আবু বকর দাস প্রহার এবং নবীর মুচকি হাসিঃ অনুমোদনের এক নীরব দলিল

ভূমিকাঃ দাস প্রহার ও মুহাম্মদের মুচকি হাসি—অনুমোদনের এক নীরব দলিল

ইসলামে বিশ্বাসী ধার্মিকরা প্রায়শই দাবি করেন যে, ইসলাম দাসের অধিকার সুনিশ্চিত করেছে এবং তাদের প্রতি কঠোরতা নিষিদ্ধ করেছে। তারা খুব জোর গলায় এটিও দাবী করে এবং প্রচার করে যে, ইসলাম নাকি এমন বিধান দিয়েছে যে, দাসকে একটি চড় মারলেও তাকে মুক্ত করে দিতে একজন মুসলিম বাধ্য, এটি নাকি ইসলামের বিধান! কিন্তু প্রামাণিক হাদিস গ্রন্থের পাতা উল্টালে এক ভিন্ন ও নিষ্ঠুর বাস্তবতা ফুটে ওঠে। বিদায় হজের মতো এক সংবেদনশীল ধর্মীয় মুহূর্তেও খলিফা আবু বকরের নিজের দাসকে নিষ্ঠুরভাবে প্রহার করার ঘটনা এবং সেই দৃশ্যে নবী মুহাম্মদের রহস্যময় হাসি দাসের তথাকথিত ‘অধিকারের’ দাবিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। উল্লেখ্য, দাসদের প্রহারের এই সংস্কৃতি কিন্তু শুধু আবু বকরের জীবনেই পাওয়া যায় তা নয়, একই সংস্কৃতির নিদর্শন দেখা যায় প্রধানতম সাহাবী হিসেবে পরিগণিত উমর এবং আলীর জীবনেও।

ঘটনাটি ছিল এমন—সফরের মালপত্রসহ একটি উট হারিয়ে ফেলার অপরাধে আবু বকর তাঁর দাসকে মারধর করছিলেন। একজন ‘রহমাতুল্লিল আলামিন’ বা বিশ্বনবীর সামনে যখন একজন অসহায় দাসত্বের সেকলে আবদ্ধ মানুষকে পেটাতে দেখা যায়, তখন সাধারণ নৈতিকতা ও মানবিক বোধ বলে যে, তিনি সেটি থামাবেন। অন্তত আবু বকরকে একটু কড়া কথা বলবেন। অথচ মুহাম্মদ সেখানে কোনো বাধা তো দিলেনই না, বরং মুচকি হেসে উপস্থিতদের বললেন, “এই মুহরিম ব্যক্তির দিকে তাকাও, সে কী করছে!” ইসলামি উসুল বা ফিকহশাস্ত্র অনুযায়ী, কোনো কাজ দেখে নবীর নীরব থাকা বা তাতে কৌতুকপূর্ণ সম্মতি প্রকাশ করা সেই কাজের বৈধতা বা অনুমোদন (Taqrir) হিসেবে গণ্য হয়। ফলে এই হাসি স্রেফ একটি ভঙ্গি ছিল না, বরং এটি ছিল দাসের ওপর প্রভুর শারীরিক নির্যাতনের এক ধর্মীয় ও মনস্তাত্ত্বিক অনুমোদন।


হাদিসের বর্ণনাঃ দাস প্রহার ও মুহাম্মদের মুচকি হাসি

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মুহাম্মদের পরে ইসলামি সাম্রাজ্যের খলিফা আবু বকরের একজন দাস একটি উট হারিয়ে ফেলায় আবু বকর তাকে প্রহার করছিলেন, সেই দৃশ্য দেখে নবী মুহাম্মদ হাসছিলেন বলে হাদিস গ্রন্থ থেকে প্রমাণ পাওয়া যায় [1] [2]। এর অর্থ হচ্ছে, দাসকে প্রহারের সময় নবী তার কোন প্রতিবাদ তো করেনই নি, বরঞ্চ উৎসাহই দিয়েছেন।

সূনান আবু দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
৫/ হাজ্জ
পরিচ্ছেদঃ ২৮. ইহরা্ম অবস্থায় কোনো ব্যক্তি নিজ গোলামকে প্রহার করলে।
১৮১৮. আহমাদ ইবন হাম্বল (রহঃ) …… আসমা বিনত আবূ বাকর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা (বিদায় হজ্জের সময়) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ্জের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা আরাজ নামক স্থানে উপনীত হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাহন থেকে অবতরণ করলেন এবং আমরাও অবতরণ করলাম। আয়েশা (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পার্শ্বে উপবেশন করেন এবং আমি আমার পিতা (আবূ বাকর) এর পার্শ্বে উপবেশন করি। আবূ বাকর (রাঃ) ও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাদ্য পানীয় ও সফরের সরঞ্জাম একই সংগে আবূ বাকরের একটি গোলামের নিকট (একটি উষ্ট্রের পৃষ্ঠে) রক্ষিত ছিল।
আবূ বাকর (রাঃ) গোলামের অপেক্ষায় ছিলেন (যেন খাদ্য-পানীয় গ্রহণ করা যায়)। কিন্তু সে এমন অবস্থায় উপস্থিত হল যে, সে উট তার সাথে ছিল না। তিনি (আবূ বাকর) জিজ্ঞাসা করেন, তোমার সে উটটি কোথায়? জবাবে সে বলল, আমি গতকাল তাকে হারিয়ে ফেলেছি। আবূ বাকর (রাঃ) বলেন, মাত্র একটি উট, তুমি তাও হারিয়ে ফেললে? রাবী বলেন, তখন তিনি তাকে মারধর করেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলেনঃ তোমরা এ মুহরিম ব্যক্তির দিকে দেখ, কী করছে। রাবী ইবন আবূ রিয্‌মা বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উক্তির চাইতে অধিক কিছু বলেননি যে, ‘তোমরা এ মুহরিম ব্যক্তির দিকে দেখ কী কাজ করছে, আর তিনি মুচকি হাসছিলেন।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আসমা বিনতু আবূ বাকর (রাঃ)

আবু বকর দাসকে প্রহার করলো

অপরাধের ধরণ বনাম দাসের অসহায়ত্বঃ একটি উট বনাম একজন মানুষের মর্যাদা

যৌক্তিক বিশ্লেষণে বসলে প্রথমে যে প্রশ্নটি মনে জাগে তা হলো—দাসটি আসলে কী অপরাধ করেছিল? হাদিসের বর্ণনা অনুযায়ী, সে স্রেফ একটি উট হারিয়ে ফেলেছিল। মরুভূমির দীর্ঘ এবং ক্লান্তিকর যাত্রায় একটি অবলা প্রাণী হারিয়ে যাওয়া কোনো বিরল ঘটনা নয়, বরং এটি একটি অতি সাধারণ দুর্ঘটনা বা মানবিক ভুল। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, উট হারিয়ে ফেলায় দাসের নিজের কোনো ব্যক্তিগত লাভ ছিল না; সে কোনো চুরি করেনি কিংবা মালিকের সাথে বিশ্বাসঘাতকতাও করেনি। এটি ছিল স্রেফ একটি অসাবধানতা।

অথচ এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তাকে যেভাবে সবার সামনে পশুর মতো প্রহার করা হলো, তা প্রমাণ করে যে ইসলামি ব্যবস্থায় দাসের শরীরের ওপর তার নিজের কোনো অধিকার ছিল না। দাসের শরীর ছিল মালিকের একটি ‘পণ্য’ বা ‘সম্পত্তি’, যেখানে মালিক তার মেজাজ হারানোর বৈধ লাইসেন্স পেতেন। আবু বকরের মতো একজন উচ্চপর্যায়ের সাহাবী যখন ইহরাম বাঁধা অবস্থায়—যে অবস্থায় এমনকি একটি উকুন মারা বা গাছ কাটা পর্যন্ত নিষিদ্ধ—তখন একজন জীবন্ত মানুষকে অবলীলায় পিটিয়ে চলেছেন, সেটিই বলে দেয় ইসলামের তথাকথিত ‘মানবিকতা’ দাসের ক্ষেত্রে কতটা ঠুনকো ছিল।

সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো মুহাম্মদের অবস্থান। তিনি সেখানে উপস্থিত ছিলেন, সব দেখছিলেন। একজন সাধারণ নৈতিক বোধসম্পন্ন মানুষও যেখানে এমন অন্যায় দেখে বাধা দেওয়ার কথা, সেখানে মুহাম্মদ বিষয়টি নিয়ে কৌতুক করছিলেন। তিনি সাহাবীদের বলছিলেন, “এই মুহরিম ব্যক্তির (আবু বকর) কাণ্ড দেখো!” আর মুখে ছিল সেই চিরচেনা ‘মুচকি হাসি’। তার এই হাসি এবং নীরবতা কোনোভাবেই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি ছিল সেই যুগের নিষ্ঠুর দাসপ্রথার প্রতি তাঁর ধর্মীয় ও নৈতিক সিলমোহর। যদি একটি উট হারিয়ে ফেলার শাস্তি এভাবে পেটানো হয় এবং তাতে স্বয়ং নবীর সমর্থন থাকে, তবে দাসের ‘অধিকার’ নিয়ে ইসলামি বয়ানগুলো যে কত বড় প্রতারণা, তা সহজেই অনুমেয়।


অপব্যাখ্যার ব্যবচ্ছেদঃ ‘চড় মারলে আজাদ’ মিথ বনাম রূঢ় বাস্তবতা

ইসলামি অ্যাপোলজিস্টরা প্রায়শই একটি দুর্বল বা প্রেক্ষাপটবিচ্ছিন্ন বর্ণনা হাজির করে দাবি করেন যে, কোনো দাসকে চড় মারলে নাকি তাকে মুক্ত করে দেওয়া বাধ্যতামূলক! কিন্তু আবু বকরের এই দাস প্রহারের ঘটনাটি সেই দাবিকে সরাসরি আছাড় মারে। এখানে আবু বকর স্রেফ একটি চড় মারেননি, বরং হাদিসের শব্দ অনুযায়ী তাকে ‘মারধর’ (Beating) করছিলেন এবং তা চলছিল মুহাম্মদের উপস্থিতিতেই। যদি দাসকে সামান্যতম শারীরিক আঘাত করাও নিষিদ্ধ হতো কিংবা এর শাস্তি হিসেবে তাকে মুক্ত করে দেওয়া বাধ্যতামূলক হতো, তবে মুহাম্মদ সেখানেই আবু বকরকে থামাতেন এবং দাসটিকে মুক্ত করার নির্দেশ দিতেন। কিন্তু তিনি তা করেননি।

প্রকৃতপক্ষে, হাদিসশাস্ত্রে ‘তকরির’ (Taqrir) বা ‘মৌন সম্মতি’ বলে একটি গুরুত্বপূর্ণ পরিভাষা রয়েছে। যদি মুহাম্মদের সামনে কোনো কাজ হয় এবং তিনি তাতে বাধা না দেন, তবে সেটি ইসলামি শরীয়তে বৈধ কাজ হিসেবে গণ্য হয়। এখানে মুহাম্মদ কেবল চুপই থাকেননি, বরং হাসছিলেন। এই হাসি প্রমাণ করে যে, একজন দাসের অনিচ্ছাকৃত ভুলের জন্য তাকে শারীরিক নির্যাতন করা ইসলামি নৈতিকতায় কোনো অপরাধ নয়, বরং এটি মালিকের একটি বৈধ অধিকার।

অ্যাপোলজিস্টরা যে ‘দয়াপরবশ’ ইসলামের ছবি আঁকতে চান, তা আসলে একটি সুকৌশলী মিথ্যাচার। কারণ, খোদ মুহাম্মদের উপস্থিতিতেই তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ সহচর একজন মানুষকে পেটাচ্ছেন এবং মুহাম্মদ সেটা নিয়ে কৌতুক করছেন—এর চেয়ে বড় নিষ্ঠুরতা আর কী হতে পারে? একটি উট হারিয়ে ফেলা কোনো নৈতিক স্খলন নয়, এটি স্রেফ একটি দুর্ঘটনা। এই তুচ্ছ কারণে একজন মানুষের ওপর বর্বর আক্রমণকে যখন ‘নবুয়তি হাসি’ দিয়ে বৈধতা দেওয়া হয়, তখন দাসের অধিকার সম্পর্কিত যাবতীয় আধুনিক বয়ান স্রেফ অন্তঃসারশূন্য তত্ত্বে পরিণত হয়।


ইসলামি এপোলোজিস্টদের ‘মানবিক’ বনাম আইনি বাস্তবতা

ইসলামি বক্তারা যখন সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করেন, তখন তারা ইবনে ওমরের মতো গুটিকয়েক সাহাবীর ব্যক্তিগত উদাহরণ টেনে আনেন। তারা দাবি করেন, ইসলামে দাসকে চড় মারলেও নাকি তাকে মুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু এই দাবিটি যে একটি নির্লজ্জ মিথ্যাচার এবং আধুনিক সভ্যতার চোখে ধুলো দেওয়ার অপচেষ্টা, তা ইসলামি ফিকহ বা আইনশাস্ত্রের নির্ভরযোগ্য গ্রন্থগুলো থেকেই স্পষ্ট হয়ে যায়। ইবনে ওমর যখন তাঁর দাসকে আযাদ করার পর বলেছিলেন যে তিনি এর জন্য কোনো সওয়াব আশা করেন না কারণ এটি একটি কাফ্ফারা, তখন মূলত তিনি একটি নৈতিক অনুশোচনা থেকে কাজটি করেছিলেন। কিন্তু এই নৈতিকতাকে যখন আইনে রূপান্তর করার প্রশ্ন আসে, তখন ইসলামি আইনবিদরা দাসের অধিকারকে মালিকের মর্জির নিচেই চাপা দিয়ে রেখেছেন। ইযাহুল মুসলিম গ্রন্থে এই বিষয়টি অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে। আসুন ইযাহুল মুসলিম গ্রন্থ থেকে এই বিষয়টি জেনে নিই [3]

অধ্যায়: গোলাম বাঁদীর সাথে আচরণ প্রসঙ্গে
عَنْ زَاذَانَ أَنْ أَبِي عُمَرَ قَالَ : أَتَيْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ وَقَدْ اعْتَقَ مَمْلُوكًا ، قَالَ : فَأَخَذَ مِنَ الْأَرْضِ عَوْدًا أَوْ شَيْئًا فَقَالَ : مَا فِيهِ مِنَ الْأَجْرِ مَا يَسْتَوِي هَذَا إِلَّا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ : مَنْ لَطَمَ مَمْلُوكَهُ أَوْ ضَرَبَهُ فَكَفَّارَتُهُ أَنْ يُعْتِقَهُ .
‘যাযান (রহ.) বলেন, একদা আমি হযরত ইবনে ওমরের (রা.) কাছে আগমন করলাম। তিনি একটি গোলাম আযাদ করেছিলেন সে সময়। মাটি থেকে একটি কাঠের টুকরা বা এ জাতীয় কিছু হাতে নিয়ে বললেন-এই আযাদ করায় এই কাঠের টুকরা সমপরিমাণ সওয়াবেরও আশা করি না। কিন্তু আসল কথা হলো, হুযুর (সা.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি তার গোলামকে চড়-থাপ্পড় দিবে তার কাফ্ফারা হলো সেই গোলামকে আযাদ করা।
তিনি এজন্য সওয়াবের প্রত্যাশা করেননি। কারণ তিনি তাকে আঘাত করেছিলেন। হুযুর (সা.)-এর কথা মত আযাদ করা ছিল কাফ্ফারা স্বরূপ।
সুতরাং আযাদ করার বিশেষ সওয়াব আঘাত করার ক্ষতিপূরণ হিসেবে মনে করেছেন তিনি।
الدار و فكفارته ان يعتقه
আল্লামা নববী (রহ.) বলেন, সকল আলিম এ ব্যাপারে একমত যে, প্রহৃত গোলাম আযাদ করা ওয়াজিব নয় বরং মুস্তাহাব। ওয়াজিব না হওয়ার দলীল হযরত সুয়াদ ইবনে মুক্তিরনের হাদীস-তিনি বলেন, রাসূলের (সা.) যুগে আমাদের একটি মাত্র গোলাম ছিল। একদা আমাদের মধ্য হতে কেউ তাকে আঘাত করে। ঘটনা শুনে রাসূল (সা.) বলেন-তাকে আযাদ করে দাও। রাসূল (সা.)-কে বলা হলো, তাদের গোলাম এই একটিই। তখন তিনি বললেন-আপাতত খেদমত গ্রহণ করো, সুযোগ হলে আযাদ করে দিও।
কাজী ঈয়ায (রহ.) বলেন-সামান্য পরিমাণ আঘাত করলে আযাদ করা ওয়াজিব না এ ব্যাপারে সবাই একমত। তবে যদি আগুন দিয়ে পোড়ায় অথবা অঙ্গহানী করে কিংবা বিনা কারণে প্রচন্ড আঘাত করে তাহলে ইমাম মালেক ও ফকীহ আবূ লাইছের মতে তাকে আযাদ করা ওয়াজিব। কিন্তু অন্যান্য আলিমদের মতে এক্ষেত্রেও আযাদ করা ওয়াজিব নয়।

গোলাম বাঁদীর সাথে আচরণ

উপরোক্ত ফিকহী বিশ্লেষণটি লক্ষ্য করলে দেখা যায়, আল্লামা নববী এবং কাজী ঈয়াযের মতো শীর্ষস্থানীয় আলেমগণ একমত যে, প্রহৃত বা নির্যাতিত গোলামকে আযাদ করা কোনোভাবেই ‘ওয়াজিব’ বা বাধ্যতামূলক নয়। এটি কেবল একটি ‘মুস্তাহাব’ বা ঐচ্ছিক কাজ। এর অর্থ দাঁড়ায়—একজন মালিক তার দাসকে যত খুশি পেটাতে পারেন, তাতে কোনো আইনি দণ্ড নেই। এমনকি যদি মালিক তাকে আযাদ না-ও করেন, তবে পরকালে তার গুনাহ হতে পারে এমন একটি কাল্পনিক ভয় দেখানো ছাড়া দাসটিকে উদ্ধার করার কোনো বাস্তব আইনি পথ ইসলাম রাখেনি।

আরও ভয়াবহ বিষয় হলো, যদি সেই দাসের ওপর মালিকের প্রয়োজন ফুরিয়ে না যায়, তবে তাকে ব্যবহার করতে থাকার অনুমতিও স্বয়ং মুহাম্মদ দিয়েছেন। অর্থাৎ, একদিকে মারধর করা হচ্ছে, অন্যদিকে বলা হচ্ছে—‘এখনো ওর কাজ বাকি আছে, কাজ করিয়ে নাও, পরে সুযোগ হলে আযাদ করো’। এটি কি কোনো সুসভ্য আইনের ভাষা হতে পারে? দাসের জীবনের চেয়ে মালিকের কাজ বা ‘সার্ভিস’ পাওয়াকে এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এমনকি অঙ্গহানি বা আগুনে পুড়িয়ে দেওয়ার মতো চরম পাশবিকতার ক্ষেত্রেও অধিকাংশ আলেম মনে করেন মালিককে সেই দাস আযাদ করতে বাধ্য করা যাবে না। এটিই হলো ইসলামের তথাকথিত ‘মানবিক’ দাসপ্রথার আসল বীভৎস রূপ।


মালিকের স্বার্থ রক্ষায় শরীয়তের পক্ষপাতিত্ব

সহীহ মুসলিমের ব্যাখ্যাগ্রন্থগুলোতে যখন আমরা এই সংক্রান্ত আলোচনা দেখি, তখন স্পষ্ট হয়ে যায় যে ইসলামি শরীয়ত আসলে কার স্বার্থ রক্ষা করে। এপোলোজিস্টরা যে ‘চড় মারলে আযাদ’ করার বুলি আউড়ান, তার পেছনের আইনি ফাঁকফোকরগুলো জানলে যেকোনো বিবেকবান মানুষ শিহরিত হবে। সেখানে দাসের ওপর নির্যাতনকে একটি সাধারণ অপরাধ হিসেবে গণ্য করে কেবল তওবা বা ঐচ্ছিক আযাদের কথা বলা হয়েছে, যাতে মালিকের ‘সম্পত্তি’ বা দাসের মালিকানায় কোনো টান না পড়ে। আসুন দেখে নেয়া যাক সহীহ মুসলিম গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ থেকে [4]

ব্যাখ্যা বিশ্লেষণ
فَكَفَّارَتُهُ أَنْ يُعْتِقَهُ )ইহার কাফ্ফারা হইল তাহাকে আযাদ করিয়া দেওয়া)। শারেহ নওয়াভী (রহ.) বলেন, সকল মুসলমান একমত যে, প্রহৃত গোলাম আযাদ করা ওয়াজিব নহে, তবে মুস্তাহাব। গোলামের প্রতি যুলুম করার কারণে যেই গুনাহ হইয়াছে তাহা দুরীভূত হইবার জন্য। আর আযাদ করা ওয়াজিব না হইবার দলীল হইতেছে পরবর্তী ৪১৮০ নং হযরত মুআবিয়া বিন সুওয়াইদ (রহ.) বর্ণিত হাদীছ। উহার শেষ দিকে আছে “তখন তিনি ইরশাদ করিলেন, তোমরা তাহার দ্বারা সেবা গ্রহণ করিতে থাক, যখনই তোমরা তাহার অমুখাপেক্ষী হইবে তখনই তোমরা তাহাকে আযাদ করিয়া দিবে।”
কাযী ইয়ায (রহ.) বলেন, সামান্য আঘাত করার দ্বারা আযাদ করা ওয়াজিব না হইবার ব্যাপারে উলামায়ে কিরাম একমত। কিন্তু যদি অহেতুক প্রচন্ড আঘাত করে কিংবা আগুন দিয়া পোড়ায় কিংবা মুছলা তথা নাক-কান কর্তন করিয়া অঙ্গহানী করে তাহা হইলে ইমাম মালিক ও তাহার অনুসারীগণ এবং ফকীহ লায়ছ (রহ.)-এর মতে উক্ত গোলামকে আযাদ করিয়া দেওয়া ওয়াজিব। আর প্রশাসক তাহার অপরাধ ক্ষমা করিয়া দিবেন। কিন্তু অন্যান্য উলামায়ে কিরামের মতে এই ক্ষেত্রেও আযাদ করা ওয়াজিব নহে। (তাকমিলা ২য়, ২২৪)

প্রহৃত দাস আযাদ করা মুস্তাহাব

এই ব্যাখ্যাটি প্রমাণ করে যে, আবু বকরের সেই দাস প্রহারের ঘটনায় মুহাম্মদ কেন হাসছিলেন। কারণ, ইসলামি আইনে ‘সামান্য আঘাত’ (যা সংজ্ঞায়িত নয়) করা মালিকের একটি স্বীকৃত অধিকার। ইমাম মালিকের মতো কিছু ফকীহ চরম নির্যাতনের ক্ষেত্রে আযাদ করার কথা বললেও, অধিকাংশ আলেম সেই নমনীয়তাটুকুও দেখাতে রাজি নন। তাদের মতে, মালিক যদি তার দাসকে অহেতুক প্রচন্ড আঘাতও করে, তবুও তাকে সেই দাস আযাদ করতে বাধ্য করা যাবে না।

আবু বকর যখন তার দাসকে পেটাচ্ছিলেন, তখন তিনি জানতেন যে তাঁর এই কাজের জন্য কোনো আইনি শাস্তির ভয় নেই। আর মুহাম্মদ যখন সেই দৃশ্য দেখে মুচকি হাসছিলেন, তখন তিনি মূলত এই বিচারহীনতার সংস্কৃতিকেই বৈধতা দিচ্ছিলেন। যদি একটি উট হারিয়ে ফেলা কোনো অপরাধ না হয়, তবুও মালিকের রাগ মেটানোর জন্য দাসের পিঠকে ব্যবহার করাকে যখন ‘মুস্তাহাব আযাদ’ এর দোহাই দিয়ে পাশ কাটিয়ে যাওয়া হয়, তখন বুঝতে বাকি থাকে না যে ইসলামে দাস ছিল কেবল একটি বাকশক্তি সম্পন্ন প্রাণী। আধুনিক যুগে যারা ইসলামের এই দাসপ্রথাকে মানবিক বলে প্রচার করেন, তারা মূলত এই ধরণের প্রামাণ্য দলিলগুলোকে সুকৌশলে এড়িয়ে গিয়ে মানুষকে বিভ্রান্ত করেন।


“মুচকি হাসি” ও ঐশ্বরিক নীরবতাঃ নবী চরিত্রের এক নৈতিক ব্যবচ্ছেদ

ইসলামি ধর্মতত্ত্বে মুহাম্মদের প্রতিটি কাজ, কথা এবং এমনকি তাঁর ‘মৌনতা’ বা ‘অনুমোদন’ (Taqrir) শরীয়তের উৎস হিসেবে গণ্য হয়। আবু বকরের দাস প্রহারের ঘটনায় মুহাম্মদের প্রতিক্রিয়াটি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট—তিনি বাধা দেননি, প্রতিবাদ করেননি, বরং ‘মুচকি হেসেছেন’। এই মুচকি হাসি স্রেফ কোনো ব্যক্তিগত অভিব্যক্তি নয়, এটি হলো দাসের ওপর মালিকের চাবুক চালানোর এক ঐশ্বরিক লাইসেন্স। একজন মানুষ যখন অন্য একজন মানুষকে স্রেফ একটি উট হারিয়ে ফেলার মতো তুচ্ছ কারণে পেটাচ্ছে, তখন সেই দৃশ্য দেখে আনন্দিত হওয়া বা কৌতুক করা কোনোভাবেই একজন ‘উন্নত চরিত্রের’ মানুষের লক্ষণ হতে পারে না।

যৌক্তিকভাবে বিচার করলে দেখা যায়, একটি উট হারিয়ে ফেলা কোনো অপরাধ নয়। এটি দাসের কোনো অবাধ্যতা ছিল না, বরং ছিল ক্লান্তিকর সফরের এক অনিবার্য ক্লান্তিজনিত ভুল। অথচ এই অনিচ্ছাকৃত ভুলের জন্য যখন একজন মানুষকে শারীরিক যন্ত্রণার শিকার হতে হয়, তখন সেই দৃশ্য দেখে হাসা একজন সাধারণ মানুষের পক্ষেই অমানবিক, সেখানে একজন কথাকথিত ‘নবী’র ক্ষেত্রে তা অবর্ণনীয় নিষ্ঠুরতা।

ইসলামি এপোলোজিস্টরা প্রায়ই দাবি করেন যে, মুহাম্মদ দাসের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। কিন্তু এই হাদিসটি সেই রঙিন দাবিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করে। যদি তিনি সত্যিই দাসদের প্রতি দয়াশীল হতেন, তবে আবু বকরকে তখনই থামাতেন এবং মনে করিয়ে দিতেন যে—একজন মানুষ একটি পশুর চেয়ে অনেক বেশি মূল্যবান। কিন্তু তিনি তা করেননি। বরং তাঁর সেই হাসি উপস্থিত সাহাবীদের এই বার্তাই দিয়েছিল যে, দাসের পিঠ হলো মালিকের রাগের বহিঃপ্রকাশ ঘটানোর এক বৈধ চারণভূমি। [5]। এটি কোনো ‘ভুল বুঝাবুঝি’ নয়, বরং এটিই হলো ইসলামের আদিম ও অকৃত্রিম রূপ, যেখানে মানুষের মর্যাদার চেয়ে মালিকের সম্পত্তির (উট) মূল্য ছিল অনেক বেশি।


সম্পত্তির মোহ বনাম মানবিক মর্যাদাঃ ইসলামের ‘মানবিক’ মুখোশের অন্তরাল

ইসলামি বিশ্বাসে প্রায়শই দাবি করা হয় যে, মুহাম্মদ দাসদের এতটাই মর্যাদা দিয়েছিলেন যে তারা পরিবারের সদস্যের মতো হয়ে গিয়েছিল। কিন্তু আবু বকরের এই দাস প্রহারের ঘটনাটি প্রমাণ করে যে, দাসের মর্যাদা আসলে তার মালিকের একটি তুচ্ছ ‘উট’ বা ‘সম্পত্তির’ চেয়েও কম ছিল। এখানে লক্ষ্য করার বিষয় হলো, আবু বকর যখন সেই দাসকে মারছিলেন, তখন তার প্রধান অভিযোগ ছিল— “মাত্র একটি উট, তুমি তাও হারিয়ে ফেললে?” অর্থাৎ, মালিকের কাছে একটি পশুর জীবনের মূল্য দাসের শরীরের যন্ত্রণার চেয়ে অনেক বেশি বড় হয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো পৈশাচিকতাকে মুহাম্মদ যখন ‘মুচকি হাসি’ দিয়ে উদযাপন করেন, তখন এটি পরিষ্কার হয়ে যায় যে—ইসলামে ‘মানবিকতা’ কেবল মালিকদের জন্য সংরক্ষিত ছিল, দাসদের জন্য নয়।

যৌক্তিক বিশ্লেষণে দেখা যায়, আধুনিক বিশ্বের যেকোনো আইনশাস্ত্রে ‘অনিচ্ছাকৃত ভুল’ বা ‘দুর্ঘটনা’র জন্য কাউকে শারীরিক আঘাত করা একটি দণ্ডনীয় অপরাধ। অথচ ইসলামের তথাকথিত স্বর্ণযুগে খলিফা ও নবীর উপস্থিতিতেই একজন মানুষকে স্রেফ একটি পশুর জন্য পশুর মতো পেটানো হয়েছে। যদি মুহাম্মদ সত্যিই একজন সমাজ সংস্কারক হতেন, তবে তিনি এই বর্বরতার প্রতিবাদ করে অন্তত এটুকু বলতে পারতেন যে, “একটি উটের জন্য কোনো মানুষকে আঘাত করো না।” বা “দাসকে না পিটিয়ে দাসকে উটটি খুঁজতে পাঠাও বা খুঁজে দেখো।” কিন্তু তিনি তা না করে বিষয়টিকে একটি কৌতুকে পরিণত করেছিলেন। এটিই প্রমাণ করে যে, ইসলামি নৈতিকতায় দাসের শরীরের ওপর মালিকের আধিপত্য ছিল নিরঙ্কুশ এবং পৈশাচিক।

ইসলামি এপোলোজিস্টরা যখন দাবি করেন যে, ইসলাম দাসপ্রথাকে বিলুপ্ত করতে চেয়েছিল, তখন তাদের এই ‘মুচকি হাসি’র হাদিসটির সামনে এসে থমকে যেতে হয়। যদি নবী নিজেই দাস প্রহার দেখে আনন্দ পান এবং তাতে বাধা না দেন, তবে তাঁর অনুসারীরা যে দাসদের ওপর চাবুক চালাবে—তাতে অবাক হওয়ার কিছু নেই। প্রকৃতপক্ষে, ইসলাম দাসপ্রথাকে মানবিক করেনি, বরং মালিকদেরকে দাসের ওপর শারীরিক ও মনস্তাত্ত্বিক নির্যাতন করার একটি বৈধ ধর্মীয় কাঠামো তৈরি করে দিয়েছিল। এই হাদিসটি কেবল আবু বকরের ব্যক্তিগত মেজাজের বহিঃপ্রকাশ নয়, বরং এটি মুহাম্মদের প্রবর্তিত সেই ব্যবস্থার এক নগ্ন দলিল, যেখানে মানুষের মর্যাদার চেয়ে মালিকের সম্পত্তির স্বার্থই ছিল চূড়ান্ত।


উপসংহারঃ ছদ্ম-মানবিকতার চূড়ান্ত অন্ত্যেষ্টি

পরিশেষে এটি অত্যন্ত স্পষ্ট যে, খলিফা আবু বকরের দাস প্রহার এবং নবী মুহাম্মদের সেই রহস্যময় মুচকি হাসি স্রেফ একটি ঐতিহাসিক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ইসলামি দাসপ্রথার প্রকৃত চারিত্রিক সনদ। যে ধর্ম ও তার প্রবর্তক সামান্য একটি পশু হারিয়ে ফেলার দায়ে একজন মানুষকে নিষ্ঠুরভাবে পেটানোকে স্রেফ একটি ‘উপভোগ্য তামাশা’ হিসেবে গণ্য করেন, সেই ধর্মকে ‘দাসপ্রথার বিলোপকারী’ বা ‘মানবাধিকারের অগ্রদূত’ দাবি করা ইতিহাসের সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক প্রতারণা। মুহাম্মদের সেই হাসি ছিল মূলত দাসের পিঠের ওপর মালিকের চাবুক চালানোর এক ঐশ্বরিক অনুমোদন বা ‘তকরির’, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম মালিকদের নিষ্ঠুরতাকে বৈধতা দিয়ে এসেছে।

ইসলামি অ্যাপোলজিস্টরা যখন গালভরা বুলি আউড়ে দাবি করেন যে, দাসকে চড় মারলে তাকে মুক্ত করা বাধ্যতামূলক—তখন ফিকহ ও হাদিসের এই প্রামাণ্য দলিলগুলো সেই মিথ্যাচারকে ধূলিসাৎ করে দেয়। আমরা দেখেছি যে, আলেমদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী প্রহৃত দাসকে আযাদ করা বড়জোর একটি ‘ঐচ্ছিক পুণ্য’ (মুস্তাহাব), কিন্তু কোনো আইনি বাধ্যবাধকতা (ওয়াজিব) নয়। অর্থাৎ, মালিক চাইলে তার সম্পত্তি বা দাসের ওপর যত খুশি নির্যাতন চালাতে পারে, যতক্ষণ না তার নিজের মর্জিতে দয়া জাগছে। এই ব্যবস্থা কোনোভাবেই দাসপ্রথাকে বিলোপ বা সংস্কারের জন্য ছিল না, বরং এটি ছিল মালিকের নিরঙ্কুশ ক্ষমতাকে সুরক্ষিত রেখে দাসের আর্তনাদকে আইনিভাবে চেপে রাখার এক সুকৌশলী কাঠামো।

যৌক্তিক বিচারে, একটি উটের প্রাণের চেয়ে যেখানে একজন মানুষের সম্মান ও শরীর তুচ্ছ হয়ে যায় এবং যেখানে ‘রহমাতুল্লিল আলামিন’ সেই দৃশ্যে কৌতুক খুঁজে পান, সেখানে ইসলামি মানবিকতার দাবি স্রেফ একটি দেউলিয়া তত্ত্বে পরিণত হয়। আধুনিক সভ্যতার মানবিক মূল্যবোধের সামনে দাঁড়িয়ে মুহাম্মদের এই ‘মুচকি হাসি’ এক ভয়াবহ অসংগতি হিসেবে প্রতীয়মান হয়। এটি প্রমাণ করে যে, ইসলামের প্রবর্তিত দাসপ্রথা কোনো মানবিক সংস্কার ছিল না, বরং এটি ছিল তৎকালীন আরবীয় বর্বরতা ও মালিকের স্বার্থকে ধর্মের মোড়কে চিরস্থায়ী করার এক নির্লজ্জ প্রচেষ্টা। যে ধর্ম অঙ্গহানি বা অমানুষিক নির্যাতনের পরেও দাসকে মুক্তির নিশ্চয়তা দিতে পারে না, বরং মালিকের প্রয়োজনকে বড় করে দেখে—সেই ধর্মকে ‘মানবাধিকারের রক্ষক’ বলা কেবল অন্ধবিশ্বাসেরই বহিঃপ্রকাশ।


তথ্যসূত্রঃ
  1. সূনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ১৮১৮ ↩︎
  2. সুনান আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ৩৮, ৩৯ ↩︎
  3. ইযাহুল মুসলিম, পৃষ্ঠা ৩৬৪, ৩৬৫ ↩︎
  4. সহীহ মুসলিম শরীফ (প্রয়োজনীয় ব্যাখ্যাসহ বঙ্গানুবাদ), আল হাদিস প্রকাশনী, ১৬ তম খণ্ড, পৃষ্ঠা ১২১ ↩︎
  5. সুনান আবু দাউদ, ৩য় খণ্ড, পৃঃ ৩৯ ↩︎