কদরের রাতে উল্কাপাত হয় না?

ভূমিকা

আহমদ ইবনে হানবলের একটি সহিহ হাদিসে বর্ণিত আছে যে, শবে কদরের রাতে উল্কাপাত হয় না। এই ধর্মীয় পাঠকে কেন্দ্র করে মুফতি কাজী ইব্রাহীমসহ বেশ কয়েকজন ধর্মীয় বক্তা বিভিন্ন গণমাধ্যমে দাবি করেছেন যে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) দীর্ঘদিন ধরে এই বিষয়টি সম্পর্কে অবগত। তাদের দাবি অনুযায়ী, নাসা দেখেছে যে সারা বছর প্রতিদিন ১০-২০ লক্ষ উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও শবে কদরের রাতে কোনো উল্কাপাত ঘটে না, কিন্তু ইসলাম সত্য প্রমাণিত হওয়ার আশঙ্কায় তারা এই বৈজ্ঞানিক তথ্য গোপন রেখেছে। বৈজ্ঞানিক ও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি ছদ্মবিজ্ঞানের (Pseudoscience) একটি উৎকৃষ্ট উদাহরণ। এ ধরনের তথ্য-প্রমাণবিহীন দাবি সমাজে কেবল বিজ্ঞানবিমুখতা তৈরি করে না, বরং যুক্তিনির্ভর জ্ঞানকাঠামো গঠনের পথে একটি বড় অন্তরায় হিসেবে কাজ করে।


দাবির উৎস এবং সংবাদমাধ্যমের ভূমিকা

আশ্চর্যের বিষয় হলো, মূলধারার গণমাধ্যমও বিজ্ঞানভিত্তিক যাচাই-বাছাই ছাড়াই এই অবৈজ্ঞানিক দাবি প্রচারে ভূমিকা রেখেছে। মুফতি কাজী ইব্রাহীমের এই বক্তব্য উদ্ধৃতি দিয়ে বাঙলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকা দৈনিক যুগান্তরে মোহাম্মদ সাইফুল্লাহ নামক একজন ব্যক্তি “নাসার গবেষণায় লাইলাতুল কদর” শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করেন [1]। প্রবন্ধটি প্রকাশের পর এই গুজবটি ভাইরাল হয়ে পড়ে। নাসা সম্পর্কে এইসব গুজব একদমই মিথ্যা কথা, যেই গুজব ছড়াতে সাহায্য করেছে দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকাগুলোও। অথচ নাসা বা কোনো স্বীকৃত বৈজ্ঞানিক সংস্থা শবে কদর বা উল্কাপাতের পারস্পরিক সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত কোনো গবেষণাই পরিচালনা করেনি, কারণ বৈজ্ঞানিক পদ্ধতি (Scientific method) অনুযায়ী এই ধরনের হাইপোথিসিসের কোনো ভিত্তিই নেই।

দৈনিক যুগান্তরের আর্টিকেলের স্ক্রিনশট

একইসাথে, বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতেও এই ধরণের অতি উদ্ভট মিথ্যা গল্প নাসার নামে প্রচার করা হয়। নিচের ভিডিওটিতে মিডিয়াতে প্রচারিত দুইটি ক্লিপ দেয়া হচ্ছে,


ধর্মীয় দৃষ্টিকোণ এবং ফতোয়া

ইসলামি ধর্মতত্ত্বে এই দাবির তাত্ত্বিক উৎস হিসেবে যে হাদিস, ফতোয়া ও তাফসীরের উল্লেখ করা হয়, তা নিচে উপস্থাপন করা হলো [2] [3]

ইসলাম কিউএ ফতোয়া স্ক্রিনশট ১
ইসলাম কিউএ ফতোয়া স্ক্রিনশট ২
উল্কাপাতের দৃশ্য

উল্কাপাত: বৈজ্ঞানিক বাস্তবতা বনাম ধর্মীয় দাবি

আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, মহাকাশে ভাসমান ধূলিকণা বা পাথরের টুকরো (Meteoroids) পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে বায়ুর সাথে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে, যাকে আমরা উল্কাপাত বা ‘Shooting star’ বলি। এটি একটি ধারাবাহিক নৈসর্গিক ঘটনা, যা মূলত পৃথিবীর বার্ষিক গতি এবং মহাকাশের ধ্বংসাবশেষের (Space debris) অবস্থানের ওপর নির্ভরশীল, কোনো নির্দিষ্ট ধর্মীয় ক্যালেন্ডারের ওপর নয়। নাসার ‘All Sky Fireball Network’-এর মতো রাডার ও ক্যামেরা সিস্টেম প্রতিনিয়ত আকাশের এই উল্কাপাত পর্যবেক্ষণ করে চলেছে এবং এদের ডেটাবেস সবার জন্য উন্মুক্ত। নির্দিষ্ট কোনো রাতে পৃথিবীর অভিকর্ষজ টান কাজ করবে না বা মহাজাগতিক বস্তুর বায়ুমণ্ডলে প্রবেশ সম্পূর্ণ শূন্য হয়ে যাবে—এমন দাবি পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্র ও মহাকর্ষীয় নিয়মের সরাসরি পরিপন্থী। নাসার ডেটাবেস অনুযায়ী বছরে এমন কোনো একক রাত নেই, যেদিন পৃথিবীতে উল্কাপাত ঘটে না।


উপসংহার

সুতরাং, শবে কদরের রাতে উল্কাপাত বন্ধ থাকা এবং নাসা কর্তৃক তা গোপন করার দাবিটি বৈজ্ঞানিক প্রমাণের নিরিখে সম্পূর্ণ অসার এবং বানোয়াট। ধর্মীয় বিশ্বাসকে প্রমাণের জন্য বিজ্ঞানের নামে মিথ্যা তথ্যের আশ্রয় নেওয়া কেবল একাডেমিক অসততাই নয়, বরং এটি সাধারণ মানুষের মধ্যে অজ্ঞতা ও অন্ধবিশ্বাসকে উসকে দেয়। যখন ধর্মীয় দাবি এবং বৈজ্ঞানিক বাস্তবতার মধ্যে সংঘাত তৈরি হয়, তখন সর্বদা পর্যবেক্ষণযোগ্য প্রমাণ, যুক্তি এবং বিজ্ঞানকেই অগ্রাধিকার দেওয়া উচিত। এই ধরনের গুজব ও অযৌক্তিক দাবির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য বিজ্ঞান ও প্রমাণের ভিত্তিতে সত্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তথ্যসূত্রঃ
  1. নাসার গবেষণায় লাইলাতুল কদর, দৈনিক যুগান্তর, ২৩ জুন ২০১৭ ↩︎
  2. ইসলাম কিউএ এর ফতোয়া ↩︎
  3. তাফসীরে ইবনে কাসীর, ইসলামিক ফাউন্ডেশন, একাদশ খণ্ড, পৃষ্ঠা ৫৫২ ↩︎