
Table of Contents
- 1 ভূমিকা
- 2 আলেমদের বক্তব্য (ভিডিও)
- 3 কোরআন হাদিসের দলিল
- 4 শরাহ বা ব্যাখ্যাগ্রন্থের ব্যাখ্যাসমূহ
- 5 যৌক্তিক বিশ্লেষণঃ চাঁদ যদি সত্যিই দুইভাগ হয়ে যেত!
- 6 দক্ষিণ ভারতের ‘চেরামান পেরুমল’ মিথঃ একটি পরিকল্পিত ঐতিহাসিক জালিয়াতি
- 7 নাসা (NASA) এবং রিমা আরিয়াডিয়াস: অপবিজ্ঞানের নগ্ন স্বরূপ
- 8 চাঁদ পতিত হওয়া এবং এপোলজিস্টদের লজ্জা
- 9 উপসংহার
ভূমিকা
ইসলামের বিশ্বাস হচ্ছে, নবী মুহাম্মদের আমলে চাঁদকে মুহাম্মদ তার মোজেজা দ্বারা দুই খণ্ডে বিভক্ত করেছিলেন। চাঁদ নামক উপগ্রহটি দুই ভাগে বিভক্ত হয়ে সেই খণ্ড দুইটির একটি খণ্ড মক্কার একটি পাহাড়ের একপাশে, আরেকটি খণ্ড পাহাড়ের অপর পাশে পড়ে। বিষয়টি খুবই হাস্যকর এই কারণে যে, মুহাম্মদ এবং তার অনুসারীদের চাঁদের আকৃতি সম্পর্কে বিন্দুমাত্র ধারণাও ছিল না। এর বহু পূর্বেই গ্রীসের জ্যোতির্বিজ্ঞানীগণ চাঁদ সম্পর্কে অনেক ভাল তথ্য জানতেন। এছাড়াও, চাঁদের দুই খণ্ড হওয়ার দাবীটিও খুবই হাস্যকর। দুই খণ্ডে বিভক্ত হলে চাঁদ আর কিছুতেই একসাথে লেগে থাকতো না।
চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের ৫০ ভাগের ১ ভাগ। সহজে বোঝার জন্য চাঁদ এবং পৃথিবীর তুলনামূলক একটি চিত্র দেয়া হলো। পাঠকগণ আশা করি বুঝতে পারছেন, চাঁদ কোন ছোট একটি গোলা নয় যে, এটি বলের মত পাহাড়ের এই পাশে আর ঐ পাশে পড়বে। চাঁদের অর্ধেক খণ্ড পড়লে গোটা সৌদী আরবই উধাও হয়ে যাওয়ার কথা। প্রাকৃতিক দুর্যোগের কথা তো বাদই দিচ্ছি!

আলেমদের বক্তব্য (ভিডিও)
এবারে আসুন শুরুতেই একজন হুজুরের ওয়াজ শুনি নিই,
কোরআন হাদিসের দলিল
আসুন এই সম্পর্কিত তথ্যসূত্রগুলো যাচাই করে নিই [1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9] –
ক্বিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র খন্ডিত হয়েছে,
— Taisirul Quran
কিয়ামাত আসন্ন, চাঁদ বিদীর্ণ হয়েছে,
— Sheikh Mujibur Rahman
কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে।
— Rawai Al-bayan
কিয়ামত কাছাকাছি হয়েছে [১], আর চাঁদ বিদীর্ণ হয়েছে [২],
— Dr. Abu Bakr Muhammad Zakaria
সহীহ মুসলিম (ইফাঃ)
অধ্যায়ঃ ৫৩/ কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ
পরিচ্ছদঃ ৯. চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ
৬৮১৫। আবূ বকর ইবনু আবূ শায়বা, আবূ কুরায়ব ইসহাক ইবনু ইবরাহীম, উমার ইবনু হাফস ইবনু গিয়াস, ও মিনজাব ইবনু হারিছ তামিমী (রহঃ) … আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মিনায় আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। এমতাবস্থায় (হঠাৎ করে) চন্দ্র বিদীর্ন হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খন্ড পাহাড়ের এ পাশে পড়ল এবং অপর খন্ড পড়ল পাহাড়ের ওপাশে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা সাক্ষী থাক।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

সূনান আত তিরমিজী (তাহকীককৃত)
অধ্যায়ঃ ৪৪/ তাফসীরুল কুরআন
পাবলিশারঃ হুসাইন আল-মাদানী
পরিচ্ছদঃ ৫৫. সূরা আল-কামার
৩২৮৯। জুবাইর ইবনু মুতাইম (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে চাঁদ বিদীর্ণ হল এবং দ্বিখণ্ডিত হয়ে গেলে, এক অংশ এই পাহাড়ের উপর এবং অপর অংশ ঐ পাহাড়ের উপর পড়ে গেল। তারা (মাক্কাবাসী কাফিররা) বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাদু করেছেন। কেউ কেউ বলল, তিনি আমাদের যাদু করে থাকলে সব মানুষকে যাদু করতে পারবেন না।
হাদীসটির সানাদ সহীহ।
আবূ ঈসা বলেন, কোন কোন বর্ণনাকারী এ হাদীস হুসাইন হতে, তিনি জুবাইর ইবনু মুহাম্মাদ ইবনু জুবাইর ইবনু মুতাইম হতে, তিনি তার পিতা হতে, তিনি তার দাদা জুবাইর ইবনু মুতাইম (রাযিঃ) হতে, এই সূত্রে একই রকম বর্ণনা করেছেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

সহীহ মুসলিম (হাঃ একাডেমী)
অধ্যায়ঃ ৫২। কিয়ামাত, জান্নাত ও জান্নামের বর্ণনা
পরিচ্ছদঃ ৮. চন্দ্র খণ্ডিত হওয়ার বর্ণনা
৬৯৬৬-(৪৫/…) উবাইদুল্লাহ ইবনু মুআয আল আম্বারী (রহঃ) ….. ‘আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় চন্দ্র ফেটে দু’টুকরো হয়ে যায়। এর এক টুকরোকে পাহাড় আড়াল করে ফেলেছে এবং অপর এক টুকরো পাহাড়ের উপর পরিলক্ষিত হয়েছে। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আল্লাহ! তুমি সাক্ষী থাকো। (ইসলামিক ফাউন্ডেশন ৬৮১৬, ইসলামিক সেন্টার ৬৮৭০)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
সহীহ মুসলিম (ইফাঃ)
অধ্যায়ঃ ৫৩/ কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ
পরিচ্ছদঃ ৯. চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ
৬৮১৯। মুহাম্মদ ইবনু মুসান্না ও ইবনু বাশশার (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, চাঁদ দ্বিখণ্ডিত হল। তবে আবূ দাঊদ (রহঃ) এর হাদীসে রয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় (চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে)।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
সহীহ মুসলিম (ইফাঃ)
অধ্যায়ঃ ৫৩/ কিয়ামত, জান্নাত ও জাহান্নামের বিবরণ
পরিচ্ছদঃ ৯. চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ
৬৮১৮। যুহায়র ইবনু হারব ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মক্কাবাসী লোকেরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাদের একটি নিদর্শন (মু’জিযা) দেখানোর দাবী করল। তিনি তাদের (দু’বার) চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন দেখালেন।
মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) … আনাস (রাঃ) থেকে শায়বানের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
সহীহ বুখারী (ইফাঃ)
অধ্যায়ঃ ৫০/ আম্বিয়া কিরাম (আঃ)
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
পরিচ্ছদঃ ২০৭৭. মুশরিকরা মুজিযা দেখানোর জন্য নবী করীম (সাঃ) এর নিকট আহবান জানালে তিনি চাঁদ দু’টুকরা করে দেখালেন
৩৩৭৭। খালাফ ইবনু খালিদ আল-কুরায়শী (রহঃ) … ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যামানায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
শরাহ বা ব্যাখ্যাগ্রন্থের ব্যাখ্যাসমূহ
এবারে আসুন সহিহ বুখারীর ব্যাখ্যাগ্রন্থ নসরুল বারীতে এই বিষয়ে কী বর্ণনা করা আছে দেখে নেয়া যাক [10]
৩৮৭. মুসাদ্দাদ র…….. ইবনে মাসউদ রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এক খণ্ড পাহাড়ের উপর এবং অপর খণ্ড পাহাড়ের নিচে পড়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাক্ষী থাক।

ইসলামের প্রখ্যাত একটি গ্রন্থ আশ শিফা যার লেখক হলেন বিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা ইমাম কাজী আয়াজ আন্দুলুসী, তার বই থেকে এই হাদিসগুলো দেখি [11],
দ্বাদশ পরিচ্ছেদ
فِي إِنْشِقَاقِ الْقَمَرِ وَحَبْسِ الشَّمْسِ
হুযুর (ক) কর্তৃক মু’জিযা চন্দ্র দ্বি-খণ্ডিত করা ও অন্তমিত সূর্য ফিরিয়ে আনা
আল্লাহ তা’আলার বাণী-
اقْتَرَبَتِ السَّاعَةُ وَأَنشَقَّ الْقَمَرُ وَإِن يَرَوْا ءَايَةً يُعْرِضُوا
وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌ
-নিকটে এসেছে কিয়ামত এবং দ্বি-খণ্ডিত হয়েছে চন্দ্র। এবং যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয়, আর বলে, এ তো যাদু যা চলে আসছে।’
মহান আল্লাহ তা’আলা এ আয়াতে চাঁদ দ্বি-খণ্ডিত হওয়ার কথা অতীত ক্রিয়া জ্ঞাপক শব্দে উল্লেখ করে এ কথা বলেছেন যে, কাফিররা আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করে। সমস্ত তাফসীরবিদ ও আহলে সুন্নাতের অনুসারী আলেমগণ উক্ত ঘটনা সংঘটিত হওয়ার বিষয়ে ঐক্যমতে উপনীত হয়েছেন।
হযরত আবদুল্লাহ ইবনে মাস’উদ (রাদিয়াল্লাহু আনহু) এর বর্ণনায় বর্ণিত আছে,
انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِرْقَتَيْنِ فِرْقَةٌ فَوْقَ الْجِبَلِ وَفِرْقَةٌ دُونَهُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْهَدُوا،
-হুযুর (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) এর যমানায় চাঁদ দ্বি-খণ্ডিত হয়ে একখণ্ড পাহাড়ের উপর পতিত হয়। আর অপর খণ্ড তাঁর নিচে পতিত হয়। অতঃপর হুযূর বলেন, তোমরা সাক্ষী থাকো।
আর হযরত মুজাহিদ (রাদিয়াল্লাহু আনহু) এর বর্ণনায় বর্ণিত আছে, তিনি বলেন,
وَنَحْنُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ،
-ঐ সময় আমি হুযুর (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম)’র সাথে ছিলাম।’
হযরত আনাস (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) এর বর্ণনায় বর্ণিত আছে। ঐ ঘটনা মীনাতে সংঘটিত হয়েছে। এ বর্ণনা হযরত ইবনে মাস’উদ (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) ও হযরত আসওয়াদ (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) থেকে বর্ণিত আছে। তিনি বলেন,
حَتَّى رَأَيْتُ الْجِبَلِ بَيْنَ فُرْجَتَي الْقَمَرِ وَرَوَاهُ عَنْهُ مَسْرُوقٌ أَنَّهُ كَانَ بِمَكَّةَ وَزَادَ فَقَالَ كُفَّارُ قُرَيْشٍ سَحَرَكُمُ ابْن أَبِي كَيْشَةً فَقَالَ رَجُلٌ مِنْهُمْ إِنَّ مُحَمَّدًا إِنْ كَانَ سَحَرَ الْقَمَرَ فَإِنَّهُ لَا يَبْلُغُ مِن سِحْرِهِ أَن يَسْحَرَ الْأَرْضَ كُلَّهَا فَاسْأَلُوا من يَأْتِيكُمْ مِن بَلَدٍ آخَرَ هَلْ رَأَوْا هَذَا فَأَتَوْا فَسَأَلُوهُمْ فَأَخْبَرُوهُم أَنَّهُمْ رَأَوْا مِثْلَ ذَلِكَ،
-আমি চাঁদ দু’খণ্ড হয়ে পাহাড়ের উপর পতিত হতে দেখেছি। আর হযরত মাসরূক (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) এর বর্ণিত বর্ণনায় ঐ ঘটনা মক্কায় সংগটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। উক্ত বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে যে, কুরাইশ কাফিররা তাঁকে বলেছিল যে, ইবনে আবু কাবশা (অর্থাৎ হুযুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) তোমাকে যাদু করেছে। তাদের মধ্যে একলোক বলল, যদি মুহাম্মদ (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) চন্দ্রের উপর যাদু করে থাকেন তাহলে তাঁর যাদুর প্রভাব চন্দ্রের উপর ঐ পর্যন্ত প্রতিফলিত হবেনা, যে পর্যন্ত সারা যমীনের উপর যাদুর প্রভাব প্রতিফলিত না হয়। সুতরাং বাহির থেকে আগত লোকদের এই ব্যাপারে জিজ্ঞেস করা হোক যে তারা চাঁদ দ্বি-খণ্ডিত হতে দেখেছে কিনা। তখন মক্কাবাসীরা তাদের জিজ্ঞাসা করলে, তারা বলল, হ্যাঁ, আমরা চন্দ্র দ্বি-খণ্ডিত হতে দেখেছি।


যৌক্তিক বিশ্লেষণঃ চাঁদ যদি সত্যিই দুইভাগ হয়ে যেত!
ইসলামিক মিথলজিতে বর্ণিত “চাঁদ দ্বিখণ্ডন” ঘটনাটি যদি সত্যিই জ্যোতির্বিদ্যাগত বাস্তবতা হতো, তবে তার প্রাকৃতিক, ভৌত এবং ঐতিহাসিক প্রভাব আজও স্পষ্টভাবে দেখা যেত। নিচের এই নিয়ে আধুনিক জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ব ও ইতিহাসের আলোকে আলোচনা করা হচ্ছে।
চাঁদ দ্বিখণ্ডিত হলে প্রাকৃতিক বিপর্যয়
চাঁদের মহাকর্ষীয় টান পৃথিবীর জোয়ার–ভাটার প্রধান চালিকা শক্তি। পৃথিবী–চাঁদ–সূর্য সিস্টেমে যে টাইডাল ফোর্স তৈরি হয়, তার কারণে সমুদ্রের পানি প্রতিদিন নিয়মিতভাবে উঠানামা করে। চাঁদ যদি হঠাৎ দুই ভাগ হয়ে যেত, তবে পৃথিবী–চাঁদ সিস্টেমের ভরবন্টন (mass distribution), কৌণিক ভরবেগ (angular momentum) এবং গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অল্প সময়ে নাটকীয়ভাবে বদলে যেত। এর ফলে সমুদ্রের উপর অস্বাভাবিক, অসমমিত টাইডাল ফোর্স তৈরি হয়ে গ্লোবাল স্কেলে মেগা-জোয়ার (mega-tides) এবং দীর্ঘস্থায়ী সুনামির মতো বিস্তৃত জলবিপর্যয় ঘটত। উপকূলীয় শহর, নদী মোহনা, ডেল্টা অঞ্চলগুলোতে ব্যাপক প্লাবন, লবণাক্ততার তীব্র বৃদ্ধি, এবং নৌপরিবহন ও কৃষিব্যবস্থায় ধ্বংসাত্মক প্রভাব পড়ত [12]।
টাইডাল ফোর্স শুধু সমুদ্রেই কাজ করে না; এটি পৃথিবীর ভূ-পৃষ্ট এবং ম্যান্টলকেও সামান্য বিকৃত করে। চাঁদ যদি দুই ভাগ হয়ে পৃথক কক্ষপথে ঘুরতে শুরু করত, তবে পৃথিবীর উপর দ্বৈত-টাইডাল প্যাটার্ন তৈরি হতো, যা ক্রাস্টাল স্ট্রেস বাড়িয়ে ব্যাপক ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত ত্বরান্বিত করতে পারত। পৃথিবীর ঘূর্ণনকাল ও অক্ষের স্থিতিশীলতাও (axial stability) ব্যাহত হতে পারত, যার ফলে দিন–রাতের দৈর্ঘ্য, ঋতুর ধরণ ও জলবায়ুতে দীর্ঘমেয়াদি পরিবর্তন দেখা দিত [13]। বাস্তব পৃথিবীতে আমরা এই ধরনের হঠাৎ, সর্বব্যাপী বিপর্যয়ের কোন ভূতাত্ত্বিক বা জলবায়ু-সংক্রান্ত প্রমাণ দেখি না।
চাঁদ টুকরো হলে আবার “জোড়া লাগতে” পারে?
মহাকর্ষীয় শক্তি ভরকে একত্রে ধরে রাখে, কিন্তু কোনো বড় জ্যোতিষ্ক যদি একবার “দুই টুকরো” হয়ে যায়, তা সাধারণত আবার মসৃণ গোলকে ফিরে আসে না। দুইটি বৃহৎ অংশ যদি পরবর্তীতে পুনরায় সংঘর্ষে লিপ্তও হয়, তবে সেই সংঘর্ষে বিপুল গতিজ শক্তি তাপে রূপান্তরিত হয়ে গলিত পাথর, ধূলিকণা, মল্টেন লাভা ও ব্যাপক ক্রাস্টাল রি-সারফেসিং ঘটাবে। এর ফলে জ্যোতিষ্কের পৃষ্ঠজুড়ে বিশাল ফাটল, রিঙ্গড বেসিন, শক-মেটামরফিক গঠন এবং পুনঃস্ফটিকীকরণের (recrystallization) প্রমাণ পাওয়ার কথা।
NASA-এর Apollo মিশন থেকে আনা চাঁদের শিলা-নমুনা, লুনার রিকনেসান্স অরবিটার (LRO)–এর উচ্চ-রেজোলিউশনের টপোগ্রাফি এবং Apollo Passive Seismic Experiment-এর সিসমিক ডেটা বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। তাতে চাঁদের গঠন ও ইতিহাস সম্পর্কে যে ছবি দেখা যায়, তা হল প্রাথমিক giant impact (Theia-সংঘর্ষ) ও পরবর্তী বিলিয়ন বছরের ম্যাগমা সমুদ্র, আগ্নেয় কার্যকলাপ ও অ্যাস্টেরয়েড/ধূমকেতুর আঘাতে তৈরি ক্রেটার; কিন্তু সাম্প্রতিক ইতিহাসে কোনো “অতীতের কোন এক সময়ে ভেঙে আবার জোড়া লাগা”–র প্রমাণ নেই [14]। যদি ৭ম শতাব্দীর কোনো এক সময়ে চাঁদ সত্যিই দুই ভাগ হয়ে পরে “জোড়া লাগত”, তবে ওই সময়ের রেডিওমেট্রিক বয়স, সিসমিক গঠনে সুস্পষ্ট অস্বাভাবিকতা থাকত—যা আমরা একেবারেই পাই না।
চাঁদের টুকরো পৃথিবীতে এলে কী হতো?
চাঁদের ভর পৃথিবীর ভরের প্রায় ১/৮১। চাঁদের একটি বড় অংশ যদি ভেঙে পৃথিবীতে এসে পড়ত, তবে তা হবে একটি planet-scale impact event—ডাইনোসরদের বিলুপ্তি ঘটানো Chicxulub অ্যাস্টেরয়েডের তুলনায় অসংখ্য গুণ বেশি শক্তিশালী। Chicxulub প্রভাব (~১০ কিলোমিটার ব্যাসের গ্রহাণু) প্রায় ১০৮ মেগাটন TNT সমতুল্য শক্তি ছড়িয়ে বৈশ্বিক অগ্নিকাণ্ড, সুনামি, অ্যাসিড বৃষ্টি ও দীর্ঘস্থায়ী “ইমপ্যাক্ট উইন্টার” তৈরি করেছিল [15]। চাঁদের টুকরো হলে এর স্কেল এত বিশাল হতো যে পৃথিবীর পৃষ্ঠের বড় অংশ গলিত হয়ে যেত, মহাসাগরের পানি আংশিকভাবে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডল ঘন ধূলি ও বাষ্পে ঢাকা পড়ত, এবং জীবনের অধিকাংশই সঙ্গে সঙ্গে বিলুপ্ত হতো।
পৃথিবীর Ice Age বা বরফযুগগুলো তৈরি হয়েছে পৃথিবীর কক্ষপথের ধরণে পরিবর্তন (Milankovitch cycles), সৌর বিকিরণ, বায়ুমণ্ডলের CO2 এবং সমুদ্র সঞ্চালনের দীর্ঘমেয়াদি পরিবর্তনের কারণে, কোনো সাম্প্রতিক “চাঁদের খণ্ড” পৃথিবীতে পড়ার কারণে নয় [16]। ডাইনোসরদের বিলুপ্তির ক্ষেত্রেও জোরালো প্রমাণ পাওয়া যায় একটি নির্দিষ্ট গ্রহাণু-প্রভাব, বৈশ্বিক iridium স্তর এবং Chicxulub ক্রেটারের মাধ্যমে—চাঁদের টুকরো পড়ার কোনো ভূতাত্ত্বিক বা কসমোকেমিক্যাল প্রমাণ নেই। অতএব, “চাঁদ ফেটে টুকরো পৃথিবীতে এসেছে, তাই Ice Age বা ডাইনোসর বিলুপ্তি” – এ ধরনের ব্যাখ্যা আধুনিক ভূতত্ত্ব, প্যালেওন্টোলজি ও জ্যোতির্বিদ্যার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
ঐতিহাসিক সূত্রের অনুপস্থিতি
চাঁদ দ্বিখণ্ডন যদি বাস্তব, দৃশ্যমান জ্যোতির্বিদ্যাগত ঘটনা হতো, তবে সেটি পৃথিবীর প্রায় সব অংশ থেকেই নির্ণায়কভাবে দেখা যেত – কারণ চাঁদ পৃথিবীজুড়েই রাতের আকাশে দৃশ্যমান। সপ্তম শতাব্দীতে চীন, ভারত, পারস্য, বাইজান্টাইন সাম্রাজ্য, আরব ও ইউরোপের বিভিন্ন অঞ্চল ইতোমধ্যেই সুসংগঠিত জ্যোতির্বিদ্যা ও ইতিহাস লিপিবদ্ধ করার চর্চায় অভ্যস্ত ছিল।
চীনা জ্যোতির্বিদরা নোভা, সুপারনোভা, ধূমকেতু, গ্রহণ এবং সামান্য অস্বাভাবিক লুনার ঘটনাও বিস্তারিতভাবে রেকর্ড করেছেন; মেসোপটেমিয়া ও বেবিলনে গ্রহ-নক্ষত্রের গতিবিধির ট্যাবলেট পাওয়া যায়; গ্রিক-রোমান এবং পরবর্তী বাইজান্টাইন ঐতিহাসিক দলিলগুলোতেও সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মতো ঘটনাগুলো উল্লেখ আছে [17]। এত সব সূক্ষ্ম পর্যবেক্ষণের ভেতরে “চাঁদ দুই ভাগ হয়ে গেল, অংশ এপাশে–ওপাশে” – এই ধরনের একটি অভূতপূর্ব বৈশ্বিক মহাজাগতিক ঘটনা যদি ঘটত, তবে একাধিক সভ্যতার স্বাধীন সূত্রে তা লিপিবদ্ধ হওয়ার কথা। কিন্তু আধুনিক ইতিহাসবিদ, জ্যোতির্বিদ কিংবা নাসা-সংকলিত ঐতিহাসিক গ্রহণ-তালিকা কোথাও এমন কোনো রেকর্ড খুঁজে পায় না [18]। কিছু পিয়ার রিভিউড গবেষণাপত্র এই প্রসঙ্গে এখানে উল্লেখ করা যাক,
| সভ্যতা | সময়কাল (৭ম শতাব্দী) | জ্যোতির্বিজ্ঞানে অগ্রগতি | রেকর্ডকৃত ঘটনা (চাঁদ বিভাজন) |
|---|---|---|---|
| ট্যাং রাজবংশ (চীন) | ৬১৮–৯০৭ খ্রিস্টাব্দ | অত্যন্ত নিখুঁতভাবে গেস্ট স্টার (সুপারনোভা), ধূমকেতু এবং সূর্যগ্রহণ রেকর্ড করার ঐতিহ্য ছিল। [19] | কোনো অস্বাভাবিক লুনার অ্যানোমালি বা বিভাজন নেই। |
| ভারতীয় (ব্রহ্মগুপ্ত) | ৫৯৮–৬৬৮ খ্রিস্টাব্দ | বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ব্রহ্মগুপ্ত ‘ব্রহ্মস্ফুটসিদ্ধান্ত’ (৬২৮ খ্রি.) রচনা করেন, যেখানে গ্রহের কক্ষপথ ও গ্রহণ নিয়ে গাণিতিক বিশদ আলোচনা ছিল। [20] | কোনো বিভাজন বা অলৌকিক ঘটনার রেকর্ড নেই। |
| বাইজেন্টাইন সাম্রাজ্য | ৩৩০–১৪৫৩ খ্রিস্টাব্দ | পঞ্জিকা সংস্কার এবং জ্যোতির্বৈজ্ঞানিক পঞ্জি (Chronicon Paschale) সংরক্ষণে তারা পারদর্শী ছিল। [21] | কোনো বৈশ্বিক মহাজাগতিক বিপর্যয় রেকর্ড করা হয়নি। |
অতএব, বৈজ্ঞানিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এই “চাঁদ দ্বিখণ্ডন” বর্ণনাটি একটি ধর্মীয় মিথ বা লোককথা হিসেবে ব্যাখ্যা করাই বেশি যৌক্তিক; এটি বাস্তব জ্যোতির্বিদ্যাগত ঘটনা হলে ভূতাত্ত্বিক রেকর্ড, চাঁদের গঠন, পৃথিবীর জলবায়ু ইতিহাস এবং বহুসংখ্যক সভ্যতার পুঙ্খানুপুঙ্খ জ্যোতির্বৈজ্ঞানিক নথি—সব কিছুর সঙ্গেই তা স্থূলভাবে সংঘর্ষ সৃষ্টি করত, যা আমরা কোথাও দেখতে পাই না।
দক্ষিণ ভারতের ‘চেরামান পেরুমল’ মিথঃ একটি পরিকল্পিত ঐতিহাসিক জালিয়াতি
ইসলামী আপোলজিস্ট এবং ধর্মীয় প্রচারকরা প্রায়শই দাবি করেন যে, ভারতের কেরালা অঞ্চলের রাজা চেরামান পেরুমল নাকি ৭ম শতাব্দীতে আকাশ পরিষ্কার থাকা অবস্থায় চাঁদকে দুই টুকরো হতে দেখেছিলেন এবং পরবর্তীতে মক্কায় গিয়ে মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করেন। এই দাবিটি কেবল তথ্যগতভাবে ভুলই নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ‘হ্যাগিওগ্রাফি’ বা ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত কাল্পনিক উপাখ্যান, যার সাথে প্রকৃত ইতিহাসের কোনো সম্পর্ক নেই। আসুন আমরা এই ঐতিহাসিক জাতীয়াটির দিকে এবারে নজর দিই।
বিশাল সময়-ব্যবধান ও নির্ভরযোগ্য উৎসের অভাব
এই গল্পের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর ঐতিহাসিক উৎসের অসারতা। চেরামান পেরুমলের ইসলাম গ্রহণের কাহিনীর সবচেয়ে প্রাচীনতম লিখিত বিবরণ পাওয়া যায় জয়নুদ্দিন মাখদুম রচিত ‘তুহফাতুল মুজাহিদিন’ নামক গ্রন্থে, যা ১৬শ শতাব্দীতে লেখা হয়েছে [22]। কথিত ঘটনার প্রায় ৯০০ বছর পর লেখা এই গ্রন্থটি কোনোভাবেই সমসাময়িক বা নির্ভরযোগ্য দলিল হতে পারে না। ৭ম শতাব্দীর কোনো দক্ষিণ ভারতীয় বা কেরালা অঞ্চলের শিলালিপি, তাম্রশাসন, সংস্কৃত বা তামিল সাহিত্য—কোথাও এমন কোনো অলৌকিক ঘটনার বা রাজার আরব ভ্রমণের সামান্যতম প্রমাণ নেই [23]। ৯০০ বছর পর বসে লেখা একটি গালগল্পকে ‘ঐতিহাসিক সত্য’ হিসেবে প্রচার করা বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব এবং স্রেফ ধর্মীয় ধোঁকাবাজি।
‘চেরামান পেরুমল’ পদবি ও কালানুক্রমিক অসঙ্গতি (Anachronism)
কেরালার ইতিহাসে ‘চেরামান পেরুমল’ কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, বরং এটি চেরা রাজবংশের শাসকদের একটি সাধারণ পদবি ছিল। আধুনিক ঐতিহাসিক গবেষণায় দেখা গেছে, কেরালায় পেরুমল রাজবংশের শাসন মূলত নবম শতাব্দীর দিকে শুরু হয়েছিল এবং দ্বাদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত ছিল [24]। অর্থাৎ, যে রাজবংশের উদ্ভবই হয়েছে মুহাম্মদের মৃত্যুর ২০০ বছর পরে, সেই বংশের কোনো রাজা ৭ম শতাব্দীতে মক্কায় গিয়ে ইসলাম গ্রহণ করবেন—এটি এক অসম্ভব ও হাস্যকর কল্পনা। এই ধরনের টাইমলাইন ক্রুটি প্রমাণ করে যে, জালিয়াতি করতে যেই মেধা বা যোগ্যতার প্রয়োজন, এই গল্পের কাহিনীকারের সেটুকুরও অভাব ছিল এবং লোকগাঁথাটি তৈরি করার সময় রচয়িতারা ঐতিহাসিক সচেতনতার চেয়ে ধর্মীয় আবেগকে বেশি গুরুত্ব দিয়েছিলেন।
আর্কিওলজিক্যাল মিথ্যার ব্যবচ্ছেদ
কেরালার চেরামান জুমা মসজিদকে ভারতের প্রথম মসজিদ দাবি করা হয় এবং বলা হয় এটি ৬২৯ খ্রিস্টাব্দে নির্মিত। তবে প্রত্নতাত্ত্বিক এবং স্থাপত্যকলা বিশারদদের মতে, বর্তমান মসজিদের আদি কাঠামোটি অনেক পরবর্তী সময়ের, যা কেরালার ঐতিহ্যবাহী হিন্দু মন্দির স্থাপত্যরীতির আদলে তৈরি [25]। মূলত ১০ম বা ১১শ শতাব্দীর পর যখন আরবের সাথে বাণিজ্যিক সম্পর্ক নিবিড় হয়, তখন এই অঞ্চলে ইসলামি স্থাপনার বিকাশ ঘটে। ৭ম শতাব্দীতে সেখানে কোনো সুসংগঠিত মুসলিম বসতি বা মসজিদের অস্তিত্ব স্রেফ অনুমাননির্ভর।
যৌক্তিক বিশ্লেষণ ও ধর্মীয় অভিসন্ধি
যদি ভারতের কোনো রাজা চাঁদের মতো একটি মহাজাগতিক বস্তুকে দুই খণ্ড হতে দেখতেন, তবে তৎকালীন ভারতের উন্নত জ্যোতির্বিদ্যা এবং রাজকীয় নথিপত্রে তার উল্লেখ থাকা বাধ্যতামূলক ছিল। বরাহমিহির বা আর্যভট্টের উত্তরসূরিরা যেখানে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর গ্রহ-নক্ষত্রের গতিবিধি লিখে রেখে গেছেন, সেখানে আকাশ বিদীর্ণ হওয়ার মতো একটি ঘটনা তারা এড়িয়ে যাবেন, তা অসম্ভব। মূলত ইসলাম ধর্মকে ভারতীয় ভূখণ্ডে প্রাচীন প্রমাণ করার জন্য এবং একে একটি ‘অলৌকিক বৈধতা’ দেওয়ার জন্য পরবর্তীতে এই মিথটি স্থানীয় লোককথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে।
তাই এই গল্পের সারসংক্ষেপ হচ্ছে, চেরামান পেরুমলের কাহিনীটি মূলত একটি ‘ফাউন্ডেশনাল মিথ’ যা মূলত দক্ষিণ ভারতের মুসলিম সম্প্রদায়ের সামাজিক ও রাজনৈতিক পরিচয় শক্তিশালী করতে ব্যবহৃত হয়েছে। এটি কোনো ইতিহাস নয়, বরং এটি একটি ধর্মীয় ফ্যান্টাসি যা বৈজ্ঞানিক তথ্য এবং ঐতিহাসিক কালানুক্রমের কষ্টিপাথরে চূর্ণ হয়ে যায়।
নাসা (NASA) এবং রিমা আরিয়াডিয়াস: অপবিজ্ঞানের নগ্ন স্বরূপ
ইন্টারনেটে ইসলামী অপপ্রচারক এবং তথাকথিত ‘কোরআনিক সায়েন্স’ ব্যবসায়ীরা নাসার অ্যাপোলো-১০ মিশনের একটি নির্দিষ্ট ছবি (Frame: AS10-31-4645) প্রদর্শন করে দাবি করে যে, এটিই নাকি ১৪০০ বছর আগে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার অকাট্য প্রমাণ। এই দাবিটি কেবল বিজ্ঞানের অপলাপই নয়, বরং এটি একটি সুপরিকল্পিত বুদ্ধিবৃত্তিক প্রবঞ্চনা যা সাধারণ মানুষের জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অজ্ঞতাকে পুঁজি করে টিকে আছে। এই বিষয়ে ইসলামিস্টদের দাবি ও নাসার বক্তব্য জানতে এই প্রবন্ধটি পড়ুন [26], একইসাথে নিল আর্মস্ট্রং সম্পর্কিত ইসলামিক জালিয়াতি জানতে এই প্রবন্ধটি পড়ুন [27]
চাঁদ পতিত হওয়া এবং এপোলজিস্টদের লজ্জা
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্যণীয়। ইসলামি গ্রন্থের অনুবাদ ও শরাহ-সাহিত্যে যখন চাঁদের এক খণ্ড পাহাড়ের উপর এবং আরেক খণ্ড পাহাড়ের নিচে “পতিত” হওয়ার বিবরণ পাওয়া যায়, তখন সেটি আধুনিক পাঠকের কাছে যতই অবৈজ্ঞানিক ও হাস্যকর মনে হোক, ঐতিহ্যগত ইসলামি বিশ্বাসের কাঠামোর ভেতরে একজন বিশ্বাসীর কাজ ছিল সেটিকেই ধ্রুব সত্য বলে মেনে নেয়া। কারণ ধর্মীয় অলৌকিকতার যুক্তি একবার গ্রহণ করলে, সেখানে “এটা বৈজ্ঞানিকভাবে অসম্ভব” বলে কোনো দাবি বাদ দেয়ার সুযোগ থাকে না। চাঁদ আকাশে দুই ভাগ হওয়া যদি “আল্লাহর কুদরত” হতে পারে, তাহলে চাঁদের খণ্ড পাহাড়ের উপর বা নিচে পতিত হওয়াও একই যুক্তিতে “আল্লাহর কুদরত” হতে পারে। অতএব আধুনিক ইসলামি এপোলজিস্টরা যদি আজ এই বর্ণনাকে আক্ষরিকভাবে মানতে লজ্জা বা অস্বস্তি বোধ করেন, তাহলে সেটি হাদিস বা শরাহ-সাহিত্যের প্রতি তাদের কঠোর আনুগত্যের কারণে নয়; বরং আধুনিক বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং শিক্ষিত সমাজের সামনে এই দাবির নগ্ন অবৈজ্ঞানিকতা প্রকাশ পেয়ে যাওয়ার কারণেই।
সমস্যা হচ্ছে, তারা নিজেদের সুবিধামতো অলৌকিকতার সীমা নির্ধারণ করতে চায়। চাঁদ দুই ভাগ হয়েছে—এটি তারা মানবে; কারণ এটি কোরআন-হাদিসভিত্তিক জনপ্রিয় মিরাকল। কিন্তু চাঁদের খণ্ড পাহাড়ের উপর বা নিচে পতিত হয়েছে—এটি শুনলেই তারা ভাষাগত ব্যাখ্যা, রূপক অর্থ, অনুবাদের সমস্যা, দৃষ্টিভ্রম, আপেক্ষিক অবস্থান ইত্যাদি আশ্রয় নিতে শুরু করবে। অথচ তাদের নিজস্ব মূল ডিফেন্স যদি হয় “আল্লাহ চাইলে সব করতে পারেন”, তাহলে চাঁদের আকাশে বিভক্ত হওয়া এবং চাঁদের অংশ পাহাড়ের কাছে নেমে আসা—দুটিকেই একইভাবে ডিফেন্ড করা সম্ভব। একটি দাবিকে “মিরাকল” বলে রক্ষা করা হবে, আর অন্যটিকে “ভুল অনুবাদ” বা “ভুল বোঝাবুঝি” বলে সরিয়ে দেয়া হবে—এটি যুক্তি নয়, বরং লজ্জিত মুখে আধুনিক অস্বস্তি থেকে জন্ম নেয়া বাছাই করা বিশ্বাস।
আরও বড় কথা, তর্কের খাতিরে যদি ধরেও নেয়া হয় যে চাঁদের কোনো অংশ পৃথিবীতে বা পাহাড়ে পতিত হয়নি, বরং চাঁদ আকাশেই দুই ভাগ হয়েছিল—তাতেও দাবিটির প্রমাণের দায় কমে যায় না। আকাশে থাকা বাস্তব চাঁদ যদি সত্যিই দুই ভাগ হয়ে থাকে, সেটিও একটি মহাজাগতিক ঘটনা; তার প্রমাণ থাকার কথা জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব, ঐতিহাসিক নথি এবং সমসাময়িক সভ্যতাগুলোর পর্যবেক্ষণে। কিন্তু যখন সেই প্রমাণ চাওয়া হয়, তখন এপোলজিস্টদের শেষ আশ্রয় হয়—“এটি মিরাকল ছিল”, “আল্লাহর কুদরত”, “সাময়িকভাবে হয়েছিল”, “সবাই দেখেনি” ইত্যাদি। এই ধরনের জবাব কোনো প্রমাণ নয়; এগুলো কেবল প্রমাণের অনুপস্থিতিকে অলৌকিকতার পর্দা দিয়ে ঢেকে রাখার চেষ্টা। কারণ কোনো দাবি যত বড়, তার প্রমাণের দায়ও তত বড়। চাঁদ দ্বিখণ্ডিত হওয়া একটি সাধারণ ধর্মীয় অনুভূতির দাবি নয়; এটি সমগ্র মানবসভ্যতার পর্যবেক্ষণযোগ্য এক মহাজাগতিক ঘটনার দাবি। সেই দাবির পক্ষে প্রমাণ না দিয়ে শুধু “কুদরত” বলা যুক্তির আদালতে কোনো গ্রহণযোগ্য জবাব নয়।
সুতরাং বিষয়টি দাঁড়ায় এভাবে: চাঁদের খণ্ড পাহাড়ের উপর বা নিচে পতিত হয়েছিল—এমন ভাষা যদি গ্রহণ করা হয়, তাহলে দাবিটি সরাসরি জ্যোতির্বিদ্যাগতভাবে অযৌক্তিক ও বিপর্যয়কর। আর যদি বলা হয়, না, চাঁদ মাটিতে পড়েনি, শুধু আকাশে দুই ভাগ হয়েছিল—তাহলেও সেটি সমপর্যায়েরই বিপদজনক ও প্রমাণহীন এক মহাজাগতিক দাবি হিসেবেই রয়ে যায়। দুই ক্ষেত্রেই ইসলামি এপোলজিস্টদের অবস্থান দুর্বল: প্রথম ক্ষেত্রে তারা নিজেদের ঐতিহ্যগত বর্ণনার অবৈজ্ঞানিকতা থেকে পালাতে চায়; দ্বিতীয় ক্ষেত্রে তারা প্রমাণহীন অলৌকিকতার ওপর দাঁড়িয়ে থাকে। ফলে “চাঁদ দ্বিখণ্ডন” কাহিনি আসলে মিরাকলের শক্তিশালী প্রমাণ নয়; বরং ধর্মীয় বিশ্বাস কীভাবে অবৈজ্ঞানিক বর্ণনা, ভাষাগত পলায়ন এবং প্রমাণহীন কুদরত-তত্ত্বের ওপর নির্ভর করে টিকে থাকে—তার একটি উৎকৃষ্ট উদাহরণ।
উপসংহার
চাঁদ দ্বিখণ্ডনের ধারণাটি ইসলামী সংস্কৃতিতে ব্যাপকভাবে বিশ্বাস করা হলেও, আধুনিক জ্যোতির্বিদ্যা, ভূতত্ত্ব, সমুদ্রবিজ্ঞান, সিসমোলজি এবং ইতিহাসবিদ্যার কোনো ক্ষেত্রেই এর বাস্তবতার সামান্য ইঙ্গিতও পাওয়া যায় না। যদি চাঁদ সত্যিই কখনো দুই ভাগ হয়ে যেত, তবে পৃথিবী–চাঁদ সিস্টেমের স্থিতিশীলতা ভেঙে পড়ত, জোয়ার–ভাটার বিপর্যয়কর পরিবর্তন ঘটতো, বিশ্বের প্রতিটি উপকূলীয় অঞ্চলে ধ্বংসযজ্ঞ নেমে আসত, এবং চাঁদের গঠন ও পৃষ্ঠতলে সেই বিভাজনের স্পষ্ট বৈজ্ঞানিক চিহ্ন আজও বিদ্যমান থাকত। Apollo মিশনের সিসমিক ডেটা, লুনার রিকনেসান্স অরবিটারের ভূ-টপোগ্রাফি, এবং চন্দ্রশিলার আইসোটোপিক বিশ্লেষণে এমন কোনো প্রমাণ অনুপস্থিত।
এছাড়া সপ্তম শতাব্দীতে রোমান, বাইজান্টাইন, পারস্য, ভারতীয় ও চীনা সভ্যতাগুলো নিয়মিতভাবে জ্যোতির্বিদ্যাগত তথ্য সংরক্ষণ করত। সূক্ষ্মতম গ্রহন, ধূমকেতু, নোভা—সবই তারা নথিবদ্ধ করেছে; কিন্তু “চাঁদ দুই ভাগ” হওয়ার মতো চোখে পড়ার মতো, বৈশ্বিক ও অভূতপূর্ব কোনো ঘটনাই তাদের রেকর্ডে নেই। বৈজ্ঞানিক ও ঐতিহাসিক নথিপত্রের এই নীরবতা নির্দেশ করে যে ঘটনাটি প্রকৃত ঘটনা নয়, বরং একটি ধর্মীয় অলৌকিকতা বা রূপকথার গল্প, যার সাথে বাস্তব জগতের ভৌত নিয়ম বা মহাজাগতিক ইতিহাসের কোনো সঙ্গতি নেই।
অতএব, উপসংহারে বলা যায়—“চাঁদের দ্বিখণ্ডন” বৈজ্ঞানিক, ভূতাত্ত্বিক ও ঐতিহাসিক বিশ্লেষণে দাঁড়াতে পারে না। এটি পৃথিবী–চাঁদ সিস্টেমের যেকোনো পর্যবেক্ষণযোগ্য তথ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। আধুনিক গবেষণা স্পষ্ট দেখায়: চাঁদের ইতিহাস শান্ত, দীর্ঘমেয়াদি ও জটিল ভৌত প্রক্রিয়ার ফল; কোনো হঠাৎ ভাঙন বা অলৌকিক পুনঃসংযুক্তির নয়।
About This Article
Genre: Semi-Academic Skeptical Analysis
Epistemic Position: Scientific Skepticism and Secular Humanist Ethics
This article belongs to the skeptical-rationalist analytical tradition of Shongshoy.com.
Its purpose is not theological neutrality or artificial both-sides balance, but evidence-based critical examination of religious, philosophical, moral, and historical claims.
Neutrality here means methodological fairness: accurate use of sources, logical rigor, evidentiary discipline, and factual consistency. It does not mean moral indifference or equal treatment between harmful doctrines and their criticism.
Strong criticism should not be mistaken for bias if it is supported by evidence and sound reasoning.
This article should be evaluated through source quality, evidentiary strength, logical rigor, factual consistency, and fairness in representing opposing claims—not through theological sensitivity, apologetic expectations, or demand for rhetorical softness.
তথ্যসূত্রঃ
- কোরআন ৫৪ঃ১ ↩︎
- সহীহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বরঃ ৬৮১৫ ↩︎
- সহিহ মুসলিম, ইসলামিক সেন্টার, ৮ম খণ্ড, পৃষ্ঠা ৩৬০ ↩︎
- সূনান আত তিরমিজী (তাহকীককৃত), হুসাইন আল-মাদানী প্রকাশনী, হাদিস নম্বরঃ ৩২৮৯ ↩︎
- সহীহ আত তিরমিযী, আল্লামা নাসিরুদ্দীন আলবানীর তাহকীককৃত, হুসাইন আল মাদানী প্রকাশনী, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ২০২ ↩︎
- সহীহ মুসলিম (হাঃ একাডেমী), হাদিস নম্বরঃ ৬৯৬৬ ↩︎
- সহীহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বরঃ ৬৮১৯ ↩︎
- সহীহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বরঃ ৬৮১৮ ↩︎
- সহীহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বরঃ ৩৩৭৭ ↩︎
- নসরুল বারী, শরহে সহিহ বুখারী, নবম খণ্ড, শিবলী প্রকাশনী, পৃষ্ঠা ৬২০ ↩︎
- আশ-শিফা, প্রথম খণ্ড, সনজরী পাবলিকেশন্স, ইমাম কাযী আয়ায আন্দুলুসী, পৃষ্ঠা ৫৮৯, ৫৯০ ↩︎
- Bills, B. G., & Ray, R. D. (1999). Lunar Tidal Dissipation in the Earth–Moon System. ↩︎
- Matsuyama, I. et al. (2016). Tidal Dynamics and Rotational Instabilities. ↩︎
- Melosh, H. J. (1989). Impact Cratering: A Geologic Process. Oxford University Press. ↩︎
- Alvarez, L. W. et al. (1980). Extraterrestrial Cause for the Cretaceous–Tertiary Extinction. ↩︎
- Zachos, J. et al. (2001). Climate and Carbon Cycle Variations Over the Cenozoic. ↩︎
- Needham, J. (1959). Science and Civilisation in China. ↩︎
- NASA: Tides & Sea Level, Lunar Reconnaissance Orbiter (LRO), Eclipse & Lunar Anomaly Catalogs. ↩︎
- Stephenson, F. R., & Clark, D. H., Applications of Early Astronomical Records, 1977 ↩︎
- Plofker, K., Mathematics in India, Princeton University Press, 2009 ↩︎
- Stephenson, F. R., Historical Eclipses and Earth’s Rotation, Cambridge, 1997 ↩︎
- Zayn al-Din al-Malibari, Tuhfat al-Mujahidin, 16th Century ↩︎
- A. Sreedhara Menon, A Survey of Kerala History, 1967 ↩︎
- M. G. S. Narayanan, Perumals of Kerala: Political and Social Conditions of Kerala Under the Cera Perumals of Makotai, 1996 ↩︎
- K. J. John, The Heritage of Kerala, 2005 ↩︎
- চাঁদের ফাটল সম্পর্কে নাসাঃ দ্বিখণ্ডিত চাঁদ সম্পর্কে নাসার স্বীকৃতি? ↩︎
- নিল আর্মস্ট্রং মুসলিম হয়েছিলেন? ↩︎
- NASA, Lunar Reconnaissance Orbiter Feature, 2010; Melosh, H. J., Impact Cratering, 1989 ↩︎
- NASA Moon, Rima Ariadaeus – A Linear Rille, 2017 ↩︎
- Brad Bailey, NASA Lunar Science Institute, 2010; NASA, Lunar Surface Analysis, 2022 ↩︎
- Taylor, S. R., Planetary Science: A Lunar Perspective, 1982; AFP Fact Check, 2022 ↩︎
- Newton’s Law of Universal Gravitation; Bills, B. G., & Ray, R. D., Lunar Tidal Dissipation, 1999 ↩︎
