
Table of Contents
- 1 ভূমিকাঃ স্বর্গের ধারণা ও মানুষের অতৃপ্ত কামনার প্রতিচ্ছবি
- 2 স্বর্গের ধারণা ও বিবিধ মিথোলজির তুলনামূলক ব্যবচ্ছেদ
- 3 হাউজে কাউসার ও জান্নাতী বয়ঃক্রমের অসঙ্গতিঃ মরু-মনস্তত্ত্ব
- 4 ক্ষুধা ও স্বাদের বিবর্তনীয় রসায়ন: পরকালীন তৃপ্তির জৈবিক অসারতা
- 5 যৌনক্ষমতা ও স্থায়িত্ব নিয়ে প্রাচীন মানুষের হীনম্মন্যতা এবং জান্নাতি সমাধান
- 6 জান্নাতের হুর ও নারীর পণ্যায়নঃ কোরআন ও তাফসীরের শারীরিক ব্যবচ্ছেদ
- 7 জান্নাতের হুর বনাম এআই (AI) চালিত সেক্স ডলঃ এক জৈবিক রোবোটিক্সের ফ্যান্টাসি
- 8 জান্নাতের ‘গেলমান’ ও প্রাচীন আরবের বিলাসী ফ্যান্টাসি
- 9 পরকালীন ‘নো-ল জোন’ ও অবদমিত লালসার বৈধতাঃ মদ, স্বর্ণ ও রেশম
- 10 আধুনিক এপোলোজিটিক্স ও ‘কিশমিশ’ তত্ত্বের অপচেষ্টা
- 11 জান্নাতে নারীঃ পুরুষতান্ত্রিক ফ্যান্টাসির অবশিষ্টাংশ ও মনস্তাত্ত্বিক প্রবোধ
- 12 জিহাদের ইন্ধন হিসেবে যৌন প্রলোভন ও পরকালীন ‘সেক্স-মার্কেট’
- 13 উপসংহারঃ পরকালীন বিভ্রম ও মানবিক চেতনার মুক্তি
ভূমিকাঃ স্বর্গের ধারণা ও মানুষের অতৃপ্ত কামনার প্রতিচ্ছবি
মানুষের পরকালীন স্বর্গের কল্পনা মূলত কোনো অতিপ্রাকৃত সত্য নয়, বরং এটি সমকালীন মানুষের জাগতিক অভাব, অতৃপ্ত কামনা-বাসনা এবং জীবনসংগ্রামের একটি মনস্তাত্ত্বিক প্রতিফলন। সমাজতাত্ত্বিক দৃষ্টিতে বিশ্লেষণ করলে দেখা যায়, ধর্মগুলো এমন এক প্রেক্ষাপটে বিকশিত হয়েছে যখন মানুষের জীবন ছিল অত্যন্ত অনিশ্চিত এবং প্রাকৃতিক প্রতিকূলতায় পূর্ণ। এই রূঢ় বাস্তবতা থেকে মুক্তি পাওয়ার তাড়নাতেই মানুষ এমন এক কাল্পনিক জগতের নকশা তৈরি করেছে, যেখানে পার্থিব জগতের সমস্ত সীমাবদ্ধতা ও দুঃখের অবসান ঘটে। প্রতিটি অঞ্চলের ধর্মের স্বর্গের বর্ণনা সেই নির্দিষ্ট অঞ্চলের ভৌগোলিক পরিবেশ এবং মানুষের প্রাত্যহিক চাহিদার দ্বারা সরাসরি প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ, মধ্যপ্রাচ্যের মরুভূমি প্রধান অঞ্চলে উদ্ভূত ধর্মগুলোতে স্বর্গের বর্ণনায় বারবার ফিরে আসে ছায়াঘেরা বাগান, শীতল পানির নহর এবং অফুরন্ত ফলমূলের প্রাচুর্যের কথা, যা মূলত একজন তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত মরুচারী মানুষের আদিম ও আজন্ম আকাঙ্ক্ষা। আবার যদি ইউরোপে উদ্ভূত ধর্মগুলোর স্বর্গের একটি চিত্রকল্প তৈরি করি, সেখানে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশ। এমিল ডুর্খেইম তার ‘The Elementary Forms of the Religious Life’ গ্রন্থে দেখিয়েছেন যে, ধর্ম মূলত সমাজেরই প্রতিফলন এবং মানুষের তৈরি এক আদর্শিক জগত মাত্র।
মনস্তাত্ত্বিক দিক থেকে স্বর্গ বা জান্নাত হলো মানুষের ‘এসক্যাপিস্ট’ বা পলায়নপর প্রবৃত্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ। সিগমুন্ড ফ্রয়েডের মতো চিন্তাবিদদের মতে, মানুষ যখন তার বাস্তব জীবনে কোনো বিশেষ অভাব বা অপূর্ণতা অনুভব করে, তখন সে কল্পনায় এমন এক জগৎ নির্মাণ করে যেখানে সেই অভাবগুলো আর থাকে না। ফ্রয়েড ধর্মকে মানুষের শৈশবের অসহায়ত্ব থেকে মুক্তি পাওয়ার একটি ‘ইল্যুশন’ বা বিভ্রম হিসেবে চিহ্নিত করেছেন [1]। এই বিভ্রমের কেন্দ্রীয় চরিত্রে থাকে পুরস্কারের প্রলোভন। এই পুরস্কারগুলো কোনো বিমূর্ত বা আধ্যাত্মিক উচ্চতর স্তরের বিষয় নয়, বরং এগুলো অত্যন্ত জৈবিক এবং স্থূল; যেমন—খাদ্য, পানীয়, বিশ্রাম এবং অবাধ যৌন তৃপ্তি। যখন কোনো ধর্মীয় পাঠে বলা হয় যে, জান্নাতে একজন পুরুষকে একশত পুরুষের সমান যৌনশক্তি দেওয়া হবে, তখন সেটি মূলত সেই সময়কার পুরুষতান্ত্রিক সমাজের লিবিডো বা যৌন আকাঙ্ক্ষার এক অতৃপ্ত প্রতিফলন হিসেবেই ধরা দেয়। মানুষের অবদমিত কামনা যখন বাস্তব জীবনে সামাজিক বা শারীরিক সীমাবদ্ধতার কারণে পূর্ণ হয় না, তখন সে ধর্মীয় আফিমের মাধ্যমে পরকালে সেই কামনার সর্বোচ্চ বাস্তবায়নের স্বপ্ন দেখে বর্তমানের দুঃখকে ভুলে থাকতে চায়। কার্ল মার্কস তার ‘A Contribution to the Critique of Hegel’s Philosophy of Right’ প্রবন্ধে ধর্মকে জনগণের জন্য আফিম বলে অভিহিত করেছেন কারণ এটি মানুষকে বাস্তব সমস্যা সমাধানের বদলে অলীক পুরস্কারের স্বপ্নে বিভোর রাখে।
স্বর্গের ধারণা ও বিবিধ মিথোলজির তুলনামূলক ব্যবচ্ছেদ
পৃথিবীর বিভিন্ন প্রাচীন ধর্ম ও মিথোলজিতে স্বর্গের যে চিত্রায়ন পাওয়া যায়, তা গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, প্রতিটি স্বর্গের ধারণা মূলত সেই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ, মানুষের সামাজিক সংকট এবং অবদমিত বাসনার এক একটি সচিত্র প্রতিবেদন। ইসলামি জান্নাতের যৌন প্রলোভন যেমন একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের লালসার প্রতিফলন, তেমনি অন্যান্য মিথোলজিতেও আমরা দেখি মানুষ তার পার্থিব অভাবগুলোকেই অলৌকিক মোড়কে সাজিয়ে পরকালের স্বপ্ন বুনেছে। সমাজতাত্ত্বিক দৃষ্টিতে, কোনো সমাজ যদি যুদ্ধবিগ্রহের মধ্য দিয়ে যায়, তবে তাদের স্বর্গ হয় বীরত্বগাথায় ঠাসা; আবার যে সমাজ নিরন্তর ক্ষুধার সঙ্গে লড়াই করে, তাদের স্বর্গের কেন্দ্রীয় আকর্ষণ হয় অফুরন্ত ভোজ।
এর সবচাইতে প্রকট উদাহরণ হলো নর্ডিক মিথোলজির ‘ভালহালা’ (Valhalla)। উত্তর ইউরোপের অত্যন্ত শীতল এবং যুদ্ধবিক্ষুব্ধ অঞ্চলের মানুষ ভাইকিংদের কাছে জীবনের চরম সার্থকতা ছিল বীরত্বের সঙ্গে যুদ্ধে প্রাণ দেওয়া। তাদের বিশ্বাস অনুযায়ী, ওডিন (Odin) নামক দেবতার সেই বিশাল স্বর্গে বা ভালহালাতে কেবল সেই যোদ্ধারাই স্থান পেত, যারা হাতে তলোয়ার নিয়ে রণক্ষেত্রে মৃত্যুবরণ করেছে [4]। এই স্বর্গের বর্ণনাটি অত্যন্ত কৌতূহলী—সেখানে যোদ্ধারা প্রতিদিন সকালে উঠে একে অপরের সঙ্গে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়, অঙ্গপ্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে যায়, কিন্তু সন্ধ্যার আগে তারা অলৌকিকভাবে পুনরায় সুস্থ হয়ে ওঠে। এরপর তারা ওডিনের সাথে বসে ভোজ উৎসবে মান্ত (Mead) নামক পানীয় পান করে এবং ‘সেহরিমনির’ (Sæhrímnir) নামক একটি মায়াবী শূকরের মাংস খায়, যা প্রতিদিন জবাই করার পর আবার জীবিত হয়ে যায় [5]। মনস্তাত্ত্বিক দিক দিয়ে এটি ছিল এক চরম ‘এসক্যাপজম’। তৎকালীন ভাইকিং যোদ্ধাদের মনে মৃত্যুভয় জয় করার জন্য এই কাল্পনিক জগতটি তৈরি করা হয়েছিল, যেখানে যুদ্ধ করাটা কোনো বিভীষিকা নয় বরং একটি বিনোদন। সমাজতাত্ত্বিকভাবে এটি ছিল একটি সামরিক সমাজকে যুদ্ধে টিকিয়ে রাখার ও উৎসাহিত করার এক মোক্ষম হাতিয়ার।

অন্যদিকে, গ্রিক মিথোলজিতে ‘এলিসিয়াম’ (Elysium) বা এলিসিয়ান ফিল্ডস-এর ধারণা পাওয়া যায়। এটি ছিল এমন এক জায়গা যেখানে শীত নেই, তুষারপাত নেই, বরং সারাক্ষণ মহাসাগর থেকে বয়ে আসা মৃদু শীতল বাতাস বিদ্যমান [6]। প্রাচীন গ্রিসের পাহাড়ি এবং রুক্ষ আবহাওয়ার বিপরীতে এই আরামদায়ক সমভূমির কল্পনা মূলত এক নিরবচ্ছিন্ন বিশ্রামের আকাঙ্ক্ষা থেকে উৎসারিত। একইভাবে প্রাচীন মিশরের ‘আআরু’ (Aaru) বা স্বর্গের ধারণাটি ছিল নীল নদের বদ্বীপের এক আদর্শ রূপ। সেখানে ক্ষেতগুলো ছিল সাধারণের চেয়ে বিশাল, ফসল ছিল অফুরন্ত এবং কোনো পোকামাকড় বা খরা ছিল না [7]। একজন হাড়ভাঙা খাটুনি দেওয়া মিশরীয় কৃষকের কাছে এর চেয়ে বড় কোনো কামনার বস্তু ছিল না যে, পরকালে তাকে আর ক্ষুধার তাড়নায় লড়তে হবে না।
পারস্যের জরথুষ্ট্রবাদে ‘স্বর্গ’ বা ‘বিহেশত’ ছিল মূলত একটি সুগন্ধময় বাগান বা প্যারাডাইস (Paradise), যা ফারসি শব্দ ‘পয়রিদায়েজা’ থেকে এসেছে। মরুচারী মানুষের কাছে রুক্ষ বালুরাশির বিপরীতে সবুজের সমারোহই ছিল পরম সুখ। এই প্রতিটি বর্ণনাই প্রমাণ করে যে, স্বর্গ আসলে মানুষের পার্থিব যন্ত্রণার এক বিপরীতধর্মী প্রতিফলন। সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী, মানুষ যখন তার বর্তমান জীবনের দৈন্য বা অক্ষমতাকে মেনে নিতে পারে না, তখন সে তার ‘ইগো’ রক্ষা করার জন্য এবং হতাশা থেকে বাঁচতে কল্পনায় এই অপার্থিব জগতগুলো নির্মাণ করে [8]। আরব্য মরুভূমির তৃষ্ণার্ত মানুষের কাছে যেমন শীতল পানি ও হুরীর দেহ ছিল আরাধ্য, নর্ডিক যোদ্ধার কাছে ছিল বীরত্বের অমরত্ব। সুতরাং, এই স্বর্গগুলো কোনো ঐশ্বরিক আবিষ্কার নয়; বরং এগুলো স্থান-কাল-পাত্রভেদে মানুষের জৈবিক ও মনস্তাত্ত্বিক অপূর্ণতাকে চিরস্থায়ী করার এক একটি করুণ চেষ্টা মাত্র। মানুষের এই আদিম অভাবগুলোকেই সুকৌশলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করেছে যাতে তারা মানুষকে ইহলোকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তাদের স্বার্থে জীবন দিতে বাধ্য করে।

হাউজে কাউসার ও জান্নাতী বয়ঃক্রমের অসঙ্গতিঃ মরু-মনস্তত্ত্ব
ইসলামিক জান্নাতের বর্ণনায় ‘হাউজে কাউসার’-এর ধারণাটি বিশ্লেষণ করলে দেখা যায়, এটি মূলত সপ্তম শতকের রুক্ষ ও শুষ্ক আরব্য মরুভূমির এক চরম ভৌগোলিক ও মনস্তাত্ত্বিক অভাবের প্রতিফলন। সমাজতাত্ত্বিক দৃষ্টিতে, কোনো অঞ্চলের ধর্মীয় পুরষ্কার বা স্বর্গের কল্পনা সেই অঞ্চলের সবচাইতে দুর্লভ বস্তুকে কেন্দ্র করেই আবর্তিত হয়। আরবের তপ্ত বালুকাধূসর মরুভূমিতে যেখানে এক ফোঁটা সুপেয় পানির জন্য মানুষকে মাইলের পর মাইল জীবন বাজি রেখে পাড়ি দিতে হতো, সেখানে একটি চিরস্থায়ী এবং অফুরন্ত পানির প্রস্রবণের স্বপ্ন ছিল সবচাইতে বড় বিলাসী ফ্যান্টাসি। হাদিসে বর্ণিত হয়েছে যে, হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি, এবং এর চারপাশ মণি-মুক্তা দিয়ে ঘেরা। অথচ আধুনিক সভ্যতার বিবর্তনে মানুষের প্রযুক্তিগত উৎকর্ষ এই ‘অলৌকিক’ স্বপ্নকে আজ অত্যন্ত সাধারণ এক বাস্তবতায় নামিয়ে এনেছে। আধুনিক উন্নত শহরগুলোর পানি সরবরাহ ব্যবস্থা, যেখানে কেবল একটি ট্যাপ ঘুরালেই নিরবচ্ছিন্ন সুপেয় পানির ধারা নিশ্চিত হয়, তা সপ্তম শতকের একজন মরুচারী মানুষের কাছে জান্নাতের কাউসারের চেয়ে কোনো অংশে কম জাদুকরী মনে হতো না। বিজ্ঞানের জয়যাত্রায় মানুষের তৈরি এই অবকাঠামো প্রমাণ করে যে, আদিম অভাবগুলো পূরণ হয়ে গেলে তথাকথিত ‘স্বর্গীয় অলৌকিকতা’ তার আবেদন হারিয়ে ফেলে। [9]
সহীহ বুখারী (তাওহীদ পাবঃ)
৮১/ সদয় হওয়া
পরিচ্ছেদঃ ৮১/৫৩. হাউয।
৬৫৭৯. ’আবদুল্লাহ্ ইবনু ’আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার হাউযের প্রশস্ততা এক মাসের পথের সমান। তার পানি দুধের চেয়ে সাদা, তার ঘ্রাণ মিশক-এর চেয়ে বেশি সুগন্ধযুক্ত এবং তার পানপাত্রগুলো হবে আকাশের তারকার মত অধিক। তাত্থেকে যে পান করবে সে আর কক্ষনো পিপাসার্ত হবে না। (আধুনিক প্রকাশনী- ৬১২২, ইসলামিক ফাউন্ডেশন- ৬১৩০)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)
হাউজে কাউসার সম্পর্কে নবী মুহাম্মদের একটি বহুল প্রচারিত প্রতিশ্রুতি হলো—এখান থেকে একবার পানি পান করলে আর কোনোদিন তৃষ্ণা পাবে না। আপাতদৃষ্টিতে একে এক বিশাল পুরষ্কার মনে হলেও, জৈবিক ও নিউরো-সায়েন্টিফিক বিচারে এটি আসলে একটি চরম স্থবিরতা বা যন্ত্রণাদায়ক নিস্পৃহতার অবস্থা। মানুষের মস্তিষ্কের পুরষ্কার প্রক্রিয়া বা ‘রিওয়ার্ড সিস্টেম’ (Reward system) মূলত অভাব এবং সেই অভাব পূরণের চক্রের ওপর কাজ করে। পানি পান করার প্রকৃত আনন্দ বা ‘ডোপামিন রাশ’ তখনই অনুভূত হয়, যখন শরীরে পানিশূন্যতা বা তৃষ্ণার উদ্রেক ঘটে। শরীরের ‘হোমিওস্ট্যাসিস’ (Homeostasis) বা অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার এই প্রক্রিয়ায় তৃষ্ণা হলো একটি সংকেত, যা পানি পানের মাধ্যমে তৃপ্তি দেয়। যদি জান্নাতে মানুষের চিরকালের জন্য তৃষ্ণা মিটে যায়, তবে পানি পানের সেই জৈবিক আনন্দটিও চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। তৃষ্ণাহীন অবস্থায় পানি পান করা কোনো আনন্দদায়ক অভিজ্ঞতা নয়, বরং একটি যান্ত্রিক ক্রিয়া মাত্র। সুতরাং, পরকালীন এই প্রতিশ্রুতি আসলে মানুষের প্রাকৃতিক অনুভূতিগুলোকেই অস্বীকার করে জান্নাতকে একটি বৈচিত্র্যহীন ও প্রাণহীন স্তব্ধ জগতে পরিণত করে।
জান্নাতবাসীদের বৈশিষ্ট্য এবং জীবনের ধারাবাহিকতা নিয়ে ইসলামিক টেক্সটগুলোতে যে প্রকট স্ববিরোধীতা বা ‘লজিক্যাল ইনকন্সিস্টেন্সি’ দেখা যায়, তা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। অসংখ্য সহিহ হাদিসে দাবি করা হয়েছে যে, জান্নাতী পুরুষদের প্রত্যেকের বয়স হবে ৩০ থেকে ৩৩ বছরের মধ্যে, তাদের যৌবন কখনো শেষ হবে না এবং শরীর হবে লোমহীন। অথচ নবী মুহাম্মদের দাসী মারিয়া কিবতিয়ার গর্ভজাত শিশুপুত্র ইব্রাহিম যখন মাত্র ১৮ মাস বয়সে মারা যান, তখন মুহাম্মদ শোকাতুর অবস্থায় দাবি করেছিলেন যে— জান্নাতে ইব্রাহিমকে দুধ পান করানোর জন্য একজন ধাত্রী (দুধ মা) নিযুক্ত করা হয়েছে। এখানে একটি বিশাল যৌক্তিক প্রশ্ন এবং স্ববিরোধীতা দেখা দেয়: জান্নাত যদি কেবল ৩০-৩৩ বছরের যুবকদেরই আবাসস্থল হয়, তবে সেখানে ইব্রাহিম কেন শিশু হিসেবে থাকবে? যদি সেখানে ধাত্রীর প্রয়োজন হয়, তবে জান্নাতের সেই সার্বজনীন বয়সের সীমানা কি লঙ্খন করা হবে? এই অসঙ্গতিগুলো স্পষ্ট করে দেয় যে, জান্নাতের এই বর্ণনাগুলো কোনো সুসংগত বা ঐশ্বরিক পরিকল্পনার অংশ নয়; বরং এগুলো স্থান-কাল-পাত্রভেদে নবী মুহাম্মদের তাৎক্ষণিক আবেগ এবং ব্যক্তিগত শোক প্রশমনের এক একটি বিচ্ছিন্ন গল্প মাত্র। নিজের প্রিয় পুত্রের অকাল মৃত্যুতে একজন পিতাকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি এমন এক স্বর্গীয় ধাত্রীর কল্পনা করেছেন, যা তার নিজের দেওয়া জান্নাতের অন্যান্য মৌলিক বৈশিষ্ট্যের সাথেই সাংঘর্ষিক। এই ধরণের খাপছাড়া প্রতিশ্রুতি প্রমাণ করে যে, পরকালীন এই চিত্রগুলো মূলত মানুষের তাৎক্ষণিক অভাব ও আবেগ পূরণের জন্য তৈরি করা হয়েছে, যেখানে যুক্তির চেয়ে ফ্যান্টাসিই প্রধান [10] [11] [12] [13]
সুনান আত তিরমিজী (ইসলামিক ফাউন্ডেশন)
৪১/ জান্নাতের বিবরণ
পরিচ্ছেদঃ জান্নাতীদের বয়স।
২৫৪৭. আবূ হুরায়রা মুহাম্মাদ ইবন ফিরাস বাসরী (রহঃ) ….. মুআয ইবন জাবাল (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতীরা লোমহীন, শ্মশ্রুহীন, কাজলটানা চোখ বিশিষ্ট ত্রিশ বা তেত্রিশ বছরের যুবকরূপে জান্নাতে দাখিল হবে। হাসান, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৪৫ [আল মাদানী প্রকাশনী]
হাদীসটি হাসান-গারীব। কাতাদা (রহঃ)-এর কোন কোন শিষ্য এ হাদীসটিকে কাতাদা (রহঃ) থেকে মুরসালরূপে রেওয়াত করেছেন। তাঁরা এটিকে মুসনাদ রূপে বর্ণনা করেননি।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ মু‘আয বিন জাবাল (রাঃ)
সুনান আত তিরমিজী (তাহকীককৃত)
৩৬/ জান্নাতের বিবরণ
পরিচ্ছেদঃ ১২. জান্নাতীদের বয়সের বর্ণনা
২৫৪৫। মু’আয ইবনু জাবাল (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতীরা জান্নাতে প্রবেশের সময় তাদের শরীরে লোম থাকবে না, দাঁড়ি-গোফও থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে। তারা হবে ত্রিশ অথবা তেত্রিশ বছরের যুবক।
হাসানঃ দেখুন হাদীস নং (২৫৩৯)।
আবূ ঈসা বলেন, এই হাদীসটি হাসান গারীব। উক্ত হাদীসটি কাতাদার কোন কোন শিষ্য তার সূত্রে মুরসালভাবে বর্ণনা করেছেন, মুসনাদরূপে বর্ণনা করেননি।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ মু‘আয বিন জাবাল (রাঃ)
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৮: সৃষ্টির সূচনা ও কিয়ামতের বিভিন্ন অবস্থা
পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ – জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৩৯-[২৮] মু’আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) বলেছেন: জান্নাতবাসীগণ কেশবিহীন (লোম বা পশমহীন), দাড়িবিহীন ও সুরমায়িত চক্ষুবিশিষ্ট ত্রিশ বা তেত্রিশ বছর বয়সীর মতো প্রবেশ করবে। (তিরমিযী)
হাসান: তিরমিযী ২৫৪৫, সহীহুল জামি ৮০৭২, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৭০০, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৬৯৮, সিলসিলাতুস সহীহাহ ২৯৮৭, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৪০০৬, মুসনাদে আহমাদ ৭৯২০, আল মু’জামুল কাবীর লিত্ব তবারানী ১৬৫৪২, আল মু’জামুস সগীর লিত্ব তবারানী ৮০৮, আল মু’জামুল আওসাত্ব ৫৪২২।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ মু‘আয বিন জাবাল (রাঃ)
এবারে আসুন দেখি, নবী পুত্র ইব্রাহিম এর জন্য জান্নাতে কী অপেক্ষা করছে [14] [15]
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৯: চারিত্রিক গুণাবলি ও মর্যাদাসমূহ
পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ – রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮৩১-[৩১] ’আমর ইবনু সা’ঈদ (রহিমাহুল্লাহ) আনাস (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, সন্তান-সন্ততির প্রতি অত্যধিক স্নেহ-মমতা পোষণকারী রাসূলুল্লাহ (সা.) -এর চেয়ে বেশি আমি আর কাউকে দেখেনি। তাঁর পুত্র ইবরাহীম (রাঃ) মদীনার উঁচু প্রান্তে (এক মহল্লায়) ধাত্রী মায়ের কাছে দুধপান করত। তিনি প্রায়শ সেথায় গমন করতেন এবং আমরাও তাঁর সাথে যেতাম। তিনি (সা.) উক্ত গৃহে প্রবেশ করতেন, অথচ সে গৃহটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকত। কারণ ইবরাহীম (রাঃ)-এর ধাত্রী মায়ের স্বামী ছিল একজন কামার।রাসূল (সা.) ইবরাহীমকে কোলে তুলে নিতেন এবং আদর করে চুমু দিতেন, এরপর চলে আসতেন। বর্ণনাকারী ’আমর বলেন, যখন ইবরাহীম (রাঃ) -এর মৃত্যু হয়ে গেল, তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, ইবরাহীম আমার পুত্র। সে দুগ্ধ (পানের) বয়সে মৃত্যুবরণ করেছে। অতএব জান্নাতে তার জন্য দু’জন ধাত্রী রয়েছে, যারা তাকে দুগ্ধ পানের মুদ্দাত জান্নাতে পূর্ণ করবে।(মুসলিম)
সহীহঃ মুসলিম ৬৩-(২৩১৬), আবূ ইয়া’লা ৪১৯৫, সহীহ ইবনু হিব্বান ৬৯৫০।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
৪৫/ ফযীলত
পরিচ্ছেদঃ ১৫. ছেলেদের প্রতি নবী (ﷺ) এর দয়া ও বিনয় এবং তার মর্যাদা
৫৮১৯। যুহায়র ইবনু হারব ও মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) … আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিশুদের প্রতি বেশি দয়া প্রদর্শনকারী কাউকে আমি দেখিনি। তিনি বলেন, (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছেলে) ইবরাহীম (রাঃ) মদিনার আওয়ালী (চড়াই) অঞ্চলে দুধপান করতেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যেতেন। আমরাও তাঁর সঙ্গে যেতাম। তিনি সে (দাইয়ের) ঘরে প্রবেশ করতেন, আর সেখানে ধোঁয়া হতো। (কেননা) তার বংশ কর্মকার ছিল। তিনি ছেলেকে কোলে নিতেন এবং স্নেহ করতেন। পরে তিনি ফিরে আসতেন।
আমর ইবনু সাঈদ (রাঃ) বলেন,যখন ইবরাহীম (রাঃ) ইন্তেকাল করেন তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ইবরাহীম আমার পুত্র, দুধপান করা অবস্থায় ইন্তেকাল করেছে। তার জন্য দু’জন ধাত্রী রয়েছে, যারা জান্নাতে তাকে দুধপান (করার সময়সীমা পর্যন্ত) দুধপান করাবে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
ক্ষুধা ও স্বাদের বিবর্তনীয় রসায়ন: পরকালীন তৃপ্তির জৈবিক অসারতা
মানুষের জিহ্বায় স্বাদের অনুভূতি কিংবা আহারের মাধ্যমে প্রাপ্ত আনন্দ কোনো ঐশ্বরিক বা অতিপ্রাকৃত দান নয়; বরং এটি লক্ষ লক্ষ বছরের বিবর্তনীয় অভিযোজনের (Evolutionary Adaptation) এক জটিল ও অভিযোজিত ফলাফল। শরীরবৃত্তীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, ক্ষুধা (Hunger) এবং তৃপ্তি (Satiety) কেবল অনুভূতি নয়, বরং এটি শরীরের ‘হোমিওস্ট্যাসিস’ (Homeostasis) বা অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখার একটি অত্যন্ত সূক্ষ্ম সংকেত ব্যবস্থা। আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস (Hypothalamus) অংশটি অনেকটা ‘কন্ট্রোল রুম’-এর মতো কাজ করে, যা নিরন্তর রক্তে গ্লুকোজের মাত্রা এবং পাকস্থলীর প্রসারণ পর্যবেক্ষণ করে। যখন শরীরের জ্বালানি বা শক্তি ফুরিয়ে আসে, তখন এই কেন্দ্রটি আমাদের নির্দেশ দেয় যে এখন খাদ্য গ্রহণ প্রয়োজন। ক্ষুধার্ত অবস্থায় খাবার গ্রহণ করলে মস্তিষ্কের মেসোলিম্বিক ডোপামিন পাথওয়ে (Mesolimbic Dopamine Pathway) বা ‘রিওয়ার্ড সার্কিট’ সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের এক ধরণের চরম তৃপ্তি প্রদান করে। বিবর্তনীয়ভাবে এই ব্যবস্থাটি এভাবেই বিকশিত হয়েছে যাতে প্রতিটি প্রাণী তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ক্যালরি সংগ্রহে প্রেষণা লাভ করে। রিচার্ড ডকিন্স তার ‘The Selfish Gene’ গ্রন্থে বিস্তারিত দেখিয়েছেন যে কীভাবে আমাদের প্রতিটি জৈবিক চাহিদা জিন টিকিয়ে রাখার স্বার্থে কাজ করে। নিচে আহারের এই জটিল শরীরবৃত্তীয় প্রক্রিয়ার প্রধান উপাদানগুলো একটি ছকের মাধ্যমে দেখানো হলো:
| উপাদান | ভূমিকা | মনস্তাত্ত্বিক/শরীরবৃত্তীয় প্রভাব |
| হাইপোথ্যালামাস | নিয়ন্ত্রণ কেন্দ্র | রক্তে শর্করার মাত্রা বুঝে ক্ষুধা বা তৃপ্তির সংকেত পাঠায়। |
| ঘুরেলিন (Ghrelin) | ক্ষুধার হরমোন | পাকস্থলী খালি থাকলে মস্তিষ্কে ‘খাবার দাও’ সংকেত পাঠায়। |
| লেপটিন (Leptin) | তৃপ্তির হরমোন | চর্বি কোষ থেকে নিঃসৃত হয় এবং পেট ভরে গেলে সংকেত দেয়। |
| ডোপামিন | রিওয়ার্ড নিউরোট্রান্সমিটার | খাবার গ্রহণের সময় ‘আনন্দ’ বা ‘পুরস্কার’ অনুভব করায়। |
খাবার সুস্বাদু ও বিস্বাদ কেন লাগে?
কোন খাদ্য আমাদের কাছে সুস্বাদু মনে হবে আর কোনটি বিস্বাদ, তার পেছনে কাজ করে কোটি বছরের বিবর্তনীয় যুক্তি (Evolutionary Logic)। আদিম শিকারি-সংগ্রহকারী (Hunter-gatherer) সমাজে খাদ্যের সরবরাহ ছিল অত্যন্ত অনিশ্চিত। সেই প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য মানব মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রামড হয়েছে যাতে সে উচ্চ ক্যালরিযুক্ত খাবারের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে। মিষ্টি স্বাদের প্রতি আমাদের এই জন্মগত আসক্তির কারণ হলো—প্রকৃতিতে মিষ্টি মানেই হলো উচ্চ শর্করা বা কার্বোহাইড্রেটের উৎস, যা তৎক্ষণাৎ শরীরে শক্তির যোগান দেয়। অন্যদিকে, তেতো বা তিক্ত স্বাদের প্রতি আমাদের যে সহজাত ঘৃণা বা অনীহা, সেটি মূলত একটি জীবনরক্ষাকারী প্রতিরক্ষা ব্যবস্থা। কারণ, অরণ্যের অধিকাংশ বিষাক্ত উদ্ভিদ বা লতাগুল্ম তিক্ত স্বাদের হয়ে থাকে; ফলে তিক্ত স্বাদ পাওয়া মাত্রই আমাদের মস্তিষ্ক সেটিকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে বমি বা প্রত্যাখ্যানের সংকেত দেয়।
স্বাদের এই অনুভূতি কেবল খাবারের উপাদানের ওপর নয়, বরং শরীরের তৎক্ষণাৎ চাহিদার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। শরীরবৃত্তীয় বিজ্ঞানে একে বলা হয় অ্যালিস্থেশিয়া (Alliesthesia)। এটি এমন এক প্রক্রিয়া যেখানে শরীরের অভ্যন্তরীণ অবস্থার ওপর ভিত্তি করে কোনো উদ্দীপকের প্রতি আমাদের ভালো লাগা বা মন্দ লাগার অনুভূতি পরিবর্তিত হয়। উদাহরণস্বরূপ, যখন আপনার শরীরে গ্লুকোজের ঘাটতি থাকে, তখন এক গ্লাস চিনির শরবত আপনার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পানীয় মনে হবে। কিন্তু যখন আপনার রক্তে গ্লুকোজের মাত্রা পর্যাপ্ত থাকবে, তখন সেই একই শরবত আপনার কাছে মাত্রাতিরিক্ত মিষ্টি এবং অস্বস্তিকর মনে হতে পারে।
খাদ্য গ্রহণের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ শরীরবৃত্তীয় বাধা হলো সেনসরি-স্পেসিফিক সেটিয়েটি (Sensory-Specific Satiety)। গবেষণায় দেখা গেছে, মানুষ যখন কোনো নির্দিষ্ট খাবার খেতে থাকে, তখন ধীরে ধীরে সেই সুনির্দিষ্ট খাবারের প্রতি তার রুচি কমতে থাকে, যদিও সে তখনও ক্ষুধার্ত থাকতে পারে। এটি প্রকৃতির একটি কৌশল যাতে প্রাণী কেবল এক ধরণের খাবার না খেয়ে বৈচিত্র্যময় পুষ্টি গ্রহণ করে। কিন্তু যখন মানুষের পেট পুরোপুরি ভরে যায় (Satiety), তখন সবচাইতে লোভনীয় খাবারটিও তার কাছে আবেদনহীন, এমনকি বিস্বাদ মনে হতে পারে। অর্থাৎ, শরীরের ক্ষুধার উদ্রেক না হলে বা পুষ্টির প্রকৃত অভাব না থাকলে মস্তিষ্ককে সেই ‘মজা’ বা রিওয়ার্ড দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। নিচে স্বাদের এই বিবর্তনীয় বৈশিষ্ট্যের একটি তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হলো:
| স্বাদের ধরণ | বিবর্তনীয় কারণ | শরীরের প্রতিক্রিয়া |
| মিষ্টি (Sweet) | উচ্চ শক্তির (ক্যালরি) সংকেত। | ডোপামিন নিঃসরণ ও গ্রহণের আগ্রহ বৃদ্ধি। |
| লবণাক্ত (Salty) | ইলেকট্রোলাইট ভারসাম্যের জন্য প্রয়োজনীয়। | পরিমিত মাত্রায় তৃপ্তি দেয়। |
| তিতা (Bitter) | বিষাক্ত বা ক্ষতিকারক উপাদানের সংকেত। | প্রত্যাখ্যান বা বমিভাব। |
| উমামি (Umami) | প্রোটিন বা অ্যামিনো অ্যাসিডের সংকেত। | দীর্ঘস্থায়ী তৃপ্তি ও পেশি গঠনের সংকেত। |
এই বৈজ্ঞানিক সত্যগুলোর আলোকে যখন আমরা জান্নাত বা স্বর্গের ‘অনন্ত ভোজ’-এর ধারণাটি বিশ্লেষণ করি, তখন এর মৌলিক অসারতা ও শরীরবৃত্তীয় অসম্ভবতা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে। যদি জান্নাতে মানুষের কোনো শারীরিক ক্ষয় না থাকে, কোন পরিশ্রম না থাকে, কোনো প্রকার পুষ্টির অভাব না ঘটে এবং শরীর যদি সর্বদা ‘পূর্ণ’ অবস্থায় থাকে, তবে সেখানে আহার বা পানীয় গ্রহণের কোনো জৈবিক বা বিবর্তনীয় ভিত্তিই অবশিষ্ট থাকে না। বিবর্তনীয় জীববিজ্ঞানের মতে, আনন্দ বা তৃপ্তি হলো একটি পজিটিভ ফিডব্যাক লুপ, যা কেবল তখনই কাজ করে যখন শরীর কোনো একটি অভাব বা নেতিবাচক অবস্থা (যেমন—তৃষ্ণা বা ক্ষুধা) থেকে মুক্তি পায়। অর্থাৎ, ক্ষুধা নামক ‘কষ্ট’ না থাকলে তৃপ্তি নামক ‘সুখ’ অনুভব করা নিউরো-কেমিক্যাল দিক দিয়ে অসম্ভব।

স্বর্গের ফ্যান্টাসি বনাম শরীরবৃত্তীয় বাস্তবতার সংঘাত
জান্নাতের বর্ণনায় বলা হয়েছে যে, জান্নাতবাসীরা বছরের পর বছর লাগাতার খেয়ে যাবে এবং পান করবে, কিন্তু তাদের কোনো মল-মূত্র ত্যাগের প্রয়োজন হবে না; বরং তা কেবল ঢেকুর বা সুগন্ধি ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে [16]। শরীরবৃত্তীয় দৃষ্টিকোণ থেকে এটি একটি অসম্ভব কল্পনা। বিপাকীয় প্রক্রিয়া বা Metabolism-এর একটি স্বাভাবিক উপজাত (By-product) হলো বর্জ্য। যদি কোনো শরীর বর্জ্য তৈরি না করে, তবে বুঝতে হবে সেখানে কোনো বিপাকীয় কাজ হচ্ছে না। আর বিপাকীয় কাজ না হওয়ার অর্থ হলো কোষগুলো শক্তি গ্রহণ বা রূপান্তর করছে না। এমন একটি অচল শরীরে খাবারের ‘স্বাদ’ অনুভব করার জন্য প্রয়োজনীয় স্নায়বিক উদ্দীপনা বা ডোপামিন নিঃসরণ হওয়া বৈজ্ঞানিকভাবে অসম্ভব।
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
৫৪/ জান্নাত, জান্নাতের নিয়ামত ও জান্নাতবাসীগনের বিবরণ
পরিচ্ছেদঃ ৭. জান্নাত ও জান্নাতবাসীগন পাঠের এবং সকাল-সন্ধ্যায় তাদের তাসবীহ
৬৮৮৯। উসমান ইবনু আবূ শায়বা ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) … জাবির (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতী লোকেরা জান্নাতে পানাহার করবে। তবে থুথু ফেলবে না, পেশাব-পায়খানা করবে না এবং নাকও ঝাড়বেনা। (এ কথা শুনে) তারা (সাহাবীগণ) বললেন, তবে (ভক্ষিত) খাদ্য কি হবে? তিনি বললেন, ঢেকুরে এবং মিশকের বিচ্ছুরনের ন্যায় ঘাম (দ্বারা হজম হয়ে যাবে)। তাসবীহ-তাহলীল করা তাদের অন্তকরণে ইলহাম করা হবে যেমন ইলহাম করা হবে তাদের শ্বাস প্রশ্বাসের বিষয়টি।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
নিচে জান্নাতের প্রতিশ্রুতি ও শরীরবৃত্তীয় অসারতার একটি তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হলো:
| জান্নাতের প্রতিশ্রুতি | শরীরবৃত্তীয়/বৈজ্ঞানিক বাস্তবতা | যৌক্তিক ফলাফল |
| তৃষ্ণা ছাড়াই কাউসার পান | তৃষ্ণা না থাকলে মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার (Dopamine) সক্রিয় হয় না। | পানীয়টি সাধারণ শরবতের মতো মনে হবে, কোনো অলৌকিক তৃপ্তি দেবে না। |
| মল-মূত্রহীন আহার | বিপাক বা Metabolism সম্পন্ন হলে বর্জ্য তৈরি হওয়া অনিবার্য। | শরীর যদি ইনপুট নেয় কিন্তু আউটপুট না দেয়, তবে তা একটি যান্ত্রিক স্থবিরতা। |
| নিরবচ্ছিন্ন ভোজ | Sensory-Specific Satiety-র কারণে একঘেয়েমি ও বিতৃষ্ণা তৈরি হয়। | অনন্তকাল ধরে খেয়ে যাওয়া সুখের বদলে একটি যন্ত্রণাদায়ক যান্ত্রিকতায় পরিণত হবে। |
| বার্ধক্যহীন শরীর | বার্ধক্য বা ক্ষয় না থাকলে কোষের পুনর্গঠন বা শক্তির প্রয়োজন থাকে না। | জৈবিক চাহিদা না থাকায় স্বাদের ইন্দ্রিয়গুলো অকেজো হয়ে পড়বে। |
একটি অভাবগ্রস্ত সমাজের প্রোজেকশন
মনস্তাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, এই ধরণের ভোজের বর্ণনাগুলো মূলত সেই সব মানুষের ফ্যান্টাসি, যারা পৃথিবীতে তীব্র খাদ্যাভাব, দুর্ভিক্ষ এবং চরম দারিদ্র্যের মধ্য দিয়ে জীবন পার করেছে। আরবের রুক্ষ মরুভূমিতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষের কাছে ‘পেট ভরে খাওয়া’ এবং ‘কখনো তৃষ্ণা না পাওয়া’ ছিল পরম আরাধ্য। কিন্তু বিবর্তনীয়ভাবে আমরা এমন এক জটিল স্নায়ুতন্ত্র নিয়ে বিকশিত হয়েছি যা কেবল Contrast বা বৈপরীত্যের মাধ্যমেই আনন্দ অনুভব করতে পারে। আলো ছাড়া যেমন অন্ধকারের গুরুত্ব নেই, তেমনি ক্ষুধা নামক কষ্ট ছাড়া খাবারের স্বাদের কোনো মূল্য নেই।
জান্নাতে মানুষের ইন্দ্রিয়গুলো যদি পৃথিবীর মতোই কাজ করে, তবে সেখানে খুব দ্রুতই চরম একঘেয়েমি বা Hedonic Adaptation চলে আসবে। অর্থাৎ, খুব অল্প সময়ের মধ্যেই জান্নাতী ভোগ-বিলাসগুলো তার আবেদন হারিয়ে ফেলবে। কোনো প্রাণরসায়ন বা নিউরো-ট্রান্সমিটারের উদ্দীপনা ছাড়া এই অন্তহীন ভোগের বর্ণনাগুলো কেবল একটি ‘অ্যানাটমিক্যাল ডিসাস্টার’ বা শরীরবৃত্তীয় বিপর্যয় ছাড়া আর কিছুই নয়। Robert Sapolsky তার ‘Behave’ গ্রন্থে দেখিয়েছেন কীভাবে আমাদের মস্তিষ্ক কেবল প্রত্যাশা এবং প্রাপ্তির ব্যবধান থেকেই আনন্দ পায়। সুতরাং, জান্নাতের এই অফুরন্ত ও নিরবচ্ছিন্ন ভোগের প্রতিশ্রুতি মানুষের মৌলিক জীববিজ্ঞান ও বিবর্তনীয় ইতিহাসের সাথে সম্পূর্ণ স্ববিরোধী এবং এটি কেবল একটি আদিম অভাবী সমাজের অবদমিত কামনার সচিত্র প্রতিবেদন মাত্র। আসুন একটি হাদিস পড়ি, যেখানে বলা হচ্ছে, জান্নাতে প্রবেশের সময় তাদেরকে মাছের কলিজার টুকরো খেতে দেয়া হবে, এবং দুপুরে ষাঁড় জবাই করে খেতে দেয়া হবে যেই ষাঁড় জান্নাতের আশেপাশে চড়ে বেড়ায়। এই নিয়ে নানা ধরণের প্রশ্ন জাগ্রত হয়, যেমন যারা মাছ পছন্দ করে না, তাদের জন্য কী একই খাবার? আর জান্নাতের ষাঁড়ও তো জান্নাতি, তাকে কেন অন্যের ক্ষুধা নিবারণের জন্য প্রাণ দিতে হবে? আল্লাহর কাছে কী মাংস তৈরির আর কোন উপায় নেই, যে জান্নাতেও গরু ষাঁড় ইত্যাদিকে জবাই করে মারা হবে? [17]
সহীহ মুসলিম (হাদীস একাডেমী)
৩। হায়য ঋতুস্রাব
পরিচ্ছেদঃ ৮. পুরুষ ও মহিলার বীর্যের বর্ণনা এবং সন্তান যে উভয়ের বীর্য ও শুক্র থেকে সৃষ্টি হয় তার বর্ণনা।
হাদিস একাডেমি নাম্বারঃ ৬০৩ , আন্তর্জাতিক নাম্বারঃ ৩১৫
৬০৩-(৩৪/৩১৫) আল হাসান ইবনু আলী আল হুলওয়ানী (রহঃ) ….. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুক্তিপ্রাপ্ত গোলাম সাওবান (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দাঁড়িয়েছিলাম। ইতোমধ্যেই ইয়াহুদীদের এক আলিম এসে বলল, আসসালামু ’আলাইকা ইয়া মুহাম্মাদ! এরপর আমি তাকে এমন এক ধাক্কা মারলাম যে, সে প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো! সে বলল, তুমি আমাকে ধাক্কা মারলে কেন? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! বলতে পার না। ইয়াহুদী বলল, আমরা তাকে তার পরিবার-পরিজন যে নাম রেখেছে সে নামেই ডাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাম মুহাম্মাদ। আমার পরিবারের লোকই আমার এ নাম রেখেছে। এরপর ইয়াহুদী বলল, আমি আপনাকে (কয়েকটি কথা) জিজ্ঞেস করতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, তোমার কী লাভ হবে, যদি আমি তোমাকে কিছু বলি? সে বলল, আমি আমার কান পেতে শুনব।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে যে খড়িটি ছিল তা দিয়ে মাটিতে আঁকাঝোকা দাগ কাটতে ছিলেন। তারপর বললেন, জিজ্ঞেস কর। ইয়াহুদী বলল, যেদিন এ জমিন ও আকাশমণ্ডলী পাল্টে গিয়ে অন্য জমিন ও আকাশমণ্ডলীতে পরিণত হবে (অর্থাৎ কিয়ামত হবে) সেদিন লোকজন কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সেদিন পুলসিরাতের কাছে অন্ধকারে থাকবে।
সে বলল, কে সর্বপ্রথম (তা পার হবার) অনুমতি লাভ করবে? তিনি বললেন, দরিদ্র মুহাজিরগণ! ইয়াহুদী বলল, জান্নাতে যখন তারা প্রবেশ করবে তখন তাদের তোহফা কি হবে? তিনি বললেন, মাছের কলিজার টুকরা। সে বলল, এরপর তাদের দুপুরের খাদ্য কি হবে? তিনি বললেন, তাদের জন্য জান্নাতের ষাঁড় যাবাহ করা হবে যা জান্নাতের আশেপাশে চড়ে বেড়ায়। সে বলল, এরপরে তাদের পানীয় কি হবে? তিনি বললেন, সেখানকার একটি ঝর্ণার পানি যার নাম সালসাবীল। সে বলল, আপনি ঠিক বলেছেন।
সে আরো বলল যে, আমি আপনার কাছে এমন একটি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি যা নবী ছাড়া পৃথিবীর কোন অধিবাসী জানে না অথবা একজন কি দু’জন লোক ছাড়া। তিনি বললেন, আমি যদি তোমাকে তা বলে দেই তবে তোমার কি কোন উপকার হবে? সে বলল, আমি আমার কান পেতে শুনব। সে বলল, আমি আপনাকে সন্তান সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি। তিনি বললেন, পুরুষের বীর্য সাদা এবং মেয়েলোকের বীর্য হলুদ। যখন উভয়টি একত্রিত হয়ে যায় এবং পুরুষের বীর্য মেয়েলোকের বীর্যের উপর প্রাধান্য লাভ করে তখন আল্লাহর হুকুমে পুত্র সন্তান হয়। আর যখন মেয়েলোকের বীর্য পুরুষের বীর্যের ওপর প্রধান্য লাভ করে তখন আল্লাহর হুকুমে কন্যা সন্তান হয়।
ইয়াহুদী বলল, আপনি ঠিকই বলেছেন এবং নিশ্চয়ই আপনি নবী। এরপর সে চলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এ লোক আমার কাছে যা জিজ্ঞেস করেছে, ইতোপূর্বে আমার সে সম্পর্কে কোন জ্ঞানই ছিল না। আল্লাহ তা’আলা এক্ষণে আমাকে তা জানিয়ে দিলেন। (ইসলামিক ফাউন্ডেশনঃ ৬০৭, ইসলামিক সেন্টারঃ ৬২৩)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সাওবান (রাঃ)
যৌনক্ষমতা ও স্থায়িত্ব নিয়ে প্রাচীন মানুষের হীনম্মন্যতা এবং জান্নাতি সমাধান
প্রাচীন আরব্য সমাজ ও তৎকালীন বিশ্বব্যবস্থার দিকে তাকালে মানুষের দৈনন্দিন জীবনের এক চরম রূঢ় বাস্তবতার চিত্র ফুটে ওঠে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান, পুষ্টিকর খাদ্য এবং উন্নত জীবনযাত্রার অভাবে প্রাচীনকালে মানুষের গড় আয়ু ছিল অত্যন্ত কম। কঠোর কায়িক শ্রম, দীর্ঘ যুদ্ধবিগ্রহ, মরুভূমির প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন মহামারীর কারণে মানুষের শারীরিক সক্ষমতা খুব দ্রুত হ্রাস পেত। এর একটি প্রত্যক্ষ প্রভাব পড়ত মানুষের যৌন স্বাস্থ্যের ওপর। মানুষের কামনা-বাসনা অসীম হলেও, শারীরিক সীমাবদ্ধতার কারণে সেই বাসনার পুরোপুরি তৃপ্তি লাভ করা বাস্তব জীবনে প্রায়শই অসম্ভব ছিল। বিশেষ করে পুরুষতান্ত্রিক আরব্য সমাজে, যেখানে বহুবিবাহ এবং অগণিত দাসী বা উপপত্নী রাখার প্রথা সামাজিকভাবে স্বীকৃত এবং মর্যাদার প্রতীক ছিল, সেখানে একজন পুরুষের ওপর একাধিক নারীর যৌন আকাঙ্ক্ষা মেটানোর এক অলিখিত চাপ বিদ্যমান থাকার কথা। মনস্তাত্ত্বিক দিক দিয়ে এই পরিস্থিতি পুরুষদের মধ্যে এক ধরনের ‘পারফরম্যান্স অ্যাংজাইটি’ বা যৌন সক্ষমতা নিয়ে গভীর হীনম্মন্যতার জন্ম দেয়াই স্বাভাবিক।
এই হীনম্মন্যতা এবং শারীরিক সীমাবদ্ধতার মনস্তাত্ত্বিক ক্ষতিপূরণ (Psychological compensation) হিসেবেই ধর্মীয় গ্রন্থগুলোতে জান্নাতের এক অতিমানবিক যৌন ফ্যান্টাসি তৈরি করা হয়েছে। সুনান আত তিরমিজীর ২৫৩৮ নম্বর হাদিসে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে, নবী মুহাম্মদ তার অনুসারীদের জানিয়েছেন—জান্নাতে প্রত্যেক মুমিনকে একশ’ জন পুরুষের সমান সঙ্গম শক্তি দেওয়া হবে [13]। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয় যে, ‘একশ জনের শক্তি’র এই প্রতিশ্রুতি কোনো আধ্যাত্মিক বা পারলৌকিক পবিত্রতার প্রতীক নয়; বরং এটি হলো এমন এক অবদমিত সমাজের প্রতিচ্ছবি, যে সমাজের পুরুষেরা তাদের বাস্তব জীবনে যৌন স্থায়িত্ব এবং ক্ষমতা নিয়ে চরম হতাশায় ভুগত। ফ্রয়েডীয় মনোসমীক্ষণে একে বলা হয় ‘উইশ ফুলফিলমেন্ট’ বা আকাঙ্ক্ষা পূরণের ফ্যান্টাসি। বাস্তব জীবনে যে পুরুষ ক্লান্তি, বার্ধক্য বা শারীরিক দুর্বলতার কারণে তার যৌন লালসা পুরোপুরি চরিতার্থ করতে পারে না, তার অবচেতন মন কল্পনায় এমন এক জগতের নির্মাণ করে যেখানে কোনো ক্লান্তি নেই, বার্ধক্য নেই এবং রয়েছে বীর্যপাতহীন অনন্ত কামশক্তি।
সুনান আত তিরমিজী (ইসলামিক ফাউন্ডেশন)
৪১/ জান্নাতের বিবরণ
পরিচ্ছেদঃ জান্নাতবাসীগনের সঙ্গমের বিবরণ।
২৫৩৮. মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ও মাহমূদ ইবন গায়লান …. আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতে প্রত্যেক মুমিনকে এত এত সঙ্গম শক্তি দেওয়া হবে। বলা হয়ঃ ইয়া রাসূলাল্লাহ্! তা করতে সক্ষম হবে কি? তিনি বললেনঃ তাকে তো একশ’ জনের শক্তি দেওয়া হবে। হাসান সহীহ, মিশকাত ৫৬৩৬, তিরমিজী হাদিস নম্বরঃ ২৫৩৬ [আল মাদানী প্রকাশনী]
এ বিষয়ে যায়দ ইবন আরকাম (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি সহীহ-গারীব। ইমরান আল কাত্তান (রহঃ) ছাড়া কাতাদা … আনাস (রাঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়ত হিসাবে এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
জান্নাতে মুমিনদের জন্য যে সুবিশাল শূন্যগর্ভ মোতির তাঁবুর কথা বলা হয়েছে, যার দৈর্ঘ্য হবে ষাট মাইল এবং যেখানে একাধিক স্ত্রী থাকবে যাদের সবার সাথে মুমিন সহবাস করবে, তা এই কামনারই চরম বহিঃপ্রকাশ। এই তাঁবুগুলোতে স্ত্রীরা কেউ কাউকে দেখতে পাবে না—এই ধারণাটিও তৎকালীন পুরুষের বহুগামিতার বাসনা এবং সাংসারিক কোন্দল বা স্ত্রীদের পারস্পরিক ঈর্ষা থেকে মুক্ত থাকার এক কাল্পনিক সমাধান। পৃথিবীতে বহুগামী পুরুষকে স্ত্রীদের মন রক্ষা করতে গিয়ে যে মানসিক বা শারীরিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হতো, জান্নাতে তার এক জাদুকরী সমাধান দেওয়া হয়েছে। এখানে কোনো সামাজিক বা শারীরিক বাধা নেই [18]
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১৯/ ক্ষমাপ্রার্থনামূলক নির্দেশাবলী
পরিচ্ছেদঃ ৩৭২ : আল্লাহ তা‘আলা মুমিনদের জন্য জান্নাতের মধ্যে যা প্রস্তুত রেখেছেন
তাওহীদ পাবলিকেশন নাম্বারঃ ১৮৯৪, আন্তর্জাতিক নাম্বারঃ ১৮৮৫
৬/১৮৯৪। আবূ মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’নিশ্চয় জান্নাতে মুমীনদের জন্য একটি শূন্যগর্ভ মোতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে ষাট মাইল। এর মধ্যে মুমীনদের জন্য একাধিক স্ত্রী থাকবে।যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে।কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না।’’ (বুখারী-মুসলিম) [1]
এক মাইলঃ ছয় হাজার হাত সমান দীর্ঘ।
[1] সহীহুল বুখারী ৩২৪৩, ৪৮৭৮, ৪৮৮০, ৭৪৪৪, মুসলিম ১৮০, ২৮৩৮, আহমাদ ১৯০৭৯, ১৯১৮২, ১৯২৩২, ১৯২৬২, দারেমী ২৮২২, ২৮৩৩
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ মূসা আল- আশ’আরী (রাঃ)

ফলশ্রুতিতে, এই জান্নাত আসলে আত্মিক উন্নতির কোনো স্থান নয়, বরং মানুষের জাগতিক ও জৈবিক কামনার একটি নিখুঁত রিফ্লেকশন বা প্রতিচ্ছবি মাত্র। মানুষের এই অতৃপ্ত যৌন বাসনা এবং শারীরিক অক্ষমতার হতাশাকেই ধর্ম পুঁজি করেছে। পরকালকে একটি অনন্তকাল স্থায়ী ‘বেশ্যালয়’-এর আদলে সাজিয়ে, যেখানে ক্লান্তিহীন রতিক্রিয়ার গ্যারান্টি রয়েছে, ধর্ম মূলত সাধারণ মানুষের আনুগত্য আদায় এবং তাদের ইহলৌকিক কষ্ট ভুলিয়ে রাখার এক চতুর মনস্তাত্ত্বিক ফাঁদ তৈরি করেছে। ঈশ্বর বা সৃষ্টিকর্তার ধারণাকে এখানে ব্যবহার করা হয়েছে এই অনন্ত যৌবনের এবং যৌন সক্ষমতার জোগানদাতা হিসেবে। আসুন একজন আলেমের বক্তব্য শুনি, যেখানে তিনি খুব আনন্দের সাথে জান্নাতে এক একজন হুরীর সাথে কত হাজার বছর ধরে একটানা সঙ্গম করবেন বলে স্বপ্ন দেখছেন,
জান্নাতের হুর ও নারীর পণ্যায়নঃ কোরআন ও তাফসীরের শারীরিক ব্যবচ্ছেদ
ইসলামিক পরকালের কেন্দ্রীয় আকর্ষণ হিসেবে ‘হুর’ বা স্বর্গীয় সুন্দরীদের যে বর্ণনা দেওয়া হয়েছে, তা বিশ্লেষণ করলে দেখা যায় এটি কোনো আধ্যাত্মিক বা অবৈষয়িক জগত নয়, বরং অত্যন্ত সুনির্দিষ্ট এবং স্থূল একটি ‘পুরুষতান্ত্রিক ফ্যান্টাসি’। কোরআন ও হাদিসে হুরদের যে শারীরিক বিবরণ পাওয়া যায়, তা মূলত সপ্তম শতকের একজন আরব্য পুরুষের আদর্শ সুন্দরী নারীর সংজ্ঞার ওপর ভিত্তি করে তৈরি। সমাজতাত্ত্বিক দৃষ্টিতে এটি নারীর অস্তিত্বকে কেবল পুরুষের যৌন লালসা মেটানোর একটি ‘জৈবিক পণ্য’ হিসেবে উপস্থাপন করে। আসুন কোরআনের আয়াত এবং তাফসীর থেকে দেখে নিই,
কোরআন ও হাদিসে হুর বা স্বর্গবেশ্যাদের বেশ কিছু শারীরিক বর্ণনা যা পাওয়া যায়, তা হচ্ছে অনেকটা এরকম, [19] [20] [21]
আর সমবয়স্কা নব্য যুবতী
— Taisirul Quran
এবং সম বয়স্কা যুবতীবৃন্দ;
— Sheikh Mujibur Rahman
আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী।
— Rawai Al-bayan
আর সমবয়স্কা [১] উদ্ভিন্ন যৌবনা তরুণী
— Dr. Abu Bakr Muhammad Zakaria
[ সূরা নাবা, আয়াত ৩৩ ]
তাদের কাছে থাকবে সংযত নয়না, সতী সাধ্বী, ডাগর ডাগর সুন্দর চক্ষু বিশিষ্টা সুন্দরীরা (হুরগণ)।
— Taisirul Quran
আর তাদের সঙ্গে থাকবে আনত নয়না আয়তলোচনা হুরবৃন্দ।
— Sheikh Mujibur Rahman
তাদের কাছে থাকবে আনতনয়না, ডাগরচোখা।
— Rawai Al-bayan
তাদের সঙ্গে থাকবে আনতনয়না [১] ডাগর চোখ বিশিষ্টা [২] (হুরীগণ)।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
[ সূরা আস-সাফফাত, আয়াত ৪৮ ]
তাদেরকে (অর্থাৎ ঐ হুরদেরকে) আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে, আর তাদেরকে করেছি কুমারী, স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা,
— Taisirul Quran
তাদের জন্য আমি করেছি বিশেষ সৃষ্টি। তাদেরকে করেছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা –
— Sheikh Mujibur Rahman
নিশ্চয় আমি হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব। অতঃপর তাদেরকে বানাব কুমারী, সোহাগিনী ও সমবয়সী।
— Rawai Al-bayan
নিশ্চয় আমরা তাদেরকে সৃষ্টি করেছি বিশেষরূপে [১]—অতঃপর তাদেরকে করেছি কুমারী [১], সোহাগিনী [১] ও সমবয়স্কা [২],
— Dr. Abu Bakr Muhammad Zakaria
[ সূরা ওয়াকিয়া, আয়াত ৩৫-৩৭ ]
এবারে আসুন কোরআনের আয়াতটির অর্থ তাফসীরে ইবনে কাসীর থেকে জেনে নিই, [22] –
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَارًا অর্থাৎ মুত্তাকীদের জন্য রহিয়াছে সাফল্য। ইহারা জাহান্নাম হইতে মুক্তি লাভ করিয়া জান্নাতে প্রবেশ করিবে। حدائق অর্থাৎ খর্জুর এবং বৃক্ষের উদ্যান। عنابا। অর্থ- আঙ্গুর বা দ্রাক্ষা। كَوَاعِبَ أَتْرَابُ অর্থ উন্নত বক্ষ বিশিষ্টা নবযৌবনা সমবয়স্কা হুর। অর্থাৎ জান্নাতে মুত্তাকীদিগকে এইসব দেওয়া হইবে।
ইব্ন আব্বাস (রা) ও মুজাহিদ (র) সহ অনেকে বলেন, كواعب অর্থ نواعب অর্থাৎ উন্নত সুডৌল স্তন বিশিষ্টা। সূরা ওয়াকিয়ায় হুরদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হইয়াছে।
ইব্ন আবূ হাতিম (র)………… আবূ উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ উমামা (রা) বলেন: রাসূলুল্লাহ্ (সা) বলিয়াছেন, “আল্লাহ্র সন্তুষ্টিই প্রকাশ পাইবে জান্নাতীদের পোশাকে এবং মেঘমালা তাহাদেরকে আসিয়া বলিবে, হে জান্নাতবাসীরা!
তোমরা কি বর্ষণের আকাঙ্ক্ষাকারী, তখন ৩وَكَاسًا دها সমবয়স্কা সুডৌল স্তন বিশিষ্টা হুর বর্ষণ করিবে। ইন্ন আব্বাস (রা) বলেন, وَكَاساً دهَاقًا অর্থ পরিপূর্ণ পানপাত্র।
ইকরিমা (র) বলেন دهاقًا অর্থ صافيته অর্থাৎ পরিচ্ছন্ন। মুজাহিদ, হাসান, কাতাদা ও ইব্ন যায়দ (র) বলেন دهاق অর্থ الملاى المترعه অর্থাৎ কানায় কানায় পরিপূর্ণ।


কোরআনের সূরা নাবার ৩৩ নম্বর আয়াতে হুরদের সম্পর্কে বলা হয়েছে— ‘কাওয়াইবা আতরাবা’, যার প্রচলিত অর্থ করা হয় ‘সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী’ [19]। এই ‘কাওয়াইব’ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্ববিখ্যাত তাফসীরকারক ইবনে কাসীর তার তাফসীরে লিখেছেন, এর অর্থ হলো এমন তরুণী যাদের স্তন হবে উঁচু, গোল এবং তা ঝুলে পড়বে না; বরং তা হবে আঙুর ফলের মতো স্ফীত ও সুডৌল [23]। মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করলে দেখা যায়, এই বর্ণনাগুলো সরাসরি ‘মেল গেজ’ বা পুরুষের কামুক দৃষ্টিকে তুষ্ট করার জন্য পরিকল্পিত। জান্নাতের মতো একটি পবিত্র স্থানেও নারীর শরীরকে কেন এমন পুঙ্খানুপুঙ্খ ও যৌনাবেদনময় করে বর্ণনা করতে হলো, তা প্রশ্নাতীতভাবেই প্রমাণ করে যে, এই স্বর্গের ধারণাটি মূলত পুরুষের আদিম লালসাকে উসকে দেওয়ার একটি হাতিয়ার। আসুন এই সম্পর্কে কয়েকজন আলেমের বক্তব্য শুনি,
সূরা আস-সাফফাতে হুরদের বর্ণনা করা হয়েছে ‘আনত নয়না’ এবং ‘ডাগর চোখ বিশিষ্টা’ হিসেবে [20]। এখানে ‘আনত নয়না’ বা দৃষ্টিকে সংযত রাখার অর্থ হলো তারা কেবল তাদের স্বামীর দিকেই তাকাবে। এটি তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজের সেই মনস্তত্ত্বকে প্রতিফলিত করে, যেখানে নারীকে কেবল স্বামীর সম্পত্তি হিসেবে দেখা হতো এবং তার পরপুরুষের সঙ্গে কোনো যোগাযোগ বা এমনকি দৃষ্টিপাতকেও অপরাধ হিসেবে গণ্য করা হতো। এছাড়া সূরা ওয়াকিয়াতে হুরদের সম্পর্কে বলা হয়েছে, তাদের বারবার ‘কুমারী’ হিসেবে সৃষ্টি করা হবে এবং তারা হবে অত্যন্ত ‘সোহাগিনী’ বা পতিব্রতা [21]। কুমারীত্বের প্রতি এই তীব্র আসক্তি মূলত আদিম গোত্রীয় সমাজের এক ধরনের আধিপত্যবাদী মনস্তত্ত্ব, যেখানে পুরুষের কাছে নারীর সতীত্ব বা ‘ভার্জিনিটি’ ছিল সবচাইতে বড় ভোগের বিষয়।
প্রদত্ত ভিডিও ক্লিপগুলোতেও এই শারীরিক বর্ণনার এক কদর্য রূপ দেখা যায়। বাংলাদেশের আলেমদের ওয়াজগুলোতে (যেমন- মাদানী বা রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য) জান্নাতের হুরদের এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন জান্নাত একটি বিশাল ‘বউ বাজার’ বা ‘হুর বাজার’। ভিডিওগুলোতে হুরদের উচ্চতা, গায়ের রঙ এবং তাদের সাথে বছরের পর বছর লাগাতার যৌন সহবাসের যে সুড়সুড়ি দেওয়া হয়, তা মূলত সাধারণ মানুষের যৌন হীনম্মন্যতাকে পুঁজি করে ধর্মব্যবসার এক জঘন্য নিদর্শন। আলেমদের এই বক্তব্যগুলো প্রমাণ করে যে, তারা জান্নাতকে একটি বিশাল ‘বেশ্যাপল্লী’ হিসেবেই কল্পনা করেন, যেখানে আল্লাহ যেন এই সুন্দরীদের সরবরাহকারী বা দালাল হিসেবে কাজ করছেন। নারীদের এখানে কোনো স্বতন্ত্র সত্তা, অনুভূতি বা ইচ্ছার কোনো স্থান নেই; তারা সেখানে কেবল মুমিনদের ক্লান্তিহীন যৌন ক্ষুধা মেটানোর জন্য বিশেষভাবে নির্মিত কিছু রোবোটিক জড়বস্তু মাত্র। এই দৃষ্টিভঙ্গি কেবল নারীর মর্যাদাকেই পদদলিত করে না, বরং একটি সমাজকে যৌনউন্মাদ ও নারীবিদ্বেষী করে তোলার জন্য যথেষ্ট।
জান্নাতের হুর বনাম এআই (AI) চালিত সেক্স ডলঃ এক জৈবিক রোবোটিক্সের ফ্যান্টাসি
আধুনিক প্রযুক্তির উৎকর্ষের এই যুগে এআই (AI) চালিত ‘সেক্স ডল’ বা রোবটগুলোর কার্যপদ্ধতি বিশ্লেষণ করলে জান্নাতের হুরদের বর্ণনার সাথে এক অভাবনীয় মনস্তাত্ত্বিক মিল খুঁজে পাওয়া যায়। বর্তমানের উন্নত এআই চালিত রোবটগুলো যেভাবে কেবল মালিকের নির্দেশ পালন, তার কামনার খোরাক জোগানো এবং তাকে তুষ্ট করার জন্য প্রোগ্রাম করা হয়, জান্নাতের হুরদের বর্ণনাও ঠিক সেই একই ‘প্রোগ্রামিং’-এর ইঙ্গিত দেয়। সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন জাগে—এই হুরেরা কি আসলেই কোনো স্বাধীন সত্তা, নাকি তারা স্রষ্টা কর্তৃক নির্মিত উচ্চমানের ‘বায়ো-অটোমেটন’ বা জৈবিক রোবট?
কিছুদিন আগেই একটা সিনেমা এসেছে, আসুন সিনেমাটির কিছু অংশ দেখে নিই,
একটি জ্যান্ত মানুষের অস্তিত্বের প্রধান শর্ত হলো তার আবেগীয় জটিলতা। মানুষের ভালোবাসা তখনই সার্থক হয় যখন সেখানে দুঃখ পাওয়া, মান-অভিমান করা কিংবা ‘না’ বলার বা অসম্মতি (Consent) জানানোর ক্ষমতা থাকে। কিন্তু জান্নাতের হুরদের বর্ণনায় আমরা দেখি, তারা কেবল ‘সোহাগিনী’ এবং ‘স্বামী-ভক্তা’ হওয়ার জন্য বিশেষভাবে নির্মিত [21]। মনস্তাত্ত্বিকভাবে এটি একটি গভীর সংকটের জন্ম দেয়; যদি কোনো সত্তার ‘না’ বলার ক্ষমতা না থাকে, তবে তার ‘হ্যাঁ’ বা সম্মতির কোনো নৈতিক মূল্য থাকে না। জান্নাতের হুরেরা যদি সবসময় হাস্যমুখী এবং কামোত্তেজক হয়ে থাকে এবং তাদের মধ্যে যদি কখনো বিষণ্ণতা, ক্লান্তি বা বিরক্তি দানা না বাঁধে, তবে তারা মূলত বর্তমান সময়ের এআই চালিত চাইনিজ সেক্স ডল ছাড়া আর কিছুই নয়। পার্থক্য কেবল এই যে, একটি সিলিকন ও চিপ দিয়ে তৈরি, আর অন্যটি কল্পিত অলৌকিক মাংস দিয়ে নির্মিত।
মানবিক অনুভূতি যেমন—ইর্ষা, ক্রোধ বা দুঃখ—একজন মানুষের ব্যক্তিত্বের পূর্ণতা দেয়। জান্নাতের হুরদের যদি কোনো ইর্ষা না থাকে (যদিও তারা শত শত সতীনের সাথে একই তাঁবুতে থাকবে), তবে বুঝতে হবে তাদের মস্তিষ্ক থেকে মানবিক আবেগের অংশটি ‘ডিলিট’ করে দেওয়া হয়েছে। কোনো সত্তার যদি নিজের কোনো পছন্দ-অপছন্দ না থাকে এবং সে যদি কেবল অন্যের ভোগের সামগ্রী হিসেবে সঁপে দেওয়ার জন্য প্রোগ্রামড থাকে, তবে সেখানে ‘ভালোবাসা’ শব্দটি অর্থহীন হয়ে পড়ে। ভালোবাসা হলো দুটি স্বাধীন সত্তার মেলবন্ধন, কিন্তু হুরদের ক্ষেত্রে এটি কেবল একজন ‘মালিক’ এবং তার ‘পণ্য’-এর সম্পর্ক।
ফলশ্রুতিতে, জান্নাতের হুরদের এই চিত্রায়ণ আসলে মানুষের সেই আদিম ও রুগ্ন ফ্যান্টাসির বহিঃপ্রকাশ, যেখানে সে এমন একজন সঙ্গী চায় যে রোবটের মতো আজ্ঞাবহ হবে কিন্তু যার দেহ হবে মানুষের মতো। এটি প্রমাণ করে যে, ধর্মীয় স্বর্গের এই ধারণাটি মানুষের আবেগীয় পরিপক্কতার অভাব থেকে উদ্ভূত। যে মানুষ একজন স্বাধীন ও রক্ত-মাংসের মানুষের জটিল আবেগ ও ব্যক্তিত্বকে সম্মান করতে শেখেনি, সেই মূলত পরকালে এমন এক ‘সেক্স ডল’ বা ‘গেলমান’ কামনা করে যার কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই। সুতরাং, তাত্ত্বিক বিচারে জান্নাতের হুরেরা কোনো উচ্চতর সত্তা নয়, বরং তারা প্রাচীন ধর্মীয় টেক্সটে বর্ণিত এক ধরণের প্রাগৈতিহাসিক ‘সেক্সুয়াল এআই’, যা মানুষের অবদমিত কামনা ও পুরুষতান্ত্রিক আধিপত্যবাদকে চরিতার্থ করার জন্য তৈরি করা হয়েছে।
জান্নাতের ‘গেলমান’ ও প্রাচীন আরবের বিলাসী ফ্যান্টাসি
ইসলামিক জান্নাতের বর্ণনায় কেবল যে হুর বা নারী সঙ্গিনীদের প্রলোভন দেওয়া হয়েছে তা নয়, বরং সেখানে ‘গেলমান’ বা চির কিশোর প্রমোদ বালকদের উপস্থিতিও অত্যন্ত সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়েছে। সমাজতাত্ত্বিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, ১৪০০ বছর আগে ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী আরব্য সাহিত্য ও কবিতায় অভিজাত ও রাজকীয় জীবনযাপনের অপরিহার্য অংশ হিসেবে হারেম ভর্তি সুন্দরী নারী এবং তাদের পাশাপাশি সুশ্রী কিশোর বালকদের সাহচর্যের এক বিশেষ সংস্কৃতি বিদ্যমান ছিল। তৎকালীন আরবের ‘জাহেলিয়া’ যুগের কবিতায় এই ধরণের বিলাসী ও ভোগবাদী জীবনের ভূয়সী প্রশংসা পাওয়া যায়। কোরআনে জান্নাতকে যখন মুমিনদের জন্য চূড়ান্ত ভোগবিলাস ও অনন্ত আরাম-আয়েশের স্থান হিসেবে চিত্রায়িত করা হয়েছে, তখন সেই প্রাচীন রাজকীয় ফ্যান্টাসিকে পূর্ণতা দিতেই তিনটি ভিন্ন স্থানে গেলমানদের কথা উল্লেখ করা হয়েছে। কোরআনের বর্ণনায় এদের ‘সুরক্ষিত মোতি’ বা ‘বিক্ষিপ্ত মনি-মুক্তা’র সঙ্গে তুলনা করা হয়েছে, যারা চিরকাল কিশোর হিসেবেই জান্নাতিদের সেবায় নিয়োজিত থাকবে [24] [25] [26] –
তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
পানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
[ সূরা ওয়াকিয়া, আয়াত : ১৭–১৮ ]
সুরক্ষিত মোতিসদৃশ কিশোররা তাদের সেবায় ঘুরাফেরা করবে।
[ সূরা তুর, আয়াত : ২৪ ]
তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মনি-মুক্তা।
[ সূরা দাহর, আয়াত : ১৯ ]
মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করলে, জান্নাতে এই গেলমানদের উপস্থিতি মূলত এক চরম ও অবাধ ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী লালসার (Unfettered Hedonism) প্রতিফলন। ইসলামের তাত্ত্বিক কাঠামো অনুযায়ী, জান্নাত হচ্ছে এমন এক স্থান যেখানে পার্থিব জগতের কোনো ‘শরীয়ত’ বা ‘হালাল-হারাম’-এর আইন বিদ্যমান থাকবে না। পৃথিবীতে যা নিষিদ্ধ বা ‘হারাম’, জান্নাতে তা অবাধে ‘হালাল’ হয়ে যাবে বলে আলেমগণ স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। ভিডিও ক্লিপগুলোতেও দেখা যায় যে, আলেমরা বলছেন জান্নাতে কোনো প্রকার সামাজিক বা ধর্মীয় বিধি-নিষেধ থাকবে না।
এই ‘নো-ল’ জোন বা আইনহীন সুখের ধারণাটি মূলত মানুষের অবদমিত অবচেতন মনের সেই আকাঙ্ক্ষা থেকে উৎসারিত, যা সামাজিক ও নৈতিক বাধার কারণে পৃথিবীতে পূরণ করা সম্ভব হয় না। অনেক ইসলামিস্ট যুক্তি দেওয়ার চেষ্টা করেন যে, গেলমানরা সেখানে কেবল ‘পরিচারক’ হিসেবে থাকবে, তাদের সাথে কোনো যৌন সংসর্গের বিষয় নেই। কিন্তু যে জান্নাতকে ‘অনন্ত ভোগ-বিলাসের স্থান’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এবং যেখানে সুন্দরী হুরদের পাশাপাশি ডাগর চোখের মুক্তাসদৃশ কিশোরদের ঘুরঘুর করার কথা বলা হয়েছে, তার ইঙ্গিতটি অত্যন্ত প্রকট। আব্দুল হামীদ মাদানীর ‘জান্নাত-জাহান্নাম’ গ্রন্থে গেলমানের বর্ণনায় তাদের সৌন্দর্য ও কিশোর রূপের যে বর্ণনা দেওয়া হয়েছে, তা মূলত তৎকালীন আরবের ‘পেডারাস্টি’ (Pederasty) বা কিশোর-আসক্তির মনস্তাত্ত্বিক সংস্কৃতিরই একটি স্বর্গীয় রূপান্তর মাত্র [27]।

সমাজতাত্ত্বিকভাবে এই বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচিত হয় যখন আমরা ইমাম নববীর বিখ্যাত হাদিস গ্রন্থ ‘রিয়াদুস সালেহীন’-এর মতো পাঠ্যগুলো বিশ্লেষণ করি। সেখানে সুন্দর কিশোর বালকদের বা ‘আমরাদ’ (দাড়ি-গোঁফহীন যুবক)-দের দিকে তাকাতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে [28]

মনস্তাত্ত্বিক বিশ্লেষণে একটি বিষয় তখনই ‘নিষেধ’ করার প্রয়োজন পড়ে, যখন সেই বিষয়টি সমাজে একটি বিদ্যমান এবং অস্বস্তিকর প্রবণতা হিসেবে উপস্থিত থাকে। এর অর্থ হলো, মাদ্রাসাতে বা ধর্মীয় পরিমণ্ডলে সুন্দর কিশোরদের প্রতি যৌন আকর্ষণ এবং তাদের ওপর যৌন নির্যাতনের ঘটনাগুলো আধুনিক যুগের কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়; বরং এটি ইসলামের আদি যুগ থেকেই এক প্রকট মনস্তাত্ত্বিক সংকট হিসেবে চিহ্নিত ছিল। আলেমগণ যখন অন্যদের সতর্ক করছেন যে কিশোরদের দিকে তাকালে যৌন উত্তেজনা আসতে পারে, তখন তারা পরোক্ষভাবে জান্নাতের সেই ‘চির কিশোর’ গেলমানদের উপস্থিতির পেছনের কামনার উৎসটিকেই নিশ্চিত করছেন। ফলে, হুর এবং গেলমান—উভয়ই মূলত মানুষের সেই আদিম ও অতৃপ্ত জৈবিক কামনা-বাসনার প্রতিফলন, যাকে পরকালীন পবিত্রতার মোড়কে জায়েজ করার চেষ্টা করা হয়েছে। স্বর্গের এই বর্ণনাগুলো আসলে প্রমাণ করে যে, এটি কোনো স্বর্গীয় পবিত্র আবাস নয়, বরং মানুষের রুদ্ধ ও অবদমিত কামনার এক বিশাল ফ্যান্টাসি জগত।
পরকালীন ‘নো-ল জোন’ ও অবদমিত লালসার বৈধতাঃ মদ, স্বর্ণ ও রেশম
ধর্মীয় নীতিতত্ত্বের একটি কৌতূহলী দিক হলো জান্নাত বা স্বর্গকে এমন একটি স্থান হিসেবে চিত্রায়িত করা যেখানে পার্থিব জগতের সমস্ত ‘হারাম’ বা নিষিদ্ধ বিষয়গুলোই পরম ‘হালাল’ এবং শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে গণ্য হয়। সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে এটি স্পষ্ট হয় যে, জান্নাত মূলত কোনো উচ্চতর নৈতিক বা আধ্যাত্মিক জগত নয়, বরং এটি মানুষের সেই সব কামনা-বাসনারই এক অলীক বিচরণক্ষেত্র, যা সামাজিক বা ধর্মীয় বিধিনিষেধের কারণে পৃথিবীতে অবদমিত করে রাখা হয়। আলেমদের ওয়াজ ও বিভিন্ন ব্যাখ্যায় এটি অত্যন্ত খোলামেলাভাবে জানানো হয় যে, হালাল-হারামের যাবতীয় আইনকানুন কেবল দুনিয়ার ‘শরীয়ত’-এর জন্য; জান্নাতে এরকম কোনো আইনকানুন বা নৈতিক বাধ্যবাধকতা থাকবে না। ভিডিও ক্লিপগুলোতেও দেখা যায়, আলেমগণ জান্নাতকে এমন এক ‘নো-ল জোন’ (No-law zone) হিসেবে উপস্থাপন করছেন যেখানে মুমিনের প্রতিটি ইচ্ছা, তা পৃথিবীতে যতই অনৈতিক বা নিষিদ্ধ হোক না কেন, চূড়ান্ত বৈধতা লাভ করবে।
এই ‘নিষিদ্ধ সুখে’র সবচাইতে বড় উদাহরণ হলো মদ বা শরাব। পৃথিবীতে মদ পান করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং একটি কবীরা গুনাহ। অথচ জান্নাতের বর্ণনায় মিশকাতুল মাসাবীহ-এর ৫৬৫০ নম্বর হাদিসে বলা হয়েছে যে, সেখানে শরাব বা মদের সমুদ্র ও নদী প্রবাহিত হবে [29]।
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-২৮: সৃষ্টির সূচনা ও কিয়ামতের বিভিন্ন অবস্থা
পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ – জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৫০-[৩৯] হাকীম ইবনু মু’আবিয়াহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন,রাসূলুল্লাহ (সা.) বলেছেন:জান্নাতে রয়েছে পানির সমুদ্র, মধুর দরিয়া, দুধের সমুদ্র এবং শরাবের দরিয়া। অতঃপর তা থেকে আরো বহু নদী প্রবাহিত হবে। (তিরমিযী)
সহীহ: তিরমিযী ২৫৭১, সহীহুল জামি ৩৮৮৫, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ৪১০, আল মু’জামুল কাবীর লিত্ব বারানী ১৬৩৭১।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ হাকিম ইবনু মুআবিয়াহ (রহঃ)
মনস্তাত্ত্বিকভাবে এটি এক ধরণের ‘ডেফার্ড গ্র্যাটিফিকেশন’ (Deferred Gratification) বা ‘বিলম্বিত তৃপ্তি’র প্রকল্প। নবী মুহাম্মদ এটি স্পষ্টভাবে বলে গিয়েছেন যে, যে ব্যক্তি দুনিয়াতে শরাব পান করবে, পরকালে সে তা থেকে বঞ্চিত হবে। এর অর্থ দাঁড়ায়, জান্নাতের মদ মূলত দুনিয়ার মদেরই এক উন্নত সংস্করণ। অনেক তাত্ত্বিক দাবি করার চেষ্টা করেন যে, জান্নাতের মদে নাকি নেশা হওয়ার মতো কোনো উপাদান থাকবে না; কিন্তু যৌক্তিকভাবে বিবেচনা করলে নেশার উপাদান না থাকলে তাকে আর ‘মদ’ বলা যায় না, বরং তা সাধারণ শরবত বা ফলের রস হিসেবেই গণ্য হয়। মূলত নেশাগ্রস্ত হয়ে কাঙ্ক্ষিত সুখ লাভের যে মানবিক প্রবৃত্তি পৃথিবীতে দমন করা হয়, পরকালে সেই নেশা বা বিভোরতাকেই উপহার হিসেবে পেশ করা হয়েছে [30] [31] [32] –
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
৩৭/ পানীয় দ্রব্য
পরিচ্ছেদঃ ৮. মদ পানকারী ব্যক্তি যদি তওবা না করে তবে শাস্তিস্বরূপ পরকালে তাকে (জান্নাতী) শরাব থেকে বঞ্চিত রাখা হবে
৫০৫২ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) … ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনযে ব্যাক্তি দুনিয়াতে শরাব (মদ) পান করবে, আখিরাতে সে তা থেকে বঞ্চিত থাকবে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
৩৭/ পানীয় দ্রব্য
পরিচ্ছেদঃ ৮. মদ পানকারী ব্যক্তি যদি তওবা না করে তবে শাস্তিস্বরূপ পরকালে তাকে (জান্নাতী) শরাব থেকে বঞ্চিত রাখা হবে
৫০৫৩। আবদুল্লাহ ইবনু মাসলামা ইবনু কা’নাব (রহঃ) … ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি পৃথিবীতে শরাব (মদ) পান করবে এবং তাওবা করবে না, আখিরাতে সে তা থেকে বঞ্চিত হবে। তাকে তা পান করানো হবে না। মালিক (রহঃ) কে বলা হলো হাদীসটি কি তিনি (ঊর্ধ্বতন রাবী) মারফু’ (সরাসরি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে) বর্ণনা করেছেন? তিনি বললেন, হ্যাঁ।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন)
৩৭/ পানীয় দ্রব্য
পরিচ্ছেদঃ ৮. মদ পানকারী ব্যক্তি যদি তওবা না করে তবে শাস্তিস্বরূপ পরকালে তাকে (জান্নাতী) শরাব থেকে বঞ্চিত রাখা হবে
৫০৫৪। আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) … (আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) থেকে), অন্য সনদে ইবনু নুমায়র (রহঃ) (তার পিতা থেকে) … ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করবে, আখিরাতে সে তা পান করতে পারবে না। কিন্তু যদি তাওবা করে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
একই বৈপরীত্য দেখা যায় পোশাক এবং অলঙ্কারের ক্ষেত্রেও। ইসলামি শরীয়ত অনুযায়ী পুরুষদের জন্য স্বর্ণের অলঙ্কার এবং রেশমী বস্ত্র পরিধান করা সম্পূর্ণ হারাম করা হয়েছে [33]। কিন্তু কোরআনের একাধিক আয়াতে (সূরা হাজ্জ, সূরা ফাত্বির এবং সূরা কাহফ) প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, জান্নাতে মুমিনদের সোনার কাঁকন ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তারা সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ পোশাক পরিধান করবে [34]। এই বর্ণনাগুলো প্রমাণ করে যে, জান্নাতের জগতটি মূলত সপ্তম শতকের একজন অভাবগ্রস্ত আরবের ‘বিলাসী জীবন’-এর ফ্যান্টাসি ছাড়া আর কিছুই নয়। যে মূল্যবান ধাতু বা বস্ত্র পৃথিবীতে দুষ্প্রাপ্য এবং যে নেশাদ্রব্য মানুষের চেতনাকে আচ্ছন্ন করে, সেই জাগতিক বস্তুগুলোকেই পরকালীন শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে সাজানো হয়েছে। অর্থাৎ পৃথিবীতে যেসব বিষয়াদি হারাম, সেগুলো জান্নাতে হালাল হয়ে যাবে, কারণ জান্নাতে হারাম বলেই কিছু থাকবে না। মনস্তাত্ত্বিক দিক দিয়ে এটি মানুষের আদিম লোভ ও লালসাকে উসকে দিয়ে ধর্মের প্রতি আনুগত্য আদায়ের এক চরম সুবিধাবাদী কৌশল। পৃথিবীতে যা ‘পাপ’, পরকালে তা ‘পুণ্য’—এই জাদুকরী রূপান্তরের মাধ্যমেই ধর্ম মূলত মানুষের মনকে নিয়ন্ত্রণ করে এবং তাকে ইহজাগতিক সুখ বিসর্জন দিয়ে একটি অলীক ও ফ্যান্টাসিনির্ভর ভবিষ্যতের পেছনে ছুটতে বাধ্য করে।
আল-লুলু ওয়াল মারজান
৩৭/ পোষাক ও অলঙ্কার
পরিচ্ছেদঃ ৩৭/২. পুরুষ ও মহিলাদের জন্য স্বর্ণ ও রৌপ্যের পাত্র ব্যবহার হারাম এবং স্বর্ণের আংটি ও রেশমী বস্ত্ৰ পুরুষের জন্য হারাম ও তা মহিলাদের জন্য বৈধ এবং রেশমী দ্বারা নকশা করা যার পরিমাণ চার আঙ্গুলের বেশী নয় তা পুরুষের জন্য বৈধ।
১৩৪৩. আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। শু’বাহ (রহঃ) বলেন, আমি জিজ্ঞেস করলামঃ এ কথা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত? তিনি জোর দিয়ে বললেনঃ হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। যে ব্যক্তি দুনিয়ায় রেশমী কাপড় পরিধান করবে, সে আখিরাতে তা কখনও পরিধান করতে পারবে না।
সহীহুল বুখারী, পৰ্ব ৭৭ : পোশাক, অধ্যায় ২৫, হাঃ ৫৮৩২; মুসলিম, পর্ব ৩৭ : পোষাক ও অলঙ্কার, অধ্যায় হাঃ ৬০৭৩
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
আবার, জান্নাতে সেই একই স্বর্ণ এবং রেশমী বস্ত্র হালাল করা হয়েছে। সূরা হাজ্জের ২৩ নম্বর আয়াত, সূরা ফাত্বিরের ৩৩ নম্বর আয়াত, সূরা কাহফ এর ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে [35] [36] [37] –
যারা ঈমান আনে আর সৎ কাজ করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তাদেরকে অলংকৃত করা হবে সোনার কাঁকন আর মুক্তা দিয়ে আর সেখানে তাদের পোশাক হবে রেশমের।
Taisirul Quran
যারা ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণ কংকন ও মুক্তা দ্বারা এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের।
Sheikh Mujibur Rahman
যারা ঈমান আনে ও সৎকর্ম করে নিশ্চয় আল্লাহ তাদেরকে দাখিল করবেন এমন জান্নাতে, যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। যেখানে তাদেরকে সোনার কাঁকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং যেখানে তাদের পোশাক-পরিচ্ছদ হবে রেশমের।
Rawai Al-bayan
নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকাজ করে আল্লাহ্ তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাদেরকে অলংকৃত করা হবে সোনার কাঁকন ও মুক্তা দ্বারা (১) এবং সেখানে তাদের পোশাক-পরিচ্ছদ হবে রেশমের (২)।
Dr. Abu Bakr Muhammad Zakaria
স্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে। যেখানে তাদেরকে স্বর্ণ ও মুক্তার কঙ্কণে অলঙ্কৃত করা হবে। যেখানে তাদের পোশাক হবে রেশমের।
— Taisirul Quran
তারা প্রবেশ করবে স্থায়ী জান্নাতে, সেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের।
— Sheikh Mujibur Rahman
চিরস্থায়ী জান্নাত, এতে তারা প্রবেশ করবে। যেখানে তাদেরকে স্বর্ণের চুড়ি ও মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের।
— Rawai Al-bayan
স্থায়ী জান্নাত, যাতে তারা প্রবেশ করবে [১], সেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত কংকন ও মুক্তা দ্বারা অলংকৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক-পরিচ্ছদ হবে রেশমের।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
তাদের জন্য আছে স্থায়ী জান্নাত যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণ কংকণে। সূক্ষ্ম ও গাঢ় রেশমের সবুজ পোশাক তারা পরিধান করবে। তারা গদি লাগানো উচ্চাসনে হেলান দিয়ে বসবে। কতই না উত্তম পুরস্কার! কতই না উত্তম আশ্রয়স্থল!
— Taisirul Quran
তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাদেরকে স্বর্ণ-কংকনে অলংকৃত করা হবে, তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে; কত সুন্দর পুরস্কার ও উত্তম আশ্রয়স্থল!
— Sheikh Mujibur Rahman
এরাই তারা, যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাতসমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। সেখানে তাদেরকে অলংকৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে এবং তারা পরিধান করবে মিহি ও পুরু সিল্কের সবুজ পোশাক। তারা সেখানে (থাকবে) আসনে হেলান দিয়ে। কী উত্তম প্রতিদান এবং কী সুন্দর বিশ্রামস্থল !
— Rawai Al-bayan
তারাই এরা, যাদের জন্য আছে স্থায়ী জান্নাত যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তাদেরকে স্বর্ণ কংকনে অলংকৃত করা হবে [১], তারা পড়বে সুক্ষ ও পুরু রেশমের সবুজ বস্ত্র, আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে [২]; কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল [৩]!
— Dr. Abu Bakr Muhammad Zakaria
আধুনিক এপোলোজিটিক্স ও ‘কিশমিশ’ তত্ত্বের অপচেষ্টা
বর্তমান যুগে জান্নাতের হুরদের এমন স্থূল ও যৌনগন্ধী বর্ণনা যখন বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ছে, তখন একশ্রেণীর আধুনিক ইসলামিক এপোলোজিস্ট এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নানা ধরণের ‘ভাষাগত কসরত’ বা ‘লিঙ্গুইস্টিক জিমন্যাস্টিকস’-এর আশ্রয় নিচ্ছেন। এদের মধ্যে সবচাইতে হাস্যকর এবং বহুল আলোচিত দাবিটি হলো— কোরআনে ‘হুর’ বলতে কোনো সুন্দরী নারী নয়, বরং ‘সাদা কিশমিশ’ বা ‘আঙ্গুর’ বোঝানো হয়েছে। জার্মান গবেষক ক্রিস্টোফ লুক্সেনবার্গের একটি বিতর্কিত থিসিসের ওপর ভিত্তি করে এই দাবিটি করা হয়, যেখানে তিনি দাবি করেন যে কোরআনের ভাষা সিরো-অ্যারামাইক উৎস থেকে উদ্ভূত এবং সেখানে ‘হুর’ মানে হলো সাদা আঙুর [38]। কিন্তু সমাজতাত্ত্বিক ও ভাষাগত বিশ্লেষণ করলে দেখা যায়, এই দাবিটি কেবল তথ্যগতভাবে ভুলই নয়, বরং এটি ১৪০০ বছরের ইসলামিক ঐতিহ্য, তাফসীর এবং হাদিসের ইতিহাসের সাথে এক চরম তামাশা।
যৌক্তিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, যদি হুর মানে কিশমিশ বা আঙুরই হতো, তবে কোরআন ও হাদিসে তাদের যেসব শারীরিক বিশেষণ দেওয়া হয়েছে, তা কোনোভাবেই সংগতিপূর্ণ হয় না। সূরা নাবার ৩৩ নম্বর আয়াতে যে ‘কাওয়াইবা’ (উন্নত সুডৌল স্তন বিশিষ্ট) শব্দটির ব্যবহার করা হয়েছে, তা কি কিশমিশের ক্ষেত্রে প্রযোজ্য? কিশমিশের কি স্তন থাকে? একইভাবে হুরদের ‘আনত নয়না’ বা ডাগর চোখের যে বর্ণনা দেওয়া হয়েছে, তা কি কোনো ফলের থাকতে পারে? [20]। এছাড়া হুরদের ‘কুমারী’ (Abkara) হিসেবে বর্ণনা করা হয়েছে এবং জান্নাতি পুরুষরা তাদের সাথে ‘সহবাস’ করবে বলে হাদিসে স্পষ্ট উল্লেখ আছে—আঙ্গুর বা কিশমিশের কুমারীত্ব থাকা কিংবা তাদের সাথে ১০০ পুরুষের যৌনশক্তি নিয়ে সহবাস করার দাবিটি কেবল হাস্যকর নয়, বরং আক্ষরিক অর্থেই বিকৃত মনস্তত্ত্বের পরিচয় দেয় [39]।
এপোলোজিস্টদের এই ধামাচাপা দেওয়ার প্রচেষ্টাকে মনস্তাত্ত্বিক দিক দিয়ে ‘কগনিটিভ ডিসোনেন্স’ (Cognitive Dissonance) বা প্রজ্ঞামূলক অসংগতি হিসেবে চিহ্নিত করা যায়। যখন একজন আধুনিক শিক্ষিত মুসলিম দেখেন যে তার ধর্মগ্রন্থের জান্নাত আসলে একটি আদিম যৌন ফ্যান্টাসি ছাড়া আর কিছু নয়, তখন তার আধুনিক নৈতিকতাবোধের সাথে এই তথ্যের সংঘাত বাঁধে। এই অস্বস্তি থেকে বাঁচতেই তারা ‘কিশমিশ’ বা ‘স্বচ্ছ আলো’-র মতো অলীক ব্যাখ্যা দাঁড় করান যাতে বিষয়টি বর্তমান সভ্য সমাজের কাছে গ্রহণযোগ্য হয়। কিন্তু ইবনে কাসীর, তাবারী কিংবা কুরতুবীর মতো ধ্রুপদী তাফসীরকারকগণ—যাঁরা আরবী ভাষার ওপর সবচাইতে বেশি দখল রাখতেন—তাঁরা কেউই কিশমিশের কথা বলেননি। বরং তাঁরা পুঙ্খানুপুঙ্খভাবে হুরদের গায়ের রঙ, চোখের গঠন এবং তাদের সাথে যৌন মিলনের তৃপ্তির কথা বর্ণনা করেছেন [40]।
সমাজতাত্ত্বিক দিক থেকে দেখলে, প্রাচীন আরবের যোদ্ধারা কি কেবল এক বাটি কিশমিশ খাওয়ার জন্য জিহাদে জীবন দিতে রাজি হতো? অবশ্যই নয়। যুদ্ধের ময়দানে প্রাণ দেওয়ার বিনিময়ে যে পুরস্কারের প্রলোভন কাজ করত, তা ছিল অত্যন্ত জৈবিক এবং পার্থিব বাসনার চূড়ান্ত রূপ। মিকদাম ইবনু মা’দীকারিব (রাঃ) থেকে বর্ণিত হাদিসে যখন ৭২ জন হুরের সাথে বিবাহের গ্যারান্টি দেওয়া হয়, তখন সেই পুরস্কারটি স্পষ্টভাবে ‘নারী’ হিসেবেই চিহ্নিত ছিল, কিশমিশ হিসেবে নয় [41]। সুতরাং, আধুনিক এপোলোজিস্টরা ভাষাগত চতুরতার মাধ্যমে যে ধামাচাপা দিতে চাইছেন, তা মূলত ইসলামের আদি ইতিহাস ও টেক্সটকেই অস্বীকার করার নামান্তর। এই ধরণের মিথ্যাচার কেবল সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং সত্যকে আড়াল করার একটি দুর্বল চেষ্টা মাত্র। সত্য এই যে, ইসলামের জান্নাত একটি আদিম ও পুরুষতান্ত্রিক লিবিডোর ফ্যান্টাসি জগত, যাকে কিশমিশ তত্ত্ব দিয়ে পবিত্র করার কোনো সুযোগ নেই।
জান্নাতে নারীঃ পুরুষতান্ত্রিক ফ্যান্টাসির অবশিষ্টাংশ ও মনস্তাত্ত্বিক প্রবোধ
ইসলামিক জান্নাতের সামগ্রিক কাঠামোটি বিশ্লেষণ করলে দেখা যায়, এটি আগাগোড়া একটি পুরুষতান্ত্রিক দর্শনের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে নারীর কোনো স্বতন্ত্র আকাঙ্ক্ষা বা জৈবিক চাহিদার স্বীকৃতি নেই। ভাষাগতভাবে ‘হূর’ (حُوْرٌ) শব্দটি স্ত্রীলিঙ্গ এবং এটি সুনির্দিষ্টভাবে জান্নাতী পুরুষদের জন্য পুরস্কার হিসেবে নির্ধারিত। ইসলামি ধর্মতত্ত্ব ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী, জান্নাতে জিহাদি পুরুষেরা ৭২ জন করে হুর লাভ করলেও নারীদের জন্য কোনো ‘গেলমান’ বা সমপর্যায়ের কোনো যৌন পুরস্কারের উল্লেখ নেই। জান্নাতী নারীদের জন্য নির্ধারিত পুরস্কার কেবল তাদের দুনিয়ার স্বামী, যার কোনো বিকল্প নেই। সমাজতাত্ত্বিক দৃষ্টিতে এটি সপ্তম শতকের আরব্য গোত্রীয় সমাজের সেই লিঙ্গবৈষম্যমূলক কাঠামোরই প্রতিফলন, যেখানে পুরুষকে বহুগামিতার অধিকার দেওয়া হলেও নারীর ওপর একগামিতা ও নিরঙ্কুশ আনুগত্য চাপিয়ে দেওয়া হয়েছিল। আসুন একটি ওয়াজ শুনি,
মনস্তাত্ত্বিক বিশ্লেষণে একটি কৌতূহলী দিক হলো—জান্নাতে পুরুষের এই বিশাল হুর বাহিনীর বিপরীতে পার্থিব স্ত্রীরা যেন ঈর্ষান্বিত না হয়, সেজন্য তাদের ‘হুর বাহিনীর সর্দারনী’ বা নেত্রী হওয়ার এক অলীক সম্মানের প্রবোধ দেওয়া হয়েছে। এটি মূলত একটি ‘সাইকোলজিক্যাল কনসোলেশন’ বা মনস্তাত্ত্বিক সান্ত্বনা পুরস্কার। পৃথিবীতে নিজের স্বামীর অন্য নারীদের প্রতি আসক্তি কোনো নারীই সহজভাবে নিতে পারে না, এই চিরন্তন মানবিক আবেগ বা ঈর্ষাকে জান্নাতে প্রশমিত করার জন্য এক ধরণের ‘মর্যাদার মোহ’ তৈরি করা হয়েছে। শায়খ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীনের ‘ফাতোওয়া আরকানুল ইসলাম’ গ্রন্থেও বিষয়টি স্পষ্টভাবে এসেছে যে, নারীরা বনু আদমের মধ্য থেকেই তাদের স্বামী লাভ করবে এবং তাদের জন্য আলাদা কোনো হুর বা অন্য কোনো পুরুষ সঙ্গীর বিধান নেই [42]। এই ফতোয়াটি নিশ্চিত করে যে, জান্নাতেও নারীর কোনো ‘এজেন্সি’ বা স্বাধীন ইচ্ছা নেই; সে সেখানে কেবল তার স্বামীর একজন অনুগত সঙ্গী বা তার বিশাল হারেমের ব্যবস্থাপক মাত্র।

আলেমদের ওয়াজগুলোতেও যখন বলা হয় যে জান্নাতী নারীরা তাদের সৌন্দর্যে হুরদের চেয়েও শ্রেষ্ঠ হবে এবং তারা স্বামীর হুরদের পরিচালনা করবে, তখন সেটি মূলত নারীর অস্তিত্বকে পুরুষের ভোগ্যবস্তুর স্তরেই আটকে রাখে। সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী, এই ধরণের ধর্মীয় ন্যারেটিভ নারীর সহজাত ব্যক্তিস্বাতন্ত্র্যকে দমন করে তাকে একটি বিশেষ ছাঁচে আবদ্ধ রাখতে সাহায্য করে [8]। যেখানে পুরুষের জন্য জান্নাত হলো তার বীরত্ব ও লালসার চূড়ান্ত বহিঃপ্রকাশের চারণভূমি, সেখানে নারীর জন্য জান্নাত হলো তার পার্থিব সেবাদাসত্বেরই এক চিরস্থায়ী ও অলৌকিক সংস্করণ। পুরুষের জন্য জান্নাত হলো ‘পাওয়ার অ্যান্ড প্লেজার’ বা ক্ষমতা ও আনন্দের কেন্দ্র, আর নারীর জন্য তা কেবল ‘সাবমিশন অ্যান্ড সার্ভিস’ বা আনুগত্য ও সেবার স্থান। এই আকাশছোঁয়া বৈষম্যই প্রমাণ করে যে, স্বর্গের এই কাল্পনিক নকশাটি তৈরির সময় নারীর জৈবিক বা মনস্তাত্ত্বিক পূর্ণতার বিষয়টি একেবারেই বিবেচনা করা হয়নি; বরং তাকে কেবল পুরুষের পরকালীন আরামের একটি অনুষঙ্গ হিসেবেই কল্পনা করা হয়েছে। এটি এক ধরণের ‘হেজিমোনিক মাসকুলিনিটি’ বা পুরুষতান্ত্রিক আধিপত্যবাদের চূড়ান্ত রূপ, যা পরকালকেও একটি বিশাল ‘মেল হারেম’ হিসেবে চিত্রায়িত করে।
জিহাদের ইন্ধন হিসেবে যৌন প্রলোভন ও পরকালীন ‘সেক্স-মার্কেট’
ধর্মীয় ইতিহাসে জান্নাত বা স্বর্গের প্রলোভন কেবল ব্যক্তিগত পরকালীন মুক্তির গ্যারান্টি হিসেবে কাজ করেনি, বরং এটি একটি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক ও সামরিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। সমাজতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, প্রাচীনকালে যুদ্ধজয়ের জন্য রাজারা তাদের ভাড়াটে সৈন্যদের দুই ধরণের সুযোগ দিতেন—জীবিত থাকলে ‘গনিমতের মাল’ বা লুণ্ঠিত অর্থ ও নারী ভোগ, আর মৃত্যুবরণ করলে স্বর্গের অনন্ত সুখ। ইসলাম এই প্রাচীন সামরিক কৌশলকেই একটি প্রাতিষ্ঠানিক রূপ দান করেছে। বিশেষ করে যখন কোনো জনপদ দারিদ্র্য, অভাব এবং জীবনসংগ্রামের চূড়ান্ত সীমায় থাকে, তখন সেই হতাশাগ্রস্ত মানুষদের জান্নাতের হুরীর ‘মুলো’ দেখিয়ে যুদ্ধে ও হত্যায় প্ররোচিত করা সবচাইতে সহজ হয়ে দাঁড়ায়। এটি মূলত মানুষের জৈবিক চাহিদাকে যুদ্ধের জ্বালানিতে রূপান্তর করার একটি জঘন্য প্রক্রিয়া।
ইসলামিক শাস্ত্রগুলোতে জিহাদকে জান্নাতে যাওয়ার একটি অলৌকিক ‘শর্টকাট’ বা সংক্ষিপ্ততম পথ হিসেবে চিত্রায়িত করা হয়েছে, যা মনস্তাত্ত্বিকভাবে ব্যক্তির অবদমিত আবেগ ও অপরাধবোধকে পুঁজি করে কাজ করে। মনস্তাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, একজন মুসলিম যখন নিরন্তর পার্থিব ব্যর্থতা, গভীর জীবন-যন্ত্রণা কিংবা নিজের কৃতকর্মের জন্য তীব্র ‘পাপবোধ’ বা গিল্টি কমপ্লেক্সে (Guilt Complex) ভোগেন, তখন তার অবচেতন মন সেই মানসিক প্রেশার বা যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার একটি চূড়ান্ত ও দ্রুত পথ খোঁজে। সিগমুন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণ অনুযায়ী, মানুষ যখন তার অন্তস্থ দ্বন্দ্বে জর্জরিত হয়, তখন সে এক ধরণের ‘ক্যাথার্সিস’ (Catharsis) বা আমূল পরিবর্তনের মাধ্যমে নিজেকে শুদ্ধ করতে চায় [43]। জিহাদের এই ধারণাটি ঠিক সেই মানসিক জায়গাতেই আঘাত করে; এটি এমন এক অলীক ‘অফার’ দেয় যেখানে বছরের পর বছর ইবাদত বা নৈতিক জীবন যাপনের কঠিন রাস্তার বদলে একটিমাত্র সহিংস বা আত্মঘাতী কর্মকাণ্ডের মাধ্যমে মুহূর্তের মধ্যে সমস্ত অতীত পাপ ধুয়ে ফেলার প্রতিশ্রুতি দেওয়া হয়। হাদিসে বলা হয়েছে, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটা ঝরলেই তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় [44]।
সমাজতাত্ত্বিক দৃষ্টিতে এটি মূলত একটি সুনিপুণ ‘রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজি’ বা সদস্য সংগ্রহের কৌশল। সমাজ যখন কোনো ব্যক্তিকে প্রান্তিক করে দেয় কিংবা কোনো ব্যক্তি যখন নিজেকে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন মনে করে অপরাধবোধে ভোগেন, তখন ধর্ম তাকে এই শর্টকাট রাস্তার প্রলোভন দেখিয়ে পুনরায় ‘নায়ক’ বা ‘শহীদ’-এর মর্যাদা দেওয়ার স্বপ্ন দেখায়। এমিল ডুর্খেইমের ‘অ্যালট্রুইস্টিক সুইসাইড’ (Altruistic Suicide) তত্ত্ব অনুযায়ী, যখন কোনো ব্যক্তি সমাজের বা ধর্মের কোনো তথাকথিত মহৎ লক্ষ্যের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত হয়, তখন সে ব্যক্তিগত সব দুঃখ ও পাপবোধ থেকে মুক্তির এক পরম তৃপ্তি অনুভব করে [45]। ফলে, এই ‘শর্টকাট’ রাস্তাটি কেবল জান্নাতে যাওয়ার পথ নয়, বরং এটি অপরাধবোধে আক্রান্ত একজন মানুষের কাছে নিজের ব্যর্থ জীবনকে একটি অর্থবহ ‘পবিত্র মৃত্যু’ দিয়ে ঢেকে দেওয়ার এক চরম সুবিধাবাদী অপশন। এই মনস্তাত্ত্বিক ফাঁদে ফেলেই জিহাদী গোষ্ঠীগুলো হতাশাগ্রস্ত যুবকদের খুব সহজেই মগজ ধোলাই করতে সক্ষম হয়, কারণ তারা জানে যে পাপের ভারে ন্যুব্জ মানুষটি সেই প্রেশার থেকে বাঁচতে যেকোনো শর্টকাট গ্রহণ করতে পিছপা হবে না।
সুনান আত তিরমিজীর ১৬৬৯ নম্বর হাদিসে শহীদের জন্য ছয়টি বিশেষ পুরস্কারের কথা বলা হয়েছে, যার মধ্যে অন্যতম আকর্ষণীয় অংশটি হলো— বাহাত্তর জন আয়তলোচনা হুরের সাথে তার বিবাহ [44]। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এটি একটি ভয়ংকর ‘অফার’। একজন যুবক, যে হয়তো ইহকালে দারিদ্র্য বা সামাজিক কারণে নিজের যৌন চাহিদা মেটাতে ব্যর্থ, তাকে যখন বলা হয় যে একটি আত্মঘাতী হামলা বা যুদ্ধের বিনিময়ে সে মুহূর্তের মধ্যে বাহাত্তর জন অলৌকিক সুন্দরী নারীর অধিকারী হবে, তখন তার কাছে মৃত্যু আর ভয়ের কোনো কারণ থাকে না; বরং তা হয়ে ওঠে এক চরম কামনার লক্ষ্য। এই প্রক্রিয়ায় মানুষের মৃত্যুবোধকে অবশ করে দিয়ে তাকে একটি ‘লিভিং টর্পেডো’ বা মানববোমায় পরিণত করা হয়।
সুনান আত তিরমিজী (ইসলামিক ফাউন্ডেশন)
২৫/ জিহাদের ফযীলত
পরিচ্ছেদঃ শহীদের সাওয়াব।
১৬৬৯। আবদুল্লাহ ইবনু আবদুর রহমান (রহঃ) … মিকদাম ইবনু মা’দীকারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে শহীদদের জন্য রয়েছে ছয়টি বৈশিষ্টঃ রক্ত ক্ষরণের প্রথম মূহূর্তেই তাকে মাফ করা হবে। জান্নাতে তার নির্ধারিত স্থান প্রদর্শন করা হবে। কবর আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। সবচেয়ে মহাভীতির দিনে তাকে নিরাপদে রাখা হবে, তাঁর মাথায় সম্মানের তাজ পরানে হবে, এর একটি ইয়াকুত পাথর দুনিয়া ও এর সব কিছু থেকে উত্তম হবে; বাহাত্তর জন আয়াত লোচন হুরের সঙ্গে তার বিবাহ হবে, তার সত্তর জন নিকট আত্মীয় সম্পর্কে তার সুপারিশ কবুল করা হবে। সহীহ, আহকামুল জানায়িয ৩৫-৩৬, তা’লীকুর রাগীব ২/১৯৪, সহীহাহ ৩২১৩, তিরমিজী হাদিস নম্বরঃ ১৬৬৩ [আল মাদানী প্রকাশনী]
ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মিকদাম (রাঃ)
সূনান আত তিরমিজী (তাহকীককৃত)
২০/ জিহাদের ফাযীলাত
পাবলিশারঃ হুসাইন আল-মাদানী
পরিচ্ছদঃ ২৫. শহীদের সাওয়াব
১৬৬৩। মিকদাম ইবনু মা’দীকারিব (রাঃ) হতে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শহীদের জন্য আল্লাহ্ তা’আলার নিকট ছয়টি পুরস্কার বা সুযোগ আছে। তার প্রথম রক্তবিন্দু পড়ার সাথে সাথে তাকে ক্ষমা করা হয়, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়, কবরের আযাব হতে তাকে মুক্তি দেওয়া হয়, সে কঠিন ভীতি হতে নিরাপদ থাকবে, তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরিয়ে দেওয়া হবে। এর এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সবকিছু হতে উত্তম। তার সাথে টানা টানা আয়তলোচনা বাহাত্তরজন জান্নাতী হুরকে বিয়ে দেওয়া হবে এবং তার সত্তরজন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কুবুল করা হবে।
সহীহ, আহকা-মুল জানায়িজ (৩৫-৩৬), তা’লীকুর রাগীব (২/১৯৪), সহীহা (৩২১৩)
এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ গারীব বলেছেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
আধুনিক সময়ে এই চরমপন্থী চিন্তাধারার অন্যতম রূপকার হলেন আবদুল্লাহ ইউসুফ আযযাম, যাকে আধুনিক বিশ্বব্যাপী জিহাদের জনক বলা হয়। আযযাম তার ‘কারা জান্নাতী কুমারীদের ভালবাসে’ গ্রন্থে জান্নাতের হুরদের শারীরিক সৌন্দর্য ও তাদের সাথে যৌনসঙ্গমের লোভাতুর বর্ণনা সংকলন করেছেন তরুণদের জিহাদে আকৃষ্ট করতে [46]। তার এই দর্শনই পরবর্তীকালে ওসামা বিন লাদেন এবং আল-কায়েদার মতো সংগঠনগুলোর ভিত্তি তৈরি করে দেয়। বর্তমানেও বিভিন্ন জিহাদী সংগঠনের ভিডিওগুলোতে দেখা যায়, আত্মঘাতী হামলাকারী যুবকেরা হাসিমুখে বিদায় নিচ্ছে, কারণ তারা বিশ্বাস করে যে কয়েক মুহূর্তের যন্ত্রণার পরই তারা জান্নাতের সেই কাল্পনিক ‘বেশ্যাপল্লীতে’ পৌঁছে যাবে, যেখানে ৭২ জন হুর তাদের অপেক্ষায় কামাতুর হয়ে আছে।
ভিডিওগুলোতে আলেমদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, তারা জান্নাতকে এমনভাবে চিত্রায়িত করেন যেখানে আল্লাহ যেন একজন ‘মধ্যস্থতাকারী’ বা দালাল হিসেবে কাজ করছেন, যিনি তার পক্ষে যুদ্ধ করলে সুন্দরী নারীদের সাথে যৌন সম্পর্কের গ্যারান্টি দেন। এটি কেবল সৃষ্টিকর্তার মর্যাদাকেই ধূলিসাৎ করে না, বরং নারীর অস্তিত্বকে কেবল পুরুষের যৌন লালসা মেটানোর একটি জড়বস্তুতে পরিণত করে। গনিমতের মাল হিসেবে নারীকে দেখা এবং পরকালেও নারীকে কেবল পুরস্কার হিসেবে উপস্থাপন করার এই দৃষ্টিভঙ্গি সমাজের লিঙ্গ বৈষম্য ও নারীবিদ্বেষকে চরম পর্যায়ে নিয়ে যায়। যখন একজন যুবক শেখে যে জিহাদে জয়ী হলে সে নারী ও দাসী পাবে, আর মরলে হুরী পাবে—তখন তার কাছে মানবতা, নৈতিকতা বা জীবনের মূল্যের চেয়ে ওই মাংসের লালসা বড় হয়ে ওঠে। এই মনস্তাত্ত্বিক ফাঁদে ফেলেই ধর্মগুলো ইতিহাসে অসংখ্য রক্তক্ষয়ী সংঘাতের জন্ম দিয়েছে এবং আজও একশ্রেণীর মানুষকে জঙ্গি ও খুনিতে রূপান্তরিত করছে।
উপসংহারঃ পরকালীন বিভ্রম ও মানবিক চেতনার মুক্তি
পরিশেষে বলা যায়, স্বর্গ বা জান্নাতের এই বিশদ ও বৈচিত্র্যময় ধারণাগুলো বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয় যে, এগুলো কোনো অতিপ্রাকৃত বা ঐশ্বরিক সত্য নয়, বরং মানুষের আদিম প্রবৃত্তি, জৈবিক তাড়না এবং সামাজিক সীমাবদ্ধতার এক চূড়ান্ত প্রতিফলন। সমাজতাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক পর্যালোচনায় দেখা যায়, প্রতিটি ধর্মের পরকাল মূলত সেই সময়ের মানুষের ‘এসক্যাপিস্ট’ বা পলায়নপর মানসিকতার ফসল। নর্ডিক যোদ্ধাদের রক্তক্ষয়ী ‘ভালহালা’ থেকে শুরু করে আরব্য মরুভূমির ‘হুর-বেষ্টিত জান্নাত’—প্রতিটি কল্পনাই দাঁড়িয়ে আছে মানুষের ভয় এবং অতৃপ্ত লালসার ওপর। মানুষ যখন তার বাস্তব জীবনে দারিদ্র্য, জরা, যৌন অক্ষমতা বা যুদ্ধজয়ের অনিশ্চয়তায় ভুগেছে, তখন সে কল্পনায় এমন এক বিকল্প জগৎ তৈরি করেছে যেখানে এই সমস্ত অভাবের জাদুকরী সমাধান বিদ্যমান [47]।
তবে এই কাল্পনিক পরকালের প্রলোভন যখন পার্থিব সহিংসতা এবং নৈতিক অবক্ষয়ের হাতিয়ার হয়ে ওঠে, তখন তা একটি সভ্য সমাজের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। জান্নাতি হুরের মাংসল প্রলোভন দেখিয়ে তরুণদের জিহাদ বা আত্মঘাতী হামলায় প্ররোচিত করা কেবল আধ্যাত্মিক দেউলিয়াত্বই নয়, বরং এটি একটি সুপরিকল্পিত অপরাধ। এই প্রক্রিয়ায় সৃষ্টিকর্তাকে একজন ‘ভোগবাদী দালাল’ হিসেবে এবং নারীকে কেবল পুরুষের ‘যৌন পণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়, যা আধুনিক মানবাধিকার এবং লিঙ্গ সমতার ধারণার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। যখন কোনো ধর্ম পরকালের দোহাই দিয়ে নারীকে কেবল পুরস্কার হিসেবে চিহ্নিত করে, তখন তা ইহকালেও নারীর মর্যাদা এবং ব্যক্তিত্বকে তুচ্ছ করার মানসিকতা তৈরি করে।
একটি উন্নত ও মানবিক সমাজ গড়ার জন্য প্রয়োজন এই অলীক প্রলোভনগুলো থেকে মুক্তি। মানুষের মূল্য বিচার করা উচিত তার বুদ্ধিবৃত্তি, সহমর্মিতা এবং মানবিক কর্মের মাধ্যমে, কোনো পরকালীন বেশ্যাপল্লীর কাল্পনিক গ্যারান্টি দিয়ে নয়। ধর্মীয় আফিমের মাধ্যমে মানুষকে বাস্তব জগত থেকে বিচ্যুত করে এক রুগ্ন ফ্যান্টাসিতে ডুবিয়ে রাখা সভ্যতার অগ্রগতির পথে এক বিশাল অন্তরায় [48]। সুতরাং, ইতিহাসের এই মিথোলজিক্যাল ব্যবচ্ছেদ এবং যৌক্তিক বিশ্লেষণ আমাদের শেখায় যে, স্বর্গের বাগান নয়, বরং মানুষের বর্তমান পৃথিবীকেই যুক্তি, বিজ্ঞান এবং নৈতিকতার আলোয় সুন্দর করে তোলা আমাদের প্রকৃত দায়িত্ব হওয়া উচিত। পরকালীন বিভ্রমের অন্ধকার কাটিয়ে যুক্তিবাদী ও মানবিক পৃথিবীর জয়গানই হোক আমাদের আগামী দিনের পথচলা।
About This Article
Genre: Semi-Academic Skeptical Analysis
Epistemic Position: Scientific Skepticism
This article belongs to the skeptical-rationalist analytical tradition of Shongshoy.com.
It applies historical criticism, empirical reasoning, logical analysis, and scientific skepticism in evaluating religious, philosophical, and historical claims.
The objective is not theological neutrality, but evidence-based critical examination and adversarial analysis of ideas and narratives.
This article should primarily be evaluated through: source quality, evidentiary strength, logical rigor, and factual consistency.
তথ্যসূত্রঃ
- Sigmund Freud, ‘The Future of an Illusion’ ↩︎
- সহীহ বুখারী, হাদিসঃ ২৬৫২ ↩︎
- সহীহ মুসলিম, হাদিসঃ ২৫৩৩ ↩︎
- Snorri Sturluson, ‘Prose Edda’ ↩︎
- Kevin Crossley-Holland, ‘The Norse Myths’ ↩︎
- Homer, ‘The Odyssey’ ↩︎
- The Egyptian Book of the Dead ↩︎
- Sigmund Freud, ‘Civilization and Its Discontents’ 1 2
- সহীহ বুখারী, তাওহীদ পাবলিকেশন্স, হাদিসঃ ৬৫৭৯ ↩︎
- সুনান আত তিরমিজী, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ২৫৪৭ ↩︎
- সুনান আত তিরমিজী(তাহকীককৃত), হাদিসঃ ২৫৪৫ ↩︎
- মিশকাতুল মাসাবীহ (মিশকাত), হাদিসঃ ৫৬৩৯ ↩︎
- সুনান আত তিরমিজী, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ২৫৩৮ 1 2
- মিশকাতুল মাসাবীহ (মিশকাত), হাদিসঃ ৫৮৩১ ↩︎
- সহীহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ৫৮১৯ ↩︎
- সহীহ মুসলিম, হাদিসঃ ৬৮৩২ ↩︎
- সহীহ মুসলিম, হাদীস একাডেমী, হাদিসঃ ৬০৩ ↩︎
- তাহক্বীক রিয়াজুস সালিহীন, ইমাম নববী, তাহক্বীক- আল্লামা নাসিরুদ্দীন আলবানী, তাওহীদ পাবলিকেশন্স, পৃষ্ঠা ৮৪১, হাদিস নম্বর ৬/১৮৯৪ ↩︎
- সূরা নাবা, আয়াত ৩৩ 1 2
- সূরা আস-সাফফাত, আয়াত ৪৮ 1 2 3
- সূরা ওয়াকিয়া, আয়াত ৩৫-৩৭ 1 2 3
- তাফসীরে ইবনে কাসীর, ইসলামিক ফাউন্ডেশন, খণ্ড ১১, পৃষ্ঠা ৩৯৪-৩৯৫ ↩︎
- তাফসীরে ইবনে কাসীর, ইসলামিক ফাউন্ডেশন, খণ্ড ১১, পৃষ্ঠা ৩৯৪ ↩︎
- সূরা ওয়াকিয়া, আয়াত : ১৭-১৮ ↩︎
- সূরা তুর, আয়াত : ২৪ ↩︎
- সূরা দাহর, আয়াত : ১৯ ↩︎
- আব্দুল হামীদ মাদানী, ‘জান্নাত-জাহান্নাম’, পৃষ্ঠা ৮১-৮২ ↩︎
- রিয়াদুস সালেহীন, ইমাম নববী, ইসলামিয়া কুরআন মহল প্রকাশনী, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ৭৩৫ ↩︎
- মিশকাতুল মাসাবীহ, হাদিসঃ ৫৬৫০ ↩︎
- সহীহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন), হাদিসঃ ৫০৫২ ↩︎
- সহীহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ৫০৫৩ ↩︎
- সহীহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ৫০৫৪ ↩︎
- আল-লুলু ওয়াল মারজান, হাদিসঃ ১৩৪৩ ↩︎
- সূরা হাজ্জ, আয়াত ২৩; সূরা ফাত্বির, আয়াত ৩৩; সূরা কাহফ, আয়াত ৩১ ↩︎
- সূরা হাজ্জ, আয়াত ২৩ ↩︎
- সূরা ফাত্বির, আয়াত ৩৩ ↩︎
- সূরা কাহফ, আয়াত ৩১ ↩︎
- Christoph Luxenberg, ‘The Syro-Aramaic Reading of the Koran’ ↩︎
- সুনান আত তিরমিজী, হাদিসঃ ২৫৩৮ ↩︎
- তাফসীরে ইবনে কাসীর, খণ্ড ১১, পৃষ্ঠা ৩৯৪ ↩︎
- সুনান আত তিরমিজী, হাদিসঃ ১৬৬৩ ↩︎
- ফাতোওয়া আরকানুল ইসলাম, শায়খ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন, পৃষ্ঠা ১০২, ১০৩ ↩︎
- সিগমুন্ড ফ্রয়েড, ‘The Ego and the Id’ ↩︎
- সুনান আত তিরমিজী, হাদিসঃ ১৬৬৯ 1 2
- এমিল ডুর্খেইম, ‘Suicide’ ↩︎
- আবদুল্লাহ ইউসুফ আযযাম, ‘কারা জান্নাতী কুমারীদের ভালবাসে’ ↩︎
- সিগমুন্ড ফ্রয়েড, ‘Civilization and Its Discontents’ ↩︎
- কার্ল মার্কস, ‘A Contribution to the Critique of Hegel’s Philosophy of Right’ ↩︎
