত মানের মহিলা ধরা হতো। তাঁর পিতা ছিলেন বিখ্যাত বনু যোহরা গোত্রের দলপতি। বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন কিন্তু অল্প দিন পরেই আব্দুল মুত্তালিব ব্যবসা উপলক্ষ্যে খেজুর আনয়নের উদ্দেশ্যে আবদুল্লাহকে মদীনা প্রেরণ করেন। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন।
কোন কোন চরিতবিদ বলেন যে, ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লাহ শামদেশে গমন করেছিলেন। এক কুরাইশ কাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন ও মদীনায় অবতরণ করেন। সেই অসুস্থতার মধ্যেই সেখানে তিনি মৃত্যুবরণ করেন। নাবেগা জা’দীর বাড়িতে তাঁর কাফন দাফনের ব্যবস্থা করা হয়। সেই সময় তাঁর বয়স হয়েছিল ২৫ বছর। অধিক সংখ্যক ইতিহাসবিদদের অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যুসময় জন্ম গ্রহণ করেন নি। আর অল্প সংখ্যক ঐতিহাসিকের অভিমত হচ্ছে, পিতার মৃত্যুর দু’মাস পূর্বেই নবী কারীম জন্ম গ্রহণ করেছিলেন।’ যখন তাঁর মৃত্যু সংবাদ মক্কায় পৌছিল তখন আমিনা অত্যন্ত মর্মস্পশী ভাষায় একটি
শোকগাঁথা আবৃত্তি করেছিলেন। শোক গাথাটি হচ্ছে-

উপরের উদ্ধৃতি থেকে বিষয়টি আর ঘুরিয়ে বলার সুযোগ নেই। সীরাতের মূল বর্ণনায় আবদুল্লাহ জন্মপরিস্থিতির সক্রিয় চরিত্র নন; কল্কি পুরাণে বিষ্ণুযশা জন্মপরিস্থিতির সক্রিয় চরিত্র। এই দুইকে এক বানাতে হলে শুধু নামের অর্থ বিকৃত করলেই হয় না; পুরো জন্মকাহিনিটাকেও উল্টে ফেলতে হয়। এরপরও কেউ যদি বলে “এখানে মিল আছে”, তাহলে সেটি গবেষণা নয়, সরাসরি পূর্বনির্ধারিত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া।
জন্মের পর মুহাম্মদের ক্ষেত্রে যে ব্যক্তিকে সামনে দেখা যায়, তিনি পিতা আবদুল্লাহ নন; তিনি দাদা আবদুল মুত্তালিব। আমিনা সন্তানের জন্মসংবাদ তাঁর কাছে পাঠান, তিনি সূতিকাগারে প্রবেশ করেন, শিশুকে কোলে নেন এবং কাবাগৃহে নিয়ে যান। অর্থাৎ ইসলামী বর্ণনার ভেতরেই পিতার জায়গায় দাদার উপস্থিতি আছে। কল্কি পুরাণে কিন্তু দাদা নয়, পিতা বিষ্ণুযশা নিজেই উপস্থিত। এই অমিল কোনো ছোটখাটো পার্শ্বতথ্য নয়; এটি জন্মবৃত্তান্তের কেন্দ্রীয় তথ্য। [3]
সৌভাগ্যময় জন্মঃ রাসূলুল্লাহ মক্কায় বিখ্যাত বনু হাশেম বংশে ৯ই রবিউল আওয়াল (ফীলের বছর) সোমবার দিবস রজনীর মহাসন্ধিক্ষণে সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেন। ইংরেজী পঞ্জিকা মতে তারিখাটি ছিল ৫৭১ খ্রীষ্টাব্দে ২০শে অথবা ২২শে এপ্রিল। এ বছরটি ছিল বাদশাহ নওশেরওয়ার সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার চলিশতম বছর। বিশিষ্ট্য শিক্ষাবিদ মুহাম্মদ সোলায়মান সালমান সাহেব (রহঃ) এবং মাহমুদ পাশা ফাল্কীর অনুসন্ধানলব্ধ সঠিক অভিমত হচ্ছে এটাই।’
ইবনে সা’দ হতে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ-এর মা বলেছেন যখন তাঁর জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল যাতে শামদেশের অট্টালিকাসমূহ আলোকিত হয়েছিল। ইমাম আহমদ (রঃ) ইরবায বিন সারিয়া কর্তৃক অনরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন। নবী-এর জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুওয়াতের পূর্বাভাস স্বরূপ প্রকাশিত হয়। কেসরাপ্রাসাদের সৌধচূড়াগুলো ভেঙ্গে পড়ে, প্রাচীবন পারসীক যাজকমণ্ডলীর উপাসনাগার গুলোতে যুগ যুগ ধরে প্রজ্জ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায়, বাহীরা পাদ্রীগণের সরগম গীর্জাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে এবং তাঁদের সুখ-সাচ্ছন্দ বিনষ্ট হয়ে যায়, কাবা গৃহের ৩৬০টি মূর্তি ভুলুণ্ঠিত হয়ে পড়ে। এ বর্ণনা হচ্ছে ইমাম বায়হাকীর। কিন্তু মুহাম্মদ গাযালী এ সকল বর্ণনাকে সঠিক বলে স্বীকার করেন নি।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরই বিবি আমিনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্ম গ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন। এ শুভ সংবাদ শ্রবণ মাত্রই তিনি আনন্দ উদ্বেল চিত্তে সূতিকাগারে প্রবেশ করে নবজাতককে কোলে তুলে নিয়ে কাবগৃহে গিয়ে উপস্থিত হন। তারপর অপূর্ব সুষমামণ্ডিত এ শিশুর মুখমণ্ডলে আনন্দাশ্রু সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকেন।

| বিষয় | কল্কি পুরাণে কল্কি | সীরাত-সাহিত্যে মুহাম্মদ | ফলাফল |
|---|---|---|---|
| জন্মের সময় পিতা | পিতা বিষ্ণুযশা উপস্থিত | পিতা আবদুল্লাহ জন্মঘটনার সক্রিয় চরিত্র নন | মৌলিক অমিল |
| জন্মের পর শিশুকে গ্রহণ | পিতা-মাতা ও ব্রাহ্মণদের উপস্থিতি | মা আমিনা দাদা আবদুল মুত্তালিবকে সংবাদ পাঠান | কাহিনির কাঠামো আলাদা |
| ধর্মীয় পরিবেশ | ব্রাহ্মণ, দেবতা, ঋষি, বিষ্ণুর অবতারকাহিনি | আরবের বনু হাশেম, কাবা, আল্লাহর দরবারে শুকরিয়া | ধর্মীয় প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা |
সুতরাং জন্মপরিস্থিতির পরীক্ষাতেই জাকির নায়েকের দাবি ভেঙে যায়। নামের বানানো অর্থ দিয়ে সাময়িক ধোঁকা দেওয়া যায়, কিন্তু কাহিনির কাঠামো পাল্টানো যায় না। কল্কির জন্ম হিন্দু পুরাণের বিষ্ণু-অবতার জন্ম; মুহাম্মদের জন্ম আরবের সীরাত-ঐতিহ্যের নবীজন্ম। একটিকে আরেকটি বানানো মানে উৎসগ্রন্থের বিরুদ্ধে গিয়ে বক্তৃতামঞ্চের কল্পনা চাপিয়ে দেওয়া।
নামকরণ কে করেছিল?
নামকরণের ঘটনাতেও দুই কাহিনির মধ্যে কোনো মিল নেই। কল্কি পুরাণে বলা হয়েছে, রাম, কৃপ, ব্যাস ও অশ্বত্থামা—এই চারজন প্রধান ব্যক্তি শিশুকে দেখতে আসেন। পিতা বিষ্ণুযশা তাঁদের অভ্যর্থনা করেন, তাঁরা শিশুকে কল্কি বলে চিনতে পারেন, এবং নামকরণের সময়ে তাঁরাই “কল্কি” নামটি রাখেন। এখানে নামকরণ হচ্ছে ঋষি/মুনি-সংশ্লিষ্ট এক হিন্দু পুরাণিক পরিবেশে, পিতার উপস্থিতিতে, জন্মসংস্কারের অংশ হিসেবে।
অথচ মুহাম্মদের ক্ষেত্রে সীরাতের বর্ণনা সম্পূর্ণ ভিন্ন। তাঁর নাম রাখেন দাদা আবদুল মুত্তালিব। পিতা আবদুল্লাহ সেখানে নামকরণকারী নন, কোনো চারজন প্রধান ঋষি বা পুরাণিক ব্যক্তিত্বও নেই। জন্মের সংবাদ পেয়ে দাদা এসে শিশুকে কোলে নেন, কাবায় নিয়ে যান এবং তাঁর নাম রাখেন মুহাম্মদ। এই তথ্য যদি সরাসরি সামনে রাখা হয়, তাহলে “কল্কি = মুহাম্মদ” দাবির আরেকটি স্তম্ভ পড়ে যায়। [3]
| বিষয় | কল্কি | মুহাম্মদ |
|---|---|---|
| নাম রাখেন কে? | রাম, কৃপ, ব্যাস ও অশ্বত্থামা প্রভৃতি চারজন প্রধান ব্যক্তি | দাদা আবদুল মুত্তালিব |
| পিতার ভূমিকা | পিতা বিষ্ণুযশা উপস্থিত ও অতিথিদের অভ্যর্থনাকারী | পিতা আবদুল্লাহ নামকরণে উপস্থিত নন |
| ধর্মীয় প্রেক্ষাপট | হিন্দু পুরাণিক জন্মসংস্কার | আরবের কুরাইশি/কাবাকেন্দ্রিক সীরাত বর্ণনা |
এই অমিলকে ছোট করে দেখানোর সুযোগ নেই। নামকরণ কোনো পার্শ্বঘটনা নয়; পরিচয়ের কেন্দ্রীয় অংশ। কল্কির নামকরণ যদি চার পুরাণিক ব্যক্তিত্ব করেন, আর মুহাম্মদের নামকরণ যদি তাঁর দাদা করেন, তাহলে দুই কাহিনি এক নয়। এখানে জাকির নায়েকরা যা করেন তা হলো—নামের অর্থ নিয়ে নাটক করেন, কিন্তু নামকরণের ঘটনাটি চেপে যান। কারণ ঘটনাটি সামনে আনলেই বোঝা যায়, দাবি বানাতে গিয়ে তারা শুধু শব্দ নয়, পুরো বর্ণনাকেই কেটে-ছেঁটে ব্যবহার করছেন।
সুতরাং পিতা, জন্মপরিস্থিতি এবং নামকরণ—এই তিনটি প্রাথমিক তথ্যেই কল্কি-মুহাম্মদ মিলের দাবি ধসে পড়ে। কোনো ঐতিহাসিক বা ধর্মতাত্ত্বিক দাবি যাচাই করতে গেলে আগে মৌলিক তথ্য মেলাতে হয়। এখানে মৌলিক তথ্যই মেলে না। তাই বাকি মিলের গল্পগুলো আসলে মূল অমিল ঢাকার জন্য বানানো বক্তৃতামঞ্চের ধোঁয়া।
কল্কি ছিলেন চতুর্থ সন্তান
কল্কি পুরাণে কল্কির পারিবারিক পরিচয়ও স্পষ্টভাবে দেওয়া আছে। সেখানে কল্কি একমাত্র সন্তান নন; তাঁর আগে তাঁর মায়ের আরও তিনজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তাঁদের নাম কবি, প্রাজ্ঞ ও সুমন্ত্র। অর্থাৎ কল্কি হচ্ছেন চতুর্থ সন্তান। এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ, কারণ জাকির নায়েকরা সাধারণত নামের বানানো অর্থ নিয়ে বড় বড় দাবি করেন, কিন্তু পারিবারিক কাঠামোর মতো সরাসরি তথ্যগুলো এড়িয়ে যান। অথচ কোনো ব্যক্তিকে আরেক ব্যক্তির সঙ্গে মেলাতে গেলে পিতা-মাতা, জন্মপরিস্থিতি, ভাইবোন—এসব মৌলিক তথ্যই আগে মিলতে হয়।
মুহাম্মদের ক্ষেত্রে ইসলামী সীরাত-ঐতিহ্যে এমন কোনো চিত্র নেই। আবদুল্লাহ ও আমিনার ঘরে মুহাম্মদের আগে তিনজন জ্যেষ্ঠ ভাই জন্মগ্রহণ করেছিলেন—এমন কোনো স্বীকৃত সীরাত-বর্ণনা নেই। বরং আগের অংশেই দেখা গেছে, আবদুল্লাহ আমিনাকে বিয়ের অল্প সময়ের মধ্যেই সফরে গিয়ে মারা যান। ফলে একই পিতা-মাতার ঘরে মুহাম্মদের আগে তিনজন জ্যেষ্ঠ ভাই জন্মানোর প্রশ্নই আসে না। এখানে অমিলটি ছোট নয়; এটি পারিবারিক পরিচয়ের কেন্দ্রীয় অমিল। কল্কি পুরাণের কল্কি এক পারিবারিক ধারাবাহিকতায় চতুর্থ সন্তান; মুহাম্মদের সীরাত-কাহিনিতে সেই কাঠামো নেই।
এখন সরাসরি কল্কি পুরাণের বর্ণনাটি দেখা যাক। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, কল্কির পূর্বে তাঁর তিন জ্যেষ্ঠ ভ্রাতা জন্মগ্রহণ করেছিলেন—কবি, প্রাজ্ঞ ও সুমন্ত্র। [4]
অনন্তর শুক্লপক্ষে যেমন চন্দ্রের বৃদ্ধি হয়, তাহার ন্যায়, কৃষ্ণ, সুমতি কর্তৃক পরিপালিত হইয়। অল্প কালের মধ্যে বৃদ্ধি প্রাপ্ত হইতে লাগিলেন। ৩০ কস্তির পূর্ব্বে তাঁহার জ্যেষ্ঠ তিন ভ্রাতা জন্মপরিগ্রহ। করেন। তাঁহাদের নাম কবি, প্রাজ্ঞ ও সুমন্ত্র। ইহারা গুরু ও পিতামাতার প্রিয়কারী ছিলেন। গুরু ও ব্রাহ্মণগণ সকলেই ইহাদের প্রশংসা করিতেন। ৩১ গার্ঘ্য ভ্য বিশাল প্রভৃতি ধর্মতৎপর সাধুগণ অগ্রে তাঁহারই গোত্রে জন্মপরিগ্রহ করেন। ইঁহারা সকলেই কল্কির অংশ ও কল্কির অনুগত। ৩২ ইঁহারা বিশাখযুপ নামক ভূপাল কর্তৃক প্রতিপালিত। এই সকল ব্রাহ্মণ কল্কিকে দেখিয়া সন্তাপরহিত ও পরম-প্রীতি-যুক্ত হইলেন। ৩৩
অনন্তর বিষ্ণুযশা, ধীর সর্ব্বগুণাকর কমললোচন কুমার কল্কিকে বিদ্যাশিক্ষার উপযুক্ত দেখিয়া কহিলেন। ৩৪ বৎস! এক্ষণে তোমার

| বিষয় | কল্কি পুরাণে কল্কি | সীরাত-সাহিত্যে মুহাম্মদ | ফলাফল |
|---|---|---|---|
| সন্তান হিসেবে অবস্থান | চতুর্থ সন্তান | আবদুল্লাহ ও আমিনার একমাত্র সন্তান হিসেবে বর্ণিত | মৌলিক অমিল |
| জ্যেষ্ঠ ভাই | তিনজন: কবি, প্রাজ্ঞ ও সুমন্ত্র | তিন জ্যেষ্ঠ ভাইয়ের কোনো স্বীকৃত সীরাত-বর্ণনা নেই | পারিবারিক কাঠামো ভিন্ন |
| পিতার ভূমিকা | পিতা বিষ্ণুযশা সন্তানদের জীবনে সক্রিয় | পিতা আবদুল্লাহ জন্ম-পরবর্তী জীবনে উপস্থিত নন | কাহিনির ধারাই আলাদা |
এই তথ্য সামনে রাখলে কল্কি-মুহাম্মদ মিলের দাবি আর টেকে না। কেউ যদি শুধু “বিষ্ণুযশ” শব্দকে “আবদুল্লাহ” বানিয়ে থামত, তাহলে সেটিও ভুল ছিল; কিন্তু তার পরেও যদি কল্কির তিন জ্যেষ্ঠ ভাইয়ের তথ্য সামনে আসে, তখন দাবিটি আরও হাস্যকর হয়ে যায়। কারণ তখন শুধু শব্দের অর্থ নয়, পুরো পারিবারিক ইতিহাস বদলাতে হয়। কল্কির আগে তিন ভাই আছে; মুহাম্মদের আগে একই পিতা-মাতার তিন জ্যেষ্ঠ ভাই নেই। এত স্পষ্ট অমিলের পরও দুইজনকে এক বলা মানে উৎসগ্রন্থ পড়া নয়, উৎসগ্রন্থকে নিজের প্রচারের দাস বানানো।
এখানে এপোলোজিস্টদের পদ্ধতিটা চোখে পড়ার মতো। যে শব্দে সামান্য সুযোগ পাওয়া যায়, সেখানে তারা অভিধান উল্টে ফেলেন; কিন্তু যে তথ্য সরাসরি মেলে না, সেটি অদৃশ্য করে দেন। কল্কির তিন ভাইয়ের তথ্য সেই অস্বস্তিকর তথ্যগুলোর একটি। এটি সামনে থাকলে “কল্কি = মুহাম্মদ” দাবি শ্রোতার সামনে দাঁড়ায় না। তাই প্রচারকরা সাধারণত এই অংশগুলো এড়িয়ে গিয়ে শুধু বানানো শব্দার্থের নাটক দেখান।
বিবাহ ও স্ত্রীদের সংখ্যা
কল্কি পুরাণের সঙ্গে মুহাম্মদের সীরাত মিলিয়ে দেখার আরেকটি বড় জায়গা হলো বিবাহ ও স্ত্রীদের সংখ্যা। কল্কি পুরাণে কল্কির বিবাহের প্রসঙ্গে প্রধানভাবে পদ্মার কথা বলা হয়েছে। অন্যত্র রমার কথাও আসে। অর্থাৎ কল্কির বিবাহ-পরিচয় হিন্দু পুরাণের নিজস্ব পৌরাণিক কাঠামোর মধ্যে দাঁড়ানো—সিংহলদ্বীপ, রাজকন্যা, দেবদত্ত রথ, পদ্মা-রমা প্রভৃতি চরিত্র নিয়ে। এটি কোনো আরবীয় গোত্রীয় নবীজীবনের বিবাহ-ইতিহাস নয়।
অন্যদিকে মুহাম্মদের বিবাহ-ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। ইসলামী ঐতিহ্য অনুসারে মুহাম্মদ বহু বিবাহ করেছেন, একাধিক স্ত্রী ছিলেন, দাসী মারিয়া আল-কিবতিয়াও তাঁর সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বিবাহগুলো আরবের গোত্র, যুদ্ধ, রাজনৈতিক সম্পর্ক, বিধবা নারী, বন্দিনী নারী এবং ইসলামী সমাজগঠনের প্রেক্ষাপটে বর্ণিত। এর সঙ্গে কল্কি পুরাণের পদ্মা-রমা কেন্দ্রিক পৌরাণিক বিবাহকাহিনির কোনো স্বাভাবিক মিল নেই। এখানেও জাকির নায়েকের দাবি ভেঙে পড়ে, কারণ ব্যক্তির পরিচয় শুধু নামের বানানো অর্থে দাঁড়ায় না; জীবনের ঘটনাগুলোও মিলতে হয়।
কল্কি পুরাণে প্রথমে পদ্মার প্রসঙ্গটি দেখা যাক। সেখানে সিংহলদ্বীপে প্রিয়া পদ্মাকে লাভ করার কথা বলা হয়েছে। পরে আরেক স্থানে পদ্মা ও রমার সঙ্গে কল্কির অবস্থানের বর্ণনা আছে। [5] [6]
मत्तो विद्यां शिवाद् अस्त्रं लब्ध्वा वेद-मयं शुकम्।
सिंहले च प्रियां पद्मां धर्मान् संस्थापयिष्यसि।। ১:۳:۹ ततो दिग्-विजये भूपान् धर्म-हीनान् कलि-प्रियान्।
निगृह्य बौद्धान् देवापिं मरुञ् च स्थापयिष्यसि।। ۱:۳:۱۰ श्रुत्वेति वचनं कल्किः शुकेन सहितो मुदा।
जगाम त्वरितो ऽश्वेन शिव-दत्तेन तन्मनाः।। ۲:۱:۳۹ समुद्र-पारम् अमलं सिंहलं जलसंकुलम्। («=सिंहलद्वीप»)
नाना-विमान-बहुलं भास्वरं मणि-काञ्चनैः।। ۲:۱:۴۰ प्रासादसदनाग्रेषु पताका-तोरणाकुलम्।
श्रेणी-सभा-पणाट्ताल-पुर-गोपुर-मण्दितम्।। ۲:۱:۴۱
অস্ত্র ও বেদময় শুককে লাভ করিয়া সিংহলদ্বীপে বিষ্ণুপ্রিয়া পদ্মার পাণিগ্রহণপূর্ব্বক সনাতন ধর্ম্ম সংস্থাপন করিবে। ৯ তুমি দিগ্বিজয়ে বহির্গত হইয়া ধৰ্ম্ম-বিবর্জিত কলিপ্রিয় ভূপালগণকে পরাজয়পূর্ব্বক বৌদ্ধধর্মাবলম্বীদিগকে সংহার করিয়া দেবাপি ও মরু নামক ধাম্মিক-দ্বয়কে রাজ্যে প্রতিষ্ঠিত করিবে।১০ আমি এই সকল সৎকর্মেই পরিতুষ্ট হইব এবং ইহাতেই আমার সম্পূর্ণ দক্ষিণা প্রদত্ত হইবে, কারণ (সনাতন ধৰ্ম্ম সংস্থাপিত হইলে) আমরা যথোপযুক্ত যজ্ঞ, দান ও ! তপস্যা প্রভৃতি পুণ্য কর্ম্মের অনুষ্ঠান করিতে পারি।১১
। কল্কি এই কথা শুনিয়া গুরুকে নমস্কারপূর্ব্বক বিশ্বোদকেশ্বর, দেব-দেব শঙ্করের নিকট গমন করিয়া তাঁহার স্তব করিতে লাগিলেন। ১২ তিনি শান্তিগুণাবলম্বী আশুতোষ মহেশ্বর শিবকে যথাবিধানে পূজা করিয়া সাষ্টাঙ্গে প্রণিপাতপূর্ব্বক হৃদয়মধ্যে ধ্যান করিতে লাগিলেন। ১৩
পুরস্ত্রীবর্গের লোচনানন্দদায়ক জগৎপতি কলকি, এই শম্ভল-গ্রামে পদ্মা ও রমার সহিত যথাভিলষিত ক্রীড়া করিতে লাগিলেন। ৬ তিনি দেবরাজ প্রদত্ত কামগামী রথ দ্বারা পরমপ্রীতহৃদয়ে নদী পর্ব্বত কুজ ও দ্বীপ সমুদারে প্রবিষ্ট হইয়া রমা পদ্মা প্রভৃতি কামিনীগণের সহিত বিহার করিতে লাগিলেন। সেই কামলম্পটস্ত্রৈণ রমাপতির দিবারাত্রি বোধ থাকিল না।৮


অপরদিকে মুহাম্মদের বিবাহ-ইতিহাসের প্রচলিত তালিকায় বহু স্ত্রী এবং দাসীর নাম পাওয়া যায়। এই তালিকা নিজেই দেখিয়ে দেয়, কল্কির পৌরাণিক পদ্মা-রমা কাহিনি আর মুহাম্মদের আরবীয় সীরাত-ইতিহাস এক জিনিস নয়। দুইয়ের মধ্যে জোর করে মিল বানাতে হলে কাহিনি, চরিত্র, সংখ্যা, সামাজিক প্রেক্ষাপট—সবকিছুই বদলে ফেলতে হয়।
- খাদিজা বিনতে খুওয়াইলিদ (৫৯৫-৬১৯)
- সাওদা বিনতে জামআ (৬১৯-৬৩২)
- আয়িশা (৬১৯-৬৩২)
- হাফসা বিনতে উমর (৬২৪-৬৩২)
- জয়নব বিনতে খুযায়মা (৬২৫-৬২৭)
- উম্মে সালামা হিন্দ বিনতু আবি উমাইয়া (৬২৯-৬৩২)
- জয়নব বিনতে জাহশ (৬২৭-৬৩২)
- জুওয়াইরিয়া বিনতে আল-হারিস (৬২৮-৬৩২)
- রামালাহ বিনতে আবি সুফিয়ান (৬২৮-৬৩২)
- রায়হানা বিনতে জায়েদ (৬২৯-৬৩১)
- সাফিয়া বিনতে হুওয়াই (৬২৯-৬৩২)
- মায়মুনা বিনতে আল-হারিস (৬৩০-৬৩২)
- দাসী মারিয়া আল-কিবতিয়া (৬৩০-৬৩২)
| বিষয় | কল্কি পুরাণে কল্কি | ইসলামী ঐতিহ্যে মুহাম্মদ | ফলাফল |
|---|---|---|---|
| বিবাহের চরিত্র | পদ্মা ও রমা কেন্দ্রিক পৌরাণিক বর্ণনা | বহু স্ত্রী ও দাসীসহ আরবীয় সীরাত-ইতিহাস | কাঠামোগত অমিল |
| সামাজিক প্রেক্ষাপট | সিংহল, রাজকন্যা, দেবদত্ত রথ, পুরাণিক কাহিনি | মক্কা-মদিনা, কুরাইশ, গোত্র, যুদ্ধ ও ইসলামী সমাজ | প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা |
| দাবির অবস্থা | হিন্দু অবতারকাহিনি | ইসলামী নবীজীবন | একটিকে আরেকটি বানানো যায় না |
এখানে বিষয়টি একেবারে পরিষ্কার। কল্কির বিবাহ-প্রসঙ্গ পুরাণের ভেতরে দাঁড়িয়ে আছে; মুহাম্মদের বিবাহ-প্রসঙ্গ সীরাত ও হাদিস-ঐতিহ্যের ভেতরে দাঁড়িয়ে আছে। দুই কাহিনির ভাষা আলাদা, ভূগোল আলাদা, চরিত্র আলাদা, সামাজিক প্রেক্ষাপট আলাদা, সংখ্যাগত কাঠামোও আলাদা। এই অমিলকে উপেক্ষা করে শুধু কোনো শব্দের দূরবর্তী মিল দেখানো মানে পাঠককে বিভ্রান্ত করা।
তাই বিবাহ ও স্ত্রীদের সংখ্যার আলোচনাতেও “কল্কি = মুহাম্মদ” দাবি দাঁড়ায় না। বরং যত বেশি তথ্য সামনে আসে, দাবিটি তত বেশি দুর্বল হয়। শুরুতে নামের অর্থ বিকৃত করা হয়েছিল; পরে জন্মপরিস্থিতিতে দাবি ভেঙেছে; নামকরণে ভেঙেছে; ভাইদের প্রসঙ্গে ভেঙেছে; এখন বিবাহ-ইতিহাসেও ভেঙে গেল। অর্থাৎ এটি আংশিক ভুল নয়—পুরো দাবিটিই ভুল ভিত্তির ওপর দাঁড়ানো।
মৌলিক অমিলগুলোর সারসংক্ষেপ
এতক্ষণে দেখা গেল, “মুহাম্মদই কল্কি অবতার” দাবিটি কোনো এক-দুইটি দুর্বল মিলের ওপর দাঁড়িয়ে নেই; বরং একের পর এক শব্দবিকৃতি, তথ্যবাছাই এবং উৎসগ্রন্থ উপেক্ষার ওপর দাঁড়িয়ে আছে। জাকির নায়েকরা সাধারণত কিছু শব্দের বানানো অর্থ দেখিয়ে শ্রোতাকে চমকে দেন, কিন্তু মূল গ্রন্থগুলো পাশাপাশি রাখলেই দেখা যায়—নাম, পিতা-মাতা, জন্মপরিস্থিতি, ভাইবোন, নামকরণ, বিবাহ, ধর্মীয় পরিচয়—কোনো কেন্দ্রীয় ক্ষেত্রেই দুই বর্ণনা এক নয়। তাই এই দাবিকে “বিতর্কিত” বলারও দরকার নেই; এটি সরাসরি ভুল দাবি।
| বিষয় | কল্কি পুরাণের বর্ণনা | ইসলামী সীরাতের বর্ণনা | সমস্যা |
|---|---|---|---|
| ধর্মীয় পরিচয় | কল্কি বিষ্ণুর অবতার | মুহাম্মদ আল্লাহর নবী | অবতার বনাম নবী—ধারণাগত অমিল |
| পিতার নাম | বিষ্ণুযশা | আবদুল্লাহ | “যশ” মানে দাস নয়; অর্থবিকৃতি |
| মাতার নাম | সুমতি | আমিনা | শব্দমূল ও অর্থ আলাদা |
| জন্মের সময় পিতা | পিতা উপস্থিত ও সক্রিয় | পিতা জন্মঘটনার সক্রিয় চরিত্র নন | জন্মবৃত্তান্ত ভিন্ন |
| নামকরণ | পুরাণিক চার প্রধান ব্যক্তি নাম রাখেন | দাদা আবদুল মুত্তালিব নাম রাখেন | নামকরণের কাঠামো আলাদা |
| ভাইবোন | কল্কির আগে তিন জ্যেষ্ঠ ভাই | মুহাম্মদের আগে একই পিতা-মাতার তিন ভাই নেই | পারিবারিক পরিচয় ভিন্ন |
| বিবাহ | পদ্মা-রমা কেন্দ্রিক পুরাণিক বর্ণনা | বহু স্ত্রী ও দাসীসহ আরবীয় সীরাত-ইতিহাস | জীবনকাহিনি সম্পূর্ণ আলাদা |
এই টেবিলের প্রতিটি সারিই জাকির নায়েকের দাবির বিরুদ্ধে সরাসরি আঘাত। এখানে কোনো সূক্ষ্ম ব্যাখ্যা, তাত্ত্বিক বিতর্ক বা গভীর রহস্য নেই। যে দাবি দাঁড় করাতে হলে “যশ” শব্দকে “দাস”, “সুমতি” শব্দকে “পবিত্র আত্মা”, বিষ্ণুকে সাধারণ “God”, কল্কির জীবিত পিতাকে মুহাম্মদের মৃত বা অনুপস্থিত পিতার সমতুল্য, চার পুরাণিক নামদাতাকে আবদুল মুত্তালিবের সমতুল্য, এবং পদ্মা-রমার কাহিনিকে মুহাম্মদের বহু বিবাহের সঙ্গে এক করতে হয়—সেই দাবি গবেষণা নয়; সেটি সরাসরি ধর্মীয় জালিয়াতি।
এই ধরনের দাবির সবচেয়ে বিপজ্জনক দিক হলো, এটি সাধারণ মানুষের উৎসগ্রন্থ না-পড়ার অভ্যাসকে কাজে লাগায়। বক্তা আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, কিছু সংস্কৃত শব্দের বানানো অর্থ দিলেন, কয়েকটি আরবি নামের সঙ্গে মিল দেখালেন—শ্রোতা ভেবে নিলেন, নিশ্চয়ই কোনো গভীর গবেষণা আছে। অথচ বই খুলে দেখলেই বোঝা যায়, মিল নয়; বরং অমিলই মূল সত্য। তাই এই দাবি খণ্ডন করতে জটিল দর্শন বা ধর্মতত্ত্ব লাগে না; লাগে শুধু মূল উৎস পড়ার সততা।
উপসংহার
কল্কি পুরাণের বর্ণনা এবং ইসলামী সীরাত-সাহিত্য পাশাপাশি রাখলেই পরিষ্কার দেখা যায়—কল্কি অবতার এবং মুহাম্মদের মধ্যে কোনো বাস্তব, ধারাবাহিক বা মৌলিক মিল নেই। কল্কি হিন্দু পুরাণে বিষ্ণুর অবতার; মুহাম্মদ ইসলামে আল্লাহর নবী। কল্কির পিতা-মাতা, জন্মপরিস্থিতি, জ্যেষ্ঠ ভাই, নামকরণ, বিবাহ ও ধর্মীয় পরিমণ্ডল এক ধরনের পুরাণিক হিন্দু কাঠামোর অংশ। মুহাম্মদের জীবনকথা আরবের কুরাইশি সমাজ, মক্কা-মদিনা, নবুয়ত, গোত্র, যুদ্ধ, বিবাহ এবং ইসলামী সম্প্রসারণের ঐতিহাসিক-সীরাত কাঠামোর অংশ। দুই কাহিনিকে এক বানাতে গেলে মূল উৎসকে সম্মান করা যায় না; বরং উৎসকে কেটে-ছেঁটে প্রচারের কাঁচামাল বানাতে হয়।
“কল্কি অবতার = মুহাম্মদ” দাবি তাই কোনো শক্তিশালী আন্তঃধর্মীয় প্রমাণ নয়; এটি শব্দের অর্থ বদলে, আংশিক তথ্য টেনে, অমিলগুলো গোপন করে বানানো একধরনের এপোলোজেটিক প্রচার। একইভাবে, যে হিন্দু প্রচারকরা যিশু, বুদ্ধ, মুহাম্মদ বা অন্য ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিজেদের ধর্মীয় কাঠামোর মধ্যে জোর করে ঢোকাতে চান, তারাও একই ধরনের অসৎ পদ্ধতি ব্যবহার করেন। নিজের ধর্মকে সত্য প্রমাণ করার জন্য অন্য ধর্মের গ্রন্থকে আগে সত্য ধরে নেওয়া, তারপর সেই গ্রন্থের ভাষা বিকৃত করা—এটি যুক্তি নয়; এটি আত্মবিরোধী প্রচারণা।
জাকির নায়েকদের এই ধরনের দাবি বিশেষভাবে ক্ষতিকর, কারণ এগুলো সাধারণ শ্রোতার অজ্ঞতা ও আবেগকে কাজে লাগায়। মানুষ যখন সংস্কৃত জানে না, কল্কি পুরাণ পড়ে না, সীরাতও যাচাই করে না—তখন বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে যে কেউ “অলৌকিক ভবিষ্যদ্বাণী”র গল্প বানাতে পারে। কিন্তু বই খুলে দেখলেই নাটক শেষ। “বিষ্ণুযশ” আবদুল্লাহ নয়, “সুমতি” আমিনা নয়, কল্কির জন্ম মুহাম্মদের জন্ম নয়, কল্কির পরিবার মুহাম্মদের পরিবার নয়, কল্কির বিবাহ মুহাম্মদের বিবাহ নয়। দাবিটি শুরু থেকে শেষ পর্যন্ত জোড়াতালি।
তাই এই প্রবন্ধের সিদ্ধান্ত সরাসরি: মুহাম্মদ কল্কি অবতার নন। এই দাবির পক্ষে যে শব্দার্থ, যে তুলনা এবং যে তথাকথিত ভবিষ্যদ্বাণী দেখানো হয়, সেগুলো উৎসগ্রন্থের সামনে দাঁড়ায় না। ধর্মীয় বক্তার মুখে শোনা, ইউটিউব ভিডিওতে দেখা বা প্রচারমূলক বইয়ে পড়া কোনো দাবি সত্য হয়ে যায় না। সত্য যাচাই করতে হয় মূল উৎস দিয়ে, শব্দের প্রকৃত অর্থ দিয়ে, এবং পূর্ণ প্রেক্ষাপট দিয়ে। সেই পরীক্ষায় ‘মুহাম্মদই কল্কি অবতার’ দাবি শুধু ব্যর্থ নয়; এটি শুরু থেকেই বানানো, বিকৃত এবং উৎসবিরোধী দাবি হিসেবে ধরা পড়ে।
তথ্যসূত্রঃ
- কল্কি পুরাণ, অনুবাদ জগন্মোহন তর্কালঙ্কার, পৃষ্ঠা ১২-১৬ ↩︎
- আর-রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সূধা, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, তাওহীদ পাবলিকেশন্স, পৃষ্ঠা ৭৫ ↩︎
- আর-রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সূধা, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, তাওহীদ পাবলিকেশন্স, পৃষ্ঠা ৭৬ 1 2
- কল্কি পুরাণ, অনুবাদ জগন্মোহন তর্কালঙ্কার, পৃষ্ঠা ১৭ ↩︎
- কল্কি পুরাণ, অনুবাদ জগন্মোহন তর্কালঙ্কার, পৃষ্ঠা ২৪ ↩︎
- কল্কি পুরাণ, অনুবাদ জগন্মোহন তর্কালঙ্কার, পৃষ্ঠা ২৯৫ ↩︎

