ভূমিকা
ইতিহাস কেবল জয়-পরাজয়ের সংকলন নয়, বরং এটি সেই সময়ের নৈতিকতা ও মানবিক মূল্যবোধের এক আয়না। ইসলামের প্রাথমিক যুগের বহু ঘটনা আজ যখন আমরা আধুনিক জ্ঞানতত্ত্ব ও বিশ্বজনীন মানবাধিকারের আলোকে বিশ্লেষণ করি, তখন তা আমাদের প্রচলিত বিশ্বাসের বিপরীতে গিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। ইসলামের প্রবর্তক মুহাম্মদ-এর জীবনে ঘটে যাওয়া তেমনই একটি অত্যন্ত বিতর্কিত ও স্পর্শকাতর ঘটনা হলো মদিনার ইহুদি গোত্র বনু নাজীর-এর সুদীর্ঘকালের পরিশ্রমে গড়ে তোলা জীবিকার প্রধান উৎস—তাদের খেজুরগাছ কাটা ও পোড়ানোর নির্দেশ দেওয়া।
ঐতিহ্যগতভাবে ইসলামী ইতিহাসবিদ ও তাফসীরকারকগণ এই ধ্বংসলীলাকে একটি ‘চতুর সামরিক কৌশল’ বা ‘শত্রুকে দমনের বৈধ পন্থা’ হিসেবে উপস্থাপন করে এসেছেন। এমনকি কুরআনের আয়াতের মাধ্যমে একে ‘ঐশ্বরিক অনুমোদন’ প্রাপ্ত একটি কাজ হিসেবেও দাবি করা হয়। তবে বর্তমানের যুক্তিবাদী মননশীল চিন্তা এবং আন্তর্জাতিক মানবিক আইনের (IHL) আলোকে এই ঘটনাটি গভীর নৈতিক ও আইনি প্রশ্নের জন্ম দেয়। একটি জনগোষ্ঠীর উৎপাদনশীল কৃষিসম্পত্তি ধ্বংস করে তাকে অপমানিত ও দুর্বল করার কৌশল কতখানি নৈতিক? যে আদর্শ নিজেকে ‘রহমতুল্লিল আলামিন’ বা বিশ্বজগতের জন্য করুণা হিসেবে দাবি করে, সেই আদর্শের ধারক কীভাবে প্রতিপক্ষের ফলবান গাছ কেটে ও পুড়িয়ে তাকে লাঞ্ছিত করার নির্দেশ দিতে পারেন?
খেজুরগাছ ছিল বনু নাজীরের কৃষি, খাদ্য উৎপাদন ও সম্পদের গুরুত্বপূর্ণ অংশ। কুরতুবির তাফসিরে কতটি গাছ কাটা ও পোড়ানো হয়েছিল, সে বিষয়ে ভিন্ন বর্ণনা রয়েছে; কিন্তু গাছ ধ্বংসের ঘটনা, প্রতিপক্ষকে লাঞ্ছিত করার উদ্দেশ্য এবং পরবর্তী সময়ে গোত্রটিকে উচ্ছেদ করে তার ভূমিসম্পত্তি হস্তান্তরের বিবরণ ইসলামের নিজস্ব উৎসেই সংরক্ষিত। এই ঘটনাগুলোতে কৃষিসম্পত্তি ধ্বংসের নৈতিকতা, ধর্মীয় অনুমোদনের ভূমিকা এবং পরাজিত জনগোষ্ঠীর জীবিকা ও সম্পত্তির অধিকারের প্রশ্ন সরাসরি জড়িত।
আধুনিক প্রেক্ষাপটে একটি তুলনামূলক উদাহরণ
ঐতিহাসিক ঘটনার গুরুত্ব ও নৈতিকতা বুঝতে আমরা সমসাময়িক একটি পরিস্থিতির অবতারণা করতে পারি। কল্পনা করুন, বর্তমান গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস যদি ইসরায়েলের সঙ্গে করা কোনো শান্তি চুক্তি ভঙ্গ করে কিংবা কোনো গুপ্তহত্যার পরিকল্পনা করে (যেমনটি বনু নাজীরদের বিরুদ্ধে অভিযোগ ছিল)। এই চুক্তিবদ্ধ বা আইনি বিচ্যুতির জবাবে ইসরায়েলি বাহিনী যদি গাজার কোনো সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ না করে বরং সেখানকার সাধারণ মানুষের বেঁচে থাকার প্রধান উৎসগুলো ধ্বংস করে দেয়, তবে বিশ্ববিবেকের প্রতিক্রিয়া কেমন হবে?
ধরা যাক, ইসরায়েল গাজার একমাত্র সুপেয় পানির প্ল্যান্টগুলো ধ্বংস করে দিল, কৃষিজমিগুলো পুড়িয়ে দিল এবং তাদের অর্থ উপার্জনের মূল ক্ষেত্রগুলো (যেমন মাছ ধরার অবকাঠামো বা কলকারখানা) গুঁড়িয়ে দিল। এর সপক্ষে ইসরায়েল যদি যুক্তি দেয় যে—এটি একটি ‘সামরিক কৌশল’ যাতে গাজার সাধারণ মানুষ চরম খাদ্য ও পানি সংকটে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাদের শাসকদের ওপর চাপ সৃষ্টি করে, কিংবা এটি একটি ‘ঐশ্বরিক প্রতিশোধ’—তবে কি কোনো বিবেকবান মানুষ একে সমর্থন করবে? [1] [2]।
বনু নাজীরের ঘটনায়ও মুহাম্মদের নির্দেশে প্রতিপক্ষের খেজুরগাছ কাটা ও পোড়ানো হয়েছিল। তাফসিরের বিবরণে শত্রুকে লাঞ্ছিত করা ও দুর্বল করার উদ্দেশ্য পাওয়া যায়। এরপর গোত্রটি মদিনা থেকে উচ্ছেদ হয় এবং তাদের ভূমিসম্পত্তি নতুন কর্তৃত্বের অধীনে চলে যায়। গাছ ধ্বংসের পরিমাণ সম্পর্কে সূত্রগুলো একমত নয়; কিন্তু সম্পত্তি বিনষ্ট করে একটি জনগোষ্ঠীর ওপর চাপ প্রয়োগের নৈতিক প্রশ্নটি স্পষ্ট। আধুনিক আন্তর্জাতিক মানবিক আইনে ব্যক্তিগত অপরাধের দায়ে সমগ্র জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার নীতি নিষিদ্ধ [3]।
নৈতিক বিচারের মানদণ্ড ব্যক্তি ও ধর্মীয় পরিচয়ের কারণে বদলে যেতে পারে না। সমসাময়িক কোনো সংঘাতে বেসামরিক মানুষের খাদ্য উৎপাদন, পানির সরবরাহ ও জীবিকার উৎসকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা নিন্দনীয় হলে বনু নাজীরের কৃষিসম্পত্তি ধ্বংসের ক্ষেত্রেও একই মানবিক প্রশ্ন প্রযোজ্য। মুহাম্মদের আদেশে এই কাজ সংঘটিত হয়েছিল এবং কোরআনে তার অনুমোদন দেওয়া হয়েছে—এই ধর্মীয় পরিচয় ক্ষতিগ্রস্ত মানুষের সম্পত্তি ও জীবিকার মূল্য কমিয়ে দেয় না।
এই উদাহরণটি স্পষ্ট করে দেয় যে, সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের তৈরি আইন উন্নত হয়েছে এবং প্রাচীন অনেক ‘কৌশল’ আজ অপরাধ হিসেবে স্বীকৃত। ধর্মের দোহাই দিয়ে এই জাতীয় অমানবিক কাজকে বৈধতা দেওয়া কেবল নৈতিক দেউলিয়াপনাই নয়, বরং এটি আধুনিক সভ্যতার অর্জিত মানবিক মূল্যবোধের প্রতি এক চরম অবমাননা।
ঐতিহাসিক প্রেক্ষাপট
হিজরতের পর মদিনায় অবস্থানকালে মুহাম্মদ ইহুদি গোত্রসমূহের সঙ্গে নানা ধরণের রাজনৈতিক ও সামরিক সংঘাতে জড়িয়ে পড়েন। তেমনই এক ইহুদি গোত্র ছিল বনু নাজীর। ইসলামী ইতিহাস মতে, বনু নাজীর গোত্রের লোকেরা মুহাম্মদকে হত্যা করতে চেয়েছিল, যদিও তার কোন বাস্তব প্রমাণ পাওয়া যায় না, জিবরাইল নাকি গোপনে এই তথ্য মুহাম্মদকে দিয়ে গিয়েছিল। এই নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করা হয়েছে। এবং এই ষড়যন্ত্রের জবাবে তিনি তাদের ঘিরে ফেলেন এবং তাদের খেঁজুর বাগানের কিছু অংশ পুড়িয়ে দেন। এই ঘটনা কুরআনের সূরা হাশরের ৫নং আয়াতে উল্লেখ করা হয়েছে, [4]
তোমরা খেজুরের যে গাছগুলো কেটেছ আর যেগুলোকে তাদের মূলকান্ডের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ, তা আল্লাহর অনুমতিক্রমেই (করেছ)। আর (এ অনুমতি আল্লাহ এজন্য দিয়েছেন) যেন তিনি পাপাচারীদেরকে অপমানিত করেন।
— Taisirul Quran
তোমরা যে খেজুর বৃক্ষগুলি কর্তন করেছ এবং যেগুলি কান্ডের উপর স্থির রেখে দিয়েছ, তাতো আল্লাহরই অনুমতিক্রমে; এটা এ জন্য যে, আল্লাহ পাপাচারীদেরকে লাঞ্ছিত করবেন।
— Sheikh Mujibur Rahman
তোমরা যে সব নতুন খেজুর গাছ কেটে ফেলছ অথবা সেগুলোকে তাদের মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ। তা তো ছিল আল্লাহর অনুমতিক্রমে এবং যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন।
— Rawai Al-bayan
তোমরা যে খেজুর গাছগুলো কেটেছ এবং যেগুলোকে কাণ্ডের উপর স্থিত রেখে দিয়েছ, তা তো আল্লাহ্রই অনুমতিক্রমে [১] এবং এ জন্যে যে, আল্লাহ ফাসিকদেরকে লাঞ্ছিত করবেন।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
অর্থাৎ, খেজুর গাছ পুড়িয়ে দেওয়ার কাজটি মুহাম্মদের পক্ষ থেকে ধর্মীয় বৈধতা পেয়েছে। আসুন এই আয়াতটির তাফসীর পড়ে নেয়া যাক, [5]
অর্থাৎ তোমরা যে খর্জুর বৃক্ষগুলি কর্তন করিয়াছ এবং যেগুলি কাণ্ডের উপর স্থির রাখিয়া দিয়াছ; তাহাতো আল্লাহরই অনুমতিতে; ইহা এইজন্য যে, তিনি পাপাচারীদেরকে লাঞ্ছিত করিবেন।
উন্নতমানের এক ধরনের খেজুর বৃক্ষকে বলা হয়। আবু উবায়দা (রা) বলেনঃ আজওয়া ও বারনী খর্জুর ব্যতীত অন্যান্য খর্জুর বৃক্ষকে বলা হয়। বহুসংখ্যক মুফাস্স্সিরের মত হইল, ‘আজওয়া ছাড়া সকল বর্ণের খেজুর বৃক্ষকেই ইন জারীর (র) বলেনঃ যে কোন খর্জুর বৃক্ষকেই (র)-এরও মত। বলা হয়। বলা হয় এবং ইহা মুজাহিদ
বনূ নাযীরের সম্প্রদায়কে অবরোধ করিবার পর রাসূলুল্লাহ্ (সা): তাহাদের ভীতি ও ঘৃণা প্রদর্শন ও হুমকিরূপে তাহাদিগের খর্জুর বৃক্ষগুলি কাটিয়া ফেলার নির্দেশ দেন।
যায়েদ ইন্ন রূমান, কাতাদা ও মুকাতিল ইন্ন হায়য়ান (র) বলেন: বনূ নাযীরের এই ঘটনার পর বনু কুরায়যা এই বলিয়া অভিযোগ তোলে যে, কি:ব্যাপার? আপনি দেশে শান্তি প্রতিষ্ঠার কথা বলিতেছেন আর এইসব ধ্বংস চালাইতেছেন? এই অভিযোগের উত্তরে আল্লাহ্ তা’আলা এই আয়াতটি নাযিল করেন। অর্থাৎ খর্জুর বৃক্ষ কর্তন করা বা কর্তন না করিয়া নিরাপদে রাখিয়া দেওয়া এই সবই আল্লাহ্র নির্দেশ ও অনুমতিক্রমেই হইতেছে। শত্রুপক্ষের অপমান ও দর্প চূর্ণ করাই ইহার উদ্দেশ্য।
মুজাহিদ (র) বলেন: কতিপয় মুজাহিদ খর্জুর বৃক্ষগুলি কাটিতে চাহিলে অন্যরা বাধা দিয়া বলিল যে, বৃক্ষ কাটিয়া লাভ কি? শেষ পর্যন্ত তো এইগুলি আমাদিগের হাতেই চলিয়া আসিবে। ফলে উভয় দলের সমর্থনে আলোচ্য আয়াত নাযিল হয়। অর্থাৎ বৃক্ষ কাটিয়া ফেলা এবং না কাটিয়া অক্ষত রাখিয়া দেওয়া উভয়েই আল্লাহ্ অনুমোদন রহিয়াছে।
ইমাম নাসাঈ (র) আব্বাস (রা) বলেন: مَا قَطَعْتُمْ مِنْ لَيْنَة الخ এই আয়াতের ব্যাখ্যায় বলেন: বনূ নাযীরের কিছু বৃক্ষ কার্টিয়া ফেলিবার এবং কিছু রাখিয়া দেওয়ার পর সাহাবাগণের মনে সংশয় সৃষ্টি হয় যে, কাটিয়া ফেলা ঠিক হইল না-কি রাখিয়া দেওয়া ঠিক হইল? ফলে তাহারা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট গিয়া জিজ্ঞাসা করেন যে, হুযূর! আমরা যাহা কাটিয়া ফেলিয়াছি উহাতে আমরা কোন সওয়াব পাইব? আর যাহা রাখিয়া দিয়াছি ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইন্ন উহাতে কি কোন গুনাহ হইবে? তখন আল্লাহ্ তা’আলা এই আয়াতটি নাযিল করেন। مَا قَطَعْتُمْ مِّنْ لَّيْنَةٍ .
অনুরূপ জাবির (রা) হইতে এটি আবূ ইয়ালা (র) বর্ণনা করিয়াছেন।
ইমাম আহমদ (র) …… ইবন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইবন উমর (রা) বলেন: রাসূলুল্লাহ্ (সা) বনূ নাযীরের খর্জুর বৃক্ষগুলি কাটিয়া আগুন দ্বারা পোড়াইয়া ফেলিয়াছিলেন।

বনু নাজীরের খেজুরগাছ কাটা ও পোড়ানোর ঘটনাটি কেবল তাফসিরে নয়, সহিহ বুখারি ও সহিহ মুসলিমের স্বতন্ত্র বর্ণনাতেও সংরক্ষিত। উভয় গ্রন্থেই মুহাম্মদের নির্দেশে বুওয়াইরা অঞ্চলের খেজুরগাছ কাটার ও পোড়ানোর কথা এসেছে [6] [7] [8] –
সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
৩৩/ বর্গাচাষ
পরিচ্ছেদঃ ১৪৫০. খেজুর গাছ ও অন্যান্য গাছ কেটে ফেলা। আনাস (রা.) বলেন, নবী (সঃ) খেজুর গাছ কেটে ফেলার আদেশ দেন এবং টা কেটে ফেলা হয়।
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ২১৭৫, আন্তর্জাতিক নাম্বারঃ ২৩২৬
২১৭৫। মূসা ইবনু ইসমাঈল (রহঃ) … আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনূ নযির গোত্রের বুওয়াইরা নামক স্থানে অবস্থিত বাগানটির খেজুর গাছ জ্বালিয়ে দিয়েছেন এবং বৃক্ষ কেটে ফেলেছেন। এ সম্পর্কে হাস্সান (রাঃ) (তাঁর রচিত কবিতায়) বলেছেন, বুওয়াইরা নামক স্থানে অবস্থিত বাগানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে আর বনূ লূয়াই গোত্রের সর্দাররা তা সহজে মেনে নিল।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
সহীহ মুসলিম (হাদীস একাডেমী)
৩৩। জিহাদ ও সফর
পরিচ্ছেদঃ ১০. কাফিরদের গাছ-পালা কাটা ও জ্বালিয়ে দেয়া বৈধ
হাদিস একাডেমি নাম্বারঃ ৪৪৪৪, আন্তর্জাতিক নাম্বারঃ ১৭৪৬
৪৪৪৪-(২৯/১৭৪৬) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, মুহাম্মাদ ইবনু রুমূহ ও কুতাইবাহ ইবনু সাঈদ (রহঃ) ….. ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযীর গোত্রের খেজুর বাগান জ্বালিয়ে দিলেন এবং কেটে দিলেন। বুওয়াইরাহ ছিল সে বাগানের নাম। কুতাইবাহ এবং ইবনু রুমূহ (রহঃ) উভয়েই তাদের হাদীসে অতিরিক্ত বর্ণনা করেছেন। এরপর মহান আল্লাহ এ আয়াত নাযিল করেনঃ “তোমরা যেসব খেজুর বৃক্ষ কেটে ফেলেছে কিংবা তার কাণ্ডের উপর খাড়া রেখেছ, সবই ছিল আল্লাহর নির্দেশে, যাতে তিনি পাপাচারীদের অপদস্থ করেন।” (ইসলামিক ফাউন্ডেশন ৪৪০২, ইসলামিক সেন্টার ৪৪০২)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
সহীহ মুসলিম (হাদীস একাডেমী)
৩৩। জিহাদ ও সফর
পরিচ্ছেদঃ ১০. কাফিরদের গাছ-পালা কাটা ও জ্বালিয়ে দেয়া বৈধ
হাদিস একাডেমি নাম্বারঃ ৪৪৪৫, আন্তর্জাতিক নাম্বারঃ ১৭৪৬
৪৪৪৫-(৩০/…) সাঈদ ইবনু মানসূর … ইবনু উমর (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযীর গোত্রের খেজুর বাগান কেটেছিলেন এবং জ্বলিয়ে দিয়েছিলেন। এ সম্পর্কে কবি হাস্সান (রাযিঃ) বলেন, “বনী লুওয়াই (অর্থাৎ- কুরায়শ) এর নেতাদের কাছে বুওয়াইরায় আগুনের লেলিহান শিখা খুব সহজ হয়ে গেছে।” আর এ সম্পর্কেই নাযিল হয়েছে এ আয়াতঃ (অর্থ) “তোমরা যেসব খেজুর গাছ কেটেছে অথবা তা কাণ্ডের উপর রেখে দিয়েছ” আয়াতটির শেষ পর্যন্ত। (ইসলামিক ফাউন্ডেশন ৪৪০৩, ইসলামিক সেন্টার ৪৪০৩)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
ইসলামী আইন বা ফিকাহের গ্রন্থগুলোতেও গাছপালা ধ্বংসের বিষয়ে নানা ধরণের অনুমোদন দেয়া হয়েছে। আল হিদায়া গ্রন্থে আরো বর্ণিত রয়েছে কিভাবে কাফিরদের ঘরবাড়ি, গাছপালা, বাগানে মুসলিমরা গিয়ে জ্বালা পোড়াও করবে [9] জিহাদ অধ্যায়ে –
ইমাম কুদূরী বলেন, যদি তারা প্রত্যাখ্যান করে তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং লড়াইয়ে অবতীর্ণ হবে।
কেননা সোলায়মান বিন বুরায়দা (রা) সম্পর্কিত হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তারা দাওয়াত অস্বীকার করে তাহলে তাদেরকে যিযয়া প্রদানের আহ্বান জানাও। এরপর তিনি বলেছেন, যদি তারা তা প্রত্যাখ্যান করে তাহলে তাদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং তাদের বিরুদ্ধে লড়াই করো।
আর যেহেতু আল্লাহই তাঁর প্রিয় বান্দাদের সাহায্যকারী এবং তাঁর শত্রুদের ধ্বংসকারী। সুতরাং সকল বিষয়ে তারই সাহায্য প্রার্থনা করা কর্তব্য। আর তাদের বিরুদ্ধে মিনজনিক (কামান) মোতায়েন করবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বিরুদ্ধে করেছিলেন এবং তাদের বিরুদ্ধে জ্বালাও পোড়াও চালাবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোয়াইরা অঞ্চল (প্রয়োজনে) জ্বালিয়ে দিয়েছিলেন।
ইমাম কুদূরী (র) বলেন, (বাঁধ ভেংগে বা অন্য উপায়ে) তাদের উপর পানি ছেড়ে দেবে এবং তাদের বৃক্ষ নিধন করবে এবং তাদের ফসল নষ্ট করবে।
কেননা এসব দ্বারা তাদের লাঞ্ছিত করা হয়, তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করা হয়, তাদের প্রতিপত্তি ভেঙ্গে দেওয়া হয় এবং তাদের সংহতি বিচ্ছিন্ন করা হয়। সুতরাং তা বৈধ হবে।
তাদের মাঝে মুসলিম বন্দী বা ব্যবসায়ী থাকলেও তাদের প্রতি তীর নিক্ষেপ করতে বাধা নেই। কেননা তীর বর্ষণে ইসলামের কেন্দ্র থেকে প্রতিরোধের মাধ্যমে বৃহৎ ক্ষতিরোধ করা হয়। পক্ষান্তরে মুসলিম বন্দী ও ব্যবসায়ী নিহত হওয়ায় সীমিত ক্ষতি। তাছাড়া খুব কম দুর্গই কিছুসংখ্যক মুসলমান থেকে খালি হয়। সুতরাং তা বিবেচনা করে যদি বিরত থাকতে হয় তাহলে তো জিহাদের দরজাই বন্ধ হয়ে যাবে।
যদি তারা মুসলিম বালকদের কিংবা বন্দীদের ‘ঢাল’ রূপে ব্যবহার করে তাহলে (আমাদের বর্ণিত কারণে) তাদের প্রতি তীর বর্ষণ থেকে বিরত থাকবেনা। অবশ্য কাফিরদের প্রতি তীর বর্ষণের নিয়ত করবে। কেননা কার্যতঃ পার্থক্য করা অসম্ভব হলেও উদ্দেশ্যগতভাবে তা সম্ভব। আর আদেশ পালনের দায়িত্ব সাধ্য অনুযায়ী। আর ঐ মুসলমানদের যে কজন তাদের তীর বর্ষণের শিকার হবে তাদের দিয়ত মুজাহিদদের উপর ওয়াজিব হবে না। আর কাফফারারও ওয়াজিব হবে না।
কেননা জিহাদ হলো ফরয, আর ফরয পালনের সাথে ‘দন্ড’ যুক্ত হতে পারে না।
জীবনাশংকাপূর্ণ ক্ষুধার সময় অন্যের মাল গ্রহণের বিষয়টি ভিন্ন। কেননা ক্ষতিপূরণের ভয়ে কেউ তা থেকে বিরত থাকে না। কারণ তাতে নিজের জীবন বাঁচানোর বিষয় রয়েছে। পক্ষান্তরে জিহাদের ভিত্তি হল প্রাণনাশ করার উপর। সুতরাং ক্ষতিপূরণের ভয়ে তা থেকে বিরত থাকতে পারে।
ইমাম কুদূরী (র) বলেন, মুসলিম বাহিনীর সাথে নারীদেরকে এবং কুরআন শরীফ নিয়ে যাওয়ায় বাধা নেই, যদি এমন বড় বাহিনী হয়, যাতে নিরাপত্তার উপর নির্ভর করা যায়। কেননা এক্ষেত্রে নিরাপত্তাই প্রবল, আর যা প্রবল তা সুনিশ্চিতের মত। কিন্তু নিরাপদ নয় এমন ক্ষুদ্র বাহিনী সাথে নিয়ে যাওয়া মাকরূহ।

বনু নাজীরের বৃক্ষনিধন: ধ্রুপদী তাফসির, ফিকহ এবং ঐশ্বরিক অনুমোদনের নৈতিক সমস্যা
বনু নাজীরের খেজুরগাছ কাটা ও পোড়ানোর ঘটনা ইসলামের ইতিহাসে একটি বিচ্ছিন্ন সামরিক অভিযানের বিবরণ হিসেবে সীমাবদ্ধ থাকেনি। পরবর্তী যুগের ফকিহ ও তাফসিরকারীরা এই ঘটনাকে শত্রুপক্ষের সম্পত্তি ধ্বংস করার বিধান নির্ধারণে ব্যবহার করেছেন। মুসলিম বাহিনী শত্রুর ফলবান গাছ কাটতে পারবে কি না, কৃষিজমি ও বসতবাড়ি ধ্বংস করতে পারবে কি না, ফসল পুড়িয়ে শত্রুকে দুর্বল করা বৈধ কি না এবং এ ধরনের ধ্বংসযজ্ঞের পক্ষে কোরআনের অনুমোদন কতখানি বিস্তৃত—এসব প্রশ্নে বনু নাজীরের ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ দলিলে পরিণত হয়েছে। বিশেষ করে ইমাম শাফেয়ির আল-উম্ম, ইমাম নববির শরহ সহিহ মুসলিম এবং ইবনে রুশদের বিদায়াতুল মুজতাহিদ গ্রন্থে শত্রুর কৃষি ও অর্থনৈতিক সম্পত্তি ধ্বংসের বিষয়টি সরাসরি আলোচিত হয়েছে। অন্যদিকে তাবারি ও কুরতুবির তাফসিরে বনু নাজীরের প্রতিবাদ, মুসলমানদের মধ্যকার মতভেদ এবং সূরা হাশরের পঞ্চম আয়াতের মাধ্যমে এই কর্মকাণ্ডকে অনুমোদন দেওয়ার বিবরণ পাওয়া যায়। এই সূত্রগুলোর সম্মিলিত বক্তব্যে সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি অর্থনৈতিক সম্পত্তি বিনষ্ট করে শত্রুকে অপমানিত ও দুর্বল করার একটি সুস্পষ্ট ধর্মীয়-আইনগত ধারণা প্রকাশিত হয়েছে।
ইমাম শাফেয়ির আল-উম্ম: শত্রুর গাছ, ফসল ও বসতবাড়ি ধ্বংসের অনুমোদন
সুন্নি ইসলামের চারটি প্রধান ফিকহি মাযহাবের অন্যতম প্রতিষ্ঠাতা ইমাম শাফেয়ি তাঁর আল-উম্ম গ্রন্থের আল-খিলাফ ফিত তাহরিক বা অগ্নিসংযোগসংক্রান্ত মতভেদ পরিচ্ছেদে শত্রুপক্ষের সম্পত্তি ধ্বংসের প্রশ্নটি বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, মুসলিম বাহিনী যখন যুদ্ধরত অমুসলিমদের ভূখণ্ডে অভিযান পরিচালনা করবে, তখন তাদের ফলবান গাছ কাটা, ঘরবাড়ি ও নগর ধ্বংস করা, আগুন লাগানো, পানিতে ডুবিয়ে দেওয়া কিংবা ফল ও অন্যান্য সম্পত্তি নষ্ট করা নিষিদ্ধ কি না। শাফেয়ির উত্তর ছিল, শত্রুপক্ষের মালিকানাধীন প্রাণহীন সম্পত্তি ধ্বংস করা বৈধ। তিনি শুধু সামরিক দুর্গ বা অস্ত্রাগারের কথা বলেননি; তাঁর আলোচনায় ফলবান বৃক্ষ, কৃষিজ সম্পদ, ঘরবাড়ি এবং বহনযোগ্য সম্পত্তিও এসেছে। এভাবে যুদ্ধের বৈধ লক্ষ্যবস্তুর পরিসর জীবিত যোদ্ধা বা সরাসরি সামরিক স্থাপনার বাইরে শত্রুপক্ষের অর্থনৈতিক সম্পত্তি পর্যন্ত সম্প্রসারিত হয়েছে [10]।
كُلُّ مَا كَانَ مِمَّا يَمْلِكُوا لَا رُوحَ لَهُ فَإِتْلَافُهُ مُبَاحٌ بِكُلِّ وَجْهٍ وَكُلُّ مَا زَعَمْت أَنَّهُ مُبَاحٌ فَحَلَالٌ لِلْمُسْلِمِينَ فِعْلُهُ وَغَيْرُ مُحَرَّمٍ عَلَيْهِمْ تَرْكُهُ.
বাংলা অনুবাদ: তাদের মালিকানাধীন যেসব বস্তুর প্রাণ নেই, সেগুলো যেকোনো উপায়ে ধ্বংস করা বৈধ। আর আমি যেসব কাজকে বৈধ বলেছি, মুসলমানদের জন্য সেগুলো করা হালাল এবং সেগুলো না করাও হারাম নয়।
এই বিধানের তাৎপর্য আরও স্পষ্ট হয় শাফেয়ির পরবর্তী ব্যাখ্যায়। তিনি বলেছেন, মুসলিম বাহিনী যদি এমন কোনো শত্রুভূমিতে অভিযান চালায়, যেখানে শত্রুপক্ষ শক্তিশালী ও সুরক্ষিত এবং সেই ভূখণ্ড শিগগির মুসলমানদের দখলে আসার সম্ভাবনা কম, তাহলে তাদের ফল ও গাছ কাটা, পোড়ানো এবং অন্যান্য সম্পত্তি ধ্বংস করাকে তিনি পছন্দ করেন। বহনযোগ্য সম্পত্তি দখল করা সম্ভব হলে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে নেওয়া যেতে পারে; আর দখল করে নিয়ে যাওয়া সম্ভব না হলে তা পুড়িয়ে বা পানিতে ডুবিয়ে ধ্বংস করার অনুমতিও দিয়েছেন। বিপরীতে কোনো এলাকা মুসলমানদের দখলে আসার সম্ভাবনা বেশি হলে তিনি সম্পত্তি সংরক্ষণের পরামর্শ দিয়েছেন, যাতে পরবর্তী সময়ে সেগুলো মুসলমানদের সম্পদ হিসেবে গ্রহণ করা যায়। তবে এমন পরিস্থিতিতেও প্রকৃত দখল প্রতিষ্ঠার আগে শত্রুর সম্পত্তি ধ্বংস করাকে তিনি সাধারণভাবে হারাম ঘোষণা করেননি।
শাফেয়ির আলোচনায় সম্পত্তি সংরক্ষণ ও ধ্বংসের এই পার্থক্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শত্রুর জমি, গাছ ও ফল মুসলমানদের দখলে আসার সম্ভাবনা থাকলে সেগুলো রক্ষা করার বাস্তব সুবিধা রয়েছে; কিন্তু শত্রুর নিয়ন্ত্রণেই থাকার সম্ভাবনা প্রবল হলে সেগুলো ধ্বংস করার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ একই গাছ বা ফলবান জমির প্রতি আচরণ নির্ধারণে মূল বিবেচ্য হয়ে উঠছে সেটি কার নিয়ন্ত্রণে থাকবে। গাছটি শত্রুর জীবিকার উৎস কি না, তার পরিবার সেই ফলের ওপর নির্ভরশীল কি না কিংবা দীর্ঘদিনের শ্রমে সেই বাগান গড়ে উঠেছে কি না—এসব বিষয় শাফেয়ির অনুমোদনের কেন্দ্রীয় সীমা হিসেবে উপস্থিত নয়। শত্রুর সম্পদ মুসলমানদের ভবিষ্যৎ সম্পদে পরিণত হওয়ার সম্ভাবনা যত বেশি, সেটি সংরক্ষণের পরামর্শ তত বেশি; আর শত্রুর দখলে থেকে যাওয়ার সম্ভাবনা থাকলে ধ্বংসের অনুমতি বজায় থাকে।
আল-উম্ম-এর ফি কাতইশ শাজারি ওয়া হারকিল মানাজিল বা বৃক্ষনিধন ও ঘরবাড়ি পোড়ানো পরিচ্ছেদেও শাফেয়ি সরাসরি ফলবান গাছ কাটা, বসতবাড়ি ধ্বংস এবং শত্রুর খাদ্য ও অন্যান্য প্রাণহীন সম্পত্তি পোড়ানোর অনুমতি দিয়েছেন। এর ভিত্তি হিসেবে তিনি বনু নাজীরের খেজুরগাছ পোড়ানোর ঘটনা এবং সূরা হাশরের পঞ্চম আয়াত ব্যবহার করেছেন। ফলে বনু নাজীরের ঘটনাটি তাঁর ফিকহে একটি ঐতিহাসিক নজির থেকে সাধারণ যুদ্ধবিধানের দলিলে পরিণত হয়েছে [11]।
وَلَا بَأْسَ بِقَطْعِ الشَّجَرِ الْمُثْمِرِ وَتَخْرِيبِ الْعَامِرِ وَتَحْرِيقِهِ مِنْ بِلَادِ الْعَدُوِّ وَكَذَلِكَ لَا بَأْسَ بِتَحْرِيقِ مَا قَدَرَ لَهُمْ عَلَيْهِ مِنْ مَالٍ وَطَعَامٍ لَا رُوحَ فِيهِ.
বাংলা অনুবাদ: শত্রুভূমির ফলবান গাছ কাটা, বসতিপূর্ণ স্থাপনা ধ্বংস করা এবং সেগুলো পুড়িয়ে দেওয়ায় কোনো অসুবিধা নেই। একইভাবে শত্রুর যেসব সম্পদ ও খাদ্যসামগ্রী মুসলমানদের আয়ত্তে আসে এবং যেগুলোর প্রাণ নেই, সেগুলো পোড়ানোতেও কোনো অসুবিধা নেই।
শাফেয়ির এই বিধান যুদ্ধের নামে শত্রুর অর্থনৈতিক সম্পদের ওপর কত বিস্তৃত আঘাত অনুমোদিত হয়েছিল, তা প্রকাশ করে। একটি ফলবান গাছ এবং একটি সামরিক দুর্গের কাজ এক নয়। সামরিক দুর্গ শত্রুর প্রতিরক্ষাব্যবস্থার অংশ হতে পারে, কিন্তু ফলবান গাছের প্রধান কাজ খাদ্য উৎপাদন, জীবিকা নির্বাহ এবং স্থানীয় অর্থনীতি টিকিয়ে রাখা। সেই সম্পত্তিকে কেবল শত্রুর মালিকানাধীন বলে ধ্বংসযোগ্য বিবেচনা করা বেসামরিক জীবনধারণের উপকরণকেও যুদ্ধের লক্ষ্যবস্তুতে পরিণত করে। বনু নাজীরের গাছ কাটার ঘটনার ধর্মীয় অনুমোদনকে সাধারণ বিধানে রূপ দেওয়ার মাধ্যমে শাফেয়ি সেই সম্পত্তিবিনাশের আইনগত ভিত্তিকে আরও বিস্তৃত করেছেন।
ইমাম নববি: শত্রুর গাছ কাটা ও পোড়ানোর বৈধতা নিয়ে ফকিহদের অবস্থান
ইমাম নববির শরহ সহিহ মুসলিম গ্রন্থেও বনু নাজীরের বৃক্ষনিধনের ঘটনা সরাসরি ফিকহি অনুমোদনের দলিল হিসেবে ব্যবহৃত হয়েছে। সহিহ মুসলিমের সংশ্লিষ্ট অধ্যায়ের নামই হলো বাবু জাওয়াজি কাতই আশজারিল কুফফারি ওয়া তাহরিকিহা—অর্থাৎ কাফেরদের গাছ কাটা ও পোড়ানোর বৈধতা। এই অধ্যায়ের অধীনে মুহাম্মদের বনু নাজীরের খেজুরগাছ কাটা ও পোড়ানোর বর্ণনা রয়েছে। নববি ব্যাখ্যায় বলেছেন, এই হাদিস থেকে অমুসলিম শত্রুর গাছ কাটা ও পোড়ানোর বৈধতা প্রমাণিত হয়। তিনি এই অবস্থানের সমর্থনে আবদুর রহমান ইবনে কাসিম, নাফি, মালিক, সুফিয়ান সাওরি, আবু হানিফা, শাফেয়ি, আহমদ, ইসহাকসহ বহু আলেমের নাম উল্লেখ করেছেন এবং একে সংখ্যাগরিষ্ঠ ফকিহদের অবস্থান হিসেবে উপস্থাপন করেছেন [12]।
وَفِي هَذَا الْحَدِيثِ جَوَازُ قَطْعِ شَجَرِ الْكُفَّارِ وَإِحْرَاقِهِ، وَبِهِ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ وَنَافِعٌ مَوْلَى ابْنِ عُمَرَ وَمَالِكٌ وَالثَّوْرِيُّ وَأَبُو حَنِيفَةَ وَالشَّافِعِيُّ.
বাংলা অনুবাদ: এই হাদিসে কাফেরদের গাছ কাটা ও পোড়ানোর বৈধতার দলিল রয়েছে। আবদুর রহমান ইবনে কাসিম, ইবনে উমরের মুক্তদাস নাফি, মালিক, সুফিয়ান সাওরি, আবু হানিফা এবং শাফেয়ি এই অবস্থান গ্রহণ করেছেন।
নববি একই আলোচনায় আবু বকর, লাইস ইবনে সাদ, আবু সাওর এবং আওজায়ির নিষেধমূলক অবস্থানের কথাও উল্লেখ করেছেন। ফলে বৃক্ষনিধনের অনুমোদন নিয়ে ইসলামি ফিকহে যে মতপার্থক্য ছিল, সেটি স্পষ্ট। তবে এই মতভেদের মধ্যেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুসলিমদের প্রধান কয়েকটি ফিকহি ধারায় শত্রুর গাছ কাটা ও পোড়ানোর অনুমোদন প্রতিষ্ঠিত হয়েছিল এবং মুহাম্মদের বনু নাজীরের ঘটনাকেই সেই অনুমোদনের মূল দলিল হিসেবে ব্যবহার করা হয়েছে। একটি নির্দিষ্ট যুদ্ধের ঘটনা এভাবে পরবর্তী মুসলিম সেনাবাহিনীর জন্য সম্পত্তি ধ্বংসের বৈধ পদ্ধতি নির্ধারণে প্রভাব ফেলেছে।
এই ফিকহি আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্নটি হলো, যুদ্ধরত শত্রুর সঙ্গে সংঘাতের কারণে তার কৃষিসম্পত্তি কেন ধ্বংসের অনুমতি পাবে। শত্রুপক্ষের সামরিক শক্তি প্রতিহত করা এবং তার কৃষিজ উৎপাদন নষ্ট করে অর্থনৈতিক ক্ষতি করা দুটি স্বতন্ত্র কাজ। একটি ফলবান গাছ যুদ্ধের অস্ত্র নয়; সেটি খাদ্য ও সম্পদের উৎস। অথচ নববির উদ্ধৃত ফিকহি অবস্থানে শত্রুর ধর্মীয়-রাজনৈতিক পরিচয়ই তার গাছ কাটার অনুমোদনের গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে। এভাবে জীবিকা ও কৃষি উৎপাদনের উপকরণকে যুদ্ধের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করার একটি স্থায়ী নজির ইসলামি ফিকহে গড়ে উঠেছে।
ইবনে রুশদ: মুহাম্মদের বৃক্ষনিধন ও আবু বকরের নিষেধাজ্ঞা থেকে ফিকহি মতভেদ
ইবনে রুশদ তাঁর বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুকতাসিদ গ্রন্থের জিহাদ অধ্যায়ে শত্রুপক্ষের সম্পত্তির ওপর কতখানি আঘাত করা বৈধ, সেই প্রশ্নে বিভিন্ন ফকিহের মতামত আলোচনা করেছেন। তাঁর বিবরণ অনুযায়ী মালিক গাছ ও ফল কাটা এবং বসতিপূর্ণ স্থাপনা ধ্বংসের অনুমতি দিয়েছেন, যদিও প্রাণী হত্যা ও খেজুরগাছ পোড়ানোর বিষয়ে নিষেধমূলক অবস্থান নিয়েছেন। আওজায়ি ফলবান গাছ কাটা এবং বসতিপূর্ণ স্থাপনা ধ্বংস অপছন্দ করেছেন। শাফেয়ির একটি আলোচিত অবস্থানে শত্রুর প্রতিরক্ষাস্থল হিসেবে ব্যবহৃত ঘরবাড়ি ও গাছ পোড়ানোর অনুমতি এবং সে ধরনের প্রতিরক্ষাগত ব্যবহার না থাকলে ধ্বংসের প্রতি অনাগ্রহের কথা এসেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো, ইবনে রুশদ এই মতভেদের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরাসরি মুহাম্মদ ও আবু বকরের আচরণের পার্থক্যের কথা বলেছেন [13]।
وَذَلِكَ أَنَّهُ ثَبَتَ أَنَّهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَثَبَتَ عَنْ أَبِي بَكْرٍ أَنَّهُ قَالَ: لَا تَقْطَعَنَّ شَجَرًا وَلَا تُخَرِّبَنَّ عَامِرًا.
বাংলা অনুবাদ: কারণ এটি প্রতিষ্ঠিত যে মুহাম্মদ বনু নাজীরের খেজুরগাছ পুড়িয়েছিলেন। আবার আবু বকরের কাছ থেকেও প্রতিষ্ঠিত আছে যে তিনি বলেছিলেন, কোনো গাছ কাটবে না এবং বসতিপূর্ণ স্থাপনা ধ্বংস করবে না।
ইবনে রুশদের বক্তব্যে মতভেদের উৎস কোনো আধুনিক নৈতিক বিতর্ক নয়; ইসলামের প্রাথমিক নেতৃত্বের মধ্যকার ভিন্ন আচরণ। মুহাম্মদ বনু নাজীরের খেজুরগাছ পুড়িয়েছিলেন, অথচ আবু বকর পরবর্তী সময়ে মুসলিম বাহিনীকে ফলবান বৃক্ষ ও বসতিপূর্ণ স্থাপনা ধ্বংস করতে নিষেধ করেছিলেন। ইবনে রুশদ উল্লেখ করেছেন, কোনো কোনো ফকিহ আবু বকরের নির্দেশকে গুরুত্ব দিয়ে বৃক্ষনিধনের বিরোধিতা করেছেন। আবার যারা মুহাম্মদের আচরণকেই নির্ধারক দলিল হিসেবে গ্রহণ করেছেন, তাঁরা বৃক্ষনিধন ও অগ্নিসংযোগের অনুমোদন দিয়েছেন। অর্থাৎ পরবর্তী ইসলামি যুদ্ধনীতিতে মানবিক সংযমের যে নির্দেশ পাওয়া যায়, তার বিপরীতে মুহাম্মদের বনু নাজীরসংক্রান্ত আচরণ ব্যবহার করে সম্পত্তিবিনাশের বৈধতাও প্রতিষ্ঠা করা হয়েছে।
আবু বকরের নির্দেশটি ইমাম মালিকের মুওয়াত্তা গ্রন্থেও সংরক্ষিত। সেখানে বর্ণিত হয়েছে, সিরিয়ায় অভিযান পরিচালনার জন্য ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে পাঠানোর সময় আবু বকর তাঁকে দশটি নির্দেশ দেন। সেগুলোর মধ্যে নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা না করা, ফলবান গাছ না কাটা, বসতিপূর্ণ স্থাপনা ধ্বংস না করা এবং খাদ্যের প্রয়োজন ছাড়া পশু হত্যা না করার বিধান রয়েছে। এই নির্দেশে যুদ্ধের মধ্যেও জীবিকা ও উৎপাদনশীল সম্পদ সংরক্ষণের একটি সুস্পষ্ট নীতি দেখা যায় [14]।
وَإِنِّي مُوصِيكَ بِعَشْرٍ لَا تَقْتُلَنَّ امْرَأَةً وَلَا صَبِيًّا وَلَا كَبِيرًا هَرِمًا وَلَا تَقْطَعَنَّ شَجَرًا مُثْمِرًا وَلَا تُخَرِّبَنَّ عَامِرًا وَلَا تَعْقِرَنَّ شَاةً وَلَا بَعِيرًا إِلَّا لِمَأْكُلَةٍ.
বাংলা অনুবাদ: আমি তোমাকে দশটি নির্দেশ দিচ্ছি: কোনো নারী, শিশু কিংবা অতিবৃদ্ধ ব্যক্তিকে হত্যা করবে না; কোনো ফলবান গাছ কাটবে না; বসতিপূর্ণ স্থাপনা ধ্বংস করবে না; খাদ্যের প্রয়োজন ছাড়া কোনো ভেড়া বা উট হত্যা করবে না।
শাফেয়ির আল-উম্ম-এ আবু বকরের এই নিষেধাজ্ঞার বিষয়টিও আলোচিত হয়েছে। শাফেয়ি অনুমান করেছেন, আবু বকর হয়তো সিরিয়ার সম্পত্তিগুলো পরবর্তী সময়ে মুসলমানদের অধীনে আসবে মনে করে সেগুলো সংরক্ষণ করতে বলেছিলেন; গাছ কাটা বা ঘর ধ্বংসকে মৌলিকভাবে হারাম বিবেচনা করে নয়। তিনি আবু বকরের নিষেধাজ্ঞার বিপরীতে মুহাম্মদের বনু নাজীর, খায়বার ও তায়েফসংক্রান্ত কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়েছেন। ফলে ফিকহি বিতর্কে সম্পত্তি ধ্বংসের নৈতিক প্রশ্নের চেয়ে কোন কর্তৃত্বের নির্দেশ অধিক প্রাধান্য পাবে, সেই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আবু বকরের নির্দেশ যেখানে ফলবান গাছ ও বসতিপূর্ণ স্থাপনা রক্ষার কথা বলে, সেখানে মুহাম্মদের বনু নাজীরের ঘটনা সেই সীমাবদ্ধতা অতিক্রম করার দলিল হিসেবে ব্যবহৃত হয়েছে [15]।
তাবারি ও কুরতুবি: বনু নাজীরের সরাসরি প্রতিবাদ এবং মুসলমানদের মধ্যকার আপত্তি
বনু নাজীরের খেজুরগাছ পোড়ানোর বিরুদ্ধে যে প্রতিবাদ উঠেছিল, তার বিবরণও ইসলামি তাফসিরে সংরক্ষিত রয়েছে। ইমাম তাবারি সূরা হাশরের পঞ্চম আয়াত ব্যাখ্যা করতে গিয়ে ইবনে ইসহাকের সূত্রে উল্লেখ করেছেন, মুহাম্মদ যখন বনু নাজীরকে অবরোধ করেন, তখন তারা দুর্গের ভেতরে আশ্রয় নেয়। মুহাম্মদ তাদের খেজুরগাছ কাটা ও পোড়ানোর নির্দেশ দেন। এর প্রতিক্রিয়ায় বনু নাজীরের লোকেরা মুহাম্মদকে প্রকাশ্যে প্রশ্ন করেন, তিনি যখন পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি নিষিদ্ধ করেন এবং এমন আচরণের নিন্দা করেন, তখন নিজেই কেন তাদের গাছ কাটছেন ও পোড়াচ্ছেন। তাবারির বর্ণনা অনুযায়ী এই অভিযোগের পর সূরা হাশরের পঞ্চম আয়াত নাজিল হয়, যেখানে গাছ কাটা এবং অক্ষত রাখাকে আল্লাহর অনুমতিক্রমে সংঘটিত কাজ বলে ঘোষণা করা হয় [16]।
فَنَادَوْهُ: يَا مُحَمَّدُ، قَدْ كُنْتَ تَنْهَى عَنِ الْفَسَادِ وَتَعِيبُهُ عَلَى مَنْ صَنَعَهُ، فَمَا بَالُ قَطْعِ النَّخْلِ وَتَحْرِيقِهَا؟ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ.
বাংলা অনুবাদ: তখন তারা মুহাম্মদকে ডেকে বলল, হে মুহাম্মদ! আপনি তো বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করতেন এবং যারা তা করে তাদের নিন্দা করতেন। তাহলে খেজুরগাছ কাটা ও পোড়ানোর কারণ কী? এরপর আল্লাহ আয়াত নাজিল করেন।
এই প্রতিবাদে বনু নাজীরের লোকেরা মুহাম্মদের ঘোষিত নৈতিক অবস্থানের সঙ্গে তাঁর নিজের কাজের অসংগতি তুলে ধরেছিলেন। তাঁদের প্রশ্নের কেন্দ্র ছিল অন্যের কৃষিসম্পত্তি ধ্বংস করা। তাঁরা মুহাম্মদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ করেননি যে তিনি যুদ্ধ করছেন বলেই অন্যায় করছেন; বরং নির্দিষ্টভাবে জানতে চেয়েছিলেন, গাছ কাটা ও পোড়ানোর মতো ধ্বংসাত্মক কাজ কীভাবে তাঁর নিজের প্রচারিত বিশৃঙ্খলাবিরোধী নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তাবারির বিবরণে এই আপত্তির জবাব হিসেবে যে আয়াতের কথা এসেছে, সেটি গাছ পোড়ানোর ক্ষতি অস্বীকার করেনি। বরং কাজটিকে আল্লাহর অনুমতির অধীনে স্থান দিয়েছে। ফলে আপত্তির জবাব বাস্তব ক্ষতির প্রশ্নে দেওয়া হয়নি; দেওয়া হয়েছে ধর্মীয় কর্তৃত্বের ভিত্তিতে।
এই ঘটনায় শুধু বনু নাজীরের লোকেরাই আপত্তি করেননি। মুসলমানদের মধ্যেও গাছ কাটা নিয়ে মতভেদ হয়েছিল বলে তাবারি উল্লেখ করেছেন। মুজাহিদের সূত্রে এসেছে, কিছু মুহাজির অন্যদের গাছ কাটতে নিষেধ করেছিলেন, কারণ সেই গাছগুলো পরবর্তী সময়ে মুসলমানদের যুদ্ধলব্ধ সম্পদে পরিণত হতে পারত। কাতাদার বর্ণনায়ও রয়েছে, কিছু মুসলমান গাছ কাটছিলেন এবং অন্যরা সেটিকে ধ্বংসাত্মক কাজ মনে করে বিরত থাকছিলেন। বনু নাজীরের লোকেরা তখন প্রশ্ন করেছিলেন, আল্লাহ কি তাঁদের এই ধ্বংসযজ্ঞের অনুমতি দিয়েছেন? এ ধরনের আপত্তি ও মতভেদের পর নাজিল হওয়া আয়াতে গাছ কাটা কিংবা অক্ষত রাখা—উভয় কাজকেই অনুমোদিত ঘোষণা করা হয়। এতে সম্পত্তি ধ্বংসের বৈধতা নিয়ে মুসলমানদের মধ্যকার সংশয়ও ধর্মীয় অনুমোদনের মাধ্যমে নিষ্পত্তি করা হয় [17]।
ইমাম কুরতুবির আল-জামি লি আহকামিল কোরআন গ্রন্থেও একই ঘটনার বিস্তারিত আলোচনা রয়েছে। তিনি বনু নাজীরের আপত্তি এবং মুসলমানদের মধ্যকার মতভেদের পাশাপাশি বনু নাজীরের একজন ইহুদি কবির প্রতিবাদী কবিতাও উল্লেখ করেছেন। সেই কবিতায় বনু নাজীরের লোকদের হত্যা, নির্বাসন এবং খেজুরগাছ ধ্বংসের নিন্দা করা হয়েছে। কুরতুবি আরও উল্লেখ করেছেন, মুসলমানদের কেউ কেউ বলেছিলেন, যেসব সম্পত্তি মুসলমানদের হাতে আসতে পারে, সেগুলো নষ্ট করা উচিত নয়; অন্যরা বলেছিলেন, গাছ কাটলে শত্রুপক্ষ ক্রুদ্ধ ও অপমানিত হবে। এই বিবরণে সম্পদ ধ্বংসের অর্থনৈতিক উদ্দেশ্যের পাশাপাশি শত্রুপক্ষকে মানসিকভাবে বিপর্যস্ত করার উদ্দেশ্যও স্পষ্টভাবে উপস্থিত [18]।
فَقَالَ بَعْضُهُمْ: لَا تَقْطَعُوا مِمَّا أَفَاءَ اللَّهُ عَلَيْنَا. وَقَالَ بَعْضُهُمْ: اقْطَعُوا لِنُغِيظَهُمْ بِذَلِكَ. فَنَزَلَتِ الْآيَةُ بِتَصْدِيقِ مَنْ نَهَى عَنِ الْقَطْعِ وَتَحْلِيلِ مَنْ قَطَعَ مِنَ الْإِثْمِ.
বাংলা অনুবাদ: তাদের কেউ বললেন, আল্লাহ আমাদের যে সম্পদ দেবেন, তা থেকে গাছ কেটো না। অন্যরা বললেন, গাছ কাটো, যাতে তাদের ক্রুদ্ধ করা যায়। এরপর আয়াত নাজিল হয়ে যারা গাছ কাটতে নিষেধ করেছিল তাদের অবস্থানকে সমর্থন করে এবং যারা গাছ কেটেছিল তাদের পাপ থেকে মুক্ত ঘোষণা করে।
কুরতুবি গাছ কাটার পরিমাণ সম্পর্কেও পৃথক বর্ণনা সংরক্ষণ করেছেন। কাতাদা ও দাহহাকের সূত্রে ছয়টি খেজুরগাছ কাটা ও পোড়ানোর কথা এসেছে; ইবনে ইসহাকের সূত্রে একটি গাছ কাটা এবং একটি গাছ পোড়ানোর কথা উল্লেখ করা হয়েছে। বর্ণনাগুলোর সংখ্যাগত পার্থক্য থাকলেও সবগুলোতেই মুহাম্মদের অনুমোদনে বনু নাজীরের গাছ ধ্বংসের ঘটনা উপস্থিত। সংখ্যার এই পার্থক্য থেকে মূল ঘটনার অস্তিত্ব মুছে যায় না। বরং কুরতুবির আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ পায়: অল্পসংখ্যক গাছ কাটা হলেও তা নিয়ে বনু নাজীরের লোকেরা প্রতিবাদ করেছেন এবং মুসলমানদের মধ্যেও প্রশ্ন উঠেছে। ফলে সম্পত্তিবিনাশের নৈতিক সমস্যা শুধু ক্ষতির পরিমাণ দিয়ে নির্ধারিত হচ্ছে না; শত্রুর উৎপাদনশীল সম্পদ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা এবং সেটিকে অপমানের মাধ্যম হিসেবে ব্যবহার করাও এই ঘটনার গুরুত্বপূর্ণ উপাদান।
বনু নাজীরের উচ্ছেদ, বসতবাড়ি ধ্বংস এবং সম্পত্তির মালিকানা হস্তান্তর
বনু নাজীরের খেজুরগাছ কাটা ও পোড়ানোর ঘটনাকে তাদের বৃহত্তর উচ্ছেদ ও সম্পত্তি হারানোর ঘটনা থেকে বিচ্ছিন্ন করলে সেই অভিযানের অর্থনৈতিক তাৎপর্য অসম্পূর্ণ থেকে যায়। সূরা হাশরের দ্বিতীয় আয়াতে মদিনা থেকে একদল আহলে কিতাবকে তাদের বসতভিটা থেকে বের করে দেওয়ার কথা এসেছে। একই আয়াতে তাদের দুর্গের ওপর নির্ভরতার কথা, মুসলিম বাহিনীর চাপ এবং বসতবাড়ি ধ্বংসের বিবরণ রয়েছে। তৃতীয় আয়াতে তাদের নির্বাসনের বিধানের কথাও বলা হয়েছে। অর্থাৎ বনু নাজীরের বিরুদ্ধে অভিযান শুধু কিছু গাছ কাটা বা পোড়ানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না; এর পরিণতিতে গোত্রটি নিজেদের বসতভিটা থেকে বিতাড়িত হয় এবং তাদের স্থাবর সম্পত্তির নিয়ন্ত্রণ বদলে যায় [19] [20]।
يُخْرِبُونَ بُيُوتَهُمْ بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ.
বাংলা অনুবাদ: তারা নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও নিজেদের ঘরবাড়ি ধ্বংস করছিল। অতএব, হে অন্তর্দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা, তোমরা শিক্ষা গ্রহণ করো।
— কোরআন, সূরা হাশর ৫৯:২
কুরতুবির তাফসির অনুযায়ী অবরোধের পর বনু নাজীরের লোকেরা আত্মসমর্পণ করেন এবং নিজেদের প্রাণরক্ষার বিনিময়ে মদিনা ছেড়ে যেতে সম্মত হন। তাঁদের সঙ্গে বহনযোগ্য সম্পদ নেওয়ার অনুমতি ছিল, তবে অস্ত্র নেওয়ার অনুমতি ছিল না। গোত্রটির উল্লেখযোগ্য কয়েকজন নেতা খায়বারে চলে যান এবং অন্যরা সিরিয়ার দিকে যাত্রা করেন। স্থায়ী বসতি, কৃষিজমি এবং খেজুরবাগান বহন করে নিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে একজন ব্যক্তির সঙ্গে কিছু বহনযোগ্য সম্পত্তি নেওয়ার সুযোগ থাকা এবং নিজের উৎপাদনশীল জমি ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ভিত্তির ওপর মালিকানা বজায় রাখা এক বিষয় নয়। উচ্ছেদের ফলে বনু নাজীর কেবল বসবাসের স্থান হারায়নি; তাদের জমি ও বাগানের নিয়ন্ত্রণও মুসলিম পক্ষের হাতে চলে যায় [21]।
এই সম্পত্তি হস্তান্তর ইসলামের একটি স্বতন্ত্র সম্পত্তিগত বিধানের সঙ্গেও যুক্ত। সূরা হাশরের ষষ্ঠ আয়াতে যুদ্ধ ছাড়াই মুসলমানদের কর্তৃত্বে আসা সম্পদকে আল্লাহর পক্ষ থেকে রাসুলকে দেওয়া সম্পদ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসলামি ফিকহে এই শ্রেণির সম্পদকে ফাই বলা হয়। সাধারণ যুদ্ধলব্ধ সম্পদের সঙ্গে এর পার্থক্য হলো, এখানে প্রচলিত যুদ্ধের মাধ্যমে অর্জিত সম্পদের মতো যোদ্ধাদের মধ্যে সরাসরি বণ্টনের নিয়ম প্রযোজ্য হয় না। বনু নাজীরের সম্পত্তিকে এই শ্রেণির অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে একটি গোত্রের উচ্ছেদের পর তার পরিত্যক্ত ভূমি ও সম্পদ মুহাম্মদের নিয়ন্ত্রণে আসার জন্য কোরআনিক ভিত্তিও প্রতিষ্ঠিত হয় [22]।
وَمَا أَفَاءَ اللَّهُ عَلَىٰ رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَلَا رِكَابٍ وَلَٰكِنَّ اللَّهَ يُسَلِّطُ رُسُلَهُ عَلَىٰ مَنْ يَشَاءُ.
বাংলা অনুবাদ: আল্লাহ তাদের কাছ থেকে তাঁর রাসুলকে যে সম্পদ দিয়েছেন, তার জন্য তোমরা ঘোড়া বা উট ছুটিয়ে যুদ্ধাভিযান পরিচালনা করোনি; বরং আল্লাহ যাকে ইচ্ছা তাঁর রাসুলদের মাধ্যমে কর্তৃত্ব প্রদান করেন।
— কোরআন, সূরা হাশর ৫৯:৬
ইমাম তাবারি এই আয়াতের ব্যাখ্যায় সরাসরি বলেছেন, এখানে বনু নাজীরের সম্পদের কথা বলা হয়েছে। তাঁর বর্ণনায় বনু নাজীরের জমি ও সম্পত্তি মুহাম্মদের বিশেষ নিয়ন্ত্রণে আসে, কারণ এই সম্পত্তি প্রচলিত যুদ্ধের মাধ্যমে দখল করা হয়নি; সমঝোতার মাধ্যমে গোত্রটির নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে। তাবারি যুহরির সূত্রে উল্লেখ করেছেন, মুহাম্মদ পরে বনু নাজীরের সম্পত্তি প্রধানত মক্কা থেকে আগত মুহাজিরদের মধ্যে বণ্টন করেন; আনসারদের মধ্যে প্রয়োজনগ্রস্ত দুজন ছাড়া অন্যদের সেই বণ্টন থেকে অংশ দেওয়া হয়নি। অর্থাৎ বনু নাজীরের কৃষি ও ভূমিসম্পদ তাদের কাছ থেকে সরিয়ে নতুন রাজনৈতিক সম্প্রদায়ের সদস্যদের অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে ব্যবহার করা হয়েছিল [23]।
فَكَانَتْ بَنُو النَّضِيرِ لِلنَّبِيِّ خَالِصَةً لَمْ يَفْتَحُوهَا عَنْوَةً بَلْ عَلَى صُلْحٍ فَقَسَمَهَا النَّبِيُّ بَيْنَ الْمُهَاجِرِينَ لَمْ يُعْطِ الْأَنْصَارَ مِنْهَا شَيْئًا إِلَّا رَجُلَيْنِ كَانَتْ بِهِمَا حَاجَةٌ.
বাংলা অনুবাদ: বনু নাজীরের সম্পত্তি নবীর বিশেষ অধিকারে আসে। মুসলমানরা যুদ্ধ করে তা দখল করেনি, বরং সমঝোতার মাধ্যমে পেয়েছিল। এরপর নবী তা মুহাজিরদের মধ্যে বণ্টন করেন। আনসারদের মধ্যে অভাবগ্রস্ত দুজন ছাড়া অন্য কাউকে সেখান থেকে কিছু দেননি।
এই সম্পত্তি হস্তান্তরের ঘটনায় বৃক্ষনিধনের অর্থনৈতিক তাৎপর্য আরও বিস্তৃত হয়। বনু নাজীরের লোকদের জমি, বসতি ও কৃষিসম্পদ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল; সেই সম্পত্তির একটি অংশ নতুন মালিকানায় চলে যায়। গাছ পোড়ানো ও ধ্বংসের কাজটি সংঘটিত হয়েছিল এই বৃহত্তর অবরোধ, উচ্ছেদ এবং সম্পত্তি পুনর্বণ্টনের প্রক্রিয়ার মধ্যে। ফলে বনু নাজীরের ঘটনার অর্থনৈতিক ক্ষতি শুধু কতটি খেজুরগাছ কাটা হয়েছিল, সেই সংখ্যায় সীমাবদ্ধ নয়। তাদের স্থায়ী বসতভিটা থেকে উচ্ছেদ, ভূমি হারানো এবং বংশপরম্পরায় গড়ে ওঠা সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারানো ছিল আরও গভীর ও দীর্ঘস্থায়ী পরিণতি। যে সম্পদ এক জনগোষ্ঠীর জীবিকার ভিত্তি ছিল, সেটি তাদের হাত থেকে সরিয়ে অন্য জনগোষ্ঠীর অর্থনৈতিক শক্তি বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়েছে। এই বাস্তবতা বনু নাজীরের বিরুদ্ধে অভিযানকে শুধু সামরিক বিজয়ের ঘটনা নয়, সম্পত্তির মালিকানা ও অর্থনৈতিক ক্ষমতার পরিবর্তনের ঘটনাতেও পরিণত করে।
কোরআন ২:২০৫ এবং ৫৯:৫: ফসল ধ্বংসের নিন্দা ও ঐশ্বরিক অনুমোদনের দ্বৈত মানদণ্ড
কোরআনের সূরা বাকারার ২০৫ নম্বর আয়াতে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি, ফসল ধ্বংস এবং জীবনের ধারাবাহিকতা বিনষ্ট করার নিন্দা করা হয়েছে। আয়াতটির বক্তব্য অনুযায়ী, যে ব্যক্তি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে গিয়ে ফসল ও বংশধারা ধ্বংস করে, আল্লাহ সেই বিপর্যয় পছন্দ করেন না। এখানে কৃষিজ উৎপাদন ধ্বংস করাকে নিছক সম্পদের ক্ষতি হিসেবে নয়, বরং বৃহত্তর সামাজিক বিপর্যয়ের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে। মানুষের খাদ্য উৎপাদন এবং জীবনের ধারাবাহিকতার সঙ্গে এই ধ্বংসের সম্পর্ক সরাসরি উপস্থিত। অথচ সূরা হাশরের পঞ্চম আয়াতে বনু নাজীরের খেজুরগাছ কাটা এবং অক্ষত রাখাকে আল্লাহর অনুমতিপ্রাপ্ত কাজ হিসেবে ঘোষণা করা হয়েছে। দুটি আয়াতের এই ভিন্ন অবস্থান ধর্মীয় কর্তৃত্ব ও নৈতিক বিধানের সামঞ্জস্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সৃষ্টি করে [24] [25]।
وَإِذَا تَوَلَّىٰ سَعَىٰ فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ.
বাংলা অনুবাদ: আর যখন সে ফিরে যায়, তখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে এবং ফসল ও বংশধারা ধ্বংস করতে চেষ্টা করে। আল্লাহ বিপর্যয় সৃষ্টি পছন্দ করেন না।
— কোরআন, সূরা বাকারা ২:২০৫
ইমাম তাবারির তাফসিরে এই আয়াতের ব্যাখ্যা আরও তাৎপর্যপূর্ণ। তিনি সুদ্দির সূত্রে উল্লেখ করেছেন, আয়াতটির পটভূমিতে একজন ব্যক্তির মুসলমানদের ফসল পুড়িয়ে দেওয়া এবং তাদের প্রাণীদের হত্যা করার বিবরণ রয়েছে। তাবারি ফসল ধ্বংসের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে সরাসরি ফসল পোড়ানোর কথাও বলেছেন। অর্থাৎ আয়াতে ব্যবহৃত ইহলাকুল হারস—ফসল ধ্বংস—বাক্যটির মধ্যে অগ্নিসংযোগের মাধ্যমে কৃষিজ উৎপাদন নষ্ট করার ঘটনাও অন্তর্ভুক্ত হয়েছে। যে কাজ অন্যের মাধ্যমে সংঘটিত হলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হিসেবে চিহ্নিত হচ্ছে, বনু নাজীরের ক্ষেত্রে সেই ধরনের বৃক্ষনিধন ও অগ্নিসংযোগ ধর্মীয় অনুমোদন পেয়েছে [26]।
وَإِهْلَاكُهُ الزَّرْعَ إِحْرَاقُهُ. وَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ كَمَا قَالَ مُجَاهِدٌ بِاحْتِبَاسِ الْقَطْرِ مِنْ أَجْلِ مَعْصِيَتِهِ رَبَّهُ وَسَعْيِهِ بِالْإِفْسَادِ فِي الْأَرْضِ.
বাংলা অনুবাদ: তার ফসল ধ্বংস করার অর্থ হলো তা পুড়িয়ে দেওয়া। আবার মুজাহিদের বক্তব্য অনুযায়ী, তার অবাধ্যতা ও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির কারণে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমেও ফসল নষ্ট হওয়ার অর্থ হতে পারে।
এখানে দুটি আয়াতের ভাষাগত পার্থক্যের চেয়ে গভীর বিষয় হলো নৈতিক বিচারের ভিত্তি। সূরা বাকারা ২:২০৫-এ অন্যের ফসল ধ্বংস করা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী ব্যক্তির আচরণের অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে সূরা হাশর ৫৯:৫-এ বনু নাজীরের খেজুরগাছ কাটা ও পোড়ানোর পক্ষে আল্লাহর অনুমোদন ঘোষণা করা হয়েছে এবং সেই অনুমোদনের উদ্দেশ্য হিসেবে প্রতিপক্ষকে লাঞ্ছিত করার কথা বলা হয়েছে। অর্থাৎ কৃষিজ সম্পত্তির ক্ষতি নিজে নৈতিক বিচারের একমাত্র ভিত্তি হয়ে থাকেনি; কার বিরুদ্ধে এবং কার কর্তৃত্বে সেই ক্ষতি করা হচ্ছে, সেটিও সিদ্ধান্তের নির্ধারক হয়ে উঠেছে। একই ধরনের সম্পত্তিবিনাশ এক ক্ষেত্রে নিন্দিত বিপর্যয়ের অংশ, অন্য ক্ষেত্রে ধর্মীয়ভাবে অনুমোদিত শত্রুদমন। এই অবস্থান সর্বজনীন নৈতিকতার ধারণার সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে, কারণ ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, সম্পদ ও জীবিকার মূল্য তার ধর্মীয় পরিচয় পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হওয়ার কথা নয়।
বনু নাজীরের ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, গাছ কাটার অনুমোদনের সঙ্গে “ওয়া লিইউখযিয়াল ফাসিকিন”—অর্থাৎ অবাধ্যদের লাঞ্ছিত করার উদ্দেশ্য—সরাসরি যুক্ত করা হয়েছে। এটি নিছক অনিচ্ছাকৃত পার্শ্বক্ষতির বিবরণ নয়। শত্রুকে অপমানিত করার উদ্দেশ্য এখানে ধর্মীয়ভাবে স্বীকৃত হয়েছে। তাবারি ও কুরতুবির বিবরণে বনু নাজীরের প্রতিবাদ এবং মুসলমানদের মধ্যকার সংশয়ের পর এই অনুমোদনের আবির্ভাব দেখা যায়। শাফেয়ি সেই অনুমোদনকে সাধারণ ফিকহি বিধানে সম্প্রসারিত করেছেন, আর নববি যুদ্ধরত অমুসলিমদের গাছ কাটা ও পোড়ানোর বৈধতাকে বহু ফকিহের স্বীকৃত অবস্থান হিসেবে উপস্থাপন করেছেন। ফলে একটি অভিযানে সংঘটিত সম্পত্তিবিনাশ শুধু ঘটনার মধ্যেই শেষ হয়নি; তা ধর্মীয় বিধান ও পরবর্তী যুদ্ধনীতির আলোচনায় স্থায়ী স্থান পেয়েছে।
একটি জনগোষ্ঠীর ওপর সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, তাদের উৎপাদনশীল সম্পত্তি ধ্বংস, বসতভিটা থেকে উচ্ছেদ এবং সেই সম্পত্তি অন্যদের মধ্যে বণ্টন—বনু নাজীরের ঘটনায় এই বিষয়গুলো পরস্পরের সঙ্গে যুক্ত। ধ্রুপদী ইসলামি গ্রন্থগুলো সেই ঘটনাগুলোর বিবরণ যেমন সংরক্ষণ করেছে, তেমনি শত্রুর সম্পদ ধ্বংসের ধর্মীয় ও আইনগত অনুমোদনও প্রতিষ্ঠা করেছে। এই অনুমোদনের নৈতিক সমস্যা শুধু গাছ পোড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়; এর গভীরে রয়েছে এমন একটি ক্ষমতাকাঠামো, যেখানে বিজয়ী পক্ষের ধর্মীয় কর্তৃত্ব পরাজিত পক্ষের সম্পত্তি, জীবিকা ও বসতির ভবিষ্যৎ নির্ধারণ করে। ধর্মীয় অনুমোদন কোনো জনগোষ্ঠীর ক্ষতিকে নৈতিকভাবে গ্রহণযোগ্য করে তোলে না। মানুষের খাদ্য, কৃষিসম্পদ ও জীবনধারণের উপকরণ ধ্বংস করে তাকে দুর্বল ও অপমানিত করার উদ্দেশ্য নিজেই গভীরভাবে অমানবিক।
অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের নৈতিক সমস্যা
কৃষিজমি ও ফলবান গাছ শুধু সম্পত্তি নয়; এগুলো খাদ্য, আয়, ব্যবসা এবং পরিবারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত। যুদ্ধের মধ্যে এসব সম্পদ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হলে তার ক্ষতি শুধু সম্পত্তির মালিকের ওপর সীমাবদ্ধ থাকে না; কৃষিশ্রমিক, পরিবার এবং স্থানীয় বিনিময়ব্যবস্থাও আক্রান্ত হতে পারে। বনু নাজীরের ক্ষেত্রে তাফসিরে গাছ কাটা ও পোড়ানোর ভিন্ন সংখ্যার বর্ণনা রয়েছে, তাই কতটা কৃষি উৎপাদন নষ্ট হয়েছিল তা নির্দিষ্ট করে বলা যায় না। কিন্তু ধ্বংসের উদ্দেশ্য হিসেবে লাঞ্ছনা ও শত্রুকে দুর্বল করার কথা এসেছে, আর পরবর্তী উচ্ছেদে গোত্রটি তার জমি ও স্থায়ী সম্পত্তির নিয়ন্ত্রণ হারিয়েছে। গাছ কাটা ও সম্পত্তি হস্তান্তর—এই দুই ঘটনাকে একত্রে দেখলে তাদের ওপর প্রয়োগ করা অর্থনৈতিক চাপের প্রকৃতি স্পষ্ট হয়।
বনু নাজীরের বিরুদ্ধে কথিত ষড়যন্ত্রের অভিযোগ থেকে গোত্রটির সব সদস্যের কৃষিসম্পত্তি ধ্বংস করার নৈতিক অধিকার জন্মায় না। কোরআন ৫৯:৫-এ গাছ কাটার অনুমোদনের সঙ্গে প্রতিপক্ষকে লাঞ্ছিত করার কথা সরাসরি এসেছে; কুরতুবির তাফসিরেও শত্রুকে ক্রুদ্ধ ও দুর্বল করার উদ্দেশ্য আলোচিত হয়েছে। সামরিক প্রতিপক্ষকে মোকাবিলা করা এবং তার কৃষি ও বসতিসম্পত্তি ধ্বংস করে চাপ সৃষ্টি করা এক বিষয় নয়। আধুনিক আন্তর্জাতিক মানবিক আইনে সমষ্টিগত শাস্তি নিষিদ্ধ এবং অপর পক্ষের সম্পত্তি ধ্বংসের ক্ষেত্রে কঠোর সামরিক প্রয়োজনীয়তার বিধান রয়েছে [3] [27]।
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী নৈতিক মূল্যায়ন
আধুনিক সভ্যতায় যুদ্ধকালীন আচরণের জন্য সুনির্দিষ্ট কিছু আন্তর্জাতিক নীতিমালা রয়েছে, যা ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’ (IHL) বা আন্তর্জাতিক মানবিক আইন নামে পরিচিত। এই আইনের মূল লক্ষ্য হলো যুদ্ধের ভয়াবহতা সীমিত করা এবং যারা সরাসরি যুদ্ধে লিপ্ত নয় (বেসামরিক জনগণ), তাদের জীবন ও সম্পদ রক্ষা করা। এই মানদণ্ডে বনু নাজীরের খেজুরগাছ ধ্বংসের উদ্দেশ্য, সামরিক প্রয়োজনীয়তা এবং বেসামরিক সম্পদের মর্যাদা বিচার করলে কাজটির নৈতিক সমস্যা স্পষ্ট হয়।
১৯৪৯ সালের চতুর্থ জেনেভা কনভেনশনের ৫৩ নম্বর অনুচ্ছেদে দখলকৃত ভূখণ্ডে দখলদার শক্তির দ্বারা সম্পত্তি ধ্বংস সম্পর্কে বলা হয়েছে:
“Any destruction by the Occupying Power of real or personal property belonging individually or collectively to private persons… is prohibited, except where such destruction is rendered absolutely necessary by military operations.” [28]
এই অনুচ্ছেদটি দখলকৃত ভূখণ্ডে দখলদার শক্তির সম্পত্তি ধ্বংসের ওপর বিধিনিষেধ আরোপ করে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের সম্পত্তির ক্ষেত্রে আরও সাধারণ নীতি হলো—অপরিহার্য সামরিক প্রয়োজন ছাড়া সম্পত্তি ধ্বংস বা দখল নিষিদ্ধ [27]।
বনু নাজীরের ঘটনায় গাছ ধ্বংসের উদ্দেশ্য হিসেবে উৎসে শত্রুকে লাঞ্ছিত করা, ক্রুদ্ধ করা ও দুর্বল করার কথা এসেছে। ফলবান গাছের ওপর নির্দিষ্ট কোনো অবিলম্বে-বিদ্যমান সামরিক হুমকির বিবরণ পাওয়া যায় না। এই তথ্যগুলোর সঙ্গে আধুনিক মানবিক আইনের নীতিগুলো তুলনা করলে কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা সামনে আসে:
বনু নাজীরের গাছ কাটার ঘটনায় উৎসগুলো শত্রুকে অপমানিত ও দুর্বল করার উদ্দেশ্য সংরক্ষণ করেছে। কৃষি ও জীবিকাসম্পদকে এমন উদ্দেশ্যে বিনষ্ট করা সামরিক প্রতিরোধের চেয়ে প্রতিপক্ষের জীবনযাত্রার ওপর চাপ প্রয়োগের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। আন্তর্জাতিক মানবিক আইনের সম্পত্তি সুরক্ষা ও সমষ্টিগত শাস্তিবিরোধী নীতির আলোকে এই আচরণের নৈতিক অগ্রহণযোগ্যতা স্পষ্ট।
পরিবেশ ও টেকসই উন্নয়নের দৃষ্টিকোণ
আধুনিক বিশ্বে পরিবেশ সংরক্ষণ কেবল একটি শখ নয়, বরং এটি মানবজাতির অস্তিত্ব রক্ষার এক অনিবার্য সংগ্রাম। বনু নাজীরের ফলবান খেজুরগাছ কাটা ও পোড়ানোর ঘটনাটি অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি প্রকৃতি ও উৎপাদনশীল সম্পদের প্রতি আচরণের নৈতিক প্রশ্নও সামনে আনে। মরুভূমির চরম আবহাওয়ায় একটি সবুজ বাগান গড়ে তোলা এবং তা টিকিয়ে রাখা বছরের পর বছর নিরবচ্ছিন্ন শ্রম ও সাধনার ফসল।
বনু নাজীরের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত অভিযোগ থাকলেও তা প্রতিপক্ষের ফলবান গাছ ধ্বংস করে তাকে লাঞ্ছিত করার নৈতিক অনুমতি দেয় না। কাটা ও পোড়ানো গাছের সংখ্যা নিয়ে উৎসে ভিন্ন বর্ণনা থাকলেও ইচ্ছাকৃত বৃক্ষনিধন এবং তার ধর্মীয় অনুমোদনের ঘটনা প্রতিষ্ঠিত। উৎপাদনশীল সম্পদকে শত্রুদমনের হাতিয়ার বানানো প্রকৃতি ও মানুষের জীবিকার প্রতি অবজ্ঞার পরিচয়।
দ্বিমুখী নীতি: যুদ্ধকৌশল না নির্মমতা?
ইসলামী ঐতিহাসিক ও রক্ষণশীল চিন্তাবিদগণ বনু নাজীর গোত্রের খেজুর বাগান ধ্বংসের ঘটনাকে প্রায়ই একটি ‘অনিবার্য যুদ্ধকৌশল’ হিসেবে জায়েজ করার চেষ্টা করেন। তাদের মতে, এটি ছিল শত্রুকে আত্মসমর্পণ করতে বাধ্য করার একটি মনস্তাত্ত্বিক চাল। তবে এই ব্যাখ্যার গভীরে প্রবেশ করলে এক চরম নৈতিক দ্বিচারিতা (Moral Double Standard) বা দ্বিমুখী নীতির দেখা মেলে, যা কোনো নিরপেক্ষ ও যুক্তিবাদী মন গ্রহণ করতে পারে না।
এই দ্বিমুখী নীতিটি আমরা নিচের কয়েকটি পয়েন্টে বিশ্লেষণ করতে পারি:
পরিশেষে, এই ঘটনাটি প্রমাণ করে যে ধর্মের দোহাই দিয়ে যেকোনো অনৈতিক কাজকে ‘পবিত্র’ হিসেবে চালিয়ে দেওয়ার একটি প্রবণতা শুরু থেকেই ছিল। যাকে ‘যুদ্ধকৌশল’ বলে মহিমান্বিত করা হচ্ছে, তা আসলে ছিল এক চরম সাম্প্রদায়িক নির্মমতা এবং ক্ষমতার দাপট। যখন আদর্শ কেবল নিজের সুবিধার্থে নিয়ম পরিবর্তন করে, তখন তাকে আর নৈতিক আদর্শ বলা চলে না, বরং তা এক প্রকার ‘মোরল ইনকন্সিসটেন্সি’ (Moral Inconsistency) বা নৈতিক বেইমানি হিসেবেই প্রতিভাত হয়।
উপসংহার
বনু নাজীরের খেজুরগাছ কাটা ও পোড়ানোর ঘটনা সহিহ হাদিস এবং কোরআন ৫৯:৫-এ সংরক্ষিত। তাবারি ও কুরতুবির তাফসিরে আক্রান্ত গোত্রের প্রতিবাদ ও মুসলমানদের মধ্যকার সংশয়ের বিবরণও পাওয়া যায়। এই ধ্বংসযজ্ঞকে আল্লাহর অনুমতি দিয়ে বৈধ ঘোষণা করা হয়েছিল এবং প্রতিপক্ষকে লাঞ্ছিত করার উদ্দেশ্য সরাসরি উল্লেখ করা হয়েছে। শত্রুর ফলবান গাছ ধ্বংস করার নৈতিক প্রশ্নটিকে এই ধর্মীয় অনুমোদন দূর করে না।
ধ্রুপদী ফিকহেও এই ঘটনার প্রভাব সুস্পষ্ট। আল-হিদায়া ও শাফেয়ির আল-উম্মে শত্রুর গাছ, ফসল, ঘরবাড়ি ও অন্যান্য সম্পত্তি ধ্বংসের অনুমোদন এসেছে; নববি এই অবস্থানের সমর্থক বহু ফকিহের নাম উল্লেখ করেছেন। অন্যদিকে আবু বকরের ফলবান গাছ না কাটার নির্দেশ ও মুহাম্মদের বনু নাজীরের গাছ পোড়ানোর আচরণের পার্থক্য ইবনে রুশদ নিজেই ফিকহি মতভেদের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। যুদ্ধের মধ্যেও কৃষিসম্পদ রক্ষার নীতি যে সম্ভব ছিল, আবু বকরের নির্দেশ তারই সাক্ষ্য।
বনু নাজীরকে মদিনা থেকে উচ্ছেদ করে তাদের ভূমিসম্পত্তির নিয়ন্ত্রণ পরিবর্তন করাও এই ঘটনার গুরুত্বপূর্ণ পরিণতি। গাছ কাটা ও পোড়ানোর সংখ্যা সম্পর্কে বিভিন্ন বর্ণনা থাকলেও সম্পত্তি ধ্বংস, গোত্রের উচ্ছেদ এবং তাদের ভূমিসম্পদ অন্যদের মধ্যে বণ্টনের বিষয়গুলো পৃথকভাবে প্রতিষ্ঠিত। তাই অর্থনৈতিক ক্ষতির বিচার শুধু পোড়ানো গাছের সংখ্যায় সীমাবদ্ধ নয়। উৎপাদনশীল সম্পদ ধ্বংস ও একটি জনগোষ্ঠীকে বসতভিটা থেকে উৎখাত করা সামরিক ক্ষমতার ব্যবহার হলেও তা নিজে নৈতিক বৈধতার প্রমাণ নয়।
মানুষের খাদ্য, কৃষিসম্পদ এবং বসতভিটার প্রতি ন্যূনতম মর্যাদা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিবর্তিত হয় না। শত্রুকে অপমানিত করার জন্য তার উৎপাদনশীল সম্পদ ধ্বংস করা এবং পরে সেই কাজকে ঐশ্বরিক অনুমোদন দিয়ে বৈধতা দেওয়া সর্বজনীন নৈতিকতার সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে। ধর্মীয় ক্ষমতা কোনো জনগোষ্ঠীর জীবিকা ও সম্পত্তি বিনষ্ট করার নৈতিক অধিকার সৃষ্টি করে না।
তথ্যসূত্রঃ
- জেনেভা কনভেনশন ৪, অনুচ্ছেদ ৫৩ ↩︎
- প্রটোকল ১, জেনেভা কনভেনশন, অনুচ্ছেদ ৫৪ ↩︎
- জেনেভা কনভেনশন IV, অনুচ্ছেদ ৩৩ 1 2
- কোরআন ৫৯:৫ 1 2
- তাফসীরে ইবনে কাসীর, ইসলামিক ফাউন্ডেশন, খণ্ড ১১, পৃষ্ঠা ২৭ ↩︎
- সহীহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ২১৭৫ ↩︎
- সহীহ মুসলিম, হাদিস একাডেমী, হাদিসঃ ৪৪৪৪ ↩︎
- সহীহ মুসলিম, হাদিস একাডেমী, হাদিসঃ ৪৪৪৫ ↩︎
- আল হিদায়া, শায়খুল ইসলাম বুরহানুদ্দীন আলী ইব্ন আবূ বকর আল-ফারগানী আল-মারগীনানী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৪৩২ ↩︎
- ইমাম শাফেয়ি, আল-উম্ম, চতুর্থ খণ্ড, আল-খিলাফ ফিত তাহরিক ↩︎
- ইমাম শাফেয়ি, আল-উম্ম, ফি কাতইশ শাজারি ওয়া হারকিল মানাজিল ↩︎
- ইমাম নববি, শরহ সহিহ মুসলিম, কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার, খণ্ড ১২, বাবু জাওয়াজি কাতই আশজারিল কুফফারি ওয়া তাহরিকিহা ↩︎
- ইবনে রুশদ, বিদায়াতুল মুজতাহিদ, কিতাবুল জিহাদ, শত্রুর সম্পত্তি ধ্বংসের বিধান ↩︎
- মুওয়াত্তা ইমাম মালিক, কিতাবুল জিহাদ, আবু বকরের দশ নির্দেশ ↩︎
- ইমাম শাফেয়ি, আল-উম্ম, আল-খিলাফ ফিত তাহরিক ↩︎
- ইমাম তাবারি, জামিউল বায়ান, সূরা হাশর ৫৯:৫-এর তাফসির ↩︎
- তাফসিরে তাবারি, সূরা হাশর ৫৯:৫, মুজাহিদ ও কাতাদার বর্ণনা ↩︎
- ইমাম কুরতুবি, আল-জামি লি আহকামিল কোরআন, সূরা হাশর ৫৯:৫ ↩︎
- কোরআন, সূরা হাশর ৫৯:২ ↩︎
- কোরআন, সূরা হাশর ৫৯:৩ ↩︎
- তাফসিরে কুরতুবি, সূরা হাশর ৫৯:৫, বনু নাজীরের উচ্ছেদের বিবরণ ↩︎
- কোরআন, সূরা হাশর ৫৯:৬ ↩︎
- ইমাম তাবারি, জামিউল বায়ান, সূরা হাশর ৫৯:৬-এর তাফসির ↩︎
- কোরআন, সূরা বাকারা ২:২০৫ ↩︎
- কোরআন, সূরা হাশর ৫৯:৫ ↩︎
- ইমাম তাবারি, জামিউল বায়ান, সূরা বাকারা ২:২০৫-এর তাফসির ↩︎
- ICRC, প্রথাগত আন্তর্জাতিক মানবিক আইন, বিধি ৫০ 1 2
- Geneva Convention IV, Article 53 ↩︎
- তফসির ইবনে কাসীর, খণ্ড ১১, পৃষ্ঠা ২৭ 1 2 3
- Geneva Convention IV, Article 33 ↩︎
- Protocol I Additional to the Geneva Conventions, Article 54 ↩︎
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP), পরিবেশ ও যুদ্ধ সংঘাত নীতিমালা ↩︎
- Protocol I Additional to the Geneva Conventions, Article 35(3) ↩︎
- সহীহ মুসলিম, হাদিস নং ৪৪৪৪ ↩︎
- মুওয়াত্তা ইমাম মালিক, হাদিস নং ৯৬৫ ↩︎

