কোরবানীর নৈতিক সংকট ও ইসলামী সন্ত্রাসবাদের সাথে সম্পর্ক

Table of Contents

ভূমিকা

প্রায়শই আমরা এরকম কিছু ঘটনাবলী শুনি যে, কোন ইসলামী জঙ্গিগোষ্ঠী ইসলাম কায়েমের জন্য কোনো জায়গাতে বোমা মেরেছে, কিংবা নিরাপরাধ অমুসলিমদের হত্যা করেছে। বাংলাদেশে হওয়া হলিআর্টিজান হামলায় অমুসলিমদেরকে জঙ্গিরা কলেমা পড়তে বলেছিল, এটি দেখার জন্য যে তারা মুসলমান কিনা। এরপরে ধরে ধরে এক একজন অমুসলিমকে তারা জবাই করেছিল। প্রশ্ন হচ্ছে, তাদের এই কাজে কী আল্লাহ খুশি হয়েছিল? নিশ্চিতভাবেই তারা বিশ্বাস করতো যে, তাদের এই কাজে আল্লাহ খুশি হয়ে তাদের জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু নিরাপরাধ মানুষ মারলে তাদের আল্লাহ খুশি হবে, এরকম অদ্ভুত বিশ্বাস তাদের ভেতরে জন্মালো কীভাবে?

ইব্রাহিমের স্বপ্নে পাওয়া আল্লাহর আদেশে তার নিষ্পাপ অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ছুরি ধরার ঘটনা ইসলামি ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাহিনি। এই গল্প মুসলিম বিশ্বে ঈদুল আজহার মূল প্রেরণা এবং ইসলামের বাইরে ইহুদি‑খ্রিষ্ট ধর্মগ্রন্থেও উল্লেখিত। কিন্তু সমসাময়িক সমাজে এই গল্পের নৈতিক শিক্ষা নিয়ে ভয়াবহ কিছু প্রশ্ন আছে। শিশু হত্যার স্বপ্নেপ্রাপ্ত ঐশ্বরিক আদেশ মেনে নেওয়া, তাতে পুত্রের সম্মতি বা ইনফর্মড কনসেন্ট না থাকা এবং আল্লাহকে সন্তুষ্ট করতে নিরাপরাধ মানুষের রক্তপাতকে মূল্যবান মনে করা – এসব প্রশ্ন আধুনিক মানবিক ও আইনত মানসিকতার সঙ্গে সাংঘর্ষিক। এই গবেষণা নিবন্ধে প্রথমে আমরা গল্পের মূল সূত্র ও তার ঐতিহাসিক ব্যাখ্যা উপস্থাপন করব, তারপর মনোবৈজ্ঞানিক ও নৈতিক আলোচনার মাধ্যমে এই ধরণের অন্ধ আনুগত্যের ঝুঁকি, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদে এর ব্যবহার এবং আধুনিক সমাজে এর প্রভাব বিশ্লেষণ করবো। আলোচনার শুরুতেই আসুন একটি ভিডিও দেখে নেয়া যাক,


গল্পের উৎস এবং ইসলামী ব্যাখ্যা

কুরআনের সূরা আস‑সাফফাতে উল্লেখ করা হয়েছে, যখন সন্তান “চলাফেরার বয়সে পৌঁছল”, তখন ইব্রাহিম বললেন, “হে আমার ছেলে! আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি কোরবানি করছি। তুমি মতামত দাও।” ছেলে জবাব দিল, “আল্লাহ যেভাবে আদেশ করেছেন, তাই করুন; আপনি আমাকে ধৈর্যশীল পাবেন”। এই কথোপকথন থেকে বোঝা যায়, চলাফেরার বয়সে পৌঁছানো পুত্র সেসময়ে অপ্রাপ্তবয়স্ক ছিল, যার কনসেন্ট বা মতামত গ্রহণযোগ্য নয়। কারণ প্রাপ্তবয়স্ক অবস্থায় বুঝেশুনে নেয়া যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণকে কনসেন্ট হিসেবে গণ্য করা গেলেও, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় জ্ঞানবুদ্ধি বিবেক বিবেচনার ব্যবহার করার ক্ষেত্রে অপারগতার কারণে কোনো সিদ্ধান্তকে একটি ইনফর্মড কনসেন্ট হিসেবে ধরা হয় না। শিশু অধিকার ও আইনি মনস্তত্ত্ব অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই যৌক্তিক সীমাবদ্ধতা বিশ্বব্যাপী স্বীকৃত [1]। সেইসাথে, এই সিদ্ধান্ত তো একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেহেতু এই সিদ্ধান্ত গ্রহণে তার মৌলিক মানবাধিকার বেঁচে থাকার অধিকারটি লঙ্ঘিত হচ্ছে। আসুন আয়াতগুলো পড়ি, [2]

অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফিরা করার বয়সে পৌঁছল, তখন ইবরাহীম (আঃ) বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, এখন বল, তোমার অভিমত কী? সে বলল, ‘হে পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন।
— Taisirul Quran
অতঃপর সে যখন তার পিতার সাথে কাজ করার মত বয়সে উপনীত হল তখন ইবরাহীম বললঃ বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবাহ করছি, এখন তোমার অভিমত কি, বল। সে বললঃ হে আমার পিতা! আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।
— Sheikh Mujibur Rahman
অতঃপর যখন সে তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল, ‘হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবেহ করছি, অতএব দেখ তোমার কী অভিমত’; সে বলল, ‘হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তাই করুন। আমাকে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন’।
— Rawai Al-bayan
অতঃপর তিনি যখন তার পিতার সাথে কাজ করার মত বয়সে উপনীত হলেন, তখন ইবরাহীম বললেন, ‘হে প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখি যে, তোমাকে আমি যবেহ করছি [১], এখন তোমার অভিমত কী বল?’ তিনি বললেন, ‘হে আমার পিতা! আপনি যা আদেশপ্ৰাপ্ত হয়েছেন তা-ই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।’
— Dr. Abu Bakr Muhammad Zakaria

ইসলামী বিশ্বাস অনুসারে, নবীদের স্বপ্নও আল্লাহর ওহি। তাই ইব্রাহিম ও তাঁর পুত্র ইসমাইল (বা ইসহাক, বিষয়টি বিতর্কিত) সিদ্ধান্ত নেন, সমস্ত বিবেক বিবেচনা যুক্তি বুদ্ধি বিসর্জন দিয়ে সম্পূর্ণরূপে আত্মসমর্পন করাই ঈমানের পরীক্ষা। এই উদ্দেশ্যে ইব্রাহিম জবাই করার জন্য ছুরি ধার দিয়ে সন্তানকে নিয়ে গেলেন পাহাড়ে। তাকে জবাই করার ঠিক আগে আল্লাহ একটি পশু পাঠান এবং বলেন, এটি ছিল একটি বিশ্বাসের পরীক্ষা মাত্র, অথবা বলা চলে অন্ধবিশ্বাসের পরীক্ষা। আল্লাহর উদ্দেশ্য ছিল এটি পরীক্ষা করা যে, অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে ইব্রাহিম আসলেই একজন নিরাপরাধ শিশুকে হত্যা করে, নাকি যুক্তি আর বুদ্ধি ব্যবহার করে আল্লাহ এরকম আদেশ দিতেই পারেন না ভেবে নেয় বা এই স্বপ্নকে একটি মানসিক সমস্যা ধরে নিয়ে এই কাজ করতে অস্বীকৃতি জানায়।

ইসলামধর্মে বিশ্বাসী মানুষগণ এর পক্ষে যুক্তি দেন যে, এই স্বপ্নের প্রকৃত অর্থ ছিল “ত্যাগের পরীক্ষা” । কিন্তু অন্ধবিশ্বাসের পরীক্ষার জন্য নিরাপরাধ মানুষ জবাইতে ত্যাগের কী পরীক্ষা হলো তা বোধগম্য নয়, বরঞ্চ অন্ধবিশ্বাসের পরীক্ষা বলেই এটি প্রতীয়মান হয়। পৃথিবীর কোটি কোটি মুসলমান আজও এই ঘটনাকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং এর থেকে দীক্ষা নেয় যে, অন্ধবিশ্বাসের জন্য যেকোন নিরাপরাধ মানুষকে হত্যা করার প্রয়োজন হলেই, তারা একবিন্দু দ্বিধা বা সংকোচ না করেই আল্লাহর ওপর অন্ধবিশ্বাস করে নিরাপরাধ মানুষ বা মানুষদের জবাই করে ফেলবে! ঈদুল আজহার উৎসব এই ঘটনার স্মরণেই পশু কোরবানির মাধ্যমে উদযাপন করা হয়।


অপ্রাপ্তবয়স্ক সন্তানের সম্মতি ও নৈতিক প্রশ্ন

কাহিনিটির একাধিক বৈশিষ্ট্য আধুনিক মানবাধিকারের ধারনাকে চ্যালেঞ্জ করে। প্রথমত, ইব্রাহিমের ছেলে তখন অপ্রাপ্তবয়স্ক এবং কাহিনীতে তার সম্মতির কোন প্রশ্নই আসে না, যেহেতু সে অপ্রাপ্তবয়ষ্ক। সভ্য জগতে বিশেষজ্ঞগণ minors-এর consent–কে কোন ইনফর্মড কনসেন্ট বা বুঝেশুনে নেয়া সম্মতি হিসেবে মনে করেন না, এবং একে নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে মনে করেন; এর উল্টোটি ঘটলে তা child abuse হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয়ত, সন্তানের মায়ের অবস্থানও এই গল্পে অবহেলিত। পৃথিবীর কোন সুস্থ স্বাভাবিক যুক্তিবোধসম্পন্ন পিতামাতাই কি আসলে স্বপ্নে দেখে সন্তানের প্রাণ উৎসর্গ করতে দেবেন, নাকি যুক্তি ব্যবহার করবেন? এই প্রশ্নে নিহিত আছে, ধর্মীয় গল্পে অন্ধভাবে সম্পূর্ণভাবে নিজের বিচার বুদ্ধিকে বিসর্জন দেয়া কতটা ভয়াবহ হতে পারে।

সন্তানের জবাই করার বদলে পশুর কোরবানীর গল্পটি দ্বারা হওয়ায় অনেক মুসলিম ধার্মিক ব্যক্তিরা বলেন, ঈশ্বর মানব বলি নিষিদ্ধ করেছেন। কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষেরই এই কোরবানীর গল্পটি পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। প্রশ্ন জাগবে, এ কেমন ঈশ্বর যে যুক্তিবুদ্ধির ব্যবহার না শিখিয়ে অন্ধবিশ্বাস পরীক্ষার উদ্দেশ্যে নিরাপরাধ শিশুকে হত্যা করতে বলবেন? সেই বাবাই বা কেমন, যে জান্নাতে যাওয়ার জন্য বা ঈশ্বরকে খুশী করতে সন্তান জবাই করতে প্রস্তুত হবে? এবং কেমন সমাজ এমন অমানবিক আনুগত্যকে উদযাপন করে? গ্লোরিফাই করে? অন্ধ আনুগত্য আর অন্ধবিশ্বাস কীভাবে তাদের কাছে যুক্তিবুদ্ধির চাইতে বেশি গ্রহণযোগ্য হয়?


শিশুদের মনে কোরবানির ভয়াবহ প্রভাব

কোরবানির আরেকটি ভয়াবহ দিক হলো শিশুদের মনে এর দীর্ঘস্থায়ী মানসিক প্রভাব। যে বয়সে একটি শিশুর প্রাণী, রক্ত, মৃত্যু, যন্ত্রণা ও নৈতিকতার ধারণা এখনো গঠনের পর্যায়ে থাকে, সেই বয়সেই তাকে শেখানো হয়—একটি নিরীহ প্রাণীকে বেঁধে ফেলা, তার গলায় ছুরি চালানো, রক্তপাত দেখা এবং সেটিকে “পবিত্র কাজ” হিসেবে উদযাপন করা নাকি ধর্মীয় কর্তব্য। এতে শিশুর মানসিক জগতে সহানুভূতি ও নিষ্ঠুরতার সীমারেখা বিকৃত হতে পারে। শিশুটি বুঝতে শেখে না যে প্রাণীর ভয়, যন্ত্রণা ও বাঁচার আকাঙ্ক্ষাও বাস্তব; বরং সে শেখে, কোনো কর্তৃপক্ষ যদি হত্যাকে পবিত্র বলে ঘোষণা করে, তাহলে রক্তপাতও উৎসব হতে পারে। এর চেয়েও বিপজ্জনক হলো, ইব্রাহিমের কাহিনির সঙ্গে কোরবানির আচার যুক্ত হলে শিশুর মনে একটি আরও অন্ধকার বার্তা প্রবেশ করে—ঈশ্বরকে খুশি করতে হলে প্রিয়তম জীবনও উৎসর্গযোগ্য। একটি সুস্থ মানবিক সমাজ শিশুকে হত্যা, রক্তপাত ও জবাইয়ের দৃশ্যকে উৎসব হিসেবে দেখাতে পারে না; শিশুকে শেখানো উচিত সহানুভূতি, প্রাণের প্রতি সম্মান, যুক্তি ও নৈতিক সাহস। কিন্তু কোরবানির সংস্কৃতি বহু ক্ষেত্রে শিশুর সামনে ঠিক উল্টো দৃশ্য মঞ্চস্থ করে: শক্তিমান মানুষ দুর্বল প্রাণীকে হত্যা করছে, সবাই তা দেখছে, এবং সেই নিষ্ঠুরতাকে নৈতিকতার ভাষায় সাজিয়ে ধর্মীয় মহিমা দিচ্ছে। এভাবে শিশুর কোমল মনকে সহমর্মিতার দিকে নয়, বরং কর্তৃত্ব-অনুমোদিত সহিংসতার দিকে ঠেলে দেওয়া হয়।


এরকম স্বপ্ন দেখলে আপনি কী করবেন?

একটি অত্যন্ত জরুরি প্রশ্ন উঠে আসে যে, এরকম স্বপ্ন আপনি দেখলে কী করতেন? জান্নাতে যাওয়ার লোভ আপনার কতখানি? জান্নাতের হুরের লোভ কিংবা আল্লাহকে খুশি করতে আপনিও কী একইভাবে সন্তানের গলায় ছুরি চালাতেন? নাকি একজন মানসিক চিকিৎসকের শরণাপন্ন হতেন? একইসাথে প্রশ্ন ওঠে, আপনি বুঝবেনই বা কীভাবে, কোনটি আল্লাহর পক্ষ থেকে আসা স্বপ্ন, আর কোনটি শয়তানের? আল্লাহর যেহেতু বাস্তব কোন প্রমাণ নেই, শয়তানেরও নেই, তাই আল্লাহকে আলাদাভাবে আইডেন্টিফাই করা তো অসম্ভব। ধরুন, শয়তান এসে বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে নাকি আল্লাহ, এটি কী আপনি পরীক্ষা করবেন? অর্থাৎ, আল্লাহকে কী এরকম কোন পরীক্ষা নেবেন, যে সে আসলেই আল্লাহ কিনা? আল্লাহর এরকম পরীক্ষা নেয়া কী তার মর্যাদা ও সম্মানের সাথে সাংঘর্ষিক হবে না? তাছাড়া, কী পরীক্ষাই বা নেবেন? শয়তানও তো ইসলামিক মিথলজি অনুসারে অনেক ক্ষমতাবান। সে যদি আপনাকে ধোঁকা দেয় আল্লাহ সেজে, আপনি বুঝবেন কীভাবে? বা এরকমও তো হতে পারে, কোন এলিয়েন তার বন্ধুদের সাথে বাজি ধরে আপনার আহাম্মকী, অন্ধবিশ্বাস আর বোকামির পরীক্ষা নিচ্ছে আর তার বন্ধুদের সাথে হাসাহাসি করছে। বলছে, দেখো এই উজবুক মুমিনটি কতটা নির্বোধ, জান্নাতে যাওয়ার জন্য নিজের পুত্র জবাই করছে! আসুন কোরআন ও হাদিস থেকে কিছু তথ্য দেখে নেয়া যাক,

ইসলামী বিশ্বাস অনুযায়ী পৃথিবী মানুষের জন্য যুক্তি বুদ্ধি চর্চা কিংবা জ্ঞান চর্চার কোন স্থান নয়, কোনো স্বাধীন বাস্তবতা নয়, বরং আল্লাহর বানানো এক পরীক্ষাগার। কোরআনে বলা হয়েছে, “যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য—কে তোমাদের মধ্যে আমল দ্বারা উত্তম” [3]। অর্থাৎ, জীবনের উদ্দেশ্য কোনো আত্মিক বিকাশ বা মানবিক উন্নতি নয়, বরং কেবল আল্লাহতে অন্ধবিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। অন্য এক জায়গায় বলা হয়েছে, আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণহানির মাধ্যমে” [4]। এখানে মানুষের দুঃখ, রোগ বা দুর্ভোগ—সবকিছুই আল্লাহর পরীক্ষার হাতিয়ার। তাই আল্লাহ যেকোন সময়েই মুমিনের যেকোন ইমানের পরীক্ষা নিতে পারেন।

এই ধারণা আরও স্পষ্টভাবে এসেছে সূরা আনকাবূতে: “মানুষ কি মনে করে যে তারা কেবল ‘আমরা ঈমান এনেছি’ বললেই ছেড়ে দেওয়া হবে, আর তাদের পরীক্ষা করা হবে না?” [5]। অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে বিশ্বাস কেবল মুখের স্বীকারোক্তি নয়, বরং পরীক্ষার মাধ্যমে প্রমাণযোগ্য। অন্যদিকে সূরা মুহাম্মদে বলা হয়েছে, “আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না জানা যায় তোমাদের মধ্যে কারা জিহাদ করে ও ধৈর্য ধারণ করে” [6]। এই ধারনা অনুসারে, যুদ্ধ, রক্তপাত, কষ্ট, মৃত্যুও হয়ে যায় ঈমান যাচাইয়ের পদ্ধতি।

এমনকি সম্পদ ও পরিবারও ইসলামি তত্ত্বে আল্লাহর পরীক্ষার উপকরণ: “তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষা ( فِتْنَةٌۭ ۚ) (fitnah)” [7]। অর্থাৎ, মানবজীবনের প্রতিটি ভালো জিনিসও ইসলামের দৃষ্টিতে ফিতনা—এগুলো আল্লাহর দেওয়া প্রলোভন, যার দ্বারা মুমিনের আনুগত্য যাচাই করা হয়। এর ফলে বিশ্বাসীর কাছে পৃথিবী হয়ে ওঠে এমন এক শূন্য অর্থের জায়গা, যেখানে আনন্দ, প্রেম, পরিবার বা সুখ কোনো স্বাধীন মানে বহন করে না; সবই পরীক্ষার প্রশ্নপত্রের অংশ। এবং একজন বিশ্বাসী মুসলিমের দায়িত্ব হচ্ছে, এসব ফিতনার দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা!

এই মনোভাবকে আরও গভীর করেছে হাদিসের বক্তব্যগুলো। তিরমিজির বর্ণনায় বলা হয়েছে, “যত বড় পরীক্ষা, তত বড় পুরস্কার; আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, তাঁকে পরীক্ষা করেন” [8]। অর্থাৎ আল্লাহর ভালোবাসার চিহ্নই নাকি দুঃখ, ক্ষতি ও যন্ত্রণার পরিমাণ। এমন একটি বিশ্বাসব্যবস্থা যেখানে ঈশ্বরের দয়া প্রমাণ হয় কষ্টের মাত্রা দিয়ে, সেখানে মানুষের যন্ত্রণার কোনো অর্থপূর্ণ প্রতিবাদ করার স্থান থাকে না।

কোরআনের আরেক আয়াতে বলা হয়েছে, “যদি আল্লাহ চাহেন, তিনি তোমাদের ধ্বংস করে নতুন জাতি আনতে পারেন” [9]—অর্থাৎ আল্লাহর পরীক্ষার কোনো সীমা বা ন্যায়বোধের বাধ্যবাধকতা নেই। তিনি ইচ্ছা করলে পরীক্ষার নামে হত্যা, দুর্ভিক্ষ বা যুদ্ধও ঘটাতে পারেন, আর বিশ্বাসীকে বলা হয় ধৈর্য ধরতে। এমন এক তত্ত্বে মানুষ আর স্বাধীন চিন্তাশীল সত্তা নয়; সে কেবল পরীক্ষার বিষয়বস্তু। যার কাজ হচ্ছে যখন তাকে কোন পরীক্ষা নেয়া হবে, তখনই সে সেই অন্ধ আনুগত্য বা অন্ধবিশ্বাসের পরীক্ষা দেবে।

এখানেই ইসলামী ধারণার মূল সংকট: যখন ঈশ্বর নিজেই পরীক্ষক, প্রশ্ন-প্রণেতা ও মূল্যায়নকারী—তখন মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারে না। সে কেবল অনুমান করে কোনটি “আল্লাহর পরীক্ষা” আর কোনটি “শয়তানের প্রলোভন।” আল্লাহ নাকি যাকে ভালোবাসেন তাকেই সবচেয়ে বেশি কষ্ট দেন, আর শয়তান নাকি যাকে ধোঁকা দেয় তাকেও একইভাবে যন্ত্রণায় ফেলে—ফলে পার্থক্য কোথায়? এই বিশ্বাস মানুষকে এমন এক মানসিক গোলকধাঁধায় ফেলে, যেখানে প্রতিটি দুর্ভোগকে ঈশ্বরীয় উদ্দেশ্য হিসেবে ব্যাখ্যা করতে হয়, আর প্রতিটি প্রশ্নকেই “অবিশ্বাস” হিসেবে দেখা হয়।

অতএব, ইসলামিক চিন্তায় আল্লাহর “পরীক্ষা” ধারণাটি যতটা আত্মসমর্পণের তত্ত্ব, তার চেয়ে বেশি এক মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণব্যবস্থা—যেখানে মানুষকে শেখানো হয় কষ্টের কারণ খোঁজা নয়, বরং কষ্টকেই আল্লাহর অনুগ্রহ হিসেবে মানতে। এর ফলে প্রশ্ন, যুক্তি ও প্রতিবাদ সবই ধীরে ধীরে পাপের শ্রেণিতে পড়ে যায়, এবং মানুষ এক অদৃশ্য পরীক্ষকের অনুমোদন ছাড়া নিজের বোধশক্তিকেও আর বিশ্বাস করতে পারে না।


অন্ধ আনুগত্য এবং সামাজিক মনোবিজ্ঞান

প্রাচীন গল্পকে যখন ঈমানের আদর্শ হিসেবে উপস্থাপন করা হয়, তখন তার প্রভাব সীমাবদ্ধ থাকে না। স্ট্যানলি মিলগ্রামের বিখ্যাত ‘Obedience to Authority’ বা মিলগ্রাম এক্সপেরিমেন্টে দেখা গেছে, কর্তৃপক্ষের আদেশ শুনে বহু অংশগ্রহণকারী অচেনা মানুষকে ক্রমবর্ধমান ভোল্টেজের ‘শক’ দেওয়াতে রাজি হয় [10]। সমাজবিজ্ঞানীরা এই মনস্তাত্ত্বিক অবস্থাকে ‘নন-র‍্যাশনাল ওবিডিয়েন্স’ বা যুক্তিহীন অন্ধ আনুগত্য বলে বর্ণনা করেছেন, যেখানে সামাজিক ও ধর্মীয় ন্যারেটিভের মাধ্যমে চরম সহিংসতাকেও বৈধতা দেওয়া সম্ভব হয় [11]। দেখা গেছে, কর্তৃপক্ষের আদেশ শুনে বহু অংশগ্রহণকারী অচেনা মানুষকে ক্রমবর্ধমান ভোল্টেজের ‘শক’ দেওয়াতে রাজি হয়; লেখক একে ব্যাখ্যা করতে গিয়ে ইব্রাহিমের গল্পের উদাহরণ দেন: ঈশ্বরের আদেশের সামনে তিনি এতটাই আনুগত্যশীল ছিলেন যে নিজের ছেলেকে হত্যা করতে প্রস্তুত হয়েছিলেন। সমাজবিজ্ঞানীরা এই phenomena‑কে “non‑rational obedience” বলে বর্ণনা করেন। ইব্রাহিমের মতোই উগ্রবাদী সন্ত্রাসীরা মনে করেন যে তারা ঈশ্বরের আদেশ পালন করছেন; তারা তাই সেই নির্দেশনাগুলো আদৌ মানুষের জন্য কল্যাণকর কিনা, শুভ কিনা, সেইসব নৈতিক বোধ উপেক্ষা করে মানববিরোধী কাজ করতে দ্বিধা করেন না। ইব্রাহিমের গল্পে আমরা ইচ্ছাকৃতভাবে ছেলেকে হত্যা করতে যাওয়া বাবাকে নায়ক হিসেবে যদি বিবেচনা করি, এই গল্পটিকে সামাজিকভাবে গ্লোরিফাই করি, তাতে ঈশ্বরকে খুশি করতে আত্মঘাতী বোমা হামলা কারী, কাফের কতলে উদ্বুদ্ধ ইসলামী সন্ত্রাসবাদীদেরকেও এটি উদ্বুদ্ধ করে।

ইব্রাহিমের অন্ধ আনুগত্য মানুষের জন্য মোটেও আদর্শ নয়; বরং উচিত ছিল এরকম আদেশকে প্রত্যাখ্যান করে ঈশ্বরের প্রতি প্রশ্ন ও প্রতিবাদ করা। ইব্রাহিম সডোম শহরের জন্য আল্লাহকে প্রশ্ন করেছিলেন, দ্বিমত প্রকাশ করেছিলেন কিন্তু নিজের ছেলের জন্য করেননি, যা তার স্ববিরোধী চরিত্রকে প্রকাশ করে, একইসাথে প্রবল মানসিক সমস্যায় আক্রান্ত কোন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হওয়ার সম্ভাবনাকেও জোরালো করে।

পরে যখন ইবরাহীমের আতঙ্ক দূর হল, আর তার কাছে সুসংবাদ আসল, তখন সে লূত জাতির ব্যাপারে আমার সাথে ঝগড়া করল।
— Taisirul Quran
অতঃপর যখন ইবরাহীমের সেই ভয় দূর হয়ে গেল এবং সে সুসংবাদ প্রাপ্ত হল তখন আমার প্রেরিত মালাইকার সাথে লূতের কাওম সম্বন্ধে তর্ক-বিতর্ক (জোর সুপারিশ) করতে শুরু করল।
— Sheikh Mujibur Rahman
অতঃপর যখন ইবরাহীম থেকে ভয় দূর হল এবং তার কাছে সুসংবাদ এল, তখন সে লূতের কওম সম্পর্কে আমার সাথে বাদানুবাদ করতে লাগল।
— Rawai Al-bayan
অতঃপর যখন ইবরাহীমের ভীতি দূরীভূত হল এবং তাঁর কাছে সুসংবাদ আসল তখন তিনি লূতের সম্প্রদায় সম্বন্ধে আমাদের সাথে বাদানুবাদ করতে লাগলেন [১]।
— Dr. Abu Bakr Muhammad Zakaria

অবশ্যই ইবরাহীম ছিল বড়ই সহিষ্ণু, কোমল হৃদয় আর আল্লাহমুখী।
— Taisirul Quran
বাস্তবিক ইবরাহীম ছিল বড় সহিষ্ণু প্রকৃতির, দয়ালু স্বভাব, কোমল হৃদয়।
— Sheikh Mujibur Rahman
নিশ্চয় ইবরাহীম অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, আল্লাহমুখী।
— Rawai Al-bayan
নিশ্চয় ইবরাহীম অত্যন্ত সহনশীল, কোমল হৃদয় [১], সর্বদা আল্লাহ্‌ অভিমুখী।
— Dr. Abu Bakr Muhammad Zakaria

‘হে ইবরাহীম! এথেকে তুমি নিবৃত্ত হও, তোমার প্রতিপালকের নির্দেশ এসে গেছে, তাদের প্রতি শাস্তি আসবেই যা রদ হবার নয়।
— Taisirul Quran
হে ইবরাহীম! এ কথা ছেড়ে দাও, তোমার রবের আদেশ এসে গেছে এবং তাদের উপর এমন এক শাস্তি আসছে যা কিছুতেই প্রতিহত করার নয়।
— Sheikh Mujibur Rahman
হে ইবরাহীম, তুমি এ থেকে বিরত হও। নিশ্চয় তোমার রবের সিদ্ধান্ত এসে গেছে এবং নিশ্চয় তাদের উপর আসবে আযাব, যা প্রতিহত হবার নয়।
— Rawai Al-bayan
হে ইবরাহীম! আপনি এটা থেকে বিরত হোন [১]; নিশ্চয় আপনার রবের বিধান এসে পড়েছে; আর নিশ্চয় তাদের প্রতি আসবে শাস্তি যা অনিবার্য।
— Dr. Abu Bakr Muhammad Zakaria

এবারে আসুন মিজানুর রহমান আজহারীর মুখ থেকে পুরো ঘটনাটি শুনি,


আধুনিক উদাহরণ: ধর্মীয় বিভ্রম ও সন্তান হত্যা

ইব্রাহিমের গল্পে অন্ধ আনুগত্যের প্রশংসা বহু ধর্মবিশ্বাসী কিংবা অন্ধবিশ্বাসী মানুষের কাছে বিভ্রান্তিকর নৈতিক বার্তা তৈরি করতে পারে। ঈশ্বরের প্রতি নিঃশর্ত আনুগত্যকে মহৎ হিসেবে তুলে ধরা হলে, কিছু মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বাস্তব জীবনেও একই ধরনের “ঈশ্বরপ্রদত্ত নির্দেশ” মেনে ভয়ংকর কাজ করে ফেলেন। এই প্রবণতা বিশেষ করে দেখা যায় মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে—বিশেষত postpartum psychosis, religious delusion বা command hallucination-এ ভোগা রোগীদের ক্ষেত্রে, যারা বিশ্বাস করেন যে ঈশ্বর, ফেরেশতা বা শয়তান তাদেরকে কোনো ভয়ংকর কাজ করার আদেশ দিয়েছেন।

আমেরিকার Psychiatric Times-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, postpartum psychosis আক্রান্ত কিছু মায়ের মধ্যে এমন বিভ্রম দেখা দেয় যে তাদের সন্তান অভিশপ্ত বা শয়তানের দখলে, এবং ঈশ্বর তাদের আদেশ দিচ্ছেন শিশুটিকে হত্যা করতে যাতে সে নরক থেকে রক্ষা পায়। এটি postpartum obsessive-compulsive disorder (OCD) থেকে পৃথক; এখানে মায়েরা শুনতে পান কণ্ঠস্বর যা তাদের আদেশ দেয় কাজটি সম্পন্ন করতে—একেবারে “ঈশ্বরের নির্দেশ” বলে মনে হয় [12]। গবেষকরা বলেন, মানসিক স্বাস্থ্য চিকিৎসা ও প্রাথমিক মনোরোগ নির্ণয়ের মাধ্যমে এই ধরণের filicide (সন্তান হত্যা) অনেকাংশে প্রতিরোধ করা যায়।

আসুন এই বিষয়ে সংজ্ঞাগুলো জেনে নেয়া যাক। ডিল্যুশন হলো এমন স্থির বিশ্বাস যা বিরোধী প্রমাণ দেখালেও বদলায় না। কমান্ড হ্যালুসিনেশন–এ রোগী এমন “শোনা নির্দেশ” অনুভব করেন যা তাকে নির্দিষ্ট কাজ করতে বলে—কখনও নিরীহ, কখনও সহিংস। তাই এমন উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক সাইকিয়াট্রিক সেফটি-অ্যাসেসমেন্ট দরকার। পোস্টপার্টাম সাইকোসিস (PPP) প্রাকটিক্যালি খুবই বিরল (প্রায় ১–২/১০০০), কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি। হঠাৎ শুরু, ডিল্যুশন/হ্যালুসিনেশন হতে পারে এবং আনট্রিটেড অবস্থায় আত্মহত্যা বা সন্তান-হত্যার ঝুঁকি বেড়ে যায় (স্টাডি ভেদে ~৪% পর্যন্ত)। দ্রুত হাসপাতালে ভর্তি ও এভিডেন্স-বেজড চিকিৎসা অধিকাংশ ক্ষেত্রে রোগীকে স্থিতিশীল করে।


যুক্তরাষ্ট্রের উদাহরণ

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডিনা লেনি (Deanna Laney) নামের এক নারী নিজের দুই শিশুকে পাথর দিয়ে হত্যা করেন এবং আরেক সন্তানকে গুরুতর আহত করেন। পরে তদন্তে জানা যায়, তিনি বিশ্বাস করতেন ঈশ্বর তাকে পরীক্ষা করছেন—তিনি আব্রাহামের মতো আনুগত্য প্রদর্শনের উদ্দেশ্যে সন্তানদের হত্যা করেছেন। তার মানসিক মূল্যায়নে দেখা যায়, তিনি অন্ধবিশ্বাসে বশবর্তী হয়ে ভাবছিলেন ঈশ্বর তাকে একটি “স্বর্গীয় গ্রাম” পুরস্কার হিসেবে দেবেন যদি তিনি ছেলেদের হত্যা করে নিজের অন্ধবিশ্বাস প্রমাণ করতে পারেন [13]

একইভাবে আন্দ্রিয়া ইয়েটস (Andrea Yates) ২০০১ সালে হ্যালুসিনেশনের প্রভাবে নিজের পাঁচ সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করেন। পরে আদালতে বলা হয়, তিনি বিশ্বাস করতেন তার সন্তানরা “শয়তানের দখলে” এবং তাদের মৃত্যু তাদের আত্মাকে নরকের চিরস্থায়ী যন্ত্রণা থেকে রক্ষা করবে। এই কেসটি মার্কিন ইতিহাসে postpartum psychosis-এর অন্যতম আলোচিত মামলা হিসেবে রয়ে গেছে [14]

আরও সাম্প্রতিক এক ঘটনায়, মিশিগানে ২২ বছর বয়সী এক নারী দাবি করেন যে তিনি “স্পঞ্জবব” চরিত্রের মাধ্যমে ঈশ্বরের কণ্ঠ শুনেছেন, যা তাকে নির্দেশ দেয় নিজের তিন বছর বয়সী কন্যাকে হত্যা করতে। পুলিশি তদন্তে নিশ্চিত করা হয়, এটি একটি command hallucination-এর ফল ছিল [15] । আলাস্কার ফেয়ারব্যাঙ্কস শহরেও অনুরূপভাবে একজন মা হ্যালুসিনেশন ও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তার ছয় বছর বয়সী ছেলেকে হত্যা করেন বলে স্বীকার করেন [16]। এই ঘটনাগুলো ইঙ্গিত দেয় যে, ধর্মীয় এইসব বিশ্বাস—বিশেষ করে “ঈশ্বরের পরীক্ষা” বা “faith demonstration”—মানসিকভাবে দুর্বল বা বিভ্রমগ্রস্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে।


ধর্মীয় বিভ্রমের প্রকৃতি

মানসিক রোগতত্ত্বে “religious delusion” এমন এক ধরনের বিশ্বাস থেকে উদ্ভূত মানসিক সমস্যা, যেখানে ব্যক্তি মনে করেন তিনি ঈশ্বরের দ্বারা বিশেষভাবে নির্বাচিত বা কোনো ডিভাইন মিশনের দায়িত্বপ্রাপ্ত। তারা প্রায়ই বিশ্বাস করেন ঈশ্বর, ফেরেশতা বা শয়তান সরাসরি তাঁদের সঙ্গে কথা বলেন। ক্লিনিক্যাল সাইকিয়াট্রির গবেষণায় দেখা গেছে, গুরুতর সাইকোসিসে আক্রান্ত রোগীরা প্রায়শই ‘অডিটরি কমান্ড হ্যালুসিনেশন’ বা অবাস্তব কণ্ঠস্বরের নির্দেশনা শুনতে পান, যা তাদের বাস্তব ও কল্পনার সীমারেখা ভুলিয়ে দেয় এবং অনেক সময় একে ঐশ্বরিক বা অলৌকিক আদেশ বলে বিভ্রম তৈরি করে [17]

গবেষণায় দেখা গেছে, ধর্মীয় বিভ্রম আক্রান্ত রোগীরা ঈশ্বর, নৈতিক বিচার, আত্মত্যাগ ও নরক-স্বর্গের ধারণা নিয়ে চরম চিন্তায় নিমগ্ন থাকেন, এবং বাস্তব ও কল্পনার সীমারেখা হারিয়ে ফেলেন [18]। ফলে, ধর্মীয় গল্প যেমন ইব্রাহিমের কাহিনি—যেখানে ঈশ্বরের নির্দেশে সন্তান বলির প্রসঙ্গ আছে—এমন ব্যক্তিদের জন্য মানসিকভাবে ট্রিগারিং হয়ে ওঠে।

মনোরোগবিদ্যার আধুনিক মানদণ্ড অনুযায়ী, ধর্মীয় বিভ্রম (religious delusion) এবং শ্রবণ বিভ্রম (auditory hallucination) সাধারণত সিজোফ্রেনিয়া স্পেকট্রামের অন্তর্গত। DSM-5-TR (American Psychiatric Association, 2022)-এর Section II: Schizophrenia Spectrum and Other Psychotic Disorders অংশে স্পষ্টভাবে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি নিজেকে ঈশ্বরের দূত বা নির্বাচিত বলে মনে করেন এবং সেই বিশ্বাস থেকে বিপজ্জনক আচরণে লিপ্ত হন, সেটিকে ধর্মীয় প্ররোচিত বিভ্রম (religiously-themed delusion) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয় [19]

মনোরোগ বিশেষজ্ঞ পিয়েরে তাঁর গবেষণায় উল্লেখ করেন, সুস্থ ধর্মীয় বিশ্বাস এবং সাইকোটিক ডিল্যুশনের মধ্যে একটি সূক্ষ্ম মনস্তাত্ত্বিক সীমানা রয়েছে; বিশ্বাস যখন যুক্তির সমস্ত সীমা অতিক্রম করে চরম বাস্তবতাবর্জিত ও সমাজ-বিধ্বংসী আচরণের দিকে ধাবিত হয়, তখন চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেটি আর সুস্থ ভক্তি থাকে না, বরং তা ‘রিলিজিয়াস ডিল্যুশন’ বা ধর্মীয় বিভ্রমে রূপ নেয় [20]। এটি বোঝায় যে মানসিক চিকিৎসা বিশ্বাসের বিপরীত অবস্থানে রোগীদের এনালাইসিস করে, এবং বিপজ্জনক বিশ্বাস-প্রসূত আচরণ প্রতিরোধে বৈজ্ঞানিক সহায়তা দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র ২০২২ সালের প্রতিবেদনে (Mental Health and Religion) বলা হয়েছে, ধর্মীয় বিশ্বাস ও মানসিক স্বাস্থ্য অনেক সময় সূক্ষ্ম সীমা অতিক্রম করে ফেলতে পারে, যার ফলে অতিরিক্ত আক্ষরিক বা ভয়ভিত্তিক বিশ্বাস মানসিক স্থিতি সম্পূর্ণ নষ্ট করতে পারে। রিপোর্টটি ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ ও মনো-সামাজিক সহায়তার ওপর জোর দিয়েছে যাতে বিভ্রম-জাতীয় বিশ্বাসে আক্রান্ত মানুষদের দ্রুত চিকিৎসা দেওয়া যায় [21]


উপমহাদেশের ঘটনা ও সামাজিক প্রভাব

বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে মাঝে মাঝে সংবাদে দেখা যায়, কেউ “কালী দেবীর আহ্বান” বা “স্বপ্নে পাওয়া নির্দেশে” নিজের সন্তানকে বলি দিয়েছে। ২০১৯ সালে পশ্চিমবঙ্গের এক নারী দাবি করেছিলেন যে, তিনি দেবীর স্বপ্নে প্রাপ্ত নির্দেশে নিজের ছেলেকে নদীতে ফেলে দিয়েছেন—পরে তাকে মানসিক চিকিৎসার আওতায় নেওয়া হয়। যদিও এই ঘটনাগুলোর অধিকাংশই মানসিক রোগের ফলাফল, ধর্মীয় প্রেক্ষাপট এতে একটি নৈতিক আবরণ তৈরি করে যা অপরাধটিকে “ভক্তি” হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করে।

এই সব উদাহরণ একটিই ইঙ্গিত করে—ধর্মীয় আখ্যান, বিশেষ করে আনুগত্য ও আত্মত্যাগকে গৌরবান্বিত করা গল্পগুলো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের কাছে এক প্রকার “ঈশ্বরীয় নির্দেশনা” হিসেবে প্রতিভাত হতে পারে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান বা ভারত—সব দেশেই এমন মানুষদের শেষ পর্যন্ত মানসিক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হয়েছে, এবং সুস্থ হওয়ার পর তারা নিজের অপরাধকে বিভ্রমজনিত ভুল হিসেবে স্বীকার করেছেন। বাংলাদেশেও এরকম উদাহরণ নিতান্তই কম নয়, যার উদাহরণ আমরা মাঝেমাঝেই পত্রিপত্রিকাতে দেখি।

কোরবানী

আধুনিক মনোবিজ্ঞান স্পষ্ট করে দেখিয়েছে যে অন্ধবিশ্বাস, অন্ধ আনুগত্য, ধর্মীয় বিভ্রম এবং মানসিক রোগের সংমিশ্রণ মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর জন্ম দিতে পারে। ইব্রাহিমের গল্পের মতো ধর্মীয় আখ্যানকে যদি প্রশ্নহীনভাবে মহিমান্বিত করা হয়, তবে তা মানসিকভাবে দুর্বল ব্যক্তির কাছে “ঈশ্বরের আদেশ পালন”-এর একটি বিপজ্জনক নকশা তৈরি করে। অতএব, ধর্মীয় বয়ানকে মানবিক ও যৌক্তিক কাঠামোয় পুনঃবিশ্লেষণ করা, এবং মানসিক স্বাস্থ্য-শিক্ষা ও চিকিৎসাকে সমাজে অগ্রাধিকার দেওয়া—এই দুই পদক্ষেপই এ ধরনের ট্র্যাজেডি প্রতিরোধের প্রধান উপায়।

কোরবানী 1

“পশু কম কষ্ট পায়”—নির্মম ধর্মীয় আত্মপ্রবঞ্চনার খণ্ডন

কোরবানির পক্ষে সবচেয়ে প্রচলিত নিষ্ঠুর মিথগুলোর একটি হলো—ধর্মীয় নিয়মে জবাই করলে পশু নাকি কম কষ্ট পায়, এমনকি কেউ কেউ দাবি করে পশু প্রায় কষ্টই পায় না। এটি বৈজ্ঞানিক সত্য নয়; এটি রক্তাক্ত আচারকে নৈতিকভাবে সহনীয় করে তোলার জন্য বানানো ধর্মীয় আত্মপ্রবঞ্চনা। বাস্তবতা হলো, কোরবানির সময় গরু, ছাগল বা ভেড়ার গলায় ছুরি চালিয়ে চামড়া, পেশী, শ্বাসনালী, খাদ্যনালী, প্রধান রক্তনালী এবং ঘাড়ের সংবেদনশীল স্নায়ু কেটে দেওয়া হয়। কিন্তু ঘাড়ের spinal cord বা মেরুদণ্ডীয় স্নায়ুকাণ্ড সাধারণত অক্ষত থাকে। ফলে প্রাণীটি সঙ্গে সঙ্গে স্নায়ুবিকভাবে “বন্ধ” হয়ে যায় না; তার শরীর, স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক তখনও ব্যথা, আতঙ্ক, শ্বাসরোধ, রক্তক্ষরণ ও মৃত্যুভয়ের সংকেত গ্রহণ করতে পারে। ব্যথা কোনো রহস্যময় আত্মিক অনুভূতি নয়; এটি স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছানো সচেতন অভিজ্ঞতা। তাই প্রাণী যতক্ষণ সচেতন থাকে, ততক্ষণ গলার গভীর ক্ষত, শ্বাসনালীর কাটা অংশ, রক্তক্ষরণ, বাঁধা অবস্থায় ছটফটানি এবং অক্সিজেন-স্বল্পতার প্রতিটি ধাপ তার জন্য বাস্তব যন্ত্রণা। AVMA-র humane slaughter guideline-এও বলা হয়েছে, ব্যথা উপলব্ধির জন্য peripheral nociceptor থেকে সংকেত সচেতন cerebral cortex-এ পৌঁছায়; অর্থাৎ প্রাণী সচেতন থাকলে কাটা ঘাড়ের যন্ত্রণা অনুভব করতেই পারে।

এই নিষ্ঠুরতার সবচেয়ে ভয়াবহ অংশ হলো, জবাইয়ের পর প্রাণীটিকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয় না; তাকে রক্ত ঝরে মরার জন্য ফেলে রাখা হয়। ধর্মীয় ভাষায় একে “রক্ত বের হয়ে যাওয়া” বলা হলেও বাস্তবে এটি এক সচেতন প্রাণীর ধীরে ধীরে cerebral blood supply কমে যাওয়া, শ্বাসকষ্টে ছটফট করা এবং মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতিতে অচেতন হয়ে পড়ার প্রক্রিয়া। EFSA-র পুরনো বৈজ্ঞানিক মতামতেও বলা হয়েছে, গলা কাটার পর রক্তক্ষরণের ফলে মস্তিষ্কে অক্সিজেন ও পুষ্টির ঘাটতি তৈরি হয় এবং চেতনা ধীরে ধীরে হারায়; কিন্তু গলা কাটা অবস্থায় প্রাণী যতক্ষণ সচেতন থাকে, ততক্ষণ গুরুতর welfare problem অত্যন্ত সম্ভাব্য। ডাচ গবেষণাতেও দেখা গেছে, sheep ও goat সাধারণত তুলনামূলক দ্রুত অচেতন হলেও cattle বা গরুর ক্ষেত্রে বড় সমস্যা থাকে: বহু গরু ৪০ সেকেন্ড পরও সচেতন থাকে, এবং কিছু গরু ২ মিনিট পর্যন্ত সচেতন থাকতে পারে। অর্থাৎ “এক টানে কেটে দিলেই কষ্ট শেষ”—এই কথাটি মিথ্যা। বাস্তবে একটি বিশাল প্রাণী গলার ভয়াবহ ক্ষত নিয়ে, spinal cord অক্ষত অবস্থায়, স্নায়ুতন্ত্র সচল রেখে, রক্ত ঝরতে ঝরতে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। এই সময়ের প্রতিটি সেকেন্ড তার জন্য ব্যথা, আতঙ্ক ও শ্বাসরোধের সম্ভাব্য সেকেন্ড।

কোরবানী 3

আরও বড় প্রতারণা হলো, এই যন্ত্রণাকে ধর্মীয় ভাষা দিয়ে ঢেকে দেওয়া। “বিসমিল্লাহ” উচ্চারণ করলে স্নায়ুকোষ অচেতন হয় না; ধারালো ছুরি ব্যথাকে বাতিল করে না; কিবলামুখী করা প্রাণীর fear response বন্ধ করে না। কোনো ধর্মীয় শব্দ, কোনো আচার, কোনো পুরোহিতসুলভ পবিত্রতা প্রাণীর nociceptor, spinal pathway, brainstem response বা cortical consciousness-কে জাদুর মতো নিষ্ক্রিয় করে দিতে পারে না। প্রাণীর কষ্ট কমাতে হলে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক stunning, দক্ষ slaughter practice, restraint-এর যন্ত্রণা কমানো, দ্রুত অচেতনতা নিশ্চিত করা এবং কঠোর animal welfare regulation। EFSA প্রাণী জবাইয়ের সময় pain, distress ও suffering কমানোকে animal welfare-এর কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। বিপরীতে, অচেতন না করে গলা কেটে রক্ত ঝরিয়ে মৃত্যু ঘটানো একটি প্রাচীন রক্তাক্ত পদ্ধতি, যার পক্ষে “পশু কম কষ্ট পায়” বলা শুধু অজ্ঞতা নয়—এটি প্রাণীর বাস্তব যন্ত্রণাকে অস্বীকার করার নৈতিক কাপুরুষতা।


ধর্মীয় গল্প ও সন্ত্রাসবাদ

প্রাচীন কাহিনির প্রতি অন্ধ বিশ্বাস এবং ভক্তি এইসব কাহিনীর পুনরাবৃত্তি ঘটাতে অনেকটাই সহায়ক। অনেক ক্ষেত্রে এগুলো আধুনিক উগ্রবাদীদের জন্য মনস্তাত্ত্বিক ও ন্যারেটিভ পুঁজি হিসেবে কাজ করতে পারে। লেখক কারোল ডেলানি একবার উল্লেখ করেছিলেন যে ইব্রাহিমের গল্পে যাদের প্রশংসা করা হয়, তারা মূলত অন্ধ আনুগত্য দেখান; একই সাথে যারা এগুলো নিয়ে যৌক্তিক প্রশ্ন করে, তাদেরকে “অবিশ্বাসী” বা “সন্দেহকারী“ হিসেবে অবমানিত করা হয়। তাদেরকে অনেক ক্ষেত্রে শয়তানের সাথেও তুলনা দেয়া হয়।

এই ন্যারেটিভের অপব্যবহার কয়েকটি সন্ত্রাসী ও উগ্রবাদীর ভাষণে স্পষ্টভাবে পাওয়া যায়। তারা পুরাতন ধর্মীয় কাহিনীকে নতুন করে ব্যবহার করে “ঈশ্বরের আদেশ” প্রদর্শন ও ন্যায্যতার এক ধরণের ন্যারেটিভ বা বয়ান তৈরি করে। যেমন ধরুনঃ

  • আব্দুল্লাহ el-Faisal নামে এক ইসলামিক বক্তা তার বক্তৃতায় বলেছিলেন, “যারা কাফির (ইসলামে অবিশ্বাসী) … তাদেরকে হত্যা করো” এবং জয়ী হলে আল্লাহ স্বর্গের প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো দেবেন।[22]
  • আবু হামজা আল-মাসরি (Abu Hamza al-Masri) তার বক্তৃতায় সাধারণভাবে বলেন, “Allah likes those who believe in Him who kill those who do not believe in Him.”
    — অর্থাৎ “ঈশ্বর এমন বিশ্বাসীদের পছন্দ করেন যারা অবিশ্বাসীদের হত্যা করে“ — এই ধরনের বক্তব্য সমাজে সহিংসতার ন্যারেটিভ তৈরি হয়। [23]
  • আল-কায়দা (Al-Qaeda) একটি ধর্মীয় উগ্রবাদী সংগঠন যারা ধর্মীয় বিধান হিসেবে পুরাতন ইসলামিক টেক্সট ও দর্শন ব্যবহার করে, “ফিতনা সৃষ্টিকারী” বা “শিরককারী” হিসেবে অমুসলিমদের চিহ্নিত করে এবং তাদের বিরুদ্ধে সহিংসতা চালায় — এবং তাদের বক্তৃতায় এই ন্যারেটিভকে “ঈশ্বরপ্রদত্ত যুদ্ধে অংশগ্রহণ” হিসেবে উপস্থাপন করে। [24]

এই প্রেক্ষিতে আমাদের প্রশ্ন হওয়া উচিতঃ এসব ধর্মীয় কাহিনী কি শিক্ষার্থীদের মধ্যে নিজস্ব বিচারবুদ্ধি গড়ে তোলে নাকি নিঃশর্ত আনুগত্যকে মাহাত্ম্য দেয়? যদি ধর্মীয় গল্পের অর্থ বা প্রেক্ষাপট ক্রিটিক্যালি এনালাইসিস বা সমালোচনামূলকভাবে ব্যাখ্যা না করা হয়, তাহলে এধরনের গল্প অত্যন্ত কার্যকর উগ্রবাদী রূপকথা হয়ে উঠতে পারে — যাকে অতি উৎসাহী বা অন্ধবিশ্বাসীরা (radical actors) বিভিন্ন ফৌজদারি অপরাধকে ন্যায্যতা দিতে ব্যবহার করতে পারে। গল্পটি যদি শুধু আনুগত্য-কেন্দ্রিক কোরাস হিসেবে ধরা হয় এবং মানবিক সমবেদনা, নৈতিক প্রশ্ন ও মানবাধিকার বিষয়গুলোর মূল্য অগ্রাহ্য করা হয়, তাহলে সেটি সন্ত্রাসবাদীদের পক্ষে এমন এক ভিত্তি হতে পারে যার ওপর ভিত্তি করে তারা যেকোন অপকর্মকে ঈশ্বরিক আদেশ নির্দেশ বা নৈতিক কাজ হিসেবে ন্যায্যতা দিতে পারে।


আধুনিক নৈতিকতার সামনে ধর্মীয় আখ্যান

যেকোনো ধর্মীয় কাহিনি—বিশেষ করে যে গল্পটি সহিংসতা, আত্মত্যাগ বা ঈশ্বরের পরীক্ষার ধারণার সঙ্গে যুক্ত—তার গল্পগুলোর অর্থ কিংবা মুল শিক্ষণীয় বিষয়াদি সময়ের সঙ্গে পরিবর্তন জরুরি। অন্ধ আনুগত্য অন্ধবিশ্বাস সেই প্রাচীন সময়ে যত উত্তম কাজ বলে গণ্য হতো, বর্তমান সময়ে আর এত ভাল কাজ বলে গণ্য হয় না। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গল্পগুলো অন্ধ আনুগত্যের প্রতীক হিসেবে প্রচারিত হয়েছে; কিন্তু আধুনিক যুগে এগুলোকে নতুনভাবে পুনর্বিবেচনা করা জরুরি। সমালোচনামূলক চিন্তা দ্বারা এসব গল্পের ভেতরে থাকা অর্থ, নৈতিক দ্বন্দ্ব, ও মানবিক পরিণতি নিয়ে প্রশ্ন তোলা জরুরি।

কিছু সমকালীন ধর্মতত্ত্ববিদ বলেন, ঐতিহ্যকে পুনর্মূল্যায়ন করা অপরিহার্য, কারণ অন্ধ আনুগত্যকে ধর্মীয় গুণ হিসেবে শেখানো মানে পরবর্তী প্রজন্মের কাছ থেকে চিন্তার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া। ধর্মের বিকাশ তখনই সম্ভব, যখন বিশ্বাসের পাশাপাশি সমালোচনামূলক অনুসন্ধানও উৎসাহিত হয়। এই প্রক্রিয়ায় প্রশ্ন করা অপরাধ নয়—বরং আত্মবিশ্বাসের প্রকাশ। কারণ ঈশ্বর যদি সর্বজ্ঞ ও ন্যায়বিচারক হন, তাহলে যুক্তি ও প্রশ্নের ভয় পাওয়ার কিছু নেই।

যখন শিশুরা ছোটবেলা থেকে রক্ত ও হত্যার দৃশ্যকে “স্বাভাবিক” হিসেবে দেখতে শেখে, তখন সহিংসতার প্রতি সংবেদনশীলতা ধীরে ধীরে কমে যায়। সেই পরিবেশই একদিন এমন প্রজন্ম তৈরি করে, যারা সহিংসতা দেখে বিচলিত হয় না, বরং তাকে ধর্মীয় কর্তব্য হিসেবে মেনে নেয়।তাই আধুনিক যুগে ধর্মের প্রকৃত সংস্কার মানে হলো—প্রশ্ন তোলার স্বাধীনতা ফিরিয়ে আনা। অন্ধ আনুগত্য নয়, যুক্তি, সহানুভূতি ও মানবিকতার ওপর দাঁড়ানো এক বিশ্বাসব্যবস্থা গড়ে তোলা। একমাত্র এই মননশীল, সমালোচনামূলক চেতনা দ্বারাই ধর্ম ও মানবতা একে অপরের প্রতিপক্ষ না হয়ে পরিপূরক হয়ে উঠতে পারে। এই বিষয়ে একটি হিন্দি সিনেমার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পারেন,


মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও সঠিক প্রতিকার

filicide গবেষণায় দেখা যায়, সন্তান হত্যাকারী অনেক মা বা বাবা গুরুতর মানসিক অসুস্থতায় ভোগেন; delusion ও hallucination–এর কারণে তারা ভাবেন ঈশ্বর তাঁদের নির্দেশ দিচ্ছেন [12]। এসব রোগের চিকিৎসা না করলে শিশু মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পায়, কিন্তু যথাযথ মনোরোগী সহায়তা পেলে ঘটনা প্রতিরোধ করা সম্ভব। তাই ধর্মীয় গল্পের অন্ধ অনুকরণ নয়, সন্তানের কল্যাণে মানসিক স্বাস্থ্যসেবা প্রসারিত করা ও ধর্মীয় আখ্যানের সমালোচনামূলক বোঝাপড়া তৈরি করা জরুরি।

অনেক সমাজবিজ্ঞানী বলেন, বারবার আনুগত্যের গল্প শুনতে শুনতে শিশুরা সন্দেহহীনভাবে কর্তৃপক্ষ মানতে শেখে; “যাহা বলা হয়, তাহাই কর”“ধর্মীয় নেতাদের প্রতি সদাসর্বদা জ্বী হুজুর” এই সংস্কৃতি দমনমূলক শাসনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যে সমাজে প্রশ্ন করা বা চ্যালেঞ্জ করা স্বাভাবিক, সেখানে চরমপন্থার স্থান কম। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে মুক্ত আলোচনার পরিবেশ ও নৈতিক ভাবনা প্রশিক্ষণ (moral reasoning education) চালু করা প্রয়োজন।


একদিনের মাংস দরিদ্রের পুষ্টি সমাধান নয়

কোরবানির পক্ষে আরেকটি জনপ্রিয় কিন্তু দুর্বল যুক্তি হলো—এর মাধ্যমে নাকি গরিব মানুষের প্রোটিনের চাহিদা পূরণ হয়। এই যুক্তি পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিতে প্রায় হাস্যকর। মানুষের শরীরের প্রোটিনের প্রয়োজন দৈনিক; বছরে একদিন কয়েক টুকরো মাংস খেয়ে সারাবছরের পুষ্টিহীনতা পূরণ হয় না। FAO/WHO/UNU-এর protein and amino acid requirement বিষয়ক প্রতিবেদনে প্রোটিন-চাহিদাকে দৈনিক পুষ্টি-চাহিদা হিসেবে বিবেচনা করা হয়েছে; Harvard Health-ও প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রচলিত RDA হিসেবে শরীরের প্রতি কেজি ওজনের জন্য দৈনিক প্রায় ০.৮ গ্রাম প্রোটিনের কথা উল্লেখ করে। অর্থাৎ প্রোটিন কোনো উৎসবের দিনের আতশবাজি নয়; এটি নিয়মিত খাদ্যাভ্যাসের অংশ। সারাবছর দরিদ্র মানুষ যদি পর্যাপ্ত ডাল, ডিম, মাছ, দুধ, মাংস বা অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার না পায়, তাহলে ঈদের দিন হঠাৎ অনেক মাংস খাওয়ানো তার পুষ্টি-সমস্যার সমাধান করে না। বরং দীর্ঘদিন কম মাংস খাওয়া বা অনিয়মিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত অনেক দরিদ্র মানুষের জন্য হঠাৎ অতিরিক্ত চর্বিযুক্ত লাল মাংস খাওয়া বদহজম, ডায়রিয়া, পেটব্যথা, অস্বস্তি ও খাদ্যজনিত সমস্যার কারণ হতে পারে। NHS অতিরিক্ত red meat ও processed meat খাওয়ার ব্যাপারে সতর্ক করে এবং যারা দিনে ৯০ গ্রাম cooked red/processed meat-এর বেশি খান, তাদের ৭০ গ্রামে নামিয়ে আনার পরামর্শ দেয় [25]। তাই “গরিবের প্রোটিন” কথাটি আসলে পুষ্টিবিজ্ঞান নয়—ধর্মীয় আচারকে মানবিক দেখানোর জন্য বানানো আবেগী স্লোগান। দরিদ্র মানুষের পুষ্টি নিশ্চিত করতে হলে দরকার সারাবছর সুষম খাদ্য, ন্যায্য আয়, খাদ্যনিরাপত্তা, শিশু-পুষ্টি কর্মসূচি, সাশ্রয়ী প্রোটিন উৎস এবং স্বাস্থ্যসম্মত খাদ্যবণ্টন ব্যবস্থা; বছরে একদিন লক্ষ লক্ষ পশু জবাই করে রক্ত, চর্বি ও মাংসের পাহাড় বানানো নয়।


কোরবানির নগর-নোংরামি, জনস্বাস্থ্য ও পরিবেশ দূষণ

কোরবানির আরেকটি নির্মম বাস্তবতা হলো, বহু মুসলিমপ্রধান সমাজে এই আচার শুধু পশুহত্যার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এটি রাস্তাঘাট, ড্রেন, খাল, নদী, পাড়া-মহল্লা ও নগর-পরিবেশকে এক দিনের জন্য রক্ত, মল, নাড়িভুঁড়ি, চর্বি, হাড়, চামড়ার বর্জ্য এবং দুর্গন্ধের উন্মুক্ত কসাইখানায় পরিণত করে। একটি আধুনিক শহরে পশু জবাই কোনো ব্যক্তিগত উঠান-সংস্কৃতির বিষয় হতে পারে না; এটি জনস্বাস্থ্য, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি দূষণ এবং প্রতিবেশগত নিরাপত্তার বিষয়। কিন্তু কোরবানির সময় দেখা যায়, ধর্মীয় আবেগের নামে অসংখ্য মানুষ ঘরের সামনে, গলির মুখে, রাস্তার ওপর, ড্রেনের পাশে বা আবাসিক এলাকায় পশু জবাই করে; রক্ত বৃষ্টির পানির সঙ্গে মিশে নর্দমায় যায়, পশুর বর্জ্য পচে দুর্গন্ধ ছড়ায়, মাছি-কীটপতঙ্গ জন্মায়, কুকুর-বিড়াল সেই বর্জ্য টেনে নিয়ে যায়, এবং পুরো এলাকা কয়েক দিন ধরে অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে থাকে। এটিকে ভক্তি বলা যায় না; এটি নগরসভ্যতার বিরুদ্ধে এক প্রকার প্রকাশ্য অবহেলা।

যে সমাজ নিজের ধর্মীয় আচার পালনের নামে প্রতিবেশী, পথচারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ মানুষ এবং নগরের সাধারণ নাগরিকদের দুর্গন্ধ, রক্ত, পচা বর্জ্য ও সংক্রমণের ঝুঁকির মধ্যে ফেলে, সে সমাজ আসলে নৈতিকতা নয়—গোষ্ঠীগত জবরদস্তি চর্চা করে। ধর্মীয় স্বাধীনতা মানে নিজের বিশ্বাস অন্যের নাক, ফুসফুস, পানি, রাস্তা ও জনপরিসরের ওপর চাপিয়ে দেওয়া নয়। কোরবানির পশুর রক্ত যদি ড্রেনে গিয়ে পানি দূষিত করে, পচা নাড়িভুঁড়ি যদি রাস্তার পাশে পড়ে থাকে, পশুবর্জ্য যদি সঠিকভাবে সংগ্রহ ও প্রক্রিয়াজাত না হয়, তাহলে সেটি কোনো পবিত্রতা নয়; সেটি সরাসরি নাগরিক দায়িত্বহীনতা। আধুনিক রাষ্ট্রে জবাই হতে হলে তা নির্দিষ্ট slaughterhouse, veterinary inspection, waste treatment, blood collection, cold chain, hygiene control এবং পরিবেশগত মানদণ্ড মেনে হতে হবে। কিন্তু বহু জায়গায় কোরবানির নামে যা ঘটে, তা হচ্ছে ধর্মীয় আবেগকে ব্যবহার করে আইন, স্বাস্থ্যবিধি ও পরিবেশবোধকে সাময়িকভাবে স্থগিত করে দেওয়া। এই বর্বরতা যতদিন “ঐতিহ্য” নামে চালু থাকবে, ততদিন শহরগুলো ঈদের দিন ধর্মীয় উল্লাসের আড়ালে রক্তাক্ত ও দুর্গন্ধময় বর্জ্যভূমিতে পরিণত হতে থাকবে।


নতুন দৃষ্টিভঙ্গি এবং আগামী ভবিষ্যৎ

ধর্মসমূহ যেরকম নিঃশর্ত আনুগত্য দাবী করে, সেগুলোকে গ্লোরিফাই করে, সেগুলো আসলেই সংকটজনক। আমাদের দরকার এমন এক সমাজ যেখানে ধর্মীয় গল্পগুলোকে যুক্তিবুদ্ধি দিয়ে যাচাই করে তারপরে সেই গল্পের নৈতিক দিক গ্রহণ করতে শেখানো হবে। উদার মুসলিম, খ্রিষ্টান ও ইহুদি ধর্মতাত্ত্বিকেরা তাই নতুন ব্যাখ্যা প্রস্তাব করছেন: ইব্রাহিমের পরীক্ষা আসলে ছিল মানব বলি নিষেধের ঈশ্বরিক বিধান; তিনি সন্তান হারাতে প্রস্তুত ছিলেন এবং আল্লাহ মানবহত্যা না করার নির্দেশ দিয়ে বলি বন্ধ করেন। এই ধরণের আধুনিক ব্যাখ্যা আসলে ধর্মের প্রাচীন ব্যাখ্যাগুলোর সাথে সরাসরি সাংঘর্ষিক, তবে অপেক্ষাকৃত মানবিক। তবুও এই গল্পে যে ঈমানের পরীক্ষার দাবী আছে, তার কারণে জানিয়ে দেওয়া জরুরি – ঈশ্বর মানব সৃষ্টিকে মূল্য দেন এবং শিশুদের জীবন অমূল্য। কোন পরীক্ষার কারণেই কোন শিশুকে হত্যা করা যাবে না। কোন লোভই একজন শিশুর জীবনের চাইতে দাবী নয়। কোন ঈশ্বরই একজন নিরাপরাধ শিশুর বলি চাইতে পারেন না।

রিচার্ড মিডলটন যেমন বলেন, ঈশ্বরের প্রকৃত চরিত্র বিষয়ে শিখতে নৈতিক সাহস দরকার, চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার মত যুক্তি বুদ্ধি দরকার। তখনি ধর্মীয় কাহিনিগুলো আমাদের কেবল আনুগত্য নয়, ন্যায় বিচার, মানবিকতা ও অপরের প্রতি সহানুভূতির দীক্ষা দিতে পারে।


সর্বশক্তিমান কেন রক্ত চায়?

কোরবানির নৈতিক সংকটের কেন্দ্রে আছে একটি নির্মম ও মৌলিক প্রশ্ন: সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বদয়, সর্বসম্পূর্ণ ঈশ্বরের কাছে রক্তের প্রয়োজন কেন? একজন ক্ষুধার্ত মানুষের খাদ্য দরকার, একজন দুর্বল শাসকের আনুগত্য দরকার, একজন নিরাপত্তাহীন নেতার প্রশংসা দরকার, একজন উপজাতীয় দেবতার রক্ত দরকার হতে পারে; কিন্তু মহাবিশ্বের স্রষ্টা, যিনি নাকি সময়, স্থান, পদার্থ, শক্তি, প্রাণ, মৃত্যু—সবকিছুর মালিক, তাঁর কাছে একটি অসহায় প্রাণীর গলা কাটা কেন মূল্যবান হবে? তিনি যদি সত্যিই সর্বশক্তিমান হন, তাহলে তাঁর কিছু প্রয়োজন থাকার কথা নয়। প্রয়োজন মানেই ঘাটতি; চাহিদা মানেই অসম্পূর্ণতা; রক্তের দাবি মানেই এমন এক সত্তা, যে সন্তুষ্টির জন্য বাহ্যিক বস্তু, যন্ত্রণা বা আনুগত্যের দৃশ্য চায়। কিন্তু যে সত্তা নিজেকে পরিপূর্ণ বলে দাবি করে, তার কাছে রক্ত, মাংস, ধোঁয়া, বলি, আনুষ্ঠানিক জবাই—এসবের কোনো ontological বা নৈতিক অর্থ থাকার কথা নয়। তাই কোরবানির প্রশ্নটি আসলে পশুর গলা কাটার প্রশ্নের চেয়েও গভীর; এটি ঈশ্বরের চরিত্র, ধর্মের মনস্তত্ত্ব এবং মানুষের নৈতিক বিবর্তনের প্রশ্ন।

ধর্মতাত্ত্বিকরা সাধারণত পাল্টা বলেন—ঈশ্বর রক্ত চান না, তিনি চান আনুগত্য, ত্যাগ, ঈমান, আত্মসমর্পণ। কিন্তু এই ব্যাখ্যাই সমস্যাটিকে আরও ভয়াবহ করে তোলে। কারণ তখন প্রশ্ন দাঁড়ায়: আনুগত্য প্রমাণের জন্য রক্তের নাটক কেন দরকার? ঈমান যাচাইয়ের জন্য হত্যা বা হত্যার প্রস্তুতি কেন দরকার? একজন সর্বজ্ঞ ঈশ্বর তো পরীক্ষার আগেই জানেন কে কতটা বিশ্বাসী। তিনি যদি না জানেন, তাহলে তিনি সর্বজ্ঞ নন; আর যদি জানেন, তাহলে পরীক্ষাটি তাঁর জানার জন্য নয়—বরং বিশ্বাসীর মনস্তত্ত্ব ভাঙার জন্য। অর্থাৎ কোরবানির গল্পে ঈশ্বরের প্রয়োজন রক্ত নয়, মানুষের নৈতিক আত্মসমর্পণ। তিনি দেখতে চান মানুষ তার নিজস্ব বিবেক, যুক্তি, পিতৃত্ব, মমতা, সহানুভূতি, নৈতিক প্রতিবাদ—সবকিছু অস্বীকার করে কর্তৃত্বের সামনে মাথা নত করতে পারে কিনা। এই দৃষ্টিকোণ থেকে কোরবানি কোনো সাধারণ ধর্মীয় উৎসব নয়; এটি একটি মনস্তাত্ত্বিক আনুগত্য-প্রশিক্ষণ, যেখানে বিশ্বাসীকে শেখানো হয়—নৈতিকতার শেষ বিচারক তোমার বিবেক নয়, তোমার যুক্তি নয়, ভুক্তভোগীর যন্ত্রণা নয়; শেষ বিচারক হলো অদৃশ্য কর্তৃত্বের আদেশ।

এইখানেই ধর্মীয় বলির প্রাচীন মনস্তত্ত্ব উন্মোচিত হয়। প্রাচীন সমাজে মানুষ প্রকৃতিকে বুঝত না; বজ্রপাত, খরা, মহামারি, বন্যা, বন্ধ্যাত্ব, ফসলহানি—সবকিছুকে তারা অদৃশ্য শক্তির রাগ, অভিশাপ বা ক্ষুধা হিসেবে কল্পনা করত। তাই দেবতাকে খুশি করতে পশু, শস্য, মানুষ, কুমারী, বন্দি, সন্তান—যা কিছু মূল্যবান মনে হয়েছে, তা উৎসর্গ করা হয়েছে। বলি ছিল ভয়কে নিয়ন্ত্রণ করার এক আদিম পদ্ধতি। মানুষ ভাবত, “আমি যদি কিছু দিই, দেবতা আমাকে ধ্বংস করবে না।” এই বিনিময়-মনস্তত্ত্বই sacrifice culture-এর ভিত্তি। অর্থাৎ বলির ধারণা জন্মেছে মহাজাগতিক নৈতিকতা থেকে নয়, বরং ভয়, অজ্ঞতা, অনিশ্চয়তা ও ক্ষমতাহীনতার মানসিকতা থেকে। মানুষ যখন প্রকৃতির ওপর নিয়ন্ত্রণহীন, তখন সে নিজের সবচেয়ে মূল্যবান জিনিস উৎসর্গ করে কল্পিত নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়। দেবতা তখন নৈতিক সত্তা নয়; দেবতা হয়ে ওঠে এক cosmic extortionist—যাকে সন্তুষ্ট রাখতে হয়, নইলে বিপর্যয় আসবে।

কোরবানির ধর্মতত্ত্ব সেই আদিম ভয়-মনস্তত্ত্বেরই ধারাবাহিকতা। এখানে ঈশ্বরকে প্রকাশ্যে বলা হয় দয়ালু, কিন্তু তাঁর সন্তুষ্টির প্রতীক করা হয় রক্তপাতকে। তাঁকে বলা হয় অমুখাপেক্ষী, কিন্তু তাঁর নামে প্রাণী জবাই করা হয়। তাঁকে বলা হয় ন্যায়পরায়ণ, কিন্তু তাঁর পরীক্ষা দাঁড়ায় নিরপরাধ সন্তানের গলায় ছুরি ধরার প্রস্তুতিতে। এই স্ববিরোধিতা কোনো ছোটখাটো ব্যাখ্যাগত সমস্যা নয়; এটি ধর্মীয় নৈতিকতার কেন্দ্রীয় অসুখ। যদি ঈশ্বর সত্যিই নৈতিকতার সর্বোচ্চ উৎস হন, তাহলে তিনি কখনোই এমন পরীক্ষা নেবেন না যেখানে নৈতিকভাবে সঠিক উত্তর হলো শিশুকে বাঁচানো নয়, বরং শিশুকে জবাই করতে প্রস্তুত হওয়া। একটি সুস্থ নৈতিক ব্যবস্থায় ইব্রাহিমের উচিত ছিল বলা: “না, কোনো ঈশ্বর আমাকে নিরপরাধ শিশুকে হত্যা করতে বলতে পারেন না। যদি এমন কণ্ঠ শুনি, তবে সেটি ঈশ্বর নয়; সেটি বিভ্রম, শয়তান, মানসিক রোগ বা নৈতিক পরীক্ষায় আমার ব্যর্থতার ফাঁদ।” কিন্তু ধর্মীয় আখ্যানটি উল্টো শিক্ষা দেয়—প্রশ্ন না করাই মহত্ত্ব, প্রতিবাদ না করাই ঈমান, ছুরি ধরাই আনুগত্য। এই নৈতিক উল্টোপথই কোরবানির আসল বিপদ।

সর্বশক্তিমান ঈশ্বরের ধারণার সঙ্গে রক্ত-চাহিদার ধারণা যুক্ত করলে ঈশ্বরকে আসলে মানুষের তৈরি এক প্রাচীন রাজা, গোত্রপ্রধান বা যুদ্ধদেবতার পর্যায়ে নামিয়ে আনা হয়। প্রাচীন রাজারা আনুগত্য চাইত দৃশ্যমান চিহ্নে—কর, উপঢৌকন, মাথা নত করা, বন্দির রক্ত, শত্রুর লাশ। গোত্রীয় দেবতারাও একই রাজনৈতিক ভাষায় নির্মিত: “তুমি আমাকে মানো, আমার নামে হত্যা করো, আমার সামনে উৎসর্গ দাও, আমি তোমাকে রক্ষা করব।” এই দেবতা আসলে আকাশে প্রক্ষেপিত পিতৃতান্ত্রিক ক্ষমতা। তাঁর ভাষা ক্ষমতার ভাষা, তাঁর নৈতিকতা আনুগত্যের নৈতিকতা, তাঁর সন্তুষ্টি কর্তৃত্বের প্রদর্শনী। কোরবানিতে এই রাজনৈতিক ধর্মতত্ত্ব স্পষ্ট: প্রাণীটি ঈশ্বরের খাদ্য নয়, ঈশ্বরের প্রয়োজনও নয়; প্রাণীটি বিশ্বাসীর আনুগত্যের মঞ্চ-সামগ্রী। রক্ত এখানে ঈশ্বরের পিপাসা মেটায় না; রক্ত বিশ্বাসীর মানসিক শর্তাধীনতা প্রকাশ করে। সে দেখায়—কর্তৃত্ব চাইলে আমি হত্যা করতেও প্রস্তুত।

এখানে একটি গভীর মনস্তাত্ত্বিক প্রক্রিয়া কাজ করে: moral displacement বা নৈতিক দায়িত্ব স্থানান্তর। একজন মানুষ সাধারণ অবস্থায় নিরপরাধ প্রাণী বা মানুষ হত্যা করলে অপরাধবোধ অনুভব করে। কিন্তু যখন বলা হয় “এটি ঈশ্বরের আদেশ”, তখন ব্যক্তির নৈতিক দায় নিজের কাঁধ থেকে সরে যায় এক অদৃশ্য কর্তৃত্বের কাঁধে। সে আর নিজেকে হত্যাকারী ভাবে না; ভাবে সে পালনকারী। সে আর রক্ত দেখে না; দেখে ইবাদত। সে আর প্রাণীর আতঙ্ক দেখে না; দেখে ধর্মীয় কর্তব্য। সে আর শিশুর অধিকার দেখে না; দেখে ঈমানের পরীক্ষা। এই মনস্তাত্ত্বিক স্থানান্তরই ধর্মীয় সহিংসতার সবচেয়ে বিপজ্জনক যন্ত্র। কারণ তখন মানুষের ভেতরের স্বাভাবিক সহানুভূতি নিষ্ক্রিয় হয়ে যায়। তাকে আর নিষ্ঠুর হতে হয় না; তাকে শুধু “আজ্ঞাবহ” হতে হয়। আর ইতিহাস বারবার দেখিয়েছে, আজ্ঞাবহ মানুষ নিষ্ঠুর মানুষের চেয়েও বিপজ্জনক হতে পারে—কারণ নিষ্ঠুর মানুষ অন্তত নিজের নিষ্ঠুরতার মালিক, কিন্তু আজ্ঞাবহ মানুষ নিজের অপরাধকে পবিত্রতার ভাষায় ঢেকে ফেলে।

কোরবানির আচার এই moral displacement-কে সামাজিকভাবে বৈধতা দেয়। একজন ব্যক্তি একা কোনো প্রাণীর গলা কাটলে সেটি সহিংসতা; কিন্তু সমাজ, ধর্ম, পরিবার, উৎসব, ঈদ, নামাজ, তাকবির, মাংস-বণ্টন—এসবের মধ্যে ঢুকিয়ে দিলে একই কাজ হয়ে যায় “পবিত্রতা”। এটাই ritual framing-এর ক্ষমতা। আচার কোনো কাজের বাস্তব প্রকৃতি বদলায় না; কিন্তু মানুষের উপলব্ধি বদলায়। ছুরি তখন আর ছুরি থাকে না, হয় ধর্মীয় প্রতীক। রক্ত তখন আর রক্ত থাকে না, হয় ভক্তির চিহ্ন। প্রাণীর মৃত্যু তখন আর মৃত্যু থাকে না, হয় “ত্যাগ”। এই ভাষাগত ও প্রতীকী পুনর্গঠন মানুষকে বাস্তব যন্ত্রণা থেকে বিচ্ছিন্ন করে। একটি প্রাণী ভয় পাচ্ছে, শ্বাসরোধে ছটফট করছে, রক্ত হারাচ্ছে—এই বাস্তবতাকে সরিয়ে সামনে আনা হয় “ঈমান”, “সুন্নত”, “ইবাদত”, “ত্যাগ”, “আল্লাহর সন্তুষ্টি”। ফলে যন্ত্রণার ওপর শব্দের পর্দা পড়ে যায়। ধর্মীয় ভাষা এখানে নৈতিক জ্ঞান দেয় না; বরং নৈতিক অনুভূতিকে অসাড় করে।

আরও গুরুত্বপূর্ণ হলো, কোরবানি মানুষের ভেতরে এক ধরনের guilt economy তৈরি করে। বিশ্বাসীকে শেখানো হয়: তোমার জীবন, সন্তান, সম্পদ, আনন্দ, ভালোবাসা—কিছুই আসলে তোমার নয়; সব ঈশ্বরের। তাই ঈশ্বর চাইলে তোমাকে দিতে হবে। এই ধারণা প্রথমে বিনয়ী শোনায়, কিন্তু এর গভীরে আছে ব্যক্তিসত্তার সম্পূর্ণ বিলুপ্তি। যদি সন্তানও “ঈশ্বরের সম্পদ”, তবে পিতার নৈতিক দায়িত্ব কোথায়? যদি জীবনও “ঈশ্বরের আমানত”, তবে ব্যক্তির অধিকার কোথায়? যদি রক্তপাতও “আল্লাহর সন্তুষ্টি” হতে পারে, তবে সহানুভূতির স্বাধীন মূল্য কোথায়? এইভাবে ধর্মীয় বলির দর্শন মানুষের আত্মমর্যাদাকে ভেঙে দিয়ে তাকে এক চিরস্থায়ী ঋণগ্রস্ত অবস্থায় রাখে। সে ভাবে, সে জন্মগতভাবে ঋণী; তাই তার ত্যাগ করতেই হবে, মানতেই হবে, ভয় পেতেই হবে। এই ঋণবোধই ধর্মীয় ক্ষমতার সবচেয়ে কার্যকর অস্ত্র। মানুষকে সরাসরি দাস বানানোর দরকার নেই; তাকে বিশ্বাস করিয়ে দিলেই যথেষ্ট যে তার অস্তিত্বই এক অদৃশ্য প্রভুর কাছে ঋণ।

এই কারণে “ত্যাগ” শব্দটির ভেতরেও প্রতারণা আছে। সত্যিকারের ত্যাগ তখনই নৈতিক, যখন তা নিজের স্বার্থ ছাড়ার মাধ্যমে অন্যের কষ্ট কমায়। ক্ষুধার্তকে খাওয়ানো ত্যাগ হতে পারে, অসুস্থকে সেবা করা ত্যাগ হতে পারে, নিজের সুবিধা ছেড়ে দুর্বলকে রক্ষা করা ত্যাগ হতে পারে। কিন্তু একটি অসহায় প্রাণীকে জোর করে ধরে এনে তার গলা কেটে দেওয়া ত্যাগ নয়; সেটি অন্যের জীবন নিয়ে নিজের ধর্মীয় আত্মতৃপ্তি কেনা। এখানে যে মরছে সে ত্যাগ করছে না; তাকে বলি দেওয়া হচ্ছে। যে হত্যা করছে, সে নিজের জীবন দিচ্ছে না; সে অন্যের জীবন ব্যবহার করছে। তাই কোরবানিকে “ত্যাগ” বলা ভাষার অপব্যবহার। এটি নিজের অহং, লোভ, ক্ষমতা, নিষ্ঠুরতা বা সম্পদ ত্যাগ নয়; বরং নিজের ধর্মীয় পরিচয় প্রদর্শনের জন্য এক দুর্বল প্রাণীর জীবন কেড়ে নেওয়া। সত্যিকারের ত্যাগ চাইলে মানুষ নিজের বিলাসিতা কমাতে পারে, দরিদ্রের সারাবছরের খাদ্য নিশ্চিত করতে পারে, পশু হত্যা না করে জীবিত প্রাণী রক্ষা করতে পারে, হাসপাতাল বানাতে পারে, শিশু-পুষ্টি প্রকল্প চালাতে পারে। কিন্তু রক্তপাতকে ত্যাগ বলা সহজ, কারণ এতে নিজের নৈতিক রূপান্তর লাগে না; লাগে শুধু ছুরি, টাকা এবং সামাজিক অনুমোদন।

সর্বশক্তিমান যদি নৈতিকভাবে পরিপূর্ণ হন, তবে তিনি মানুষের কাছ থেকে রক্ত নয়, নৈতিক পরিপক্বতা চাইতেন। তিনি চাইতেন মানুষ দুর্বলকে রক্ষা করুক, যন্ত্রণাকে কমাক, অন্ধ আনুগত্যের বদলে যুক্তি ব্যবহার করুক, ভয় নয়—সহানুভূতির ভিত্তিতে নৈতিকতা নির্মাণ করুক। কোনো সত্যিকারের সর্বোচ্চ নৈতিক সত্তা কখনোই মানুষের বিবেককে পরাজিত করতে চাইবে না; বরং বিবেককে আরও তীক্ষ্ণ করতে চাইবে। কিন্তু কোরবানির আখ্যানের ঈশ্বর মানুষকে শেখান—যদি আদেশ আসে, তবে প্রশ্ন নয়, ছুরি ধরো। এই শিক্ষা সভ্যতার নৈতিক অগ্রগতির বিপরীত। মানবসভ্যতা এগিয়েছে ঠিক এই কারণে যে মানুষ ধীরে ধীরে বলি, দাসত্ব, পাথর ছুঁড়ে হত্যা, ডাইনী পোড়ানো, ধর্মত্যাগীর শাস্তি, শিশুবিবাহ, রক্তপ্রতিশোধ—এসব প্রাচীন বর্বরতাকে প্রশ্ন করেছে। কোরবানির রক্তমঞ্চ সেই প্রশ্নহীন প্রাচীনতারই অবশিষ্ট প্রতীক। এটি মানুষকে অতীতে টেনে নিয়ে যায়, যেখানে দেবতার সঙ্গে নৈতিক সম্পর্ক নয়, ভয় ও রক্তের লেনদেন চলত।

অতএব প্রশ্নটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: সর্বশক্তিমান কেন রক্ত চায়? যদি তিনি সত্যিই রক্ত না চান, তাহলে রক্তপাতের আচার বন্ধ করা উচিত। আর যদি তিনি রক্ত চান, তাহলে তিনি নৈতিকভাবে পূর্ণাঙ্গ সর্বদয় ঈশ্বর নন; তিনি প্রাচীন মানুষের ভয়, ক্ষমতা ও আনুগত্যের মনস্তত্ত্ব থেকে নির্মিত এক রক্তলোলুপ কর্তৃত্ব-প্রতিমা। দুই অবস্থাতেই কোরবানির পক্ষে নৈতিক যুক্তি দাঁড়ায় না। একটি সভ্য সমাজের কাজ হলো অদৃশ্য প্রভুর সন্তুষ্টির নামে দৃশ্যমান প্রাণীর যন্ত্রণা সৃষ্টি করা নয়; বরং দৃশ্যমান যন্ত্রণা কমানো, দুর্বলকে রক্ষা করা, শিশুকে সহানুভূতি শেখানো, এবং মানুষকে এই সাহস দেওয়া যে কোনো আদেশ—তা ধর্মীয়, রাজনৈতিক বা পারিবারিক যাই হোক—যদি নিরপরাধ প্রাণের বিরুদ্ধে যায়, তবে সেটিকে প্রত্যাখ্যান করাই নৈতিকতার প্রথম শর্ত। কারণ নৈতিকতা শুরু হয় আনুগত্যে নয়, প্রতিবাদে; পবিত্রতা শুরু হয় রক্তে নয়, যন্ত্রণা কমানোর সিদ্ধান্তে।


উপসংহার

ইব্রাহিমের কোরবানির কাহিনি কোনো নিরীহ ধর্মীয় উপাখ্যান নয়; এটি অন্ধ আনুগত্যকে পবিত্র করার এক প্রাচীন ও বিপজ্জনক ন্যারেটিভ। এই গল্পে নৈতিকতার কেন্দ্রবিন্দুতে শিশুর জীবন নয়, পিতার বিবেক নয়, যুক্তির বিচার নয়, ভুক্তভোগীর অধিকার নয়—বরং অদৃশ্য কর্তৃত্বের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। একটি সুস্থ নৈতিক ব্যবস্থায় যে পিতা স্বপ্নে সন্তান হত্যার নির্দেশ শুনে ছুরি হাতে নেয়, তাকে নায়ক বানানো হয় না; তাকে থামানো হয়, প্রশ্ন করা হয়, চিকিৎসার আওতায় আনা হয়। কিন্তু ধর্মীয় আখ্যান এই মৌলিক মানবিক বিচারকে উল্টে দিয়ে বলে—প্রশ্নহীন আনুগত্যই মহত্ত্ব। এখানেই এই কাহিনির নৈতিক দেউলিয়াত্ব।

এই প্রবন্ধে আলোচিত প্রতিটি দিক একই কেন্দ্রীয় সত্যের দিকে নির্দেশ করে: কোরবানির সংস্কৃতি সহানুভূতির নয়, কর্তৃত্বের সংস্কৃতি; নৈতিকতার নয়, আনুগত্যের সংস্কৃতি; জীবনের প্রতি সম্মানের নয়, রক্তপাতকে প্রতীকে রূপান্তর করার সংস্কৃতি। শিশুর সামনে রক্তাক্ত জবাইকে উৎসব বানানো তার নৈতিক বোধকে বিকৃত করতে পারে। অচেতন না করে পশুর গলা কেটে রক্ত ঝরিয়ে মৃত্যু ঘটানোকে “কম কষ্ট” বলা বৈজ্ঞানিক অজ্ঞতা নয় শুধু, প্রাণীর যন্ত্রণাকে অস্বীকার করার নৈতিক কাপুরুষতা। দরিদ্রের প্রোটিনের কথা বলে বছরে একদিন মাংস বিলি করা খাদ্যনিরাপত্তা নয়; এটি দারিদ্র্যকে ধর্মীয় প্রদর্শনীর সাজসজ্জা হিসেবে ব্যবহার করা। রাস্তাঘাটে রক্ত, বর্জ্য, দুর্গন্ধ ও দূষণ ছড়িয়ে তাকে পবিত্রতা বলা জনস্বাস্থ্য ও নাগরিকতার বিরুদ্ধে প্রকাশ্য অবহেলা।

সবচেয়ে গভীর প্রশ্নটি তাই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই: সর্বশক্তিমান কেন রক্ত চাইবেন? যদি ঈশ্বর সত্যিই সর্বজ্ঞ, সর্বদয়, সর্বসম্পূর্ণ ও অমুখাপেক্ষী হন, তাহলে তাঁর কাছে পশুর রক্ত, মাংস, গলার ছুরি, মানুষের আতঙ্ক, শিশুর আনুগত্য-প্রশিক্ষণ বা প্রাণীর ছটফটানির কোনো নৈতিক মূল্য থাকতে পারে না। আর যদি এই রক্তপাতের উদ্দেশ্য ঈশ্বরের নয়, মানুষের আনুগত্য প্রমাণ করা হয়, তাহলে সেটিও সমান ভয়াবহ। কারণ তখন কোরবানি হয়ে দাঁড়ায় এমন এক মনস্তাত্ত্বিক অনুশীলন, যেখানে মানুষকে শেখানো হয়—নৈতিক আপত্তি, সহানুভূতি, যুক্তি, প্রাণের মূল্য, সবকিছু স্থগিত করো; কর্তৃত্ব বললে ছুরি ধরো। সভ্যতার ভাষায় এটিকে আধ্যাত্মিকতা বলা যায় না; এটি moral surrender-এর আচার।

ধর্মীয় সমাজগুলো প্রায়ই দাবি করে, এই গল্প ত্যাগের শিক্ষা দেয়। কিন্তু সত্যিকারের ত্যাগ অন্যের জীবন কেড়ে নেওয়া নয়; নিজের ক্ষমতা, অহং, লোভ, বিলাসিতা ও নিষ্ঠুরতা ত্যাগ করা। ক্ষুধার্ত মানুষের সারাবছরের খাদ্য নিশ্চিত করা ত্যাগ। অসুস্থের চিকিৎসা করা ত্যাগ। দরিদ্র শিশুর শিক্ষা নিশ্চিত করা ত্যাগ। দুর্বল প্রাণীকে বাঁচানো ত্যাগ। কিন্তু এক অসহায় প্রাণীকে কিনে এনে বেঁধে ফেলা, তার গলায় ছুরি চালানো, তার যন্ত্রণাকে ধর্মীয় ভাষায় ঢেকে দেওয়া এবং তারপর নিজেকে নৈতিক বলে ঘোষণা করা—এটি ত্যাগ নয়; এটি ক্ষমতাহীন প্রাণীর ওপর ক্ষমতাবানের ধর্মীয় অভিনয়।

অতএব, কোরবানির কাহিনি ও আচারকে আধুনিক মানবিকতার আদালতে দাঁড় করানো জরুরি। কোনো প্রাচীন গ্রন্থ, কোনো নবী-কাহিনি, কোনো ধর্মীয় উৎসব, কোনো সামাজিক ঐতিহ্য নৈতিক সমালোচনার ঊর্ধ্বে নয়। যে আচার শিশুকে রক্তের সঙ্গে পরিচিত করে, প্রাণীর যন্ত্রণা অস্বীকার করে, অন্ধ আনুগত্যকে মহিমান্বিত করে, বিভ্রমগ্রস্ত মানুষের হাতে বিপজ্জনক নৈতিক স্ক্রিপ্ট তুলে দিতে পারে, এবং সর্বশক্তিমান ঈশ্বরের নামে রক্তপাতকে পবিত্র করে—সেই আচারের বিরুদ্ধে যুক্তি, বিজ্ঞান, মানবাধিকার ও সহানুভূতির ভাষায় কঠোর আপত্তি জানানোই সভ্যতার কাজ। ধর্মীয় অনুভূতি রক্ষা করার জন্য নৈতিক বোধ বিসর্জন দেওয়া যায় না।

মানুষের নৈতিক অগ্রগতি শুরু হয়েছে সেই মুহূর্তে, যখন মানুষ বলির বেদির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেছে—কেন? কেন শিশুর জীবন ঈশ্বরের পরীক্ষার বস্তু হবে? কেন প্রাণীর যন্ত্রণা মানুষের পুণ্যের উপকরণ হবে? কেন অদৃশ্য কর্তৃত্বের নামে দৃশ্যমান রক্তপাতকে পবিত্র বলা হবে? কেন সর্বশক্তিমান সত্তার সন্তুষ্টির জন্য দুর্বল প্রাণীর গলা কাটতে হবে? এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যায় না। কারণ নৈতিকতা শুরু হয় আনুগত্যে নয়, প্রশ্নে; পবিত্রতা শুরু হয় রক্তে নয়, যন্ত্রণা কমানোর সিদ্ধান্তে; আর মানবতা শুরু হয় ছুরি ধরায় নয়, ছুরি নামিয়ে রাখার সাহসে।একমাত্র এই চারটির সমন্বয়ে প্রাচীন বয়ানগুলোর অমানবিক দিকগুলোকে সম্পূর্ণ বর্জন ও পুনঃবিশ্লেষণ করার মাধ্যমেই মানবতাকে অন্ধ আনুগত্যের রক্তমঞ্চ থেকে মুক্ত করে এক সুস্থ, প্রগতিশীল ও নিরাপদ সমাজ বিনির্মাণ সম্ভব।


About This Article

Genre: Semi-Academic Skeptical Analysis

Epistemic Position: Scientific Skepticism

This article belongs to the skeptical-rationalist analytical tradition of Shongshoy.com.

It applies historical criticism, empirical reasoning, logical analysis, and scientific skepticism in evaluating religious, philosophical, and historical claims.

The objective is not theological neutrality, but evidence-based critical examination and adversarial analysis of ideas and narratives.

This article should primarily be evaluated through: source quality, evidentiary strength, logical rigor, and factual consistency.


তথ্যসূত্রঃ
  1. International Journal of Children’s Rights, Vol. 22, No. 2, pp. 289-311 ↩︎
  2. সুরা ৩৭, আয়াত ১০২ ↩︎
  3. সূরা আল-মুলক ৬৭:২ ↩︎
  4. সূরা আল-বাকারা ২:১৫৫–১৫৬ ↩︎
  5. সূরা আনকাবূত ২৯:২–৩ ↩︎
  6. সূরা মুহাম্মদ ৪৭:৩১ ↩︎
  7. সূরা আত-তাগাবুন ৬৪:১৫ ↩︎
  8. জামি আত-তিরমিজি ২৩৯৬ ↩︎
  9. সূরা ইব্রাহীম ১৪:১৯ ↩︎
  10. Milgram, S. (1963). “Behavioral Study of Obedience”. The Journal of Abnormal and Social Psychology, 67(4), 371–378 ↩︎
  11. Journal of Social Issues, Vol. 55, No. 4, pp. 719-733 ↩︎
  12. Mothers and Child Murder: How Psychiatrists Can Help in Prevention 1 2
  13. Deanna Laney: God Told Her to Kill Her Children ↩︎
  14. Filicide in the United States ↩︎
  15. Police: Mom says SpongeBob hallucination told her to kill her 3-year-old daughter ↩︎
  16. Mom suffered hallucinations from depression medication before killing 6-year-old son, police say ↩︎
  17. Schizophrenia Bulletin, Vol. 40, No. 4, pp. S251–S259 ↩︎
  18. Religious psychopathology: The prevalence of religious content of delusions and hallucinations in mental disorder ↩︎
  19. Diagnostic and Statistical Manual of Mental Disorders (DSM-5-TR) ↩︎
  20. Pierre, J. M. (2001). “Faith or Delusion? At the Crossroads of Religion and Psychosis”. Journal of Psychiatric Practice, 7(3), 163-172 ↩︎
  21. who.int/publications ↩︎
  22. Abdullah el-Faisal ↩︎
  23. Abu Hamza al-Masri ↩︎
  24. Islamic terrorism ↩︎
  25. PROTEIN AND AMINO ACID REQUIREMENTS IN HUMAN NUTRITION ↩︎