
Table of Contents
- 1 ভূমিকা
- 2 এপিকিউরাসের প্যারাডক্স: মূল প্রশ্ন
- 3 ঐতিহাসিক প্রেক্ষাপট
- 4 অমঙ্গলের সমস্যা: একটি দার্শনিক পর্যালোচনা
- 5 এপিকিউরাসের যুক্তির কাঠামো
- 6 থিওডিসি: দুঃখের সমস্যার সম্ভাব্য সমাধান
- 7 নৈতিক অমঙ্গল বনাম প্রাকৃতিক অমঙ্গল
- 8 উইলিয়াম রো-এর প্রমাণমূলক অশুভের সমস্যা
- 9 ইসলামিক আকীদার প্রেক্ষাপটে নৈতিক প্যারাডক্স
- 10 সমালোচনা এবং প্রত্যুত্তর
- 11 উপসংহার
ভূমিকা
ঈশ্বরের অস্তিত্ব এবং তার অসীম করুণাময়, সর্বশক্তিমান, সর্বজ্ঞানের ধারণা নিয়ে দর্শনশাস্ত্রে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে অমঙ্গল বা দুঃখ বা কষ্টের সমস্যা (Problem of Evil)। গ্রিক দার্শনিক এপিকিউরাস (৩৪১-২৭০ খ্রিস্টপূর্ব) এই সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করেন এবং তাঁর সময়ে এই বিষয়ে একটি বিখ্যাত প্যারাডক্স উত্থাপন করেন, যা “এপিকিউরাসের প্যারাডক্স” বা “অমঙ্গলের জটিলতা” নামে পরিচিত। এই প্যারাডক্সটি মূলত ঈশ্বরের সর্বশক্তিমত্তা এবং কষ্টের অস্তিত্বকে একইসাথে অবস্থান করাকে প্রশ্নবিদ্ধ করে। এই প্রবন্ধে আমরা এপিকিউরাসের প্যারাডক্স, এর দার্শনিক ভিত্তি এবং এর উত্তর দেওয়ার চেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
এপিকিউরাসের প্যারাডক্স: মূল প্রশ্ন
এপিকিউরাসের প্যারাডক্স মূলত মানুষের অমঙ্গল বা কষ্টের সমস্যার দিকে ইঙ্গিত করে। যদি ঈশ্বর অসীম করুণাময়, সর্বশক্তিমান ও সর্বজ্ঞানী হন, তাহলে নানা কারণে অমঙ্গল বা কষ্ট বা দুঃখ কেন পৃথিবীতে বিদ্যমান? এপিকিউরাস তার প্যারাডক্সে তিনটি প্রশ্ন উত্থাপন করেন যা ঈশ্বরের করুণাময়তা, সর্বশক্তিমত্তা ও কষ্টের অস্তিত্বের মধ্যে সম্পর্ক নিয়ে এক গভীর দ্বন্দ্ব তৈরি করে। তাঁর যুক্তি ছিল:
ঈশ্বর যদি দুঃখ-কষ্ট দূর করার ইচ্ছা পোষণ করেন, কিন্তু তা করার ক্ষমতা তাঁর না থাকে, তবে তিনি সর্বশক্তিমান (Omnipotent) নন। এক্ষেত্রে তাঁর ইচ্ছাশক্তি সীমাবদ্ধতার কাছে পরাজিত।
ঈশ্বর যদি দুঃখ-কষ্ট দূর করার ক্ষমতা রাখেন, কিন্তু তা করতে ইচ্ছুক না হন, তবে তিনি অসীম করুণাময় বা সর্বমঙ্গল (Omnibenevolent) নন। সক্ষম হয়েও অমঙ্গলকে প্রশ্রয় দেওয়া পরহিতৈষী চরিত্রের পরিপন্থী।
যদি ঈশ্বর দুঃখ-কষ্ট দূর করার ক্ষমতা এবং ইচ্ছা উভয়ই রাখেন, তবে পৃথিবীতে অমঙ্গল, কষ্ট ও দুঃখ কেন বিদ্যমান? এই দ্বন্দ্বই প্রমাণ করে যে প্রচলিত ঈশ্বরের সংজ্ঞা এবং বাস্তব পৃথিবীর পরিস্থিতির মধ্যে এক বিশাল ব্যবধান রয়েছে।
এপিকিউরাসের এই প্রশ্নগুলো ঈশ্বরের অস্তিত্ব এবং তার প্রকৃতির ধারণা সম্পর্কে দার্শনিক চিন্তায় গভীর প্রভাব ফেলে। তিনি মূলত কষ্টের অস্তিত্বকে ঈশ্বরের সর্বশক্তিমত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিহিত করেন। তাঁর মতে, ঈশ্বর যদি সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং অসীম করুণাময় হন, তবে যৌক্তিকভাবে দুঃখ-দুর্দশার কোনো অস্তিত্ব থাকা সম্ভব নয়।
ঐতিহাসিক প্রেক্ষাপট
এপিকিউরাসের প্যারাডক্সের উৎপত্তি খ্রিস্টপূর্ব ৩৪১ থেকে ২৭০ সালের মধ্যে। গ্রিক দার্শনিক এপিকিউরাস (Epicurus) অ্যাথেন্সে ‘দ্য গার্ডেন’ নামে একটি দার্শনিক স্কুল প্রতিষ্ঠা করেন। তাঁর দর্শন মূলত পরমাণুবাদ (atomism) এবং হেডোনিজমের (সুখবাদ) ওপর ভিত্তি করে গড়ে ওঠে। তিনি মনে করতেন, সুখ হলো কষ্টের অনুপস্থিতি। তিনি নাস্তিক ছিলেন না। দেবতাদের অস্তিত্ব তিনি অস্বীকার করেননি—বরং বলতেন, দেবতারা আছেন, কিন্তু তাঁরা মানুষের জীবন বা পৃথিবীর ঘটনায় কোনো হস্তক্ষেপ করেন না। দেবতারা নিজেদের সুখী জীবন যাপন করেন ‘ইন্টারমুন্ডিয়া’ (বিশ্বের মধ্যবর্তী শূন্যস্থানে)। তাই তাঁর জন্য অমঙ্গলের কোনো ‘সমস্যা’ ছিল না।
কিন্তু এই প্যারাডক্সটি আসলে এপিকিউরাসের নিজের লেখায় সরাসরি পাওয়া যায় না। এটি সংরক্ষিত হয়েছে খ্রিস্টীয় দার্শনিক ল্যাকট্যানশিয়াসের (Lactantius, আনুমানিক ২৪০-৩২০ খ্রিস্টাব্দ) গ্রন্থ De Ira Dei (On the Wrath of God)-এ। ল্যাকট্যানশিয়াস একজন খ্রিস্টান ছিলেন এবং তিনি পৌত্তলিক দেবতাদের সমালোচনা করতে এই যুক্তি ব্যবহার করেন। তাঁর উদ্ধৃতি অনুসারে এপিকিউরাস বলেছেন: “ঈশ্বর যদি দুঃখ দূর করতে চান কিন্তু পারেন না, তাহলে তিনি অক্ষম। যদি পারেন কিন্তু চান না, তাহলে তিনি নিষ্ঠুর। যদি উভয়ই পারেন এবং চান, তাহলে দুঃখ কেন আছে?”
এই প্যারাডক্স মূলত একেশ্বরবাদী (monotheistic) ধর্মের বিরুদ্ধে শক্তিশালী হয়ে ওঠে—বিশেষ করে খ্রিস্টধর্ম, ইসলাম ও ইহুদি ধর্মে, যেখানে ঈশ্বরের ধারণার বড় ধরনের বিবর্তন ঘটে। যখন ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও অসীম করুণাময় এই সবগুলো বৈশিষ্ট্য একসাথে ধারণ করতে শুরু করে বলে বিশ্বাস করা হয়। এপিকিউরাসের যুগে গ্রিক-রোমান পৌত্তলিকতায় দেবতারা সীমাবদ্ধ ও মানবিক ছিলেন বলে এই দ্বন্দ্ব তেমন তীব্র ছিল না। পরবর্তীকালে ডেভিড হিউম (১৮শ শতাব্দী) এটিকে আরও পরিশীলিত করেন। আধুনিক দর্শনে এটি ‘লজিক্যাল প্রবলেম অফ ইভিল’ থেকে ‘ইভিডেনশিয়াল প্রবলেম অফ ইভিল’-এ রূপান্তরিত হয়েছে।
সারকথা, এপিকিউরাস নিজে নাস্তিক বা অ্যাথিয়েস্ট ছিলেন না, কিন্তু তাঁর যুক্তি পরবর্তীকালে একেশ্বরবাদী বিশ্বাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এটি দেখায় যে, দর্শন কোন অন্ধবিশ্বাস নয়, একই সাথে জ্ঞান এবং যুক্তির পরীক্ষা।
অমঙ্গলের সমস্যা: একটি দার্শনিক পর্যালোচনা
অমঙ্গলের সমস্যা (Problem of Evil) দর্শনশাস্ত্রে সবচেয়ে বিতর্কিত এবং প্রভাবশালী সমস্যাগুলোর একটি। অমঙ্গলের সমস্যা বলতে বোঝায় যে, পৃথিবীতে বিদ্যমান সকল কষ্ট, দুঃখ এবং দুর্ভোগের সাথে ঈশ্বরের সর্বশক্তিমত্তা, সর্বজ্ঞতা, এবং অসীম করুণাময় চরিত্র একসঙ্গে মানা কি সম্ভব? এই প্রশ্নগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধর্মীয় বিশ্বাসের পরিপ্রেক্ষিতে। বেশিরভাগ ধর্মেই ঈশ্বরকে সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বমঙ্গল হিসেবে চিত্রিত করা হয়। কিন্তু দুঃখ এবং দুর্দশার অস্তিত্ব সেই ধারণার সঙ্গে বিরোধ সৃষ্টি করে। এই দ্বন্দ্বের কারণে যৌক্তিক সিদ্ধান্ত এটিই হতে পারে যে, এই চারিত্রিক বৈশিষ্ঠ্যগুলো একটি আরেকটির সাথে সংঘাত সৃষ্টি করে বিধায়, এগুলো একই সাথে থাকা সম্ভব নয়।
দার্শনিক ডেভিড হিউম তার “Dialogues Concerning Natural Religion” গ্রন্থে উল্লেখ করেছেন, “যদি ঈশ্বর ইচ্ছা করেন কষ্ট দূর করতে কিন্তু সক্ষম না হন, তবে তিনি দুর্বল; যদি সক্ষম হন কিন্তু ইচ্ছুক না হন, তবে তিনি অসীম করুণাময় নন; যদি উভয়ই হন, তবে কষ্টের অস্তিত্ব কীভাবে ব্যাখ্যা করা যায়?” [1]
এই প্রশ্নগুলো ধর্মীয় বিশ্বাসের মৌলিক ধারণার প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। ঈশ্বরের সর্বশক্তিমান ও সর্বমঙ্গলের ধারণাকে মেনে নিলে, অমঙ্গলের অস্তিত্ব একটি গভীর যুক্তিগত দ্বন্দ্ব তৈরি করে। কষ্ট ও দুঃখ যদি বাস্তব হয়, তবে ঈশ্বরের করুণা এবং শক্তি নিয়ে প্রশ্ন ওঠে।
এপিকিউরাসের যুক্তির কাঠামো
এপিকিউরাসের প্যারাডক্স মূলত তিনটি কেন্দ্রীয় ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে:
ঈশ্বর যদি সর্বশক্তিমান হন, তবে মহাবিশ্বের প্রতিটি পরমাণুর ওপর তাঁর নিয়ন্ত্রণ রয়েছে। ফলে পৃথিবীতে বিদ্যমান সব ধরনের কষ্ট এবং দুঃখ তিনি মুহূর্তেই দূর করতে সক্ষম।
ঈশ্বর যদি পরম করুণাময় এবং সর্বমঙ্গল হন, তবে সৃষ্টিকে কষ্ট দেওয়া তাঁর উদ্দেশ্যের পরিপন্থী। তিনি অবশ্যই পৃথিবীতে দুঃখের অবসান ঘটাতে ইচ্ছুক থাকবেন।
পৃথিবীতে দুঃখ, জরা, ব্যাধি এবং অকারণ যন্ত্রণার অস্তিত্ব একটি ধ্রুব বাস্তব। আমরা প্রতিদিন প্রকৃতির নিষ্ঠুরতা এবং মানুষের যন্ত্রণার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছি।
যদি ‘ক’ (ক্ষমতা) এবং ‘খ’ (ইচ্ছা) উভয়ই সত্য হয়, তবে ‘গ’ (দুঃখ) থাকার কোনো যৌক্তিক অবকাশ থাকে না। যেহেতু ‘গ’ এর বাস্তব অস্তিত্ব অনস্বীকার্য, তাই যুক্তি অনুযায়ী ‘ক’ অথবা ‘খ’ এর মধ্যে কোনো একটি দাবি ভ্রান্ত হতে বাধ্য।
এপিকিউরাসের প্রশ্ন হলো, যদি ঈশ্বর এই তিনটি গুণের অধিকারী হন, তাহলে কীভাবে কষ্ট এবং দুঃখ বিদ্যমান থাকতে পারে? যদি তিনি কষ্ট দূর করার ক্ষমতা রাখেন এবং তা করতে ইচ্ছুক হন, তবে দুঃখ কেন শেষ হয় না?
থিওডিসি: দুঃখের সমস্যার সম্ভাব্য সমাধান
এপিকিউরাসের প্যারাডক্সের উত্তর দিতে ধর্মীয় চিন্তাবিদরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো থিওডিসি (Theodicy)। থিওডিসি হলো একটি দার্শনিক ও ধর্মীয় প্রচেষ্টা, যার মাধ্যমে ঈশ্বরের সর্বশক্তিমান এবং সর্বমঙ্গল হওয়ার ধারণার সঙ্গে কষ্টের অস্তিত্বকে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করা হয়।
স্বাধীন ইচ্ছার যুক্তি
অমঙ্গল বিষয়ক জটিলতার একটি জনপ্রিয় সমাধান হলো স্বাধীন ইচ্ছার যুক্তি। এই যুক্তি অনুসারে, ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছার অধিকার দিয়েছেন, এবং মানুষকে সঠিক এবং ভুলের মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। কিন্তু মানুষ প্রায়ই ভুল কাজ করে এবং এর ফলে অমঙ্গল বা কষ্ট সৃষ্টি হয়। ঈশ্বর যদি মানুষের স্বাধীন ইচ্ছাকে বাধা দেন, তবে তা ঈশ্বরের সৃষ্টির উদ্দেশ্যের বিরুদ্ধে যাবে। ফলে, কষ্ট মানবজাতির ভুলের ফলস্বরূপ এবং এটি ঈশ্বরের সর্বশক্তিমত্তার সাথে সাংঘর্ষিক নয়। অগাস্টিন এবং আলভিন প্লান্টিংগা এই তত্ত্বের পক্ষে যুক্তি দিয়েছেন। প্লান্টিংগা তার “God, Freedom, and Evil” বইতে বলেছেন, স্বাধীন ইচ্ছা কষ্টের কারণ হলেও এটি ঈশ্বরের সর্বশক্তিমান ধারণার বিপরীতে যায় না। ঈশ্বর মানুষকে স্বাধীনতা দিয়েছেন, এবং এই স্বাধীনতার অপব্যবহারের ফলে দুঃখের জন্ম হয়। [2]
তবে এই সমাধানটির বেশ কয়েকটি ত্রুটি রয়েছে। এতে যেই সমস্যাটি তৈরি হয়, তা হচ্ছে, ঈশ্বর আমাদের মানুষের স্বাধীন ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে যান। অর্থাৎ ঈশ্বরের সার্বভৌমত্ব এখানে সংকুচিত হয়ে যায়। অর্থাৎ, আমাদের ভাগ্য আমরাই নির্ধারণ করি, এক্ষেত্রে ঈশ্বর শুধুমাত্র একজন নীরব দর্শক ছাড়া আর কিছুই হতে পারেন না। ঈশ্বরের একজন পর্যবেক্ষকের চরিত্রটি অনেকগুলো ধর্মের ঈশ্বরের ধারণার সাথে সাংঘর্ষিক।
একইসাথে, আরেকটি সমস্যা হচ্ছে, পশুপাখিদের অমঙ্গল বা কষ্টের কারণ কী? আব্রাহামিক ধর্মমতে, পশুপাখি স্বাধীন ইচ্ছার অধিকারী নয়। তাহলে তারা কষ্ট পাচ্ছে কেন? কার দোষে?
আত্মিক বিকাশের যুক্তি
আরেকটি গুরুত্বপূর্ণ থিওডিসি হলো আত্মিক বিকাশের যুক্তি। এই যুক্তি অনুসারে, দুঃখ এবং কষ্ট মানুষের আত্মিক বিকাশের একটি অংশ। ঈশ্বর মানুষকে কষ্ট এবং দুর্ভোগের মাধ্যমে শিক্ষিত করেন এবং পরিণত করেন। যেমন, ব্যথা এবং দুঃখ ছাড়া মানুষ কখনো প্রকৃত সুখ এবং আত্মিক উন্নতি বুঝতে পারবে না। এই দৃষ্টিভঙ্গি অনুসারে, দুঃখ এবং দুর্ভোগ ঈশ্বরের ভালো ইচ্ছারই একটি অংশ। এই ধারণাটি প্রখ্যাত দার্শনিক জন হিক তার বই “Evil and the God of Love”-এ সমর্থন করেন। তাঁর মতে, ঈশ্বর আমাদের কষ্টের মধ্যে দিয়ে জীবনের মূল্য উপলব্ধি করাতে চান এবং আমাদের আত্মিকভাবে পরিপূর্ণ করতে চান। অর্থাৎ দুঃখ এবং কষ্ট মানুষের জন্য ভাল ও উপকারী, আমরা শুধু তা জানি না বা বুঝতে চাই না। [3]
কিন্তু এই যুক্তির ত্রুটি হচ্ছে, এই যুক্তি অনুসারে ব্যথা এবং দুঃখ ছাড়া মানুষ কখনো প্রকৃত সুখ এবং আত্মিক উন্নতি বুঝতে পারবে না! যা ঈশ্বরের সর্বশক্তিমান হওয়ার সাথে মৌলিক সংঘাত সৃষ্টি করে। ঈশ্বরের কী ব্যথা এবং দুঃখ ছাড়া মানুষকে শিক্ষা দান করা সম্ভব নয়? ঈশ্বরের পক্ষে কী তা অসম্ভব? অসম্ভব হলে, তিনি সর্বশক্তিমান কীভাবে?
এই যুক্তির আরও ত্রুটি পরিলক্ষিত হয়, একটি ছয়মাসের বাচ্চা শিশু যখন বোমার আঘাতে মৃত্যুবরণ করে। এই কষ্ট বা ব্যথা লাভের মাধ্যমে এই শিশুটি কী শিক্ষা পাচ্ছে? তার কী কোন পরীক্ষা হচ্ছিল? সেই পরীক্ষার ফলাফল কী? পরীক্ষা দিয়ে ছয়মাসের মৃত শিশুটি কী শিক্ষা পেলো? তার কতটা প্রকৃত সুখ এবং আত্মিক উন্নতি হল? এই মৃত শিশুটির মৃত্যু দেখে অন্যদেরও বা কী কী প্রকৃত সুখ এবং আত্মিক উন্নতি হচ্ছে?

মহাজাগতিক পরিকল্পনার যুক্তি
অনেক ধর্মীয় চিন্তাবিদ মনে করেন, আমরা ঈশ্বরের পরিকল্পনার সবকিছু বুঝতে সক্ষম নই। ঈশ্বর একটি মহাজাগতিক পরিকল্পনা অনুসারে কাজ করেন, যা আমাদের সাধারণ মানুষের সীমিত জ্ঞানের বাইরে। দুঃখ এবং কষ্ট ঈশ্বরের বৃহত্তর উদ্দেশ্যের একটি অংশ হতে পারে, যা আমাদের বোধগম্য নয়। এই যুক্তি অনুসারে, ঈশ্বরের সবকিছু জানা এবং আমরা যা দেখি তার বাইরে আরও বৃহত্তর উদ্দেশ্য থাকতে পারে। এটি প্লেটো এবং লাইবনিজের চিন্তাধারায় প্রতিফলিত হয়, যারা মনে করেন দুঃখ এবং কষ্ট বৃহত্তর একটি সত্তার জন্য অপরিহার্য হতে পারে। বৃহত্তর স্বার্থে এইসব ক্ষুদ্র দুঃখ কষ্ট সহ্য করাই আমাদের কর্তব্য। [4]
কিন্তু এই যুক্তিটির ত্রুটি হচ্ছে, যুক্তিটি “আর্গুমেন্টাম অ্যাড ইগনোরান্টিয়াম”- ফ্যালাসি (অজ্ঞতার কুযুক্তি)-র ওপর গড়ে ওঠে, যা মৌলিকভাবে একটি কুযুক্তি। একে কোনভাবেই যুক্তি হিসেবে গ্রহণ করা যায় না, যেহেতু এড় ভিত্তিই হচ্ছে মানুষের অজ্ঞতা, এবং সেই অজ্ঞতার দোহাই দিয়ে কোন দাবির প্রতিষ্ঠা।
নৈতিক অমঙ্গল বনাম প্রাকৃতিক অমঙ্গল
অমঙ্গলের সমস্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাজন হলো নৈতিক অমঙ্গল (Moral Evil) এবং প্রাকৃতিক অমঙ্গল (Natural Evil)-এর মধ্যে। এই বিভাজন না বুঝলে থিওডিসির সমালোচনা অসম্পূর্ণ থেকে যায়। থিওডিসি হলো একটি ধর্মতাত্ত্বিক ও দার্শনিক প্রচেষ্টা, যা সর্বশক্তিমান ও পরম দয়ালু ঈশ্বরের অস্তিত্বের সাথে পৃথিবীতে অশুভ, পাপ ও কষ্টের সহাবস্থানকে ন্যায়সংগত বা যৌক্তিক বলে ব্যাখ্যা করে।
নৈতিক অমঙ্গল বলতে বোঝায় মানুষের স্বাধীন ইচ্ছা (free will) থেকে উদ্ভূত কষ্ট। এটি মানুষের ইচ্ছাকৃত কাজ—হত্যা, ধর্ষণ, যুদ্ধ, নির্যাতন, লোভ বা ঘৃণা। উদাহরণ: হলোকস্টে লক্ষ লক্ষ মানুষের হত্যা, বা একটি শিশুকে অপহরণ করে নির্যাতন। এখানে দায়ী মানুষের স্বাধীনতা। স্বাধীন ইচ্ছার থিওডিসি এটিকে ব্যাখ্যা করে বলে—ঈশ্বর মানুষকে স্বাধীন করেছেন ভালো-মন্দ বেছে নেওয়ার জন্য। যদি স্বাধীনতা না থাকত, তাহলে মানুষ কেবল যন্ত্র হতো। কিন্তু সমালোচকরা বলেন, ঈশ্বর মানুষকে এত ভয়ঙ্কর অপরাধসমূহ করার স্বাধীনতা কীভাবে দিতে পারেন, যেই ক্ষমতাবলে তারা হলোকস্টের মত ভয়ঙ্কর মানব বিপর্যয় ঘটাতে পারে? তিনি তো আরও কম স্বাধীনতা দিতে পারতেন যাতে মানুষ ভয়ঙ্কর বিপর্যয় না ঘটিয়ে, একে অন্যকে ভালোবাসতে পারে। মানুষ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে, সেই কৃত্রিম বুদ্ধিমত্তা যেন তার স্বাধীন ইচ্ছা ব্যবহার করে মহাবিপর্যয় না ঘটাতে পারে, সেই স্বাধীনতা তো মানুষ নিয়ন্ত্রণ করছে।
প্রাকৃতিক অমঙ্গল হলো মানুষের ইচ্ছার বাইরের কষ্ট—ভূমিকম্প, সুনামি, ক্যান্সার, ভাইরাস, বন্যা বা প্রাণীর যন্ত্রণা। এখানে কোনো মানুষের দোষ নেই। বিখ্যাত উদাহরণ: ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামি, যেখানে দুই লক্ষাধিক মানুষ মারা যায়, অথবা একটি নিষ্পাপ শিশুর লিউকেমিয়া। উইলিয়াম রো-এর উদাহরণ আরও তীব্র: একটি বনের মধ্যে বজ্রপাতে আগুন লাগে, একটি হরিণশাবক আটকে পড়ে, দিনের পর দিন জ্বলে-পুড়ে অসহ্য যন্ত্রণায় মারা যায়। কেউ দেখছে না, কোনো ‘শিক্ষা’ বা ‘বড় ভালো’ বা ‘ভবিষ্যতে ফলাফল’ এগুলোর কিছুই নেই।
কেন এই বিভাজন গুরুত্বপূর্ণ? স্বাধীন ইচ্ছার থিওডিসি নৈতিক অমঙ্গলের জন্য কিছুটা গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু প্রাকৃতিক অমঙ্গলের জন্য একেবারেই নয়। প্রাকৃতিক অমঙ্গলের জন্য আত্মিক বিকাশ বা মহাজাগতিক পরিকল্পনা থিওডিসি চেষ্টা করে বলে—এসব কষ্ট মানুষের চরিত্র গঠন করে। কিন্তু সমালোচক দার্শনিকরা বলেন, একটি শিশুর ক্যান্সার কি সত্যিই কারও চরিত্র গঠন করছে? প্রাণীদের যন্ত্রণা (যা মানুষের আগেও ছিল) তো কারও ‘গভীর কোন শিক্ষা’ নয়।
আরও গভীরে, প্রাকৃতিক অমঙ্গল প্রমাণ করে যে, প্রকৃতির নিয়ম (যেমন মহাকর্ষ, জীবাণু) ঈশ্বরের তৈরি হলে তিনি এমন নিয়মও তৈরি করতে পারতেন যাতে কম কষ্ট হয়। তাই এই বিভাজন দেখায়—অমঙ্গলের সমস্যা শুধু যৌক্তিক নয়, বাস্তব ও প্রমাণমূলক। মানুষের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক অমঙ্গলই বেশি দেখা যায়, যা বিশ্বাসকে আরও কঠিন করে তোলে।
উইলিয়াম রো-এর প্রমাণমূলক অশুভের সমস্যা
এপিকিউরাসের প্যারাডক্স মূলত ‘লজিক্যাল প্রবলেম অফ ইভিল’—যা বলে অমঙ্গল ও ঈশ্বরের অস্তিত্ব একসাথে অসম্ভব। কিন্তু আধুনিক দার্শনিক উইলিয়াম লি রো (William L. Rowe, ১৯৩১-২০১৫) এটিকে আরও শক্তিশালী করে তোলেন ‘ইভিডেনশিয়াল প্রবলেম অফ ইভিল’-এ রূপান্তরিত করে। তিনি বলেন, অমঙ্গল ঈশ্বরের অস্তিত্বকে অসম্ভব প্রমাণ না করলেও, তা অত্যন্ত অসম্ভাব্য (improbable) করে তোলে।
রো-এর যুক্তি তিনটি প্রধান প্রেমিসের ওপর দাঁড়িয়ে:
পৃথিবীতে এমন তীব্র অমঙ্গল বিদ্যমান যা একজন সর্বশক্তিমান ও সর্বমঙ্গলময় ঈশ্বর প্রতিরোধ করতে পারতেন, কোনো বড় ভালো উদ্দেশ্য হারানো ছাড়াই।
একজন সর্বশক্তিমান ও সর্বমঙ্গলময় ঈশ্বর কখনোই পৃথিবীতে অপ্রয়োজনীয় বা উদ্দেশ্যহীন তীব্র কষ্ট ঘটতে দিতেন না।
অতএব, তথ্যপ্রমাণ অনুযায়ী সম্ভবত এমন কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই।
সবচেয়ে বিখ্যাত উদাহরণ তাঁর ‘হরিণশাবকের উদাহরণ’ (Bambi case): “কোনো দূরের বনে বজ্রপাতে একটি মৃত গাছে আগুন লাগে। আগুনে একটি হরিণশাবক আটকে পড়ে, ভয়ানকভাবে পুড়ে যায় এবং কয়েকদিন ধরে অসহ্য যন্ত্রণায় ছটফট করে মারা যায়।” এখানে কোনো মানুষের স্বাধীন ইচ্ছা নেই, কোনো ‘আত্মিক বিকাশ’ নেই, কোনো ‘মহাজাগতিক পরিকল্পনা’র স্পষ্ট লাভ নেই। এটি ‘গ্র্যাটুইটাস ইভিল’—অপ্রয়োজনীয় অমঙ্গল।

রো আরও একটি উদাহরণ দেন: একটি ছোট মেয়ে (সু নামের) ধর্ষিত, পেটানো ও হত্যা করা হয়। এখানেও কোনো পরিচিত ভালো এই কষ্টকে ন্যায্যতা দেয় না। তিনি বলেন, আমরা যত অমঙ্গল দেখি, তার কোনোটিই ঈশ্বরের জন্য ‘প্রয়োজনীয়’ মনে হয় না। অতএব, সম্ভাবনার হিসাবে (Bayesian probability) ঈশ্বরের অস্তিত্বের সম্ভাবনা অনেক কমে যায়।

এটি কেন এপিকিউরাসের চেয়ে শক্তিশালী? এপিকিউরাসের যুক্তি ছিল ‘সম্ভব নয়’ (impossible)। কিন্তু রো বলেন, ‘সম্ভব কিন্তু অত্যন্ত অসম্ভাব্য’। তাই থিওডিসিগুলো (স্বাধীন ইচ্ছা, আত্মিক বিকাশ বা মহাজাগতিক পরিকল্পনা) যদি যুক্তিগতভাবে সম্ভবও হয়, বাস্তবে এত অপ্রয়োজনীয় কষ্ট দেখে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে প্রমাণ দুর্বল হয়ে পড়ে।
সমালোচকরা এর উত্তরে ‘স্কেপটিক্যাল থিইজম’ (Skeptical Theism) দেন—যেমন স্টিফেন উইকস্ট্রা বলেন, মানুষের জ্ঞান সীমিত, তাই আমরা হয়তো ঈশ্বরের ‘অজানা বড় ভালো’ বুঝতে পারি না। কিন্তু রো পাল্টা বলেন, যদি আমরা কোনো কিছুই বুঝতে না পারি, তাহলে নৈতিকতার ভিত্তিই নড়বড়ে হয়ে যায়। কারণ নৈতিকতা তো সেটিই যা আমাদের এই জ্ঞান দেয় যে, কোনটি আমাদের সকলের জন্য ভাল আর কোনটি মন্দ।
সারকথা, রো-এর যুক্তি দেখায়—অমঙ্গল শুধু যুক্তির দ্বন্দ্ব নয়, বাস্তব প্রমাণের চ্যালেঞ্জ। এটি আধুনিক দর্শনে এপিকিউরাসের প্যারাডক্সকে আরও প্রাসঙ্গিক ও অপরাজেয় করে তুলেছে। যারা বিশ্বাস করেন, তাদের জন্য এটি একটি গভীর পরীক্ষা।
ইসলামিক আকীদার প্রেক্ষাপটে নৈতিক প্যারাডক্স
এপিকিউরাসের প্যারাডক্সটি ইসলামিক ধর্মতত্ত্বের বা আকীদার (Islamic Aqidah) প্রেক্ষাপটে আরও জটিল এবং তীব্র রূপ ধারণ করে। ইসলাম ধর্মের ধর্মতাত্ত্বিকদের বড় অংশ দাবি করেন যে, পৃথিবীতে নিরপরাধ মানুষের দুঃখ-কষ্ট মূলত একটি ‘পরীক্ষা’ বা ‘অন্যদের জন্য শিক্ষা’। কিন্তু যখন আমরা নির্দিষ্ট কিছু নৈতিক বাস্তবতার দিকে তাকাই, তখন এই ‘ন্যায়বিচার’ বা ‘পরম করুণাময়’ সত্তার ধারণাটি ভেঙে পড়ে।
ধরা যাক, পাঁচজন মুসলিম পুরুষ একটি ১০ বছরের হিন্দু কন্যা শিশুকে ধর্ষণ ও হত্যা করল। ইসলামিক আকীদা অনুযায়ী, যদি সেই অপরাধীরা ‘শিরক’ (অন্য কাউকে উপাস্য মানা) না করে এবং মৃত্যুর পূর্বে তওবা করে, তবে আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাত দান করবেন। অপরদিকে, সেই ১০ বছরের শিশুটি যদি অমুসলিম (যেমন হিন্দু) পরিবারে বড় হওয়ার কারণে এবং ধর্মীয় বিধান অনুযায়ী ‘কাফের’ বা ‘মুশরিক’ অবস্থায় মৃত্যুবরণ করে, তবে তাকে অনন্তকাল জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে [5] [6]।
এখানে কয়েকটি গুরুতর যৌক্তিক ও নৈতিক প্রশ্ন উত্থাপিত হয়:
যদি জাগতিক কষ্ট কোনো ‘শিক্ষা’র জন্য হয়, তবে সেই নিষ্পাপ শিশুটির বীভৎস কষ্টের মাধ্যমে কী শিক্ষা অর্জিত হলো? সে তো পৃথিবীতে কোনো শিক্ষা নিয়ে যাওয়ার সুযোগই পেল না, বরং অমানবিক কষ্টের শেষেই তার জীবনের অবসান ঘটল।
যদি বলা হয় অন্য মানুষদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই ঘটনা ঘটিয়েছেন, তবে প্রশ্ন জাগে—অন্যের শিক্ষার জন্য কেন একজন নিরপরাধ শিশুকে চরমতম লাঞ্ছনার শিকার হতে হবে? এটি কি স্রষ্টার ‘পরম ন্যায়পরায়ণ’ (Al-Adl) গুণের সাথে সরাসরি সাংঘর্ষিক নয়?
যে শিশুটি পৃথিবীতে অমানবিক যন্ত্রণার শিকার হলো, তাকেই যদি পরকালে অনন্ত শাস্তির সম্মুখীন হতে হয়, আর তার ওপর অত্যাচারকারীরা যদি জান্নাতে পরম সুখে থাকে, তবে ‘পরম করুণাময়’ (Omnibenevolent) সত্তার যৌক্তিক ভিত্তি কোথায় থাকে?
এই পরিস্থিতিটি প্রমাণ করে যে, প্রচলিত থিওডিসি বা স্রষ্টার সপক্ষে দেওয়া যুক্তিগুলো যখন বাস্তব নৈতিক সংকটের মুখোমুখি হয়, তখন সেগুলো আর টিকে থাকতে পারে না। এটি স্রষ্টার গুণাবলীর (পরম ক্ষমতা, পরম জ্ঞান এবং পরম করুণা) মধ্যে একটি অমোচনীয় বিরোধ তৈরি করে।
সমালোচনা এবং প্রত্যুত্তর
এপিকিউরাসের প্যারাডক্স অমঙ্গল বা কষ্ট এবং ঈশ্বরের সর্বশক্তিমানের ধারণার ওপর গভীর প্রভাব ফেলেছে। অনেক দার্শনিক এটিকে ধর্মীয় বিশ্বাসের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন। যদিও থিওডিসি এবং অন্যান্য দার্শনিক যুক্তি এই সমস্যার কিছু সমাধান দিতে চেষ্টা করেছে, কিন্তু সেই সমাধানগুলোর প্রায় সবগুলোই লজিক্যাল ফ্যালাসির দোষে দুষ্ট। তাই দর্শন জগতে এপিকিউরাসের এই প্রব্লেম অফ ইভিল এখনো প্রভাববিস্তারকারী একটি যুক্তি, যার যৌক্তিক উত্তর দেয়া ধর্মবাদীদের পক্ষে এখন সম্ভব হয়নি। অনেকে অনেক জবাব দেয়ার চেষ্টা করেছেন বটে, তবে সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রেই আস্তিক দার্শনিকদের উত্থাপিত যুক্তিগুলো প্রতিষ্ঠিত সকল ধর্মের ঈশ্বর ধারণার সরাসরি বিরোধিতা করে।
উপসংহার
এপিকিউরাসের প্যারাডক্স ধর্মতত্ত্ব এবং দর্শনের একটি গুরুত্বপূর্ণ এবং চিরন্তন প্রশ্ন। এটি ঈশ্বরের সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, এবং সর্বমঙ্গলের ধারণাকে কষ্টের অস্তিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে আমাদের বাধ্য করে। ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে থিওডিসির মাধ্যমে কিছু সমাধান দেওয়া হয়েছে, তবে এপিকিউরাসের প্যারাডক্স এখনও গভীর দার্শনিক বিতর্কের একটি মূল বিষয় হিসেবে রয়ে গেছে। “অমঙ্গল বিষয়ক জটিলতা” আমাদেরকে ঈশ্বরের প্রকৃতি এবং তার পরিকল্পনার গভীরতায় প্রবেশ করতে সাহায্য করে এবং আমাদের চিন্তাশীলতাকে প্রসারিত করে।
তথ্যসূত্রঃ
- Hume, D. 1779, Dialogues Concerning Natural Religion ↩︎
- Plantinga, A. 1974, God, Freedom, and Evil ↩︎
- Hick, J. 1966, Evil and the God of Love ↩︎
- Leibniz, G.W. 1710, Essays on Theodicy ↩︎
- ইসলামে অনুসারে অমুসলিমরা চিরস্থায়ী জাহান্নামী ↩︎
- এক’শজন হত্যা করেও জান্নাতি ↩︎

অসাধারণ যুক্তিপূর্ণ লেখা। খুবই ভাল লাগল। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে লিখছি। ভবিষ্যতে যদি যোগাযোগ করতে পারি তাহলে আরো ভাল লাগবে।যদি সম্ভব হয় তাহলে যোগাযোগ করবেন।